দীর্ঘ ১ যুগের সম্পর্ক বিচ্ছেদে গড়িয়েছে নন্দিত কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনার। বেশ কয়েক বছর ধরে সংসার ভালো যাচ্ছিল না এই গায়িকার।
বুধবার (১৭ জুন) রাতে সংসার ভাঙার বিষয়টি তাই তো সোশ্যাল মিডিয়ায় অকপটে স্বীকার করলেন কনা। কনার ফেসবুক পোস্টটি হুবুহু তুলে ধরা হলো-

তিনি লিখেছেন, ‘আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে – সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদ ও হয় তাঁরই ইশারায়।’
পোস্টে জনপ্রিয় এই সংগীত শিল্পী আরও লেখেন, ‘আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে, দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন, ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি। এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল, এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি।’

সবশেষে অভিনেত্রী লেখেন, ‘আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই,যেই কাজের মাধ্যমেই আমি এতোদূর পর্যন্ত আসতে পেরেছি।
তাই আশা করি আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রেখেছেন, ভবিষ্যতেও সেভাবেই রাখবেন।
আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।’

প্রসঙ্গত, দীর্ঘ ৭ বছর চুপিসারে চুটিয়ে প্রেম করার পর ২০১৯ সালের ২১ শে এপ্রিল ভালোবাসার মানুষকে বিয়ে করেন এই গায়িকা। কনার বরের নাম গোলাম মো. ইফতেখার, গহীন নামে অনেকেই চেনেন। পেশায় তিনি ব্যবসায়ী। তাদের বিয়েটা নীরবেই হয়েছিল।

সম্প্রতি গোলাম মো. ইফতেখার ও কনা আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদ হলেও কনা দীর্ঘদিন থেকে মো. শাহরিয়ার সাঈদ (শুভ্র) নামের এক গিটারিস্টের সঙ্গে চুপিসারে চুটিয়ে প্রেম করছেন। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে পরকীয়া সম্পর্কও রয়েছে বলে একাধিক গণমাধ্যমক নিশ্চিত হয়েছে।


