শিরোনাম
Advertisement
ক্যাম্পাসের ভেতরে

বিভাগের নাম-অনুষদ পরিবর্তনের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

Advertisement

বিভাগের নাম পরিবর্তন করে ‘কমিউনিকেশন মিডিয়া অ্যান্ড ফিল্ম’ করার পাশাপাশি অনুষদ পরিবর্তনের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিভাগের সামনে আন্দোলন করেন শিক্ষার্থীরা। পরে তারা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে দাবিগুলো উল্লেখ করে বিভাগীয় প্রধানের কাছে স্মারকলিপি জমা দেন।

আন্দোলনরত শিক্ষার্থী ইনজামুল হক অভি বলেন, আমরা প্রায় ১৪ মাস ধরে আমাদের যৌক্তিক দাবিতে আন্দোলন করছি। আমাদের কারিকুলামে কমিউনিকেশন বিষয়ে পড়ানো হলেও বিভাগের নামে ‘কমিউনিকেশন’ শব্দটি না থাকায় চাকরির বাজারে আমাদের সিনিয়ররা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। একই সঙ্গে বিভাগটি কলা অনুষদের অধীনে থাকায় সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কিছু চাকরিতে আমরা আবেদন করতে পারছি না। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও ডকুমেন্টস বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপস্থাপন করেছি। আমাদের দাবি কোনো অতিরিক্ত সুবিধা নয়; বরং আমাদের একাডেমিক পরিচয় ও চাকরির সুযোগের মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করা। আমরা আশা করছি, আগামী সিন্ডিকেট সভায় বিষয়টির একটি যৌক্তিক ও স্থায়ী সমাধান হবে।

ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, ‘বিভাগের নাম ‘কমিউনিকেশন মিডিয়া অ্যান্ড ফিল্ম’ এবং অনুষদ পরিবর্তনের বিষয়ে শিক্ষার্থীদের দাবিকে ১২৯তম বিভাগীয় একাডেমিক কমিটি এবং সিন্ডিকেটের অনুমোদনে গঠিত বিশেষজ্ঞ কমিটি বিস্তারিত আলোচনার পর যৌক্তিক হিসেবে সর্বসম্মতভাবে সমর্থন করেছে। বিষয়টি একাডেমিক কাউন্সিলের চূড়ান্ত অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। এমতাবস্থায় শিক্ষার্থীদের ভবিষ্যতের বিষয়টি বিবেচনায় নিয়ে সিন্ডিকেট বিষয়টি অনুমোদন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোশাররফ হোসেন বলেন, ‘এটি একটি প্রক্রিয়াধীন বিষয়। আগামী সিন্ডিকেট সভায় বিষয়টি আলোচনা করা হবে। আলোচনার পর সিন্ডিকেট সভা যদি মনে করে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, তাহলে সে অনুযায়ী তাদের দাবি পূরণ করা হবে।’

এ বিভাগের আরও সংবাদ