শিরোনাম
Advertisement
রাজস্বর

নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস সরকারের ব্যর্থতা : ছাত্রশক্তি

Advertisement

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগকে বিএনপি সরকারের রাষ্ট্র পরিচালনার ব্যর্থতার প্রতিফলন বলে মন্তব্য করেছে জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটি এ ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ এবং জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। শনিবার (১০ অক্টোবর) জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভর স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শনিবার সকালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা নিয়োগ পরীক্ষায় তিন লাখের বেশি চাকরিপ্রার্থীর অংশ নেওয়ার কথা ছিল। দীর্ঘ প্রস্তুতি নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসা প্রার্থীদের শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়। এতে চাকরিপ্রার্থীদের সময়, অর্থ ও স্বপ্নের প্রতি সরকারের অবহেলা প্রকাশ পেয়েছে বলে দাবি করে সংগঠনটি।

জাতীয় ছাত্রশক্তি বলেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনায় মেধাভিত্তিক ও স্বচ্ছ রাষ্ট্র গড়ার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, প্রশ্ন ফাঁসের অভিযোগ সেই প্রত্যাশার বিপরীত। নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা করা সরকারের দায়িত্ব উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় সেই দায়িত্ব পালনে সরকার ব্যর্থ হয়েছে। যে সরকার একটি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা করতে পারে না, সেই সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা কতটা নিশ্চিত করতে পারবে, তা নিয়ে প্রশ্ন ওঠে। প্রশ্ন ফাঁসের ঘটনায় বেকার তরুণদের ক্ষতিগ্রস্ত হওয়ার দায় নিয়ে সরকারের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা উচিত কি না, সে প্রশ্নও তুলেছে সংগঠনটি।

জাতীয় ছাত্রশক্তির দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রশ্ন ফাঁসের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রভাব-প্রতিপত্তি বিবেচনা না করে আইনের আওতায় আনা। তরুণদের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলা মেনে নেওয়া হবে না। চাকরিপ্রত্যাশীদের পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে জাতীয় ছাত্রশক্তি।

এ বিভাগের আরও সংবাদ