Category: গণমাধ্যম

  • সাংবাদিকতায় বাংলানিউজে ক্যারিয়ার গড়ার সুযোগ

    সাংবাদিকতায় বাংলানিউজে ক্যারিয়ার গড়ার সুযোগ

    জরুরি ভিত্তিতে অল্পসংখ্যক সংবাদকর্মী নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীকে উদ্যমী, পরিশ্রমী, চিন্তা-ভাবনায় আধুনিক ও মুক্তমনা, লেখা ও বলায় সাবলীল এবং পেশাদার হতে হবে। আগ্রহীদের আগামী ২০ মে, ২০২৫ তারিখের মধ্যে আবেদন করতে হবে। 

    সেন্ট্রাল ও কান্ট্রি ডেস্ক
    অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর, সিনিয়র সাব-এডিটর/সাব-এডিটর/শিক্ষানবীশ সাব-এডিটর (ইংরেজি থেকে বাংলা ও বাংলা থেকে ইংরেজিতে অনুবাদে দক্ষ)

    ফিচার বিভাগ
    সাব-এডিটর/স্টাফ রিপোর্টার
    (বিনোদন, লাইফস্টাইল, শিল্প-সাহিত্য-সংস্কৃতি, তথ্যপ্রযুক্তি, ক্যারিয়ার, ইসলাম)

    রেফারেন্স ও লাইব্রেরি
    সাব-এডিটর

    ইংলিশ ডেস্ক
    অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর, সিনিয়র সাব-এডিটর ও সাব-এডিটর

    স্পোর্টস
    সাব-এডিটর, স্টাফ রিপোর্টার, স্টাফ রিপোর্টার (লাইভ ব্রডকাস্ট, ভিডিওগ্রাফি)

    রিপোর্টিং বিভাগ
    স্টাফ রিপোর্টার/সিনিয়র রিপোর্টার

    বিট: যোগাযোগ (সড়ক-রেল-নৌ-মেট্রোরেল), পরিকল্পনা কমিশন, সেবাখাত, এভিয়েশন, বিদ্যুৎ-জ্বালানি, জাতীয় সংসদ, এনবিআর, দুদক, ট্রেডবডি, ইসলামী দল, জাতীয় পার্টি, কালচারাল, ক্রাইম, জেনারেল।

    যোগ্যতা
    ► সাংবাদিকতা বিষয়ে স্নাতক (অগ্রাধিকার)
    ► অনলাইন গণমাধ্যমে কমপক্ষে দুই বছর কাজের অভিজ্ঞতা (অগ্রাধিকার)
    ► ইংরেজি থেকে বাংলা অনুবাদে অবশ্যই দক্ষ হতে হবে (সাব-এডিটর/সিনিয়র সাব-এডিটরের ক্ষেত্রে)
    ► শিক্ষানবীশ সাব-এডিটরের ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন নেই

    ফটো বিভাগ
    স্টাফ ফটো জার্নালিস্ট (জেনারেল/স্পোর্টস)

    এছাড়া সাভার প্রতিনিধি, ঢাকা কলেজ প্রতিনিধি, কেরানীগঞ্জ প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।

    প্রাথমিকভাবে নির্বাচিতদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। বেতন আলোচনা সাপেক্ষে।

    আবেদন পাঠানোর ঠিকানা: career@banglanews24.com

  • কর্মকর্তা বিয়ের পিঁড়িতে, তাই কাঙাল হরিনাথের প্রয়াণ দিবসে নেই কোনো আয়োজন

    কর্মকর্তা বিয়ের পিঁড়িতে, তাই কাঙাল হরিনাথের প্রয়াণ দিবসে নেই কোনো আয়োজন

    গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদারের ১২৯তম প্রয়াণ দিবস আজ। ১৮৯৬ সালের এই দিনে তিনি মারা যান। তিনি ছিলেন একাধারে সাংবাদিক, সমাজ সংস্কারক, নারী শিক্ষার পথিকৃৎ, বাউল, সাধক ও সাহিত্যিক। তবে আজকের এই দিনে কুষ্টিয়ার কুমারখালীর কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘরের তত্ত্বাবধায়কের বিয়ে থাকায় দিনটি ঘিরে সেখানে কোনো আয়োজন নেই। এছাড়া উপজেলা প্রশাসন বা কোনো প্রেসক্লাবের পক্ষেও নেই কোনো আয়োজন।

    শুধু জাদুঘরে অবস্থিত তার ম্যুরালে জাদুঘরের কর্মচারীরা দায়সারাভাবে পুষ্পস্তবক অর্পণ ও ফুলের মালা দিয়েছেন। এতে চরম ক্ষোভ প্রকাশ করেন কাঙাল হরিনাথের বংশধররা।

    শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুমারখালী পৌরসভার কার্যালয়ের পাশে অবস্থিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদারের স্মৃতি জাদুঘরে সরেজমিনে দেখা যায়, সুনসান নীরবতা। প্রধান গেটে ঝুলছে তালা। চত্বরে অবস্থিত ম্যুরালে ফুলের মালা ও পুষ্পস্তবক রয়েছে।

    এ সময় জাদুঘরের নিরাপত্তাকর্মী রুহুল আমিন বলেন, জাদুঘরের তত্ত্বাবধায়ক তাপস কুমার মণ্ডল চলতি মাসের ৫ তারিখ যোগদান করেছেন। আজ কাঙাল হরিনাথের প্রয়াণ দিন। আবার আজই স্যারের (তত্ত্বাবধায়ক) বিয়ে। সেজন্য আলোচনা সভা ও অন্যান্য অনুষ্ঠান পেছানো হয়েছে। পরে করা হবে।

    দিনটি ঘিরে কোনো আয়োজন না থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন কাঙাল হরিনাথের চতুর্থ বংশধর স্বর্গীয় অশোক মজুমদারের স্ত্রী গীতা রানী মজুমদার। তিনি বলেন, কাঙাল ভাঙিয়ে অনেকজন বড় লোক হয়েছে। তবে সেই কাঙাল কাঙালই আছে। কাঙালের মতোই যাচ্ছে তার তিরোধান দিবস।

    তিনি আক্ষেপ করে বলেন, মানুষের মুক্তির জন্য কাজ করে গেছেন কাঙাল হরিনাথ। কিন্তু আজ কাঙালই বঞ্চিত। আমরাই সবচেয়ে বঞ্চিত, অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করতে হয়। অরক্ষিত কাঙালের সমাধি ও ব্যবহৃত তৈজসপত্র। প্রশাসন তো দূরের কথা সাংবাদিকরাও খোঁজ নেয় না।

    কাঙাল হরিণাত। ছবি: সংগৃহীত

    গীতা রাণীর ছেলে দেবাশীষ মজুমদার আক্ষেপ করে বলেন, সাংবাদিকরা কাঙালকে গুরু দাবি করে। কিন্তু গুরুকে শুধু চার দেওয়ালের মধ্যে রেখে স্মরণ করলেই হবে না। কাঙালের সব অনুষ্ঠান জাতীয়ভাবে পালন করতে হবে।

    এ বিষয়ে জানতে কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘরের তত্ত্বাবধায়ক তাপস কুমার মণ্ডলকে ফোন দেওয়া হয়। তার ফোনটি অন্য একজন রিসিভ করে বলেন, তাপসের বিয়ের অনুষ্ঠান চলছে। পরে কথা বলে নিয়েন।

    কাঙাল হরিনাথের অনুষ্ঠানগুলো সাধারণত জাদুঘর কর্তৃপক্ষ করে থাকে বলে ফোনে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। তিনি বলেন, আয়োজনের বিষয়টি জাদুঘর কর্তৃপক্ষ কিছু জানায়নি। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

    কাঙাল হরিনাথ ১৮৩৩ সালের ২২ জুলাই কুমারখালীর কুণ্ডুপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি ১৮৬৩ সালের এপ্রিল মাসে কুমারখালী থেকে গ্রামবার্তা প্রকাশিকা নামের একটি মাসিক পত্রিকা প্রকাশ শুরু করেন। তার স্মরণে কুমারখালীতে একটি স্মৃতি জাদুঘর নির্মাণ হয়েছে। কিন্তু অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে তাঁর ভিটা ও সমাধি।

  • ভোরের কাগজের ডিএফপি বাতিল

    ভোরের কাগজের ডিএফপি বাতিল

    দৈনিক ‘ভোরের কাগজ’-এর সরকারি মিডিয়া তালিকাভুক্তি বাতিল করেছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)। পত্রিকাটি অফিস ও ছাপাখানা বন্ধ থাকার পাশাপাশি প্রচারসংখ্যা নিয়ে অসত্য তথ্য প্রদান করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বুধবার (১৬ এপ্রিল) তথ্য ও প্রচার মন্ত্রণালয়ের উপপরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) মোহাম্মদ রাশেদুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিদর্শনকালে পত্রিকার অফিসে তালা ঝুলতে দেখা যায় এবং ছাপাখানায় পত্রিকা ছাপা হয়নি। প্রেসে থাকা ক’টি পত্রিকা দেখে জানতে চাওয়া হলে সংশ্লিষ্টরা জানান, মাত্র ২০০–৩০০ কপি ছাপা হয়। বিল সংক্রান্ত কোনো প্রমাণও দেখাতে পারেননি তারা।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের কার্যক্রম ‘সংবাদপত্র ও সাময়িকীর মিডিয়া তালিকাভুক্তি ও নিরীক্ষা নীতিমালা ২০২২’-এর সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে ১৯৭৩ সালের ‘ছাপাখানা ও প্রকাশনা আইন’-এর বিধিও লঙ্ঘিত হয়েছে। ফলে নীতিমালার ৮.৩ অনুচ্ছেদ অনুযায়ী পত্রিকাটির তালিকাভুক্তি বাতিল করা হয়।

    এর ফলে দৈনিক ‘ভোরের কাগজ’ এখন থেকে কোনো সরকারি দপ্তরের বিজ্ঞাপন কিংবা নিউজপ্রিন্ট কোটা পাওয়ার যোগ্য হবে না।

  • আমাদের সময়ের মফস্বল সম্পাদক কমর শাহজাহান আর নেই

    আমাদের সময়ের মফস্বল সম্পাদক কমর শাহজাহান আর নেই

    দৈনিক আমাদের সময়ের মফস্বল সম্পাদক কমর শাহজাহান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    বৃহস্পতিবার ভোর ৪টা ৪৫ মিনিটে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

    দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন কমর শাহজাহান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ভাই-বোন, আত্বীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকর্মী আশরাফুল ইসলাম। তিনি জানান, মৃত্যুর পর আমাদের সময়ের মফস্বল ডেস্কের সহকর্মীরা গ্রামের বাড়িতে তার লাশ নিয়ে যাচ্ছেন।

    পারিবারিক সূত্র জানায়, মরহুম শাহজাহান কমরের প্রথম জানাজা বিকেল ৫টার দিকে গ্রামতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজা জলঢুপ সোনাতূলা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

    সিলেট থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক জৈন্তাবার্তা’ পত্রিকার সিলেট প্রতিনিধি হিসেবে তার সাংবাদিকতা জীবন শুরু হয়। এরপর সিলেটের ডাক, জাতীয় দৈনিক বাংলাবাজার পত্রিকা এবং জীবনের শেষ সময় পর্যন্ত ‘ দৈনিক আমাদের সময়’ পত্রিকার মফস্বল সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাত ভাই ও তিন বোনের মধ্যে ষষ্ঠ ছিলেন।