Tag: নিষেধাজ্ঞা

  • ক্যাম্পাসে ফেরা নিয়ে মুখোমুখি শিক্ষার্থী- প্রশাসন, উত্তেজনা কুয়েটে

    ক্যাম্পাসে ফেরা নিয়ে মুখোমুখি শিক্ষার্থী- প্রশাসন, উত্তেজনা কুয়েটে

    নিষেধাজ্ঞা উপেক্ষা করে বন্ধ থাকা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েটে) ক্যাম্পাসে প্রবেশের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তবে কর্তৃপক্ষ তাদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে। ছাত্রদের প্রবেশ ঠেকাতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ নিয়ে কুয়েটে উত্তেজনা বিরাজ করছে।

    আজ রোববার (১৩ এপ্রিল) দুপুর ২টায় শিক্ষার্থীরা ক্যাম্পাস ও হলে প্রবেশ করবেন বলে জানিয়েছেন।

    কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে আজ ‘লং মার্চ টু কুয়েট’ কর্মসূচি ঘোষণা করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। শনিবার (১২ এপ্রিল) রাতে খুবি শিক্ষার্থীদের বিভিন্ন ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়।

    ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জের ধরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।

    এদিকে, শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার দুপুর ২টায় বন্ধ থাকা কুয়েট ক্যাম্পাসে ঢুকে হলে ওঠার ঘোষণা দিয়ে আসছেন। তা ঠেকাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাধিক সভা, প্রশাসনের বিভিন্ন দপ্তরে চিঠি, বিজ্ঞপ্তি জারি ও অভিভাবকদের মোবাইলে এসএমএস দিয়ে শিক্ষার্থীদের কুয়েটে না পাঠানোর অনুরোধ জানিয়েছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, হল বন্ধ থাকায় লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। অনেকের টিউশনিসহ আয়ের উৎস নষ্ট হচ্ছে। তারা শান্তিপূর্ণভাবে একসঙ্গে ক্যাম্পাসে ঢুকবেন। তারা যাতে ক্যাম্পাসে ফিরতে না পারেন সেজন্য কুয়েট কর্তৃপক্ষ নানা তৎরপতর চালাচ্ছে। এমনকি কুয়েট প্রশাসন বাইরের একজনকে উস্কানি দিয়ে তাকে দিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করিয়েছে।

    কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ বলেন, শিক্ষার্থীরা যাতে বন্ধ থাকা ক্যাম্পাসে না ফেরে সেজন্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদেরকে বিভিন্নভাবে বোঝানো হয়েছে। বিষয়টি বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনারকেও অবহিত করা হয়েছে।

    এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি (নর্থ) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান বলেন, কুয়েটের পরিস্থিতি তারা অবগত আছেন। ক্যাম্পাসের ২টি গেটে পুলিশ মোতায়েন রয়েছে।

  • নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন নাসির

    নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন নাসির

    আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন বাংলাদেশি ক্রিকেটার নাসির হোসেন। তথ্য গোপনের দায়ে নিষেধাজ্ঞায় পড়ে দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে ছিলেন তিনি।

    সোমবার (৭ এপ্রিল) গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে রূপগঞ্জ টাইগার্সের হয়ে ফের মাঠে নামেন তিনি।

    ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে একটি আইফোন উপহার নেন নাসির। কিন্তু সেই তথ্য তিনি গোপন করেছিলেন। আর তথ্য গোপন করায় তাকে নিয়ে তদন্তে নামে আইসিসি। পরে সেই অপরাধ নাসির শিকার করেন।

    তথ্য গোপন করে নিয়ম ভাঙায় নাসিরকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। যেখানে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। শাস্তির শর্ত পূরণ করায় গতকাল (রবিবার) থেকে নাসিরের ওপর থাকা নিষেধাজ্ঞা উঠে যায়। ফলে সোমবার থেকে মাঠে ফিরতে তার কোনো বাঁধা ছিল না। তাতে সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে রুপগঞ্জ টাইগার্সের হয়ে প্রত্যাবর্তন হয়েছে তার।