Tag: প্রাথমিক শিক্ষক

  • প্রাথমিক শিক্ষকদের জেলা থেকে জেলায় বদলি আবেদন চলছে

    প্রাথমিক শিক্ষকদের জেলা থেকে জেলায় বদলি আবেদন চলছে

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এক জেলা থেকে আরেক জেলায় (একই বিভাগের মধ্যে) অনলাইন বদলির আবেদন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল থেকে এই আবেদন পক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত।

    এর আগে গত বুধবার (১৬ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুনের সই করা অফিস আদেশে এই বদলি আবেদনের কথা জানানো হয়। বদলির সময়সূচি ও শর্ত উল্লেখ করে মাঠপর্যায়ের উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

    চিঠিতে জানানো হয়, ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সহকারী উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার যাচাই সম্পন্ন করতে হবে। আর ২৪ ও ২৫ এপ্রিল পর্যন্ত উপজেলা বা থানা শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

    জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ২৬ ও ২৭ এপ্রিল পর্যন্ত এবং ২৮ এপ্রিল সিস্টেম থেকে স্বয়ংক্রিয় মনোনয়ন শেষে ২৯ ও ৩০ এপ্রিল পর্যন্ত বিভাগীয় উপ-পরিচালক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

    আদেশে আরও বলা হয়, শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধু এক বা দুটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

    এর আগে ২১৬টি উপজেলা/থানায় ১০ শতাংশের বেশি শিক্ষক অন্য উপজেলা থেকে বদলি হয়েছেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলাগুলো আন্তঃজেলা বদলির আওতাবহির্ভূত থাকবে এবং অবশিষ্ট ২৭১টি উপজেলা/থানায় বদলি কার্যক্রম চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে পাঠাবেন। যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে যাচাই করবেন। যাচাইপূর্বক পাঠানোর পর তা পুনঃবিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না।

  • প্রাথমিকের শিক্ষক নিয়োগে থাকছে না নারী কোটা

    প্রাথমিকের শিক্ষক নিয়োগে থাকছে না নারী কোটা

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে ৬০ শতাংশ নারী কোটা বাতিল হচ্ছে। এর সঙ্গে পোষ্য কোটাও বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রস্তাবিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’-এর খসড়া থেকে এ তথ্য জানা গেছে।

    জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষক নিয়োগে ৬০ শতাংশ নারী কোটার প্রচলন রয়েছে। বাকি ৪০ শতাংশের মধ্যে ২০ শতাংশ পোষ্য এবং পুরুষ কোটা ২০ শতাংশ। কোটানির্ভর নিয়োগপ্রক্রিয়ায় মেধার মূল্যায়ন হয় না বলে অভিযোগ দীর্ঘদিনের। অনেকে ৬৫ নম্বর পেয়েও চাকরি পেয়ে যান, আবার অনেকে ৭৫ পেয়েও বাদ পড়েন। এ বৈষম্য দূর করতে নতুন বিধিমালা তৈরি করছে সরকার।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, উচ্চ আদালতের রায় মেনে কোটা থাকবে মাত্র ৭ শতাংশ। বাকি ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে। যে ৭ শতাংশ কোটা থাকবে, তার মধ্যে থাকবে মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী কোটা।

    নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘গত ডিসেম্বর পর্যন্ত সারাদেশে সহকারী শিক্ষকের নিয়োগযোগ্য শূন্য পদ ৮ হাজারের বেশি। নতুন নিয়োগ বিধিমালা চূড়ান্ত হলে আগামী আগস্ট-সেপ্টেম্বরে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে।’

    এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিকে শিক্ষক নিয়োগে আগের কোটা ব্যবস্থা থাকছে না। উচ্চ আদালতের রায় অনুযায়ী কোটাব্যবস্থা চালু থাকবে। এছাড়া সহকারী শিক্ষকদের মধ্যে থেকে প্রধান শিক্ষক পদে যোগ্য প্রার্থী পাওয়া সাপেক্ষে শতভাগ পদোন্নতির ব্যবস্থা করার প্রস্তাব করা হয়েছে নতুন নিয়োগবিধিতে।