সৌদি আরবের রাজধানী রিয়াদে সব স্কুল এক সপ্তাহ বন্ধ রেখে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি। রোববার (২৭ সেপ্টেম্বর) হঠাৎ করে অভিভাবকদের কাছে পাঠানো ই-মেইলে স্কুলগুলো জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষের নির্দেশেই পুরো সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এএফপির দেখা দুটি পৃথক ই-মেইলে বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ মাত্র আমাদের জানিয়েছে, পুরো সপ্তাহ স্কুল বন্ধ রাখতে হবে। ফলে রিয়াদের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের আগামী এক সপ্তাহ দূরশিক্ষণ বা রিমোট লার্নিংয়ের মাধ্যমে ক্লাস করতে হবে।
হঠাৎ এমন সিদ্ধান্তে অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। রিয়াদে বসবাসকারী এক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, একটি সিদ্ধান্ত যখন পুরো স্কুল কমিউনিটির ওপর এক সপ্তাহের জন্য প্রভাব ফেলে, তখন পরিবারগুলোর বিষয়টির কারণ সম্পর্কে স্পষ্ট যোগাযোগ ও স্বচ্ছতা পাওয়ার অধিকার রয়েছে।
উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনা ও ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি যোদ্ধাদের সৌদি আরবকে লক্ষ্য করে প্রায় প্রতিদিনের হামলার মধ্যে স্কুল বন্ধের এ সিদ্ধান্ত এলো। তবে স্কুল বন্ধের সঙ্গে এসব নিরাপত্তা পরিস্থিতির সরাসরি সম্পর্ক আছে কি না, সৌদি কর্তৃপক্ষ তা জানায়নি। এর এক দিন আগে ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে লড়াই করা সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, তারা সৌদি আরবকে লক্ষ্য করে ছোড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
সাম্প্রতিক সময়ে হুথিদের হামলা আরও বেড়েছে। জুলাইয়ে কয়েক বছর ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর হুথিদের হামলা নতুন করে শুরু হয়। এরপর ইয়েমেনের সংঘাত মধ্যপ্রাচ্যের বিস্তৃত যুদ্ধে আরও গভীরভাবে জড়িয়ে পড়ে। এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও সৌদি আরবে হুথিদের ক্রমবর্ধমান হামলার নিন্দা জানায়। পরিষদ উল্লেখ করে, এসব হামলায় নারী ও শিশুসহ বেসামরিক মানুষ আহত হয়েছেন।





