শিরোনাম
Advertisement
ক্যাম্পাসের ভেতরে

গবেষণা প্রকল্প প্রস্তাবের আহ্বান ইউজিসির: সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান

Advertisement

ঢাকাসহ দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ২০২৬-২০২৭ অর্থবছরে ইউজিসি প্রমোশনাল এবং একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণাকর্মে সহায়তা প্রদানে গবেষণা প্রকল্প প্রস্তাব আহ্বান করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ১২ অক্টোবর ইউজিসির রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ডস ডিভিশনের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো: ওমর ফারুখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

  • প্রকল্পের অনুদান ও ক্যাটাগরি

প্রমোশনাল গবেষণা প্রকল্প: বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় সর্বোচ্চ ৭.০০ লক্ষ টাকা এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস শাখায় সর্বোচ্চ ৫.০০ লক্ষ টাকা অনুদান প্রদান করা হবে।

একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্প: বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় সর্বোচ্চ ১০.০০ লক্ষ টাকা এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস শাখায় সর্বোচ্চ ৮.০০ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে।

  • আবেদনকারীর যোগ্যতা

প্রমোশনাল গবেষণা: আবেদনকারীকে পূর্ণকালীন প্রভাষক বা সহকারী অধ্যাপক হতে হবে এবং স্বীকৃত ইনডেক্সড জার্নালে ন্যূনতম ২টি গবেষণা প্রবন্ধ থাকতে হবে।

একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা: আবেদনকারীকে পূর্ণকালীন সহযোগী অধ্যাপক বা অধ্যাপক হতে হবে এবং স্বীকৃত ইনডেক্সড জার্নালে ন্যূনতম ৫টি গবেষণা প্রবন্ধ থাকতে হবে, যার মধ্যে কমপক্ষে ২টিতে Corresponding বা Last Author হতে হবে।

  • গুরুত্বপূর্ণ শর্তাবলি

একজন প্রধান গবেষক একই অর্থবছরে একাধিক ক্যাটাগরিতে প্রকল্প প্রস্তাব দাখিল করতে পারবেন না। ইউজিসির অর্থায়নে চলমান কোনো গবেষণা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত নতুন প্রকল্পে আবেদন করা যাবে না। আবেদন অবশ্যই বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দাখিল করতে হবে। গবেষণা প্রকল্পের মেয়াদ ১ (এক) বছর।

  • আবেদনের পদ্ধতি ও সময়সীমা

ক. প্রকল্প প্রস্তাব অবশ্যই অনলাইনে দাখিল করতে হবে। অনলাইনে দাখিল ব্যতীত কোনো প্রকল্প প্রস্তাব গ্রহণ করা হবে না;

খ. অনলাইনে সরাসরি [https://ugc-research-management.bdren.net.bd](https://ugc-research-management.bdren.net.bd) লিংক থেকে প্রকল্প প্রস্তাব দাখিল করা যাবে; (গ) উপরোক্ত লিংকে এবং প্রকল্প প্রস্তাব দাখিল-সংক্রান্ত নীতিমালার শর্তাবলি ও প্রয়োজনীয় তথ্যাদি ইউজিসি ওয়েবসাইট (www.ugc.gov.bd)-এ “গবেষণা প্রকল্প/গবেষণা সহায়তা মঞ্জুরী (গবেষণা প্রকল্প)” ও “অনলাইনে আবেদন (গবেষণা প্রকল্প প্রস্তাব দাখিল)” বিষয়ক দুটি সেবা বক্সে পাওয়া যাবে;

ঘ. যথাযথভাবে অনলাইনে দাখিলকৃত প্রকল্প প্রস্তাবের ২ (দুই) সেট প্রিন্ট কপি (হার্ড কপি)-যার মধ্যে গবেষক ও বিশ্ববিদ্যালয়ের নাম ও ঠিকানা ব্যতীত ১ (এক) সেট এবং গবেষক ও বিশ্ববিদ্যালয়ের নাম, ঠিকানা ও যথাযথ প্রত্যয়ন/সুপারিশসহ পূর্ণাঙ্গ ১ (এক) সেট (দুটি প্রিন্ট অপশন অনলাইনে বিদ্যমান) রেজিস্ট্রারের মাধ্যমে পরিচালক, রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ডস ডিভিশন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর আগামী ২২-১১-২০২৬ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে;

ঙ. অসম্পূর্ণ কিংবা অপূর্ণাঙ্গ তথ্য সম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে।

এ বিভাগের আরও সংবাদ