মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেককে সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়ে জানানো হয়।
এর আগে গত ৩ মার্চ আবদুল খালেককে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
আবদুল খালেক বাংলাদেশ সিভিল সার্ভিস ১৯৮৪ ব্যাচের একজন চৌকস ও পেশাদার কর্মকর্তা হিসাবে সুপরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রি অর্জন শেষে ১৯৮৬ সালে প্রশাসন ক্যাডারের একজন সদস্য হিসাবে যোগদান করেন। তিনি সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক ছাড়াও জেলা প্রশাসক হিসাবে যশোর ও চাঁদপুরে সফলভাবে দায়িত্ব পালন করেন। তবে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তাকে দফায় দফায় পদোন্নতি বঞ্চিত করাসহ ডাম্পিং পোস্টিংয়ে ফেলে রাখা হয়।
তিনি দিনাজপুর ও জাগীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ছাড়াও স্থানীয় সরকার বিভাগ, ভূমি মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, বাণিজ্য ও নৌ-পরিবহণ মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট করপোরেশন (বিআইডব্লিউটিসি), বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি) ও বোর্ড অব ইনভেস্টমেন্টে (বিওআই) দায়িত্ব পালন করেন।
নির্যাতিত কর্মকর্তা বিবেচনায় চব্বিশের গণ-অভ্যুত্থানের পর ভূতাপেক্ষভাবে তিনি অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি লাভ করেন।
আবদুল খালেক নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাউসি গ্রামে এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার স্ত্রী মিসেস রুবিনা খালেক একজন কলেজ শিক্ষক। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক।





