শিরোনাম
Advertisement
খসড়া

শিক্ষকতা শুরুর আগে প্রশিক্ষণ প্রসঙ্গে

Advertisement

একটি দৈনিক পত্রিকায় দেখলাম ‘মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার।’ এখানে পরিবর্তনেরই বা কি, আগের উদ্যোগেরই বা কি হলো? বিষয়টি নিয়ে তো বহুবার বেশ কয়েক বছর ধরে বাংলা ও ইংরেজি পত্রিকায় লিখে যাচ্ছি।

শিক্ষককে ক্লাস থেকে ধরে এনে, ক্লাস বাদ দিয়ে প্রশিক্ষণ না করানোর কথা কতবার বলেছি। একজন ব্যক্তি যত ভালো ও সুঠাম দেহের অধিকারীই হোন না কেন, তাঁকে যদি একটি নতুন পাজেরো বা লিমোজিন গাড়ি দেওয়া হয়, তিনি সেটি চালানো তো দূরের কথা, স্টিয়ারিংই ধরতে পারবেন না। যদি কেউ শখের বশে প্রশিক্ষণ গ্রহণ না করে গাড়ি নিয়ে রাস্তায় নামেন, তাহলে তিনি গাড়ির বারোটা বাজাবেন, মানুষের জীবন বিপন্ন করবেন এবং তাঁর নিজের জীবনও বিপন্ন হবে। একইভাবে যাঁরা নিয়মিত কোনো বাহিনীতে চাকরি করেন, তাঁদের সবাইকেই প্রশিক্ষণ গ্রহণ করতে হয়।

অর্থাৎ গাড়ি চালানোর আগে একজন ড্রাইভারকে প্রশিক্ষণ গ্রহণ করতে হয়, তারপর গাড়ি চালানো শুরু করেন। গাড়ি চালানো শুরু করে তিনি যত বেশি বেশি গাড়ি চালাবেন, তত বেশি এক্সপার্ট হবেন। তাঁকে গাড়ি চালানো বাদ দিয়ে প্রশিক্ষণকেন্দ্রে নিয়ে যাওয়ার দরকার নেই। এভাবে তাঁকে যতই নেওয়া হবে ততই তাঁর গাড়ি চালানোর এক্সপারটাইজ কমবে।

অর্থাৎ নরমাল কাজে বিঘ্ন ঘটবে, হচ্ছেও তাই। সেনাবাহিনী যখন যুদ্ধ করে বা যুদ্ধে ব্যস্ত থাকে তাঁদের সেখানে থেকে এনে আলাদা প্রশিক্ষণের সময় থাকে না, প্রয়োজনও নেই। যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের মাঠের নতুন নতুন কৌশল, অজানা কৌশল শিখে নেন এবং সেটিই প্রশিক্ষণের চেয়ে বেশি প্রাকটিক্যাল। কিন্তু সেনাবাহিনী যখন যুদ্ধের ময়দানে থাকেন না, কিংবা বহুদিন যুদ্ধের সঙ্গে জড়িত থাকেন না, তাঁরা যাতে যুদ্ধবিদ্যা ভুলে না যান সে জন্য তাঁদের মহড়া দিতে হয়, প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। যেমন—শীতকালীন প্রশিক্ষণ।

শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্য প্রশিক্ষণ অপরিহার্য, কিন্তু বিষয়টিকে অন্যান্য বাহিনীর মতো মনে করা হচ্ছে। সেনাবাহিনীকে যেমন যুদ্ধক্ষেত্র থেকে উঠিয়ে এনে প্রশিক্ষণ রুমে আনা যায় না, তাতে যুদ্ধে হেরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু যুদ্ধক্ষেত্রে না থাকার কারণে তাঁদের নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করতে হয়, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হয়। শিক্ষকদের যুদ্ধক্ষেত্র হচ্ছে শ্রেণিকক্ষ। শ্রেণিকক্ষ থেকে শিক্ষককে তুলে এনে প্রশিক্ষণ দেওয়া মানে রণেভঙ্গ দেওয়া। আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক স্বল্পতার কারণে সাধারণ কার্যবলিতেই বিঘ্ন ঘটছে অহরহ, তার ওপর যখন উপর মহল থেকে শিক্ষক পাঠানোর নির্দেশ আসে, তখন প্রতিষ্ঠানগুলোর অবস্থা হয় বেগতিক। তার পরও বিষয়টি থেমে নেই। অনবরত বিভিন্ন প্রজেক্ট থেকে শিক্ষকদের প্রশিক্ষণে ডাকা হয়। অনেক ক্ষেত্রেই শিক্ষকরা আসতে চান না, তাই অর্থের ব্যবস্থা করা হয় যাতে টাকার লোভে তাঁরা প্রশিক্ষণে আসেন। কিন্তু তাঁরা যখন স্কুল-কলেজে পড়াশোনা করেছেন, তখন নিজেরা বেতন দিয়ে পড়েছেন। প্রশিক্ষণ সেই একাডেমিক ডিগ্রির চেয়ে কোনো অংশেই কম নয়, অথচ তাঁরা নিজ থেকে বা নিজের ইচ্ছায় প্রশিক্ষণ গ্রহণ করতে চান না। সরকার টাকা দিয়ে তাঁদের প্রশিক্ষণে ডাকে। তাঁদের অর্থ দিয়ে প্রশিক্ষণ গ্রহণ করানোর এত আগ্রহ কেন? যাঁরা করান, যাঁরা প্রশিক্ষণ বাবদ বড় বড় প্রজেক্ট নেন, তাঁরা লাভবান হন। এখানে চলে মূলত লাভের খেলা। এ পর্যন্ত এ দেশে শিক্ষকদের প্রশিক্ষণে যত অর্থ ব্যয় করা হয়েছে, তার আউটপুট দেখতে গেলে বোঝা যেত যে, অর্থ কতটা কাজে লেগেছে, আর কতটা জলে গেছে।

মাধ্যমিক স্তরের শিক্ষকদের পেশাদারি বাড়ানোর জন্য একটি প্রকল্পের প্রাথমিক খসড়ায় প্রস্তাব দেওয়া হয়েছে যে শিক্ষকরা নিয়োগের আগেই প্রশিক্ষণ নেবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এই প্রাথমিক খসড়া প্রস্তাব তৈরি করেছে। প্রাথমিক হিসেবে ‘প্রফেশনালাইজেশন ফর এনহ্যান্সড লার্নিং প্রজেক্ট’ নামের এই প্রকল্প বাস্তবায়নে ২৪৯ কোটি ৩৪ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, এই অর্থের বড় অংশই খরচ হবে কর্মশালা ও প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং মেরামত ও পেশাগত সেবা খাতে। প্রকল্পের পুরো অর্থই বৈদেশিক অনুদান হিসেবে পাওয়ার কথা রয়েছে। প্রকল্পটির সম্ভাব্য বাস্তবায়নকাল চলতি বছরের নভেম্বর থেকে ২০৩০ সালের অক্টোবর পর্যন্ত। আবারও সেই প্রজেক্ট! প্রজেক্ট কেন? দেশের টিচার্স ট্রেনিং কলেজগুলো শিক্ষার্থী পায় না, অর্থাৎ শিক্ষকরা প্রশিক্ষণে যেতে চান না, প্রতিষ্ঠান থেকে পাঠানোরও অবস্থা নেই, কারণ এমনিতেই শিক্ষক স্বল্পতা। তার মধ্যে বিভিন্ন কারণে একাধিক শিক্ষক প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকেন। এই অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষকদের প্রশিক্ষণে পাঠানোর জন্য উৎসাহ করা হয় না, হওয়ার কথাও নয়। আবার প্রশিক্ষণে এমন আনন্দও নেই যে সবকিছু ছেড়ে তাঁরা চলে আসবেন? বিএড প্রশিক্ষণ নিলে তাদের একটি স্কেল চেঞ্জ হয়, সেটি আগে লুক্রেটিভ ছিল, যা এখন আর নেই। তাই টিচার্স ট্রেনিং কলেজগুলোতে এখন অনার্স খোলা হয়েছে, অর্থাৎ শিক্ষার্থীরা এখন ট্রেনিং কলেজগুলোতে শিক্ষায় অনার্স করছে। সেটি ভালো। যখন বিষয়টি এমন হবে যে শিক্ষকতার আগে বিএড বা এই জাতীয় কোর্স করতে হবে শিক্ষকদের, তাহলে দেখা যাবে গ্রাজুয়েট, মাস্টার্স করা অনেক শিক্ষার্থীই নিজ ইচ্ছায় ও নিজ খরচে এসব কোর্স করে ফেলবেন। তাতে টিচার্স ট্রেনিং কলেজগুলোও আবার রমরমা হবে। ভালো বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলোও শিক্ষার্থী পাবে। সরকারের কোনো অর্থ ব্যয় করতে হবে না, প্রজেক্ট নিয়ে মাথা ঘামাতে হবে না। সবাই নিজ খরচে ডিগ্রি গ্রহণ করেন, কিন্তু প্রশিক্ষণের কথা এলেই সরকারি বরাদ্দ! এটি কেন? এসব কোর্স করা প্রার্থীরাই শিক্ষকতার চাকরিতে দরখাস্ত করতে পারবেন। এসব প্রার্থীরা নিজ থেকে, নিজ খরচে যা শিখবেন, সেটি হচ্ছে প্রকৃত শেখা। এখানে কোনো প্রজেক্টের দরকার নেই। মন্ত্রণালয় তথা সরকারকে যেটি খেয়াল রাখতে হবে, সেটি হলো শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর প্রশিক্ষণের মান যাতে বৈশ্বিক মানের হয়। শিক্ষকদের মন তুষ্ট করে বেশি নম্বর পাওয়ার কালচার যাতে না চলে সেদিকে দৃষ্টি দিতে হবে।

দেশে মাধ্যমিক স্তরে শিক্ষক রয়েছেন মোট দুই লাখ ৪৬ হাজার ৭৮৪জন। তাঁদের মধ্যে নারী ৭৩ হাজার ৪৯ জন। মাধ্যমিক স্তরের শিক্ষক মূলত দুইভাবে নিয়োগ পান। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ হয় সরকারি কর্মকমিশনের মাধ্যমে, বেসরকারি পর্যায়ে শিক্ষক নিয়োগ হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের মাধ্যমে। নিয়োগের পর মাউশির বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। অনেক ক্ষেত্রে এই প্রশিক্ষণ হয় এককালীন। বিভিন্ন দেশে শিক্ষকতা পেশায় যোগদানের আগে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। বিষয়টি আমি আফ্রিকার অনুন্নত দেশগুলোতেও দেখেছি। ইউরোপের দেশ ফিনল্যান্ডে শিক্ষকতা পেশায় আসতে হলে শিক্ষাবিজ্ঞান সংক্রান্ত অধ্যয়ন সম্পন্ন করতে হয়। সিঙ্গাপুরেও প্রাক-চাকরিকালীন শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া জাপান ও দক্ষিণ কোরিয়ায় শিক্ষকতা পেশায় প্রবেশের জন্য লাইসেন্স নিতে হয়।

প্রফেশনালাইজেশন ফর এনহ্যান্সড লার্নিং প্রজেক্ট নামের প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, বর্তমানে দেশে প্রকৃত প্রাক-চাকরিকালীন প্রশিক্ষণের সুযোগ নেই। কিন্তু শিক্ষকতার মতো পেশায় প্রবেশের আগে প্রয়োজনীয় পেশাগত জ্ঞান ও দক্ষতা অর্জন এবং মানসিক প্রস্তুতি নিশ্চিত করা প্রয়োজন। প্রকল্পের প্রস্তাবে যোগ্য ব্যক্তিদের শিক্ষকতা পেশায় প্রবেশের সুযোগ দিতে প্রাক-চাকরিকালীন শিক্ষক-শিক্ষা মডেল প্রবর্তনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী এই মডেলের আওতায় পাইলট কার্যক্রম পরিচালনা এবং পাঁচটি প্রতিষ্ঠানে প্রি-সার্ভিস শিক্ষক প্রশিক্ষণ মডেল চালু করা হবে। একই সঙ্গে প্রাক-চাকরিকালীন শিক্ষক প্রশিক্ষণের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো ও সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি চাকরিতে থাকা শিক্ষকদের জন্য অব্যাহত পেশাগত উন্নয়ন কার্যক্রম জোরদারের প্রস্তাব করা হয়েছে। বিদ্যমান ১০টি প্রশিক্ষণ কোর্স হালনাগাদের পাশাপাশি আরো ১০টি নতুন কোর্স চালুর কথা রয়েছে প্রকল্পের প্রস্তাবে। একজন প্রার্থীর শিক্ষক হিসেবে কাজ করার মানসিক সক্ষমতা, আগ্রহ ও যোগ্যতা যাচাই করা প্রয়োজন। এসব যাচাইয়ের জন্য প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। তবে সব কার্যক্রমই একটি সুস্পষ্ট শিক্ষানীতির আওতায় পরিচালনা করতে হবে। প্রকল্পের প্রস্তাব অনুযায়ী শিক্ষা প্রশাসক, শিক্ষক ও প্রধান শিক্ষকদের চাকরিকালীন পেশাগত উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ক্ষেত্রে ২০ হাজার শিক্ষক ও শিক্ষা প্রশাসক এবং দেড় হাজার প্রধান শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

একটি বিষয়ে আমাদের লক্ষ রাখতে হবে যে শিক্ষকদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে এবং চলতি পদ্ধতিতে যত প্রশিক্ষণই হয়েছে তাতে কিছু শিক্ষকের কিছুটা উন্নয়ন হয়েছে, তবে তার প্রতিফলন কোথাও নেই। এখনো প্রাথমিক ও মাধ্যমিকের অর্ধেক শিক্ষার্থী দেখে বাংলা ও ইংরেজি বই ভালোভাবে পড়তে পারে না, স্কিল অর্জন করা তো দূরের কথা। সাধারণ যোগ-বিয়োগ একটু ঘুরিয়ে বললে শিক্ষার্থীরা পারছে না, শিক্ষকরাও ঘুরিয়ে দিতে পারছেন না, সেই চিরাচরিত প্রথায় সূত্র পড়িয়ে যাচ্ছেন। এটি আমার নিজের দেখা। তাহলে এত প্রশিক্ষণ দিয়ে আমরা কী করলাম? শিক্ষার্থীদের ক্লাস নষ্ট করে শিক্ষকদের প্রশিক্ষণে ডাকা নিয়ে অনেকবার লিখেছি, কর্তৃপক্ষকে অনেক অনুরোধ করেছি যে শিক্ষক প্রশিক্ষণ মডেল পরিবর্তন করতে হবে। ট্রাডিশনাল পদ্ধতিতে আর প্রশিক্ষণ নয়।


লেখক : শিক্ষা বিশেষজ্ঞ ও গবেষক; প্রেসিডেন্ট, ইংলিশ টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইট্যাব)

এ বিভাগের আরও সংবাদ