শিরোনাম
Advertisement
ক্যাম্পাসের ভেতরে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭৫ অধ্যাপক ও সহযোগী অধ্যাপকের পিএইচডি ডিগ্রি নেই

Advertisement

দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি বাধ্যতামূলক করে সমন্বিত নীতিমালা প্রণয়ন করা হলেও বাস্তবে এর পূর্ণাঙ্গ প্রয়োগ নেই। বিশ্ববিদ্যালয়ের ৮৪টি বিভাগ ও ১৩টি ইনস্টিটিউটের ওয়েবসাইটে থাকা শিক্ষকদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, পৌনে ২০০ নিয়মিত অধ্যাপক ও সহযোগী অধ্যাপকের পিএইচডি ডিগ্রি নেই।

বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে থাকা প্রায় এক হাজার ১০৭ জন নিয়মিত অধ্যাপক ও সহযোগী অধ্যাপকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, এর মধ্যে ১৭৫ জনের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা পিএইচডি নয়। তাঁদের কেউ মাস্টার্স, কেউ ডাবল বা একাধিক মাস্টার্স, আবার কেউ এমফিল ডিগ্রিধারী। এ ছাড়া আরো প্রায় ৪১ জন জ্যেষ্ঠ শিক্ষকের প্রোফাইলে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার কোনো তথ্যই উল্লেখ নেই। তবে সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটে খোঁজ নিয়ে জানা গেছে, তথ্য উল্লেখ না থাকা এই শিক্ষকদের বেশির ভাগেরই পিএইচডি ডিগ্রি নেই।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ২০২৩ সালে নতুন নীতিমালা প্রণয়নের সময় ‘আজীবনে একবার’ ছাড়ের সুযোগ রাখা এবং ৪২ বছরের পুরনো ১৯৮৪ সালের ‘রিস্ট্রাকচারিং’ (পদ পুনর্বিন্যাস) বিধিমালা বহাল রাখার কারণেই পিএইচডি ছাড়া উচ্চপদে যাওয়ার পথ খোলা রয়ে গেছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান ও আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে নেতিবাচক প্রভাব পড়ছে।

  • পরিসংখ্যানে জ্যেষ্ঠ শিক্ষকদের চিত্র

ওয়েব সাইটের তথ্য অনুযায়ী, ৭৪৭ জন নিয়মিত অধ্যাপকের মধ্যে পিএইচডি রয়েছে ৬৬১ জনের। বাকি ৮৬ জনের মধ্যে ৬৪ জনের পিএইচডি নেই। যাঁদের ৩০ জনের ডাবল মাস্টার্স, ১৮ জনের মাস্টার্স ও ১৬ জনের এমফিল রয়েছে। আর ২২ জনের তথ্য প্রোফাইলে উল্লেখ নেই। অন্যদিকে ৩৬০ জন নিয়মিত সহযোগী অধ্যাপকের মধ্যে পিএইচডি আছে ২৩০ জনের। পিএইচডি নেই ১১১ জনের মধ্যে ৪৯ জনের মাস্টার্স, ৪২ জনের ডাবল মাস্টার্স, তিনজনের ততোধিক মাস্টার্স ও ১৭ জনের এমফিল রয়েছে। আরো ১৯ জনের তথ্য প্রোফাইলে নেই। ওয়েব সাইটে শিক্ষকদের পূর্ণাঙ্গ তথ্য না থাকাকে বিশ্ববিদ্যালয়ের বড় দুর্বলতা হিসেবে উল্লেখ করে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ মনিনুর রশিদ বলেন, ‘একাধিকবার তাগিদ দেওয়ার পরও আলস্য ও দায়বদ্ধতার অভাবে অনেক শিক্ষক প্রোফাইল হালনাগাদ করেন না। পদোন্নতির আবেদনে প্রোফাইল লিংক যুক্ত করা বাধ্যতামূলক করলে সবাই তথ্য হালনাগাদ করতে বাধ্য হতেন।’

  • নীতিমালার দুই বড় ফাঁকফোকর

২০২৩ সালের ৩০ এপ্রিল সিন্ডিকেট সভায় বিজ্ঞাপিত পদে শিক্ষক নিয়োগের সমন্বিত নীতিমালা অনুমোদন করা হয়, যা ওই বছরের ১ জুলাই কার্যকর হয়। এর ৩ ও ৪ নম্বর ধারায় সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পিএইচডি বাধ্যতামূলক করা হলেও ‘নোটস অ্যান্ড কন্ডিশনস’-এর ১৫ নম্বর ধারায় বলা হয়েছে, যোগ্য পিএইচডিধারী প্রার্থী না পাওয়া গেলে অভ্যন্তরীণ পিএইচডিবিহীন প্রার্থীকে ‘আজীবনে একবার’ পদোন্নতির বিবেচনা করা যাবে। ফলে পিএইচডি ছাড়াই একজন শিক্ষক সহযোগী অধ্যাপক অথবা অধ্যাপক হওয়ার সুযোগ পাচ্ছেন, যদিও একই ব্যক্তি দুইবার এ সুবিধা পাবেন না। আরেকটি বড় ফাঁক রয়েছে ১৯৮৪ সালের ২ জুনের সিন্ডিকেট সভায় গৃহীত ‘রিস্ট্রাকচারিং’ বিধিমালায়। ২০২৩ সালের নীতিমালার বিশেষ দ্রষ্টব্যে নতুন বিধিমালা না হওয়া পর্যন্ত পুরনো রিস্ট্রাকচারিং পদ্ধতি বহাল রাখার কথা বলা হয়েছে। এ ব্যবস্থায় বিভাগে শূন্যপদ না থাকলেও নির্ধারিত চাকরিকাল ও প্রকাশনা থাকলে আগের পদে বহাল থেকেই উচ্চতর পদের মর্যাদা ও বেতন-ভাতা পাওয়া যায়। ১৯৮৪ সালের বিধিমালা অনুযায়ী, পিএইচডি বা এমফিল ছাড়াই ১৪ বছর চাকরিতে (যার সাত বছর সহকারী অধ্যাপক) ও সাতটি প্রকাশনায় সহযোগী অধ্যাপক এবং ২৫ বছর চাকরিতে (যার ১০ বছর সহযোগী অধ্যাপক) ও ১৫টি প্রকাশনায় অধ্যাপক হওয়া যায়। এমফিল থাকলে সময়সীমা যথাক্রমে ১০ ও ২০ বছর। ওয়েবসাইটের তথ্য ও খোঁজ নিয়ে দেখা গেছে, ২০২৩ সালের পরও এ সুযোগে বেশ কয়েকজন শিক্ষক পিএইচডি ছাড়াই সহযোগী অধ্যাপক ও অধ্যাপক হয়েছেন।

পিএইচডি ছাড়া বিশ্বের কোনো মানসম্মত বিশ্ববিদ্যালয়ে উচ্চপদে নিয়োগ হয় না উল্লেখ করে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, ‘দু-চার জায়গায় হলেও তা প্রভাষক বা জ্যেষ্ঠ প্রভাষক পর্যন্তই সীমাবদ্ধ থাকে, এর ওপরে যাওয়া যায় না। আমরা যে নতুন নীতিমালাটি করতে চাই, সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক নিয়োগ হওয়া উচিত সহকারী অধ্যাপক পদে এবং সেই প্রার্থীর পিএইচডি ও পোস্ট-ডক থাকা দরকার।’

এ বিভাগের আরও সংবাদ