শিরোনাম
Advertisement
ক্যাম্পাসের ভেতরে

জিয়াউর রহমানের ঘোষণার ৪৭ বছরেও হয়নি জাতীয়করণ

Advertisement

আগামী ১ জানুয়ারি শতবর্ষে পদার্পণ করবে দিনাজপুর শহরের নারী শিক্ষার মডেল দিনাজপুরের সারদেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়। শতবর্ষে পদার্পণের সন্ধিক্ষণে পুরোনো নথিপত্র দেখার সময় জানা যায় স্কুলটিকে ১৯৭৯ সালে জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাতীয়করণের প্রস্তুতিও এক পর্যায়ে এগিয়েছিল। কিন্তু জিয়াউর রহমানের মৃত্যুর পর সেই কার্যক্রম আর এগোয়নি। ১৯৭৯ সালের সেই ঘোষণার ৪৭ বছর পেরিয়ে গেলেও জাতীয়করণ হয়নি ঐতিহ্যবাহী সারদেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়।

বিদ্যালয়-সংশ্লিষ্টরা জানায়, ১৯৭৯ সালে সরকারি সফরে দিনাজপুরে এসে গোর-এ শহীদ বড় ময়দানে এক জনসভায় সারদেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়কে জাতীয়করণের ঘোষণা দেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরে তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান বিদ্যালয়ে এসে জাতীয়করণের বিষয়ে আশ্বস্ত করেন। প্রধান শিক্ষক ও শিক্ষকদের দাবি, জাতীয়করণের ঘোষণাসংক্রান্ত চিঠি, সরকারি দপ্তরের নথি ও তৎকালীন বিদ্যালয় পরিচালনা কমিটির রেজুলেশনের কপি সংরক্ষিত আছে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। তবে কেন সেই উদ্যোগ এত দিনও বাস্তবায়িত হয়নি, তার ব্যাখ্যা নেই সংশ্লিষ্টদের কাছে।

সংশ্লিষ্টদের মতে, দিনাজপুরের এ অঞ্চলে নারী শিক্ষার প্রসার ঘটাতে ১৯২৭ সালের ১ জানুয়ারি মাত্র ১৭ জন শিক্ষার্থী নিয়ে ‘শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যা মন্দির’ নামে এ স্কুলটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাকালে দাতা ও উদ্যোক্তাদের অনুদানে চলত বিদ্যালয়ের কার্যক্রম। শিক্ষকদের অনেকে বিনা পারিশ্রমিকেও পাঠদান করতেন। ১৯২৭ থেকে ১৯৩৫ সাল পর্যন্ত শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ানো হয়। পরে আর্থিক সংকটের কারণে ১৯৩৬ সালে শ্রেণিভেদে সামান্য বেতন চালু করা হয়। প্রতিষ্ঠানটি আগামী ১ জানুয়ারি শতবর্ষ পূর্ণ করবে। সময়ের পরিবর্তনের সঙ্গে বিদ্যালয়টির অবকাঠামো ও শিক্ষা কার্যক্রমে পরিবর্তন এসেছে। নিজস্ব ভবন ও প্রাতিষ্ঠানিক কাঠামো হয়েছে।

এক শতাব্দীর শিক্ষা যাত্রায় নারী শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে অবদান রেখে চলেছে বিদ্যালয়টি। বর্তমানে এখানে শিক্ষক-কর্মচারী রয়েছেন ৩৪ জন, শিক্ষার্থী প্রায় ১ হাজার। বর্তমানে নানা রকম ফুলে ক্যাম্পাস যেন প্রকৃতির নির্মল পরিবেশ। গড়ে তোলা নান্দনিক বাগানে শাপলাসহ দেড় শতাধিক উদ্ভিদ প্রজাতি রয়েছে, যার ৪০টি প্রজাতিই দুষ্প্রাপ্য। ক্যাম্পাসে একই সারিতে বিজয় দিবসের স্মৃতিসৌধ ও মহান ভাষা আন্দোলনের প্রতীক ‘শহীদ মিনার’ আর মাঝে বাংলাদেশের মানচিত্র সবাইকে আকর্ষিত করছে। ঐতিহ্যবাহী সারদেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়টি ইতিপূর্বে শিক্ষার্থীদের কল্যাণে গড়া ২ টাকার ব্যাংক, হস্তশিল্প তৈরি এবং বিপণন, ল্যাবে বিজ্ঞান উপকরণ বক্স, বিজ্ঞান ক্লাব, লেখাপড়া, খেলাধুলায় প্রাপ্ত বিভিন্ন পুরস্কারসহ ভালো কাজের জন্য ব্যাপক পরিচিতি এবং পত্রিকার পাতায় শিরোনামও হয়েছে। বিদ্যালয়ে রয়েছে জ্ঞানচর্চায় বিতর্ক দল, সাংস্কৃতিক দল, মাল্টিমিডিয়া ক্লাসরুম। জায়গা স্বল্পতায় বিদ্যালয়ে তৈরি হয়েছে এক মাঠেই ক্রিকেট, ফুটবল, বাস্কেট বল ও দাবার গ্রাউন্ড। মাঠের লাল, নীল, সবুজ ও সাদা দাগ দেখে খেলোয়াড়রা বুঝতে পারে কোন দাগ কোন খেলার জন্য। এখন স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতির হার প্রায় শতভাগ। জাতীয় পর্যায়ের নানা অনুষ্ঠানে সারদেশ্বরীর শিক্ষার্থীরা নিয়মিত অংশ নিচ্ছে। স্বরচিত কবিতা, আবৃত্তি ও রচনা উপস্থাপনায় তারা দারুণ সাড়া ফেলেছে। কবিতা কর্নারে শিক্ষার্থীরা নিজেদের লেখা কবিতা টাঙিয়ে রাখে। মুক্তমঞ্চে বছরজুড়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বাল্যবিয়ে, যৌন নির্যাতন ও ইভটিজিং ঠেকাতে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গঠন করে প্রতিরোধ কমিটি। শিক্ষার্থীদের সহায়তার জন্য বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতায় বিদ্যালয়ে চালু ‘দুই টাকার ব্যাংক’ ব্যাপক সাড়া ফেলেছে।

বিদ্যালয়ের শিক্ষক আবদুল মান্নান জানান, ‘সারদেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়কে জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবার বিদ্যালয়টির জাতীয়করণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে আশা করি।’ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী খুশি রানী রায় ও নবম শ্রেণির শিক্ষার্থী ফাহমিদা ফাইজা জানায়, তাদের বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা জিয়াউর রহমান দিয়েছিলেন বলে তারা শুনেছে। শতবর্ষে পদার্পণের আগে তারা সেই ঘোষণার বাস্তবায়ন দেখতে চায়।

সারদেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার রায় জানান, শিক্ষা মন্ত্রণালয়ে শতবর্ষী বিদ্যালয়ের তালিকা পাঠানোর জন্য নথিপত্র পর্যালোচনা করতে গিয়ে জাতীয়করণের ঘোষণা-সংক্রান্ত তথ্যটি নতুন করে নজরে আসে। জিয়াউর রহমান জাতীয়করণের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী চিঠিও দেন। কিন্তু তাঁর মৃত্যুর পর কার্যক্রম থেমে যায়। এখন বিষয়টি বাস্তবায়নের প্রত্যাশা করছেন তাঁরা। প্রধান শিক্ষক রতন কুমার রায় জানান, এ বিদ্যালয়ে একই সঙ্গে স্মৃতিসৌধ, শহীদ মিনার এবং মানচিত্রকে স্থান দেওয়া হয়েছে। যার মাধ্যমে শিক্ষার্থীরা মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতায় আত্মদানের চেতনাবোধকে অনুধাবন করবে এবং হৃদয়ে ধারণ করতে পারবে।

এ বিভাগের আরও সংবাদ