শিরোনাম
Advertisement
ক্যাম্পাসের ভেতরে

রংপুরের মাত্র ৬ শিক্ষার্থীর বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী ১১ জন

Advertisement

রংপুরের পীরগঞ্জের গুর্জিপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংকট চরমে পৌঁছেছে। বিদ্যালয়ের নথিতে শিক্ষার্থী ১২০ জন থাকলেও সরেজমিন উপস্থিত পাওয়া গেছে মাত্র ছয়জন। বিপরীতে ১১ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে উপস্থিত ছিলেন আটজন। শিক্ষার্থীর এমন বেহাল উপস্থিতি, পাঠদানের অনিয়ম ও এসএসসি পরীক্ষায় ধারাবাহিকভাবে কম অংশগ্রহণের ঘটনায় বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ও অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

সরেজমিন দেখা যায়, বিদ্যালয়টির প্রধান ফটকে তালা ঝুলছে। অভিযোগ রয়েছে, গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে প্রধান ফটকে তালা দিয়ে সরে যান অফিস সহায়ক। শিক্ষার্থীদের হাজিরা খাতাও প্রধান শিক্ষকের কক্ষে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। ডিজিটাল শিক্ষার জন্য বরাদ্দ ল্যাপটপ পড়ে রয়েছে প্যাকেটবন্দি অবস্থায়।

শিক্ষকরা জানান, হাজিরা খাতাটি প্রধান শিক্ষক নিজের কক্ষে রেখে তালাবদ্ধ করে গেছেন। এ সময় প্রধান শিক্ষক নুরের ছবি এবং শরীরচর্চা শিক্ষক ও প্রধান শিক্ষকের স্বামী মাহফুজার রহমান ওরফে ফাহিম বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে ১১ জন শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন। তারা নিয়মিত বেতন-ভাতা পেলেও শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদানের বাস্তব চিত্র নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে। ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয় থেকে অংশ নেয় মাত্র একজন করে শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক বলেন, বালিকা বিদ্যালয়টি এলাকার মেয়েদের শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ হলেও শিক্ষার পরিবেশ ভালো না থাকায় অভিভাবকরা আগ্রহ হারাচ্ছেন। আট শিক্ষকের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। প্রধান শিক্ষিকার স্বামী শরীরচর্চা শিক্ষক, ভাই অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং ভাইয়ের মেয়ে আয়া হিসেবে কর্মরত। পারিবারিক প্রভাবের কারণে প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নত হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

আরেক বাসিন্দা মাইদুল ইসলাম বলেন, শিক্ষার্থী সংকট দীর্ঘদিনের হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে বছরের পর বছর প্রতিষ্ঠানটি খুঁড়িয়ে চলছে। শিক্ষার্থী কম থাকার অজুহাতে দায় এড়ানোর সুযোগ নেই। শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে এবং শিক্ষার মান উন্নয়নে নেওয়া উদ্যোগগুলো তদন্ত করা প্রয়োজন। বিদ্যালয়টি বন্ধ হওয়ার মতো পরিস্থিতিতে পৌঁছানোর আগেই কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।

এসব অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরের ছবির মোবাইলে কল করা হলে শরীরচর্চা শিক্ষক মাহফুজার রহমান ফোন রিসিভ করেন। তিনি বলেন, ‘যা করার আপনারা করেন। কিছু বলতে পারব না।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।

অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, ‘উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ওই বিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলব।’

এ বিভাগের আরও সংবাদ