বাগেরহাটের রামপাল উপজেলায় অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে আতঙ্কের মধ্যে পাঠ নিচ্ছে প্রায় ১ হাজার ৭৭০ শিশু। এসব বিদ্যালয়ের কোনো কোনোটির ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও দেয়াল ও পিলারে দেখা দিয়েছে বড় বড় ফাটল। বেরিয়ে এসেছে মরিচাধরা রড। ভাঙা জানালা দিয়ে বৃষ্টির পানি ঢুকছে শ্রেণিকক্ষে, আবার কোথাও ছাদ চুইয়ে পড়ছে পানি। বিদ্যালয়গুলোর জরাজীর্ণ ভবন এমন অবস্থায় পৌঁছেছে যে, প্রতিদিন দুর্ঘটনার শঙ্কা নিয়েই ক্লাস করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। দীর্ঘদিন ধরে সংস্কার বা পুনর্নির্মাণ না করায় এসব ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান। এতে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
রামপাল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১২৭টি। এর মধ্যে ১৯টি বিদ্যালয় ভবন অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নতুন ভবন নির্মাণে চাহিদা পাঠানো হয়েছে। এখনো নতুন ভবন নির্মাণ না করায় এসব বিদ্যালয়ে ১ হাজার ৭৭০ শিশু চরম ঝুঁকির মধ্যে লেখাপড়া চালিয়ে যেতে বাধ্য হচ্ছে। উপজেলার বাঁশতলী মুজিবনগর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনের বিভিন্ন স্থানে দরজা-জানালা নেই। দেয়াল ও পিলারে বড় বড় ফাটল। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা ও বালু। বৃষ্টি হলে ছাদ চুইয়ে শ্রেণিকক্ষে পানি পড়ে। এতে বই-খাতা রক্ষায় শিক্ষার্থীদের বিড়ম্বনায় পড়তে হয়। শুধু মুজিবনগর চর বিদ্যালয় নয়, উপজেলার আরও কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই ধরনের চিত্র দেখা গেছে।
অধিকাংশ ঝুঁকিপূর্ণ পুরোনো ভবনেই চলছে নিয়মিত পাঠদান। আবার কোথাও টিন কিংবা গোলপাতার অস্থায়ী ঘরে ক্লাস নিতে হচ্ছে। প্রচণ্ড গরমে টিনের ঘর অসহনীয় হয়ে ওঠে, আর বৃষ্টির সময় শ্রেণিকক্ষে পানি ঢুকে ব্যাহত হয় পাঠদান। এসব অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে দ্বিজবর মল্লিক মেমোরিয়াল হাতীরবেড় সুলতানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁশতলী মুজিবনগর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বাঁশতলী উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বি.এস. কুইন্টন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১৯টি বিদ্যালয় রয়েছে। বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, ঝুঁকিপূর্ণ ভবনের কারণে শুধু নিরাপত্তা ঝুঁকি নয়, শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। বৃষ্টির সময় শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ে। অনেক বিদ্যালয়ের মাঠ নিচু থাকায় পানি জমে শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগও কমে গেছে। জরাজীর্ণ ভবন দেখে অভিভাবকদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।
বাঁশতলী মুজিবনগর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাওলাদার জাকির বলেন, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনেই জোড়াতালি দিয়ে পাঠদান চালিয়ে যেতে হচ্ছে। শিশুদের পড়ানোর পাশাপাশি তাদের নিরাপত্তা নিয়েও সবসময় দুশ্চিন্তায় থাকতে হয়। ভবনটি দ্রুত অপসারণ করে নতুন ভবন নির্মাণ করা জরুরি। বার বার চিঠি দিয়েও প্রতিকার মিলছে না।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বলেন, ‘আমি সম্প্রতি এ উপজেলায় যোগ দিয়েই অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ১৯টি বিদ্যালয় পরির্দশন করেছি।’ বাগেরহাটে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী আশরাফুল হক জানান, ‘বরাদ্দ পেলেই ঝুঁকিপূর্ণ স্কুলে নতুন ভবন নির্মাণ করা হবে।’





