শিরোনাম
Advertisement
ক্যাম্পাসের ভেতরে

পিরোজপুরে ৫ শিক্ষক দিয়ে চলছে ৫৫০ ছাত্রীর পাঠদান

Advertisement

পিরোজপুরের ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫৫০ শিক্ষার্থীর পাঠদান চলছে মাত্র পাঁচজন শিক্ষক দিয়ে। বিদ্যালয়টিতে ১৪টি শিক্ষকের পদের বিপরীতে প্রধান শিক্ষকসহ শূন্য ৯টি পদ। বাংলা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান, ধর্ম, চারু ও কারুকলা, শারীরিক শিক্ষা, আইসিটি বিষয়ে নেই কোনো শিক্ষক। সংকট সামাল দিতে পাঁচজন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেওয়া হলেও তাদের নেই প্রশিক্ষণ ও প্রতিষ্ঠানিক অভিজ্ঞাতা। শিক্ষক সংকটের পাশাপাশি খণ্ডকালীন শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ সংগ্রহ করতে হচ্ছে। এতে সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করেও বাড়তি আর্থিক চাপের মুখে পড়ছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

দশম শ্রেণির ফাতিম তাসফিয়া বলেন, অনেক আশা নিয়ে এ বিদ্যালয়ে ভর্তি হলেও শিক্ষক সংকটের কারণে পড়াশোনা ব্যাহত হচ্ছে। বিশেষ করে পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে নানা সমস্যায় পড়তে হচ্ছে। শূন্য পদগুলোতে দ্রুত শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।

অভিভাবক সুমন হাওলাদার বলেন, ভাণ্ডারিয়া উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় হওয়ায় অনেক আশা নিয়ে মেয়েকে এখানে ভর্তি করেছি। কিন্তু শিক্ষক সংকটের কারণে পড়াশোনা ব্যাহত হচ্ছে। সরকারি বিদ্যালয়ে পড়িয়েও শিক্ষকদের বেতন-ভাতার জন্য অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। এতে পরিবারের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। দ্রুত প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দিয়ে বিদ্যালয়টির সংকট নিরসন এবং শিক্ষার মান উন্নয়নের দাবি জানান তিনি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু নাসের জানান, বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট চলছে। এ সংকট নিরসনে একাধিকবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সীমিতসংখ্যক সরকারি শিক্ষক দিয়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।

ভাণ্ডারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে ভুগছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরকে চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে। দ্রুত বিদ্যালয়টিতে শিক্ষক পাওয়া যাবে বলে আশা করছেন তারা। শিক্ষক সংকট নিরসনে সর্বোচ্চ চেষ্টা চলছে।

বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান বলেন, বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসনে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। শিক্ষক নিয়োগের বিষয়টি মাউশির আওতাধীন।

এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপিকে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং শিগগিরই বিদ্যালয়টির শিক্ষক সংকট নিরসন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ বিভাগের আরও সংবাদ