শিরোনাম
Advertisement
ক্যাম্পাসের বাইরে

কালবেলার প্রতিবেদন

সরকারি মেডিকেল কলেজে অর্ধেক শিক্ষকের পদই শূন্য

Advertisement

দেশের বিদ্যমান সরকারি মেডিকেল কলেজগুলোয় অনুমোদিত পদের বিপরীতে প্রায় অর্ধেক শিক্ষকের পদ শূন্য। মৌলিক বিষয়ের শিক্ষক সংকট কাটাতে খোদ স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবসরপ্রাপ্ত শিক্ষকদের চুক্তিভিত্তিক নিয়োগের মতো জরুরি পদক্ষেপ নিতে হচ্ছে। বেসরকারি মেডিকেল কলেজগুলোর অবস্থাও তথৈবচ। দেশের চিকিৎসা শিক্ষার এমন নাজুক পরিস্থিতির মধ্যেই রাজধানীর ফুলবাড়িয়ায় ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালকে কেন্দ্র করে দেশের ৪০তম এই সরকারি মেডিকেল কলেজটি প্রতিষ্ঠার প্রজ্ঞাপন জারির পর চিকিৎসা শিক্ষা ও জনস্বাস্থ্য অঙ্গনে তীব্র বিতর্ক ও প্রশ্নের জন্ম হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনীয় শিক্ষক না থাকায় নিয়মিত পাঠদান ও হাতে-কলমে প্রশিক্ষণ ব্যাহত হচ্ছে। বিদ্যমান মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন ও শিক্ষক সংকট নিরসন না করে বিশেষ শ্রেণির জন্য নতুন মেডিকেল কলেজ স্থাপন চিকিৎসা শিক্ষার মানকে আরও ঝুঁকির মুখে ফেলবে। এর প্রভাব পড়তে পারে ভবিষ্যৎ চিকিৎসকদের পেশাগত দক্ষতায়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, দেশের সরকারি মেডিকেল কলেজগুলোয় দীর্ঘদিন ধরেই ৪৭ শতাংশের বেশি শিক্ষকের পদ খালি পড়ে আছে। বিশেষ করে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফরেনসিক মেডিসিন ও কমিউনিটি মেডিসিনের মতো মৌলিক বিষয়গুলোয় শিক্ষক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। গত কয়েক বছরে প্রতিষ্ঠিত অন্তত দেড় ডজন সরকারি মেডিকেল কলেজের নিজস্ব স্থায়ী ক্যাম্পাস ও পূর্ণাঙ্গ হাসপাতালই এখনো গড়ে ওঠেনি।

চিকিৎসা শিক্ষাবিদদের মতে, একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ পরিচালনার জন্য যে সংখ্যক অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক প্রয়োজন, দেশের পুরোনো ও প্রতিষ্ঠিত কলেজগুলোতেই তা নেই। এ অবস্থায় নতুন একটি মেডিকেল কলেজ চালু করতে হলে পুরোনো কলেজগুলো থেকে শিক্ষক বদলি বা প্রেষণে আনতে হবে—যা বিদ্যমান সংকটকে আরও ঘণীভূত করবে।

মেডিকেল শিক্ষায় সাধারণ নীতিমালা অনুসারে প্রতি ১০ জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক এবং প্রতি ২৫ জন শিক্ষার্থীর জন্য অন্তত একজন স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষক থাকার কথা। স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, কিউরেটর ও প্রভাষক এই পাঁচ শ্রেণির পদে অনুমোদিত জনবল ৬ হাজার ৫৫৫ জন। কর্মরত আছেন ৩ হাজার ৫০৩ জন। শূন্য পদ ৩ হাজার ৫২টি। শিক্ষকসংকট সবচেয়ে বেশি জ্যেষ্ঠ পদগুলোয়। অধ্যাপক পদে অনুমোদিত ৮৮৯টির মধ্যে শূন্য ৫৮৫টি বা ৬৬ শতাংশ। সহযোগী অধ্যাপকের ১ হাজার ৬৮০টি পদের মধ্যে ৯২৮টি (৫৫ শতাংশ) এবং সহকারী অধ্যাপকের ২ হাজার ৫০৪টি পদের মধ্যে ১ হাজার ৩৫৪টি (৫৪ শতাংশ) শূন্য। অন্যদিকে প্রভাষকের ১ হাজার ৪২০টি পদের মধ্যে ১৭৯টি (১৩ শতাংশ) এবং কিউরেটরের ৬২টি পদের মধ্যে ৬টি (১০ শতাংশ) খালি।

স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, অ্যানাটমি, মাইক্রোবায়োলজি, প্যাথলজি, ফিজিওলজিসহ মৌলিক আটটি বিষয়ে ২ হাজার ৬৯টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত মাত্র ১ হাজার ৫৬০ জন। স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর বলছে, নতুন মেডিকেল কলেজগুলোয় শিক্ষক সংকট বেশি। ২০০৮ থেকে ২০২০ সালের মধ্যে প্রতিষ্ঠিত ২৩টি কলেজের শিক্ষক, জমি, নিজস্ব ক্যাম্পাস ও হাসপাতাল নিয়ে নানা সীমাবদ্ধতা রয়েছে। ২০১৮ সালে প্রতিষ্ঠিত মাগুরা মেডিকেল কলেজে অনুমোদিত ৮৮টি পদের মধ্যে ৫৮টিই শূন্য। শূন্যতার হার প্রায় ৬৬ শতাংশ। কলেজটিতে ১১টি অধ্যাপক পদের ৭টি খালি। ২৩টি সহযোগী অধ্যাপক পদের মধ্যে ১৮টি এবং ২৬টি সহকারী অধ্যাপক পদের মধ্যে ২০টিই শূন্য। সরকারি এই কলেজের নিজস্ব একাডেমিক এবং হাসপাতাল ভবনও নেই।

২০১১ সালে প্রতিষ্ঠিত গোপালগঞ্জ মেডিকেল কলেজে ১৮টি অধ্যাপক পদের বিপরীতে কর্মরত মাত্র চারজন। ৪৬টি সহযোগী অধ্যাপক পদের মধ্যে ৩৩টি এবং ৬৭টি সহকারী অধ্যাপক পদের মধ্যে ৪৯টিই শূন্য। কিউরেটরের দুটি পদই খালি। ২০২০ সালে প্রতিষ্ঠিত সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৯৩টি পদের মধ্যে ৫৫টি, ২০১৪ সালে প্রতিষ্ঠিত সিরাজগঞ্জ মেডিকেল কলেজের ১০৯টির মধ্যে ৬৮টি এবং ২০১৭ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জ মেডিকেল কলেজের ৮৭টির মধ্যে ৫৪টি পদ শূন্য। হবিগঞ্জ, কুষ্টিয়া, নেত্রকোনা, পাবনা ও সিরাজগঞ্জ মেডিকেল কলেজে কোনো অধ্যাপক কর্মরত নেই।

  • কারা চালাবেন, কারা পড়াবেন?

সাধারণত দেশের সব সরকারি মেডিকেল কলেজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের অধীনে পরিচালিত হয়। কিন্তু ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ স্থাপনের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা শাখা। ফলে বড় প্রশ্ন দেখা দিয়েছে এর প্রশাসনিক ও একাডেমিক নিয়ন্ত্রণ নিয়ে। প্রতিষ্ঠানটি কি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে, নাকি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে থাকবে? চিকিৎসাবিজ্ঞানের মতো বিশেষায়িত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার কারিগরি ও একাডেমিক সক্ষমতা জনপ্রশাসন মন্ত্রণালয়ের রয়েছে কি না? সবচেয়ে বড় প্রশ্ন—এখানে পাঠদান করবেন কারা? স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকদের প্রেষণে এনে পড়ানোর ব্যবস্থা করা হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্যান্য কলেজের পাঠদান ব্যাহত হবে। আর নতুন নিয়োগ দিতে গেলে যোগ্য জ্যেষ্ঠ শিক্ষক কোথায় পাওয়া যাবে, তার কোনো স্পষ্ট রূপরেখা প্রজ্ঞাপনে নেই। একই সঙ্গে ফুলবাড়িয়া সরকারি কর্মচারী হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে দেশের সবচেয়ে বড় মেডিকেল কলেজ। শুধু তাই নয়, ৫ থেকে ৭ কিলোমিটারের মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং মুগদা মেডিকেল কলেজের অবস্থান। তাহলে কারা পড়বে, কার স্বার্থে এ প্রতিষ্ঠান?

মেডিকেল কলেজটির নামকরণ ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ হওয়ায় শিক্ষার্থী ভর্তি ও এর মূল উদ্দেশ্য নিয়েও জনমনে সংশয় তৈরি হয়েছে। এখানে কি জাতীয় মেধাতালিকার ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে, নাকি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের আদলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য বিশেষ কোটা বা সংরক্ষিত আসন থাকবে? সরকারি কর্মচারী হাসপাতাল মূলত প্রজাতন্ত্রের কর্মচারী ও তাদের পরিবারের চিকিৎসাসেবার জন্য নির্মিত। একটি মেডিকেল কলেজ পূর্ণাঙ্গ হতে হলে সেখানে সব শ্রেণি-পেশার ও সব ধরনের রোগীর সমাগম প্রয়োজন, যাতে শিক্ষার্থীরা হাতে-কলমে ক্লিনিক্যাল প্রশিক্ষণ নিতে পারেন। নির্দিষ্ট শ্রেণির হাসপাতালে সাধারণ রোগীর বৈচিত্র্য কতটুকু থাকবে, তা নিয়েও সন্দিহান বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের দৃষ্টিভঙ্গি জনস্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, আর্মিরা অনেক মেডিকেল কলেজ করেছে। একইভাবে আমলা, পুলিশ, বিজিবি, আনসার যদি মেডিকেল কলেজ চালু করতে শুরু করে সেটা শুধু অপ্রয়োজনীয়ই নয়, বরং রাষ্ট্রীয় অর্থের অপচয় ছাড়া কিছুই নয়। রাষ্ট্রীয় অর্থে কোনো নির্দিষ্ট পেশাজীবী গোষ্ঠীর নামে বা সুবিধার্থে মেডিকেল কলেজ স্থাপন বৈষম্যমূলক নীতি তৈরি করতে পারে। এতে রাষ্ট্রীয় অর্থের অপচয় ছাড়া কোনো লাভ হবে না বলেই মনে করেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, বিশিষ্ট চিকিৎসক ও জ্যেষ্ঠ জনস্বাস্থ্যবিদ আবু জামিল ফয়সাল বলেন, নতুন মেডিকেল কলেজ স্থাপন করে চিকিৎসা শিক্ষার কোনো রকম উন্নতির স্কোপ নেই। কারণ দেশের সরকারি মেডিকেল কলেজে প্রায় ৫০ শতাংশ ফ্যাকাল্টি নেই। স্থাপিত মেডিকেল কলেজে যেখানে শিক্ষকই নেই, সেখানে নতুন মেডিকেল কলেজে কোথা থেকে শিক্ষক দেবে? যদি এখন মেডিকেল অফিসারদের শিক্ষক বানিয়ে দেয়, তাহলে সমাধান হতে পারে। আর দ্বিতীয়ত, এ মুহূর্তে বিদ্যমান যে মেডিকেল কলেজগুলো আছে, এগুলোকে যদি ঠিকমতো চালানো যেত, তাহলে তো অনেক। আমাদের মতো এত ছোট একটা দেশে ১২০টা মেডিকেল কলেজের দরকার নেই। নতুন মেডিকেল কলেজ স্থাপন করলে অবকাঠামো নির্মাণ, রাষ্ট্রীয় অর্থের অপচয় ছাড়া লাভ কিছুই হবে না।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময় অনেক চিকিৎসকের পদোন্নতি হয়েছে, যাদের পদায়ন করা সম্ভব হয়নি, নতুন একটি মেডিকেল কলেজ হলে তাদের পদায়ন সহজ হবে।

এ বিভাগের আরও সংবাদ