৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীরা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি শুরু করেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত পদযাত্রাটি যুমনায় পৌঁছায়নি।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে থেকে যমুনা অভিমুখে এই পদযাত্রা শুরু করেন। এর আগে দুপুর থেকে ৪৪তম বিসিএসের ভাইভা শেষে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবিতে সরকারি কর্ম কমিশন-পিএসসির সামনে অবস্থান করছিলেন প্রার্থীরা। এরপর তাদের একটি প্রতিনিধি দল কমিশনের সঙ্গে কথা বলে কার্যত কোনো সমাধান না হওয়ায় এই পদযাত্রা করছেন প্রায় ৩শতাধিক চাকরীপ্রত্যাশী।
এর আগে রোববার এক সংবাদবিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়গুলোর লিখিত পরীক্ষা আগামী ৮ থেকে ১৯ মের মধ্যে এবং পদসংশ্লিষ্ট বিষয়গুলোর লিখিত পরীক্ষা সম্ভাব্য জুনের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে ৭ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে। ২২ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে এবং স্থগিত মৌখিক পরীক্ষাগুলো ১৬ জুনের পরে দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে। স্থগিত মৌখিক পরীক্ষাগুলোর পরিবর্তিত শিডিউল অতিসত্বর জানিয়ে দেয়া হবে। ৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল জুনের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে।
এদিকে চলমান আন্দোলনের মাঝেই পিএসসির সামনে সন্দেহজনক আচরণ করা এক যুবককে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিকেল ৬টার দিকে আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা স্লোগান দেওয়ার সময় ওই যুবকের আচরণে অসঙ্গতি দেখা দিলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে ঘটনাস্থল থেকেই আটক করেন। বর্তমানে তিনি সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।