Author: প্রিয় ক্যাম্পাস ডেস্ক

  • বিশ্বকাপ: নকআউট পর্বে গোলে এগিয়ে ফ্রান্স

    বিশ্বকাপ: নকআউট পর্বে গোলে এগিয়ে ফ্রান্স

    ২০০২ বিশ্বকাপে খানিকটা অবিশ্বাস্যভাবেই বিদায় নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। সেবার কোনো গোল না করেই গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় জিনেদিন জিদানের দল। এর পরের পাঁচ বিশ্বকাপে সেই ফ্রান্সই প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছে। শেষ পাঁচ আসরের নকআউট পর্বে সর্বোচ্চ গোলের রেকর্ডও দিদিয়ের দেশমের দলের।

    জাপান ও কোরিয়ায় হওয়া ২০০২ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সেনেগালের কাছে হেরে বসে জিদানের দল। সেনেগালের এই জয়কে বিশ্বকাপের অন্যতম বড় অঘটন মানা হয়। সেই হারের ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি তারা। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে উরুগুয়ের সঙ্গে ড্র ও ডেনমার্কের কাছে হেরে বিদায় নেয় ফ্রান্স।

    সেই হতাশা কাটিয়ে শেষ পাঁচ বিশ্বকাপে তিনবার ফাইনালে উঠেছে ফ্রান্স। এর মধ্যে ২০০৬ ও ২০২২ বিশ্বকাপে রানার্সআপ হয়েছে তারা। ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে হারিয়ে দ্বিতীয়বার সোনালি ট্রফি ছুঁয়ে দেখেছে দেশমের ফ্রান্স।

    ২০০৬ থেকে ২০২২, পাঁচ বিশ্বকাপের নকআউট পর্বে ফ্রান্স গোল করেছে সর্বোচ্চ ২৯টি। তাদের পরেই আছে জার্মানি, তারা করেছে ২৮ গোল। গত আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা করেছে ২১ গোল, ব্রাজিলের গোল ২০টি।

    রাশিয়া ও কাতার বিশ্বকাপে নকআউট পর্বে প্রতি ম্যাচে ২.৬৩ গোল পেয়েছে ফ্রান্স। একই টুর্নামেন্টের গ্রুপ পর্বে ম্যাচপ্রতি তাদের গোল ছিল ১.৫।

    ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের ৮ নকআউট ম্যাচে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে করেছেন ৮ গোল। ব্রাজিলের রোনালদো ও লিওনিদাসের সঙ্গে যৌথভাবে এটাই নকআউট পর্বে সর্বোচ্চ গোলসংখ্যা।

  • হঠাৎ আড়ালে কেন অনুশকা শর্মা?

    হঠাৎ আড়ালে কেন অনুশকা শর্মা?

    বলিউডের সবচেয়ে জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রীদের একজন ছিলেন অনুশকা শর্মা। একের পর এক ব্যবসাসফল সিনেমা, শীর্ষ তারকাদের সঙ্গে অভিনয় এবং নিজস্ব অভিনয়গুণে তিনি তৈরি করেছিলেন শক্ত অবস্থান। তবে ক্যারিয়ারের সেরা সময়েই যেন হঠাৎ করে বড়পর্দা থেকে আড়ালে চলে যান এই অভিনেত্রী। ফলে ভক্তদের মনে এখন ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন—কেন অভিনয় থেকে দূরে সরে গেলেন অনুশকা?

    ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ সিনেমায় শেষবার অভিনয়ে দেখা গিয়েছিল তাকে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু নতুন কোনো সিনেমায় আর হাজির হননি তিনি। যদিও বিজ্ঞাপন, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা বিভিন্ন অনুষ্ঠানে মাঝে মাঝে দেখা যায় অনুশকাকে, তবু অভিনয়ে ফেরার বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানাননি তিনি।

    ২০১৭ সালে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করার পর থেকেই ব্যক্তিগত জীবনকে বেশি গুরুত্ব দিতে শুরু করেন অনুশকা। পরে ২০২১ সালে কন্যাসন্তান ভামিকা এবং ২০২৪ সালে ছেলে অকায়ের জন্মের পর পরিবারকেই সময় দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। বর্তমানে পরিবার নিয়ে লন্ডনে শান্ত ও ব্যক্তিগত জীবনযাপন করছেন বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।

    ভারতীয় গণমাধ্যমের দাবি, অতিরিক্ত প্রচারমাধ্যমের নজর থেকে সন্তানদের দূরে রাখতেই বিদেশে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন বিরাট-অনুশকা দম্পতি। আর সেই কারণেই হয়তো অভিনয় জগৎ থেকেও নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন অভিনেত্রী।

    তবে অভিনয় কমিয়ে দেওয়ার ইঙ্গিত অনুশকা অনেক আগেই দিয়েছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বিয়ে ও সন্তান তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এমনকি বিয়ের পর কাজের চাপ কমানোর ইচ্ছার কথাও জানিয়েছিলেন। বর্তমান বাস্তবতায় সেই সিদ্ধান্তই যেন স্পষ্ট হয়ে উঠেছে।

    এদিকে অনুশকার অভিনীত আলোচিত সিনেমা ‘চাকদহ এক্সপ্রেস’ নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনী নিয়ে নির্মিত সিনেমাটির শুটিং শেষ হয়েছিল ২০২২ সালেই। তবে নানা আইনি, প্রযুক্তিগত ও বাজেটসংক্রান্ত জটিলতায় এখনো মুক্তি পায়নি এটি।

    অনুশকার ভক্তরা অবশ্য এখনো আশাবাদী। তাদের বিশ্বাস, একদিন হয়তো আবারও বড়পর্দায় ফিরবেন প্রিয় অভিনেত্রী। তবে আপাতত পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়েই সময় কাটাচ্ছেন অনুশকা শর্মা। তাই তার প্রত্যাবর্তনের সিদ্ধান্তও পুরোপুরি নির্ভর করছে তার নিজের ইচ্ছার ওপর।

  • একদিনে ১০ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

    একদিনে ১০ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের ১১ টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে প্রজ্ঞাপন জারির এক ঘণ্টার মধ্যেই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যারিটির ভিসি নিয়োগ দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে। তবে অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের বোন জামাই তিনি। এ অভিযোগের প্রেক্ষিতেই তার নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

    ‎আজ বৃহস্পতিবার উপাচার্য নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) আলিফ রুদাবা নতুন উপাচার্য নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

    ‎‎উপাচার্যদের নিয়োগে শর্তে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত—যেটি আগে ঘটবে, নবনিযুক্ত ব্যক্তিরা উপাচার্যের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তাঁরা তাঁদের বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁদের নিজ নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিকভাবে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

    প্রজ্ঞাপনের তথ্যমতে, বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. একরামুল হককে বিশ্ববিদ্যালয়টির ১৬তম উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানের স্থলাভিষিক্ত হবেন। বর্তমানে তিনি শিক্ষকতার পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

    ‎ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। তিনি বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) কেন্দ্রীয় সহসভাপতি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক হিসেবে নিয়োজিত আছেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করিম।

    রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। এর আগে ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের দায়িত্ব পালন করেছেন।

    ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। তিনি বর্তমানে সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

    ‎বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।

    ‎‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের (আইএসডব্লিউআর) অধ্যাপক হিসেবে কর্মরত। আর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

    ‎‎পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও (পাবিপ্রবি) পেয়েছে নতুন উপাচার্য। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের (এসএআরডি) অধ্যাপক ও ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীমকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য করা হয়েছে। আর জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া।

    ‎২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই আমলে নিয়োগ পাওয়া উপাচার্য, উপ-উপাচার্যসহ শীর্ষ পদে নিয়োগ পাওয়া শিক্ষকেরা আন্দোলন ও তোপের মুখে একের পর এক পদত্যাগ করেন। মেয়াদ শেষ ও কার্যক্রম শুরু হওয়া নতুন বিশ্ববিদ্যালয়সহ অন্তর্বর্তী সরকার ৫৬টি বিশ্ববিদ্যালয়ে চার বছরের জন্য শর্তসাপেক্ষে নতুন উপাচার্য নিয়োগ দেয়।

    বিএনপি সরকারও ক্ষমতায় এসে প্রথম ধাপে গত মার্চে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য নিয়োগ দেয়। এরপর আলাদাভাবে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হয়।

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কী ঘটেছিল আসলে?

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কী ঘটেছিল আসলে?

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে একজন শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে রাতভর আন্দোলন হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত এই শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। খবর বিবিসি বাংলার। 

    মঙ্গলবার রাতে ক্যাম্পাসেরই একটি সড়ক থেকে ওই শিক্ষার্থীকে টেনে-হিঁচড়ে পাশের ঝোপঝাঁড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    তবে অভিযুক্ত ব্যক্তিকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও অভিযুক্ত ব্যক্তির চেহারা শনাক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

    আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, ‘সিসি ফুটেজের মাধ্যমে আসামির চেহারা শনাক্ত করা হয়েছে। কিন্তু আসামির নাম পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আসামিকে গ্রেফতার করা যায়।’

    অভিযুক্ত ব্যক্তি ওই এলাকারই বাসিন্দা কি না জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা জানান, ‘এটি শনাক্ত করা সম্ভব হয়নি।’

    অভিযুক্ত ব্যক্তির তথ্য দিয়ে সহায়তা করতে ঢাকা জেলা পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছে। অতীতেও এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্ষণের মতো ঘটনার অভিযোগ উঠেছে। এখনো কেন ক্যাম্পাসটি অনিরাপদ সেই প্রশ্ন সামনে আসছে।

    ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও নিরাপত্তার প্রশ্নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন প্রশ্নের মুখে পড়ছে- জানতে চাইলে অসহায়ত্ব প্রকাশ করে এই শিক্ষা প্রতিষ্ঠানের ভূ-প্রাকৃতিক অবস্থান এবং আর্থিক সীমাবদ্ধতার কথা বলেন প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম।

    প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, বর্তমান প্রশাসন তো দেড় বছর হলো এসেছে, কিছু পদক্ষেপ নিয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরাই ছিল না, আমরা নিরাপত্তা বেষ্টনী দৃঢ় করার জন্য ইতোমধ্যেই আড়াইশ’র বেশি সিসিটিভি ক্যামেরা সংযুক্ত করেছি।

    বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে অংশীজনদের সহযোগিতা চাওয়ার কথাও জানান তিনি।

    কী ঘটেছে বুধবার রাতে?
    সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বলে অনেকে দাবি করছেন এবং ওই ভিডিওতে একজন ব্যক্তিকে ক্যাম্পাসের ভেতরে লক্ষ্যহীনভাবে হেঁটে যেতে দেখা যায়।

    ভিডিওটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বলেই পুলিশ মনে করছে, তবে এই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। পুলিশ ও নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জানিয়েছেন, অভিযোগকারী শিক্ষার্থী মঙ্গলবার রাত এগারোটার দিকে পরিত্যক্ত ফজিলাতুন্নেছা হলের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন।

    এ সময় ওই ব্যক্তি তার সাথে কথা বলতে চাইলে সে বিশ্ববিদ্যালয়ের কি না প্রশ্ন করেন অভিযোগকারী শিক্ষার্থী। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, অভিযুক্ত ব্যক্তি নিজেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মতো ব্যাচের নাম উল্লেখ করে পরিচয় দেয়।

    আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘এটা বোঝা গেছে যে সে এখানকার সাথে পরিচিত। ইউনিভার্সিটির স্টুডেন্টরা কীভাবে পরিচয় দেয় এটা সে জানে।’

    নামপ্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী জানান, ঘটনার সম্পর্কে অভিযোগকারী তাদের বলছেন, এরপরই তাকে টেনে পাশের ঝোপের অন্ধকারে নিয়ে ধর্ষণের চেষ্টা করে ওই ব্যক্তি এবং তিনি চিৎকার শুরু করেন। চিৎকার শুনে কয়েকজন এগিয়ে এলে তিনি ঘটনাস্থল থেকে দৌড়ে বের হতে সক্ষম হন। পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়।

    বুধবার এ ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
    প্রথমে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার প্রতিবাদে রাতেই বিক্ষোভ করেন প্রায় কয়েকশ নারী শিক্ষার্থী।

    সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বুধবার রাত দশটায় নারী শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ করেন। পরে তাদের সাথে ছেলেরাও যোগ দেয়।

    রাতে আন্দোলনে অংশ নিয়েছেন মেহরিন মোবাশ্বিরা বিনতে আনোয়ার। এই শিক্ষার্থী জানান, মেয়েদের মিছিলটি প্রতিবাদী নানা স্লোগান দিয়ে ক্যাম্পাস ঘুরে ঘুরে প্রথমে প্রক্টর অফিসের সামনে যায়।

    সেখান থেকে ছেলেরাও তাদের সাথে সংহতি জানালে প্রশাসনিক ভবনের সামনে মিছিল নিয়ে যান তারা। মেহরিন মোবাশ্বিরা বিনতে আনোয়ার বলেন, প্রক্টর অফিসের সামনে হঠাৎ করেই কয়েকজন দাঁড়িয়ে ২৪ ঘণ্টার মধ্যে ওই লোককে গ্রেফতার, প্রক্টর ও তার পুরা বডির পদত্যাগসহ পাঁচটা দাবির কথা বলে। আমরাতো খানিকটা অবাক হই।

    রাত দশটা থেকে প্রায় সাড়ে ১২টা পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার থাকলেও তখন শিক্ষার্থীদের মাঝে বিভক্তি দেখা দেয় বলে জানান তিনি ও আরো কয়েকজন শিক্ষার্থী। সেখান থেকে দুই পক্ষ ভাগ হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে আন্দোলন শুরু করে বলে জানান তারা।

    এ দুটি পক্ষ কারা জানতে চাইলে শিক্ষার্থী তিনি জানান, ছাত্রদল, ছাত্রশক্তি, ছাত্রফ্রন্টের নেত্রীরা ১০টা থেকেই ছিল আমাদের সাথে। কিন্তু তারা ওই সাড়ে বারোটা পর্যন্ত কেবল সাধারণ শিক্ষার্থী হিসেবেই ছিল।

    ছাত্র ইউনিয়ন ও প্রগতিশীল শিক্ষার্থীদের ব্যানারে আরেকটি পক্ষ পাঁচ দফা ঘোষণা দেয়। এই দুই পক্ষই আন্দোলন চালিয়ে যায় বলে জানান শিক্ষার্থীরা।

    পরে দুই পক্ষেরই কয়েকজন নারী শিক্ষার্থী উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সাথে এক বৈঠকে ছয় দফা দাবি জানান। শিক্ষার্থীরা জানান, রাত দেড়টা থেকে প্রায় সাড়ে তিনটা পর্যন্ত উপাচার্যের কার্যালয়ে ছিলেন তারা।

    এ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দা অনন্যা ফারিয়া বুধবার রাতে আন্দোলনে ছিলেন। তিনি জানান, ‘ভিকটিম আসলে খুবই স্ট্রং একজন মানুষ। আমার জুনিয়র ছোট বোন আমি প্রাউড এ ব্যাপারে।’

    উপাচার্যের কাছে ছয় দফা দাবি উত্থাপনের সময় ভুক্তভোগী শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিল বলে জানান তিনি। ফারিয়া বলেন, এমনকি আমরা যখন ভিসির রুমে দাবি-দাওয়াগুলো উত্থাপন করছিলাম তখন সে নিজে সেখানে উপস্থিত ছিল এবং এই পুরোটা সময় সে আসলে ভেঙে পড়েনি। পুরোটা সময়ই নিজের ওপর নিয়ন্ত্রণ রেখেছে সে।

    দাবি নিয়ে দ্বন্দ্ব কেন?
    প্রথমে ২৪ ঘণ্টা বললেও পরে ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা, ক্যাম্পাসে প্রবেশের পথগুলোতে প্রহরী মোতায়েনসহ ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি ছিল আন্দোলনকারী শিক্ষার্থীদের।

    তবে, প্রক্টর ও তার পুরো টিমের পদত্যাগের দাবির প্রশ্নে দুই পক্ষের মাঝে বিভেদ দেখা দেয় বলে জানান শিক্ষার্থীরা।

    ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেত্রী ফারিয়া দাবি করেন, ছাত্র ইউনিয়ন পৃথক ওই দাবিটি তুলেছিল। যদিও ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক সাদিয়া ইমরোজ ইলার দাবি, এই অভিযোগ মিথ্যা। আমরা কোনো ব্যানার, রাজনৈতিক পরিচয় কোনো কিছু করি নাই। বরং সাধারণ শিক্ষার্থী হিসেবেই ছিলাম আমরা।

    নিরাপত্তা প্রাচীর নেই বিশ্ববিদ্যালয়ের একাংশে
    প্রায় সাতশো একর জমি নিয়ে ষাটের দশকে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের একমাত্র পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকা থেকে ৩২ কিলোমিটার দূরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পশ্চিম পাশে এটি অবস্থিত।

    আবাসিক হলেও এই বিশ্ববিদ্যালয়ে পুরোপুরি নিরাপত্তা প্রাচীর নেই বলে জানান শিক্ষার্থীরা। বিষয়টি স্বীকারও করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের পাশে একদিকে হাইওয়ে অন্য তিনদিকে লোকাল অধিবাসীরা বসবাস করে। বিশ্ববিদ্যালয়ের পেছনে পশ্চিম দিকের বাসিন্দারা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়েই চলাচল করে। আবাসিক হিসেবে নিরাপত্তা ব্যবস্থা যতটা সুসংহত হওয়া প্রয়োজন ততটা না।

    কেন নিরাপত্তা প্রাচীর নেই- জানতে চাইলে প্রক্টর অধ্যাপক আলম আর্থিক ফান্ড নেই বলে দাবি করেন। তিনি বলেন, বাউন্ডারি ওয়াল এখনো সম্পূর্ণ না। আসলে আমাদের আর্থিক সংশ্লিষ্টতা আছে, আমাদের ফান্ডিং এর অভাব আছে।

    একইসঙ্গে, বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ও বের হওয়ার এগারোটি পথে সার্বক্ষণিক পাহারা নেই বলে শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে। প্রতিটি গেটে পর্যাপ্ত নিরাপত্তা প্রহরী মোতায়েন, সাত দিনের মধ্যে কাঠামোগত ত্রুটি মেরামত, ক্যাম্পাসে নারী নিরাপত্তাকর্মী নিয়োগের দাবিও রয়েছে শিক্ষার্থীদের।

    নিরাপত্তা প্রহরীর সংখ্যা কম স্বীকার করে প্রক্টর আলম দাবি করেন, বর্তমান প্রশাসনের দেড় বছরে প্রতিটি প্রবেশপথ ও বাউন্ডারি ওয়াল তৈরির জন্য সচেষ্ট আছে।

    অধ্যাপক আলম বলেন, আগামী একমাসের মধ্যে কাজগুলোকে আরো ফাস্টেন করবে, আমরা সচেষ্ট আছি। আমরা আশা করছি বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রিত হবে, আগের চেয়ে আরো কড়াকড়ি হবে।

    উল্লেখ্য, ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টানা ২৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২১শে মে থেকে এ ছুটি শুরু হবে।

  • ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি

    ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি

    মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের পর আসন্ন পবিত্র ঈদুল আজহায় সরকারি-বেসরকারি অফিস সাত দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

    বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী সোমবার (২৫ মে) থেকে রবিবার (৩১ মে) পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে।

    প্রজ্ঞাপনে বলা হয়, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ছুটির আগে ২৩ ও ২৪ মে (শনিবার ও রবিবার) অফিস খোলা থাকবে। অর্থাৎ ২৩ মে সাপ্তাহিক ছুটির দিন হলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওইদিন অফিস করতে হবে।

    প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। একইভাবে উচ্চ আদালত ও নিম্ন আদালতের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিকনির্দেশনা প্রদান করবে।

    বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান এবং কল-কারখানার ছুটির বিষয়ে ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও নির্দেশনা জারি করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

    উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার কথা রয়েছে।

  • প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকসংকট কাটাতে রিসোর্স পুল

    প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকসংকট কাটাতে রিসোর্স পুল

    শিক্ষকসংকট মোকাবিলায় এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্যও ‘রিসোর্স পুল’ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এই পুলে অন্তর্ভুক্ত থাকবেন অবসরপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকেরা। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা দেখা দিলে তাঁরা পাঠদান কার্যক্রমে অংশ নেবেন।

    প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সূত্র বলছে, শিক্ষা ছুটি, মাতৃত্বকালীন ছুটি, চিকিৎসাজনিত ছুটিসহ নানা কারণে প্রায়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ব্যাহত হয়। এতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি তৈরি হয়। এই পরিস্থিতি মোকাবিলায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে রিসোর্স পুল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

    এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী বলেন, মানসম্মত পাঠদান নিশ্চিত করা এবং শিখন ঘাটতি দূর করতেই রিসোর্স পুল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

    প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সূত্র জানায়, ইতিমধ্যে অবসরপ্রাপ্ত পাঁচ শিক্ষককে নিয়ে রিসোর্স পুল গঠনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে। রিসোর্স পুলে অন্তর্ভুক্তির জন্য চারটি শর্ত নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো—প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বা মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক হতে হবে; বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে; রিসোর্স পারসন হিসেবে কাজ করার আগ্রহ থাকতে হবে এবং একাডেমিক প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

    এর আগে দেশের বিদ্যালয়গুলোতে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম সচল রাখতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। তালিকাভুক্ত শিক্ষকদের মধ্য থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগের জন্য সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটিকে নির্দেশনাও দেওয়া হয়েছিল।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, বিভিন্ন কারণে শিক্ষকসংকট তৈরি হলে শিখন কার্যক্রমে বিঘ্ন ঘটে। এ ছাড়া দেশের প্রায় ৫২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। রিসোর্স পুল গঠন করা হলে এই সংকট আংশিকভাবে কাটিয়ে ওঠা সম্ভব হবে।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৬৫ হাজারের বেশি অনুমোদিত পদের মধ্যে ৩৪ হাজারের বেশি পদ বর্তমানে শূন্য। মূলত মামলা-সংক্রান্ত জটিলতার কারণে এসব পদে নিয়োগ বা পদোন্নতি কার্যক্রম স্থগিত রয়েছে। একই সঙ্গে প্রায় সাড়ে ২০ হাজার সহকারী শিক্ষকের পদও খালি রয়েছে।

    বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) বার্ষিক প্রতিবেদন-২০২৪-এর তথ্য বলছে, দেশে ৬৫ হাজার ৫৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এসব বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ৬১৭ জন এবং শিক্ষক রয়েছেন ৩ লাখ ৫৯ হাজার ৯৫ জন।

  • নতুন পাঠ্যবই বিতরণে মাউশির পাঁচ নির্দেশনা

    নতুন পাঠ্যবই বিতরণে মাউশির পাঁচ নির্দেশনা

    ২০২৬ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, দাখিল, মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যের পাঠ্যপুস্তক গ্রহণ ও অনলাইনে চালান অনুমোদন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদনে পাঁচ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত বই পৌঁছে দিতে এসব নির্দেশনা অনুসরণ করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

    মঙ্গলবার (৯ ডিসেম্বর) মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-১) এস. এম. জিয়াউল হায়দার হেনরীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুদ্রণকারী প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে ২০২৬ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল, এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং কারিগরি (ট্রেড) স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক সরবরাহ শুরু করেছে। এ নিয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী পাঠ্যপুস্তক গ্রহণ ও বিতরণ কার্যক্রম আরও সুচারুভাবে পরিচালনার জন্য নির্দেশনাগুলো মানার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

    নির্দেশনাগুলো হচ্ছে–

    ১. জেলা, উপজেলা বা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এনসিটিবির নির্ধারিত টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী মুদ্রণ প্রতিষ্ঠান থেকে বই বুঝে নিতে হবে।

    ২. বই গ্রহণের পর https://nctb.ihealthscreen.org ঠিকানায় ‘পাঠ্যপুস্তক গ্রহণ বা বিতরণ সিস্টেম’-এ প্রবেশ করে মেনুর ‘Chalan Management’ অপশনে গিয়ে বিদ্যমান ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে চালানের অনুমোদন দিতে হবে।

    ৩. পাঠ্যপুস্তক গ্রহণের পর দ্রুততম সময়ে অনলাইনে চালান অনুমোদন সম্পন্ন করতে হবে।

    ৪. সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও বই সরবরাহ ও গ্রহণের কার্যক্রম চলমান থাকবে।

    ৫. সব জেলা, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসারকে নিজ নিজ ইউজার অ্যাকাউন্টে দায়িত্বপ্রাপ্ত উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের নাম, মোবাইল নম্বর ও স্বাক্ষর হালনাগাদ করে আপলোড করতে হবে।

  • শাকসু নির্বাচন: প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক

    শাকসু নির্বাচন: প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক

    শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) এবং হল সংসদ নির্বাচনে প্রার্থীদেরকে বাধ্যতামূলক ডোপ টেস্ট করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কোনো প্রার্থীর ডোপ টেস্টের ফলাফল পজিটিভ হলে তিনি প্রার্থী হতে পারবেন না।

    সোমবার (১৭ নভেম্বর) প্রকাশিত শাকসু ও হল সংসদ নির্বাচনী আচরণবিধিমালায় এ তথ্য জানানো হয়।

    নির্বাচনী আচরণবিধিমালায় বলা হয়, প্রার্থী নিজ উদ্যোগে শাবিপ্রবির বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগে ডোপ টেস্টের স্যাম্পল দেওয়ার পর প্রাপ্ত রসিদটি মনোনয়নপত্রের সঙ্গে জমা দিবেন। নির্বাচন কমিশন অফিস সকল প্রার্থীর ডোপ টেস্ট রিপোর্ট সংগ্রহ করবে।

    ডোপ টেস্টের রেজাল্ট পজিটিভ হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। প্রয়োজনে ডোপ টেস্ট রিপোর্ট সম্পর্কে নির্বাচন কমিশন গঠিত রিভিউ কমিটির চূড়ান্ত মতামত নেওয়া হবে। ডোপ টেস্টের রশিদ ব্যতীত কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হবে না। অসত্য ও অসম্পূর্ণ তথ্যের জন্য মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।

  • শেখ হাসিনার ফাঁসির রায়: মিষ্টি বিতরণ নিয়ে সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত

    শেখ হাসিনার ফাঁসির রায়: মিষ্টি বিতরণ নিয়ে সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত

    বরিশালের বাবুগঞ্জে শেখ হাসিনার ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রবিউল ইসলাম নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন।

    সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নে এ ঘটনা ঘটে।

    এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

    নিহত রবিউল ইসলাম জাহাঙ্গীর নগর ইউনিয়ন ছাত্রদলের কর্মী। তার মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে রয়েছে।

    এছাড়া আহত আটজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দাওয়াত পাওয়া না পাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ এবং হত্যাকাণ্ড ঘটেছে।

  • বিশ্ববিদ্যালয় পরিচালনায় স্থায়ী সনদ পেল সিলেটের লিডিং ইউনিভার্সিটি

    বিশ্ববিদ্যালয় পরিচালনায় স্থায়ী সনদ পেল সিলেটের লিডিং ইউনিভার্সিটি

    সিলেটের লিডিং ইউনিভার্সিটি স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার সরকারি সনদ পেয়েছে।

    সোমবার (১৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    এতে জানানো হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ১০ অনুযায়ী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মতামতের ভিত্তিতে এই সনদ দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়টিকে তিনটি শর্ত পূরণ করতে বলা হয়েছে।

    প্রথম শর্তে বলা হয়েছে, প্রতি শিক্ষাবর্ষে ভর্তিকৃত পূর্ণকালীন শিক্ষার্থীদের ন্যূনতম ৬ শতাংশ আসন বরাদ্দ দিতে হবে। এর মধ্যে ৩ শতাংশ আসন মুক্তিযোদ্ধাদের সন্তান এবং বাকি ৩ শতাংশ আসন প্রত্যন্ত ও অনুন্নত অঞ্চলের মেধাবী কিন্তু দরিদ্র শিক্ষার্থীদের জন্য রাখতে হবে।

    দ্বিতীয় শর্তে আইন, ইসলামিক স্টাডিজ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), সিভিল ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য বিভাগে অধ্যাপক বা সহকারী অধ্যাপক পদমর্যাদার সিনিয়র শিক্ষক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

    তৃতীয় শর্তে গবেষণা খাতে বাজেটের কমপক্ষে দুই শতাংশ বরাদ্দ দিতে বলা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের গবেষণা প্রকল্পের আহ্বান জুন ২০২৫-এর মধ্যে এবং প্রকল্প বাস্তবায়ন মে ২০২৬-এর মধ্যে শেষ করতে হবে।

    বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকে অন্তত একটি গবেষণা প্রকল্প দিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।