Author: প্রিয় ক্যাম্পাস ডেস্ক

  • ঢাকা সিটি ও আইডিয়াল কলেজে সংঘাত এড়াতে শান্তি কমিটি

    ঢাকা সিটি ও আইডিয়াল কলেজে সংঘাত এড়াতে শান্তি কমিটি

    রাজধানীর সাইন্সল্যাব সংলগ্ন এলাকায় অবস্থিত সিটি কলেজ, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সম্ভাব্য সংঘাত ঠেকাতে ৯ সদস্যের একটি শান্তি কমিটি গঠন করা হয়েছে।

    রোববার (১৬ নভেম্বর) বেলা ১১টায় ঢাকা কলেজের আ. ন. ম. নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে পুলিশের উদ্যোগে তিন কলেজের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত মিলনমেলায় এই কমিটি ঘোষণা করা হয়।

    জানা যায়, কমিটিতে তিন কলেজের তিনজন শিক্ষক, তিনজন ছাত্র প্রতিনিধি এবং ধানমন্ডি, কলাবাগান ও নিউমার্কেট থানার তিনজন প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন। মিলনমেলায় ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম। বিশেষ অতিথি ছিলেন সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজি নেওয়ামুল হক এবং আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজওয়ানুল হক। সভাপতিত্ব করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

    অনুষ্ঠানে নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক বলেন, শিক্ষার্থীদের মধ্যে যেকোনো সংঘাত বা উত্তেজনা দেখা দিলে এই কমিটি দ্রুত সমাধানে কাজ করবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেবে। তিনি শিক্ষার্থীদের পরস্পরের প্রতি সহানুভূতি ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

    উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংঘর্ষের খবর সবাইকে আতঙ্কিত করে তোলে। তবে এই মিলনমেলা প্রমাণ করেছে, শিক্ষার্থীরা ভবিষ্যতে আর কোনো সংঘর্ষে জড়াবে না। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

  • গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত

    গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত

    গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হঠাৎ ঘোষণায় স্থগিত করা হয়েছে রোববার ও সোমবারের (১৭ নভেম্বর) সব ধরনের ক্লাস ও পরীক্ষা। তবে বিশ্ববিদ্যালয় খোলা থাকবে।

    শনিবার (১৫ নভেম্বর) রাতে অনলাইন আলোচনায় সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়।

    নোটিশে বলা হয়েছে, পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত ক্লাসের বিষয়ে সংশ্লিষ্ট ডিন ও সভাপতি সিদ্ধান্ত নেবেন। তবে শিক্ষকরা প্রয়োজনে অনলাইনে ক্লাস নিতে পারবেন। এছাড়া রোববার সব পরিবহনসেবা বন্ধ রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রোববার ও সোমবারের স্থগিত পরীক্ষাগুলো আগামী শুক্র ও শনিবার নেওয়া যেতে পারে।

    জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণা করা হবে ১৭ নভেম্বর। এনিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় গাছ ফেলে সড়ক অবরোধ, গাড়িতে অগ্নিসংযোগ করে নাশকতা করছেন।

  • ঢাবি শিক্ষার্থীরা পাচ্ছে ৯টি নতুন হল, ৬টি একাডেমিক ভবন

    ঢাবি শিক্ষার্থীরা পাচ্ছে ৯টি নতুন হল, ৬টি একাডেমিক ভবন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২হাজার ৮শ’ ৪১ কোটি টাকা ব্যয়ে অধিকতর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে। এই প্রকল্পের অধীনে ৬টি একাডেমিক ভবন নির্মাণ, ২ হাজার ৬শ জন ছাত্রীর জন্য ৪টি অত্যাধুনিক আবাসিক হল নির্মাণ, ৫ হাজার ১’শ জন ছাত্রের জন্য ৫টি অত্যাধুনিক আবাসিক হল নির্মাণ, শিক্ষক ও অফিসারদের জন্য ২টি আবাসিক ভবন নির্মাণসহ ক্যাম্পাসকে আরো আধুনিক করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। পাঁচ বছর মেয়াদি প্রকল্পের কাজ ২০৩০ এর মধ্যে শেষ হবে।

    রবিবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের এ হালনাগাদ তথ্য জানান।

    এতে বলা হয়েছে, ২ হাজার ৮শ’ ৪১ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় সম্বলিত এই প্রকল্প বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ধাপ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ৫ বছর মেয়াদি এই প্রকল্পের প্রথম অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৬০ কোটি টাকা বরাদ্দ প্রদানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে। প্রথম ধাপে ছাত্রী ও ছাত্রদের হল নির্মাণের কাজ শুরু করা হবে। এই প্রকল্পের আওতায় ৩১টি ভবনের স্থাপত্য ও কাঠামোগত ডিজাইনের পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের জন্য চলতি নভেম্বর মাসের শেষ দিকে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে।

    উল্লেখ্য, গত ১২ অক্টোবর প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য বার্ষিক ক্রয় পরিকল্পনা ইতোমধ্যেই ই-জিপি পোর্টালে প্রকাশ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট সরকারি ক্রয় আইন, আর্থিক বিধিমালা এবং পরিকল্পনা নির্দেশিকা অনুসরণ করে প্রকল্পের কাজ দ্রুত দৃশ্যমান করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

    এই প্রকল্পের অধীনে ৬টি একাডেমিক ভবন নির্মাণ, ২ হাজা ৬শ জন ছাত্রীর জন্য ৪টি আবাসিক হল নির্মাণ, ৫ হাজার ১শ জন ছাত্রের জন্য ৫টি আবাসিক হল নির্মাণ, ৫টি ছাত্র হলের জন্য এবং ৪টি ছাত্রী হলের জন্য হাউজ টিউটর আবাসন সুবিধা তৈরি, শিক্ষক ও অফিসারদের জন্য ২টি আবাসিক ভবন নির্মাণ, ৫টি অন্যান্য ভবন (প্রশাসনিক ভবনসহ) নির্মাণ করা হবে।

    এতো আরো বলা হয়েছে, প্রকল্পের আওতায় ৪টি জলাধার সংস্কার এবং সৌন্দর্যবর্ধন, বিদ্যমান সার্ভিস লাইন মেরামত/সংস্কার, ১টি খেলার মাঠ উন্নয়ন, ২টি পাবলিক টয়লেট নির্মাণ এবং ড্রেনেজ সিস্টেম ও ওয়েস্ট ম্যানেজমেন্ট করা হবে।

  • ঢাকা বোর্ডে পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ বেড়েছে ২০১, ফেল থেকে পাস ৩০৮

    ঢাকা বোর্ডে পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ বেড়েছে ২০১, ফেল থেকে পাস ৩০৮

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০১ জন। এছাড়া ফেল থেকে পাস করেছেন ৩০৮ জন।

    আজ রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে ওয়েবসাইট ছাড়াও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারছেন।

    এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) শিক্ষা বোর্ডগুলোর এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি পরীক্ষা ২০২৫-এর পুনঃনিরীক্ষণের ফল আজ সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এ ছাড়া আবেদনকারীর দেয়া মোবাইল ফোন নাম্বারে এসএমএস পাঠানো হবে। বিজ্ঞপ্তিতে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) থেকে ফল সংগ্রহ করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে।

    বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর ঢাকা বোর্ডে খাতা চ্যালেঞ্জের সবচেয়ে বেশি আবেদন পড়েছে। এতে আবেদন করেছেন ৬৬ হাজার ১৫০ জন পরীক্ষার্থী, মোট আবেদন পড়েছে এক লাখ ৩৬ হাজার ৫০৬টি খাতা। অন্যদিকে সবচেয়ে কম আবেদন পড়েছে বরিশাল শিক্ষা বোর্ডে। এতে আবেদন করেছেন ৮ হাজার ১১১ জন পরীক্ষার্থী, মোট আবেদন পড়েছে ১৭ হাজার ৪৮৯টি খাতা।

    এ ছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডে আবেদন করেছেন ২২ হাজার ১৫০ জন পরীক্ষার্থী, মোট চ্যালেঞ্জ করা হয়েছে ৪২ হাজার ৪৪টি খাতা। রাজশাহী শিক্ষা বোর্ডে ২০ হাজার ৯২৪ জন পরীক্ষার্থী আবেদন করা হয়েছে, মোট আবেদন করা হয়েছে ৩৬ হাজার ২০৫টি খাতা। যশোর শিক্ষা বোর্ডে আবেদন করেছেন ২০ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ৩৬ হাজার ২০৫টি খাতা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ২২ হাজার ৫৯৫ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ৪৬ হাজার ১৪৮ টি খাতা।

    সিলেট শিক্ষা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ১৩ হাজার ৪৪ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ২৩ হাজার ৮২০ টি খাতা। দিনাজপুর শিক্ষা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ১৭ হাজার ৩১৮ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ২৯ হাজার ২৯৭ টি খাতা। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ১৫ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ৩০ হাজার ৭৩৬ টি খাতা।

    অন্যদিকে বিএম-ভোকেশনালে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ১২ হাজার ৭ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ১৫ হাজার ৩৭৮ টি খাতা। আর আলিমে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন সাত হাজার ৯১৬ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ১৪ হাজার ৭৩৩ টি খাতা।

  • জাবিতে রাত ১০ টায় অনুষ্ঠান সমাপ্তির ঘোষণায় জাকসু ভিপি ও জিএসের পাল্টাপাল্টি মত

    জাবিতে রাত ১০ টায় অনুষ্ঠান সমাপ্তির ঘোষণায় জাকসু ভিপি ও জিএসের পাল্টাপাল্টি মত

    সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অভ্যন্তরে রাত ১০ টার পর সকল ধরনের অনুষ্ঠান নিষিদ্ধের ঘোষণায় পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি ও জিএস।

    ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে শনিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল ধরনে অনুষ্ঠান নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত ১০:০০টার পর যে কোনো প্রকার অনুষ্ঠান নিষিদ্ধ করা হলো।

    রাত ১০টার পর কোনো অনুষ্ঠান চলমান থাকলে আয়োজকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি/রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

    এছাড়া সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে স্বাভাবিক সময়ে অনুষ্ঠান চলাকালীন শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

    বিশ্ববিদ্যালয়ের দেওয়া বিজ্ঞপ্তির সাথে একমত নয় এমন মন্তব্য করে জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে লেখেন ‘রাত ১০টার মধ্যে অনুষ্ঠান সমাপ্তির আইন পাসের সঙ্গে আমি একমত নই।’

    তিনি আরও লেখেন, বরং, অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে ক্যাম্পাসের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে সাউন্ড সিস্টেম নিয়ন্ত্রণে রাখা, মাদক সেবন সম্পূর্ণ নিষিদ্ধ করা এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে, শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমের সুযোগ বিবেচনা করে অনুষ্ঠান আয়োজনের সময়সীমা কমপক্ষে রাত ১২:০০টা পর্যন্ত নির্ধারণ করা উচিত।’

    অন্যদিকে জাকসুর জিএস মাজহারুল ইসলাম বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে লেখেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ১০টার পর ক্যাম্পাসে কোনো অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ। রাত ১০টার পর অনুষ্ঠান চললে প্রচলিত বিধি ও রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানের শব্দের মাত্রা সহনীয় রাখতে হবে। সবার সহযোগিতা কাম্য।

  • এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ আজ

    এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ আজ

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল আজ রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ওয়েবসাইট ছাড়াও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

    বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এইচএসসি পরীক্ষা ২০২৫-এর পুনঃনিরীক্ষণের ফল নির্ধারিত সময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি আবেদনকারীদের দেওয়া মোবাইল নম্বরে ফলের এসএমএস পাঠানো হবে। শিক্ষার্থীদেরকে www.dhakaeducationboard.gov.bd থেকে ফল সংগ্রহের জন্য অনুরোধ জানানো হয়েছে।

    বোর্ড সূত্রে জানা গেছে, এবার সবচেয়ে বেশি খাতা চ্যালেঞ্জের আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। মোট ৬৬ হাজার ১৫০ শিক্ষার্থী ১ লাখ ৩৬ হাজার ৫০৬টি খাতার পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। অন্যদিকে সবচেয়ে কম আবেদন পড়েছে বরিশাল শিক্ষা বোর্ডে, যেখানে ৮ হাজার ১১১ শিক্ষার্থীর পক্ষ থেকে ১৭ হাজার ৪৮৯টি খাতার আবেদন জমা হয়েছে।

    এ ছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডে আবেদন করেছেন ২২ হাজার ১৫০ জন পরীক্ষার্থী, মোট চ্যালেঞ্জ করা হয়েছে ৪২ হাজার ৪৪টি খাতা। রাজশাহী শিক্ষা বোর্ডে ২০ হাজার ৯২৪ জন পরীক্ষার্থী আবেদন করা হয়েছে, মোট আবেদন করা হয়েছে ৩৬ হাজার ২০৫টি খাতা। যশোর শিক্ষা বোর্ডে আবেদন করেছেন ২০ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ৩৬ হাজার ২০৫টি খাতা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ২২ হাজার ৫৯৫ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ৪৬ হাজার ১৪৮ টি খাতা।

    সিলেট শিক্ষা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ১৩ হাজার ৪৪ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ২৩ হাজার ৮২০ টি খাতা। দিনাজপুর শিক্ষা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ১৭ হাজার ৩১৮ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ২৯ হাজার ২৯৭ টি খাতা। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ১৫ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ৩০ হাজার ৭৩৬ টি খাতা।

    অন্যদিকে বিএম-ভোকেশনালে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ১২ হাজার ৭ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ১৫ হাজার ৩৭৮ টি খাতা। আর আলিমে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন সাত হাজার ৯১৬ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ১৪ হাজার ৭৩৩ টি খাতা।

  • বাংলাদেশের খবর ডিজিটাল সংস্করণে নিয়োগ

    বাংলাদেশের খবর ডিজিটাল সংস্করণে নিয়োগ

    বাংলাদেশের খবর ডিজিটাল সংস্করণে সাব-এডিটর, মাল্টিমিডিয়া রিপোর্টার ও ভিডিও এডিটর পদে নিয়োগ দেওয়া হবে। গতিশীল, আধুনিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথচলায় যুক্ত হতে পারেন আপনিও। উদ্যমী, প্রতিশ্রুতিশীল তরুণ-তরুণীদের ডিজিটাল সাংবাদিকতার গুরুত্বপূর্ণ যাত্রায় যুক্ত করতে চায় বাংলাদেশের খবর।

    পদের নাম
    ১. সাব-এডিটর
    ২. মাল্টিমিডিয়া রিপোর্টার
    ৩. ভিডিও এডিটর

    যোগ্যতা
    শিক্ষাগত যোগ্যতা : স্নাতক (সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার)।

    মাল্টিমিডিয়া রিপোর্টারের ক্ষেত্রে ভিডিও ধারণ, সম্পাদনা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশে অভিজ্ঞতা থাকতে হবে।

    চাকরির ধরন : ফুলটাইম।

    বেতন : দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী।

    আবেদনের শেষ তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

    আবেদনপত্র পাঠানোর ঠিকানা মানবসম্পদ বিভাগ, বাংলাদেশের খবর, প্লট নং-৩১৪/এ, রোড-১৮,ব্লক-ই, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯।

    ইমেইল : bnelhr@gmail.com (সাবজেক্টে অবশ্যই পদের নাম লিখতে হবে)।

    সংবাদমাধ্যমে কাজে আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ১০টার পর যে কোনো প্রকার অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে।

    শনিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

    এ সংক্রান্ত এক বার্তায় বলা হয়, ইতোপূর্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত ১০টার পর যে কোনো প্রকার অনুষ্ঠান নিষিদ্ধ করা হলো। রাত ১০টার পর কোনো অনুষ্ঠান চলমান থাকলে আয়োজকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি/রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এছাড়া অনুষ্ঠান চলাকালীন শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে রাখার জন্যও নির্দেশ প্রদান করা হয় বার্তায়। সংশ্লিষ্ট বিষয়ে সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে।

  • ‘ঢাকা বিশ্ববিদ্যালয় : ইতিহাসে, স্মৃতিতে’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

    ‘ঢাকা বিশ্ববিদ্যালয় : ইতিহাসে, স্মৃতিতে’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর লেখা ‘ঢাকা বিশ্ববিদ্যালয় : ইতিহাসে, স্মৃতিতে’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনাপর্ব অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১৫ নভেম্বর) বিকাল চারটায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বইটির প্রকাশনা উপলক্ষে এ আলোচনাপর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খ্যাতিমান শিক্ষাবিদ অধ্যাপক ফিরদৌস আজিম।

    প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গলবুকসের উদ্যোগে এতে অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম; বরেণ্য শিক্ষাবিদ ও অনুবাদক অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস; বরেণ্য নাট্যব্যক্তিত্ব, লেখক ও অনুবাদক খায়রুল আলম সবুজ; কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল; তরুণ লেখক ও গবেষক কাজী সামিও শীশ এবং বেঙ্গলবুকসের প্রকাশক ও ‘বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)’ এর সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান।

    আলোচকরা তাদের আলোচনায় বইটি নিয়ে বলেন, সিরাজুল ইসলাম চৌধুরীর ঢাকা বিশ্ববিদ্যালয় : ইতিহাসে, স্মৃতিতে বইটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, বিকাশ ও সমাজ- রাজনীতিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে এক গভীর বিশ্লেষণ। লেখক এখানে ব্যক্তিগত স্মৃতি ও ঐতিহাসিক তথ্যকে তুলে ধরেছেন নিরপেক্ষ দৃষ্টিতে। এতে রয়েছে ঔপনিবেশিক শিক্ষানীতি, রাষ্ট্রচেতনার বিকাশ ও বুদ্ধিজীবী সমাজের গতিপথের স্পষ্ট অনুধাবন। সংযত অথচ স্পষ্ট ভাষায় রচিত এ বইটি ইতিহাস, শিক্ষা ও সমাজচিন্তার আন্তঃসম্পর্ক বোঝার এক নির্ভরযোগ্য সহায়ক হয়ে উঠতে পারে।

    বেঙ্গলবুকসের প্রকাশক মাহমুদুল হাসান, আমরা দেখেছি যে, দেশে পাঠ্যবইয়ের বাইরে সৃজনশীল বই পাঠের অভ্যাস তুলনামূলকভাবে কম। এ কারণে আমরা শিশুদের জন্য কিন্ডারবুকস চালু করি, যাতে তারা গল্প-ছড়ার মাধ্যমে শৈশবেই পড়ার আনন্দ আবিষ্কার করতে পারে।

  • অনন্যা সাহিত্য পুরষ্কার পেলেন মহুয়া রউফ

    অনন্যা সাহিত্য পুরষ্কার পেলেন মহুয়া রউফ

    দেশের শীর্ষস্থানীয় নারীভিত্তিক ম্যাগাজিন পাক্ষিক অনন্যার আয়োজনে প্রতিবছরের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো অনন্যা সাহিত্য পুরষ্কার-১৪৩২ প্রদান অনুষ্ঠান। এবছর এই পুরষ্কারের জন্য মনোনীত হয়েছেন ভ্রমণবিষয়ক লেখক ও ভূপর্যটক মহুয়া রউফ।

    শনিবার (১৫ নভেম্বর) বিকালে রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এই পুরষ্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।

    পাক্ষিক অনন্যা ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ড. তানজিনা হোসেন ও কবি পিয়াস মজিদ। তারা মহুয়া রউফের লেখার ওপর আলোচনা করেন।

    তাসমিমা হোসেন বলেন, এই প্রথম অনন্যা ভ্রমনবিষয়ক লেখককে পুরষ্কৃত করলো। বাংলাদেশে নারীদের মধ্যে খুব কম এমন লেখিকা পাওয়া যাবে। ভ্রমণের মধ্যে মহুয়া নতুন আংগিক এনেছে। কিভাবে একটা লেখাকে শিক্ষনীয় করা যায় তা মহুয়া রউফের লেখা পড়লে বোঝা যায়। তার লেখনিতে ভাষাশৈলী ও গরীর জ্ঞ্যান দারুনভাবে উঠে এসেছে।

    বক্তারা বলেন, মহুয়া রউফ তার প্রথম বই ‘দখিন দুয়ার খোলা’-তে অ্যান্টার্কটিকার দুর্গম অভিযাত্রার রোমাঞ্চকে তুলে এনেছেন নতুন দৃষ্টিতে।

    দ্বিতীয় বই ‘লাতিনের নাটাই’ পাঠককে নিয়ে গেছে মায়া-ইনকা সভ্যতার বিস্ময়, নেরুদার কবিতার সুর আর লাতিন সংস্কৃতির প্রাণচাঞ্চল্যের ভেতরে।

    তার ভ্রমণগদ্য মানুষের জীবন, ইতিহাস, প্রকৃতি আর স্মৃতির ভেতর দিয়ে বয়ে যাওয়া এক নবতর আলোকরেখা। এভাবে তিনি বাংলা ভ্রমণসাহিত্যকে দিয়েছেন কৌতূহলোদ্দীপক ভিন্নতর বৈশিষ্ট্য।

    বক্তারা আরও বলেন, মহুয়া রউফ গবেষক হিসেবে বহু দিনে ধরে অনুসন্ধিৎসু মন নিয়ে ছুটে গেছেন পৃথিবীর দূরতম বিচিত্র অঞ্চলে। আর সেই পথচলার মধ্যেই জন্ম নিয়েছে তার লেখকসত্তা। একাকী ভ্রমণ তাঁর কাছে শুধু স্বাধীনতার অনুশীলন নয়-এ এক অপার আত্মবিশ্বাস। ইউরোপের ব্যস্ত নগরী থেকে লাতিন আমেরিকার উন্মাতাল সংস্কৃতি, আবার সোজা পৃথিবীর সর্বদক্ষিণের বরফমহাদেশ অ্যান্টার্কটিকা-সবখানেই তিনি হেঁটেছেন নিজের কৌতূহল আর জেদকে সঙ্গী করে।

    এর আগে অনুষ্ঠানে পুরষ্কারপ্রাপ্ত লেখকের ওপর তাপস কুমার দত্ত নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর তাকে উত্তরীয় পরিয়ে দেন অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন। পরে তাকে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

    সাহিত্যে বিশেষ অবদানের জন্য নারী সাহিত্যিকদের ১৯৯৩ সাল (বাংলা ১৪০১ সন) থেকে ৩২ বছর ধরে ধারাবাহিকভাবে অনন্যা সাহিত্য পুরষ্কার দেওয়া হচ্ছে।