Author: প্রিয় ক্যাম্পাস ডেস্ক

  • এনসিপির মনোনয়ন ফরম তোলার সময় বাড়ল ২০ নভেম্বর পর্যন্ত

    এনসিপির মনোনয়ন ফরম তোলার সময় বাড়ল ২০ নভেম্বর পর্যন্ত

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২০ নভেম্বর পর্যন্ত এই ফরম নেওয়া যাবে।

    শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে দলটির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন এ তথ্য জানান। তিনি বলেন, শুরু থেকে যেই ৩ পদ্ধতিতে মনোনয়ন ফরম নেওয়া ও জমা দেওয়ার কথা বলা হয়েছিল, সেই পদ্ধতিই বহাল রয়েছে। যারা এনসিপি থেকে মনোনয়ন সংগ্রহ করতে ইচ্ছুক আগামী ২০ নভেম্বর পর্যন্ত ফরম সংগ্রহ করে জমা দিতে পারবেন।

    তিনি আরও বলেন, মনোনয়ন ফরম সংগ্রহের জন্য অনলাইন ও অফলাইন উভয় সুবিধাই থাকবে। অনলাইনে আবেদন করতে হলে আগ্রহীরা nomination.ncpbd.org ওয়েবসাইটে প্রবেশ করে ফর্ম পূরণ ও জমা দিতে পারবেন। অফলাইনে আবেদন করতে চাইলে ফরম সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে নেওয়া যাবে। এ ছাড়া এনসিপির মুখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) অথবা বিভাগীয় ১০ সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে যোগাযোগ করেও ফরম সংগ্রহ করা যাবে।

    রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র বিক্রি করছে এনসিপি। শুরুতে দলটি মনোনয়নপত্র সংগ্রহের জন্য ১৩ নভেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছিল। তবে দলের শীর্ষ পর্যায়ের বেশির ভাগ নেতাই এখনো মনোনয়নপত্র কেনেননি। শুধু ১০ নভেম্বর রাতে ঢাকা-৯ আসনের জন্য মনোনয়নপত্র কেনেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। আর ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের জন্য মনোনয়ন ফরম কেনেন দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।

    এর আগে এক সংবাদ সম্মেলনে এনসিপির মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন দলের মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসিরুদ্দীন পাটওয়ারী। এনসিপির প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ধরা হয়েছে ১০ হাজার টাকা। তবে জুলাই যোদ্ধা এবং স্বল্প আয়ের ব্যক্তিরা দুই হাজার টাকায় এই ফরম নিতে পারবেন।

  • ‘ঐতিহ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ সম্পন্ন

    ‘ঐতিহ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ সম্পন্ন

    বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৫’–এর বিশেষ আয়োজন ‘ঐতিহ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ সফলভাবে সম্পন্ন হয়েছে। রজতজয়ন্তীর উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে দারুণ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে। শুক্রবার (১৪ নভেম্বর) এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    প্রতিযোগিতায় শিশু শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ‘ক’ ও ‘খ’—এই দুই বিভাগে অংশ নেয়। শিশুদের সৃজনশীলতা, রং ব্যবহারের দক্ষতা ও বিষয়বস্তুর উপস্থাপন দেখে বিচারকমণ্ডলী মুগ্ধ হন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল মোমেন মিজান, সহযোগী অধ্যাপক, কারুশিল্প বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাদিয়া শারমিন, কারুশিল্পী ও শিশু শিল্প নির্দেশক।

    বক্তৃতায় বিচারকরা শিশুদের অঙ্কন দক্ষতা ও বিষয় নির্বাচনের প্রশংসা করে বলেন, আমাদের প্রত্যাশার চেয়েও তোমরা সুন্দর এঁকেছ। আমরা অভিভূত, আমরা আনন্দিত। তোমাদের ভবিষ্যৎ দীপ্তময় হোক, সেই আশা রাখি।

    দুজন বিচারক অংশগ্রহণকারীদের কাজ পর্যালোচনা করে প্রতিটি বিভাগে ১ম থেকে ১০ম স্থান পর্যন্ত বিজয়ীদের নাম ঘোষণা করেন।

    প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার, ক্রেস্ট ও সম্মাননা সনদ। এছাড়া প্রতিটি অংশগ্রহণকারীকে দেওয়া হয় অংশগ্রহণ সনদ, যা ছোটদের মাঝে বাড়িয়ে তোলে আনন্দ ও প্রেরণা।

    রজতজয়ন্তীর এ বিশেষ আয়োজনে শিশুদের প্রবল অংশগ্রহণ ও তাদের অভিভাবক–শিক্ষকদের সহযোগিতা অনুষ্ঠানটিকে করে তুলেছে আরও সফল এবং প্রাণবন্ত। আমরা আশা করছি আগামী বছরগুলোতেও শিশুদের জন্য এমন সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে।

    উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত একক প্রকাশনা হিসেবে দুই লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি পৃষ্ঠার বই ছেপেছে ঐতিহ্য। বুক কার্নিভালে এই বছর ঐতিহ্যের প্যাভিলিয়নে থাকবে ২৫+ নতুন বই, ২৫০০+ বই ও ২৫টি রচনাবলি এবং সর্বোচ্চ ৭১% পর্যন্ত ছাড়সহ নানা অফার ও উপহার। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে—ঐতিহ্য প্রকাশিত রচনাবলির আলাদা খÊ নামমাত্র মূল্যে (মাত্র ৫০ থেকে ৩০০ টাকায়) কেনার সুবর্ণ সুযোগ।

    কার্নিভালে অংশ নিচ্ছে—ইসলামি বই প্রকাশনা প্রতিষ্ঠান ‘ইলহাম’, শিশুতোষ বই প্রকাশনা প্রতিষ্ঠান ‘কাকাতুয়া’, বাংলাদেশের ইংরেজি সাহিত্যের একমাত্র প্রকাশনা প্রতিষ্ঠান ‘গ্রিপারমার্ক’ ও নান্দনিক  নোটবুক ও বুকমার্ক প্রকাশনা প্রতিষ্ঠান ‘নু বুকস বাই নুবাহা’। তাদের বই, নোটবুক ও বুকমার্কেও বিশেষ ছাড় থাকবে। এছাড়াও অংশ নিবে বই বিপণন প্রতিষ্ঠান ‘নির্বাচিত’। নির্বাচিত’তে মজুদ থাকা বাংলাদেশের উল্লেখযোগ্য প্রায় সকল প্রকাশনীর বইয়ে থাকবে ৩০% পর্যন্ত ছাড়। মজুদ বিদেশি বইয়ে (বাংলা, ইংরেজি) প্রদত্ত মূল্যের উপর ১৫% পর্যন্ত ছাড়ও থাকছে।

    ঐতিহ্যের ২৫ বছরের যাত্রায় প্রায় ১০০০+ লেখক যুক্ত হয়েছেন আমাদের সাথে। এছাড়াও তরুণদের উৎসাহিত করতে ৩০০+ লেখকের ১ম বইয়ের প্রকাশকও ঐতিহ্য। লেখকদের সৃষ্টিশীলতা, পরিশ্রম ও মমতায় ঐতিহ্য সমৃদ্ধ হয়েছে। তাই আমাদের সব লেখককে একত্রিত করতে আগামীকাল ১৫ নভেম্বর ২০২৫, শনিবার আমরা আয়োজন করছি ‘ঐতিহ্য রাইটার্স ডে’।

    এছাড়াও থাকছে ফোক মেহফিল, রিডার্স ক্লাব ডেসহ নানান আয়োজন।

  • ঢাকা লকডাউন: অনলাইনে ক্লাস নিবে বিভিন্ন বেসরকারি স্কুল-বিশ্ববিদ্যালয়

    ঢাকা লকডাউন: অনলাইনে ক্লাস নিবে বিভিন্ন বেসরকারি স্কুল-বিশ্ববিদ্যালয়

    কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল (ইংরেজি মাধ্যম) আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আবার কোনো কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রথমে অনলাইনে ক্লাস নেবে বলে জানালেও পরে তা প্রত্যাহার করে নিয়মিত ক্লাস নেওয়ার কথা জানায়।

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহস্পতিবারের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে জনমনে সৃষ্ট আতঙ্কের মধ্যে এমন সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। অবশ্য সবাই লিখিত নোটিশে বলেছে, ‘অনিবার্য কারণে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটে বলা হয়, ১২ ও ১৩ নভেম্বর অনলাইনে ক্লাস হবে। নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রথম অনলাইনে ক্লাস নেওয়ার কথা বললেও পরে তা প্রত্যাহার করে।

    শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি মঙ্গলবার এক জরুরি নোটিশে বলেছে, পরীক্ষাসহ ১২ ও ১৩ নভেম্বরের সব ক্লাস ও পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামীকাল সন্ধ্যায় পরবর্তী দিনের (১৪ নভেম্বর) ক্লাস ও পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এ ছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শাটল সার্ভিস ও সব রুটের বাস সার্ভিস বন্ধ থাকবে। তবে ১২ ও ১৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব দপ্তর সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত খোলা থাকবে।

    মোহাম্মদপুরের সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয় আগামীকাল অনলাইনে ক্লাস নেবে। অনলাইনে ক্লাস নেওয়ার সময়সূচিও ঘোষণা করেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। নিউ ইস্কাটনের এজি চার্চ স্কুল নিরাপত্তাজনিত সমস্যার কথা উল্লেখ করে বৃহস্পতিবার স্কুল বন্ধ ঘোষণা করেছে।

    ইংরেজি মাধ্যম স্কুল সানিডেইল আজ ও আগামীকাল অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই রকম সিদ্ধান্ত নিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল।

  • মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

    মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

    রাজধানীর মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে আহমেদ সাব্বির নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

    মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    মোহাম্মদপুর থানার ওসি কাজী মো. রফিকুল আহমেদ জানান, সাব্বির আহমেদসহ আরও তিন-চারজন ওই বাসায় থাকতেন। সকালে সবাই কাজে বের হওয়ার সময় সাব্বিরের কক্ষের দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে সহকর্মীরা দরজা ভেঙে সাব্বিরকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখতে পান।

    দ্রুত উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

    ওসি কাজী রফিক আহমেদ আরও জানান, এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত করছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল প্রাথমিক তদন্ত শুরু করেছে।

  • প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসারে জোর দিতে হবে : গণশিক্ষা উপদেষ্টা

    প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসারে জোর দিতে হবে : গণশিক্ষা উপদেষ্টা

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষা ব্যবস্থার মূল ফোকাস হতে হবে সাক্ষরতা ও প্রাথমিক স্তরে শিশুদের ভিত্তিমূলক শিক্ষা। সাক্ষরতার বিস্তারে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। একই সঙ্গে ডিজিটাল সাক্ষরতাকেও গুরুত্ব দিতে হবে।

    সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫’ উপলক্ষে আলোচনা ও উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান এবং তারুণ্যের উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ব্যক্তি এবং প্রতিষ্ঠান এই দুই ক্যাটাগরিতে উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা ২০২৫ প্রদান করা হয়েছে। ব্যক্তি ক্যাটাগরিতে যশোর জেলার মনিরামপুর উপজেলার প্রদীপ বিশ্বাস এ সম্মাননা পেয়েছেন। আর প্রতিষ্ঠান ক্যাটাগরিতে উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা পেয়েছে আন্ডারপ্রিভিলেজড চিলড্রেনস এডুকেশনাল প্রোগ্রামস (ইউসেফ) বাংলাদেশ।

    গণশিক্ষা উপদেষ্টা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কাজকে নতুনভাবে সাজানো হয়েছে। একজন শিশু প্রাথমিক বিদ্যালয় শেষে যেন মাতৃভাষায় সাবলীলভাবে পড়তে, বুঝতে ও সহজভাবে লিখতে পারে এবং প্রাথমিক গাণিতিক নিয়ম আয়ত্ত করতে পারে এটিই এখন প্রধান লক্ষ্য। ফাউন্ডেশনাল লার্নিং ছাড়া সমগ্র শিক্ষা ব্যর্থ হয়ে যায়।

    তিনি আরো বলেন, ভর্তি হার বেড়েছে, ঝরে পড়ার হারও কম নয়। দারিদ্র্যকে এর প্রধান কারণ, এজন্য উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে ‘স্কিল ফর প্রজেক্ট’ কর্মসূচির মাধ্যমে ঝরে পড়া শিশুদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে যুক্ত করার ক্ষেত্রে ইতিবাচক ফল মিলেছে। উচ্চশিক্ষিতদের মধ্যেও দক্ষতার ঘাটতি রয়েছে। এসএসসি ও এইচএসসি পর্যায়ের চাকরির জন্য অনেক গ্র্যাজুয়েট এবং মাস্টার্স ডিগ্রিধারী আবেদন করছেন। এতে বোঝা যায়, শিক্ষা এখনো শ্রমবাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

    প্রযুক্তি ও কর্মভিত্তিক শিক্ষার ওপর জোর দিয়ে গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘জাতির অগ্রগতির জন্য কর্মমুখী শিক্ষা এবং প্রযুক্তি ভিত্তিক শিক্ষা অপরিহার্য। শুধু শিক্ষা নয়, শিল্প ও ব্যবসায় যুক্ত হওয়ার মধ্য দিয়েই জাতির উন্নতি সম্ভব। মানসিকতার পরিবর্তন না হলে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়তেই থাকবে। শিক্ষায় মৌলিক পরিবর্তন আনার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী।

  • শিক্ষার্থীদের আত্মমর্যাদাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার

    শিক্ষার্থীদের আত্মমর্যাদাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার

    শিক্ষার্থীদের জীবনে অনেক সময় অনেক প্রলোভন আসবে, প্রলোভনের কাছে আত্মসমর্পণ না করে তাদেরকে আত্মমর্যাদাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

    শনিবার (৬ সেপ্টেম্বর) সেন্ট গ্রেগরী হাই স্কুল এন্ড কলেজ আয়োজিত চতুর্থ জাতীয় ইকো কার্নিভাল ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এবারের কার্নিভালের প্রতিপাদ্য ছিল ‘অল আইজ অন আর্থ’। গ্রেগরিয়ান ইকোলজি ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী আয়োজিত এ কার্নিভালের আজ ছিল শেষ দিন। দুই দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় দেশের নানা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    শিক্ষা উপদেষ্টা বলেন, আমরা এমন এক সময় পৃথিবীতে রয়েছি যখন নানা রকমের সমস্যায় পৃথিবী জর্জরিত।তথ্যপ্রযুক্তি থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে খুব অল্প সময়ে আমরা অনেক অগ্রসর হয়েছি। ঠিক এমন এক সময় আমাদের ভোগবাদিতা এমন এক পর্যায়ে চলে গেছে যে আমাদের প্রকৃতির ভারসাম্য আর থাকছে না। এই ভারসাম্যহীনতার কারণে পৃথিবী বড় রকমের বিপর্যয়ের দিকে যাচ্ছে। এ অবস্থা আমাদের পরবর্তী প্রজন্মের জীবনযাত্রায় গভীর নেতিবাচক প্রভাব ফেলবে। এই বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষার প্রয়াসই হলো আমাদের আজকের এই আয়োজন।

    তিনি আরো বলেন, শিক্ষাজীবনকে একটি ব্রত হিসেবে তোমরা গ্রহণ কর। শিক্ষাজীবনে তোমরা যদি ঠিক মতো পড়াশোনা কর এবং এর সাথে নীতি-নৈতিকতা আত্মস্থ কর, তাহলে পরবর্তী জীবন অনেক সহজ হবে। এই ছাত্রজীবনে যত বেশি নিজেকে গড়ে তুলবে, বাকি জীবন ততই তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। স্কুল শুধু জ্ঞান অর্জনের প্রতিষ্ঠান নয়, এটি নীতি-নৈতিকতার শিক্ষারও একটি কেন্দ্র। জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, সততা, সহমর্মিতা, মানবতা ও সহিষ্ণুতার বিষয়েও তোমাদের সচেতন হতে হবে।

  • নাগরিকদের স্বাস্থ্যবান ও সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে : গণশিক্ষা উপদেষ্টা

    নাগরিকদের স্বাস্থ্যবান ও সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে : গণশিক্ষা উপদেষ্টা

    প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন করতে হলে নাগরিকদের স্বাস্থ্যবান ও সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। আমাদের যে ভূমি রয়েছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। তাই, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দক্ষ জনশক্তি। এজন্য, তাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। নাগরিকদের সুশিক্ষার পাশাপাশি স্বাস্থ্য ও সামাজিক শৃঙ্খলার ওপর গুরুত্ব দিতে হবে।

    শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নিমো লার্নিং লিমিটেড আয়োজিত ‘সাক্ষরতায় বাংলাদেশের অর্জন এবং আগামীর পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান প্রবন্ধ উপস্থাপন করেন।

    সাবেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ও নিমো লার্নিংয়ের চেয়ারম্যান জাফর রাজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, খ্যাতিমান অভিনেত্রী দিলারা জামান, গণমাধ্যম ব্যক্তিত্ব সোহরাব হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ও একাডেমিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. মো. কুতুবউদ্দিন।

  • ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট

    ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে মো. জুলিয়াস সিজার তালুকদারের রিট শুনতে অপরাগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে সিদ্ধান্ত হয়েছে। আমরা ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না।

    বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করেন।

    বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি আকরাম হোসেন চৌধুরী রিটকারীর আইনজীবী সরদার আবুল হোসেনকে উদ্দেশ্যে করে বলেন, ডাকসু নির্বাচন নিয়ে আগে রিট নিয়ে এসেছিল। আমরা ফিরিয়ে দিয়েছি। ঢাবির ভিসি আমার আত্মীয়। তা ছাড়া, ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগ ইনটারফেয়ার করেছে। তাই আমরা ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না।

    আদালত বলেন, আপনারা ভুল বুঝিয়ে রিটটি মেনশন করেছেন। আমরা যদি জানতাম এটা ডাকসু নির্বাচন নিয়ে, তাহলে এটা নিতাম না।

    পরে আদালত রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী শিশির মনির উপস্থিত ছিলেন।

    এর আগে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে রিট করেন মো. জুলিয়াস সিজার তালুকদার; যিনি ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হয়েছিলেন। চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম ও ব্যালট নম্বর পুনর্বহাল না করা পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। ডাকসু নির্বাচনের পাশাপাশি ডাকসু হল সংসদ নির্বাচনও স্থগিতের নির্দেশনা চাওয়া হয়।

    জুলিয়াস সিজার তালুকদারের নাম ও ব্যালট নম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, মর্মে রুল জারির আরজি জানানো হয় রিটে।

    প্রসঙ্গত, ডাকসু নির্বাচনে জুলিয়াস সিজার তালুকদার ভিপি প্রার্থী হয়েছিলেন। যাচাই-বাছাইয়ের পর গত ২৬ আগস্ট নির্বাচন কমিশন ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। চূড়ান্ত তালিকায় ভিপি প্রার্থী হিসেবে জুলিয়াস সিজার তালুকদারের নাম ছিল। তার ব্যালট নম্বর ছিল ২৬।

    চূড়ান্ত তালিকা প্রকাশের পর সলিমুল্লাহ মুসিলিম হলের হাউজ টিউটর ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনে জুলিয়াস সিজার তালুকদারের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগে সম্পৃক্ত থাকার অভিযোগ দেন। পরে অভিযোগের বিষয়ে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে শুনানি হয়। কিন্তু নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে তার প্রার্থিতার বিষয়ে কোনো সিদ্ধান্ত না দিয়ে নির্বাচন কমিশনে সুপারিশ পাঠায়। সেই সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন জুলিয়াস সিজারের প্রার্থিতা ও ব্যালট নম্বর বাদ দেয়।

    অভিযোগের বিষয়ে জুলিয়াস সিজার তালুকদারকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার কথা উল্লেখ করে গত ২৭ আগস্ট চিফ রিটার্নিং কর্মকর্তাকে আইনি নোটিশ দেওয়া হয়। এতে কাজ না হওয়ায় প্রার্থিতা ফিরে পাওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন জুলিয়াস সিজার।

  • ব্র্যাঞ্চ ম্যানেজার পদে চাকরি দেবে মদিনা গ্রুপ

    ব্র্যাঞ্চ ম্যানেজার পদে চাকরি দেবে মদিনা গ্রুপ

    নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মদিনা গ্রুপ। ‘ব্র্যাঞ্চ ম্যানেজার/এএসএম/ডিএসএম/আরএসএম’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ সেপ্টেম্বর।

    প্রতিষ্ঠানের নাম: মদিনা গ্রুপ
    পদের নাম: ব্র্যাঞ্চ ম্যানেজার/এএসএম/ডিএসএম/আরএসএম
    পদ সংখ্যা: নির্ধারিত নয়
    শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর অব আর্টস

    অভিজ্ঞতা: ৫-৮ বছর
    চাকরির ধরন: ফুল টাইম
    প্রার্থীর ধরন: পুরুষ
    বয়সসীমা: ২৫-৪৫ বছর

    কর্মস্থল: দেশের যেকোনো স্থান
    বেতন: আলোচনা সাপেক্ষে

    আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে https://jobs.bdjobs.com/jobdetails/?id=1403512&fcatId=9&ln=1 এই লিংকে ক্লিক করুন

    আবেদনের সময়সীমা: ৩০ সেপ্টেম্বর, ২০২৫

  • রাবির ৯১ ছাত্রীকে ‘যৌনকর্মী’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার, মামলার সিদ্ধান্ত

    রাবির ৯১ ছাত্রীকে ‘যৌনকর্মী’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার, মামলার সিদ্ধান্ত

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুলাই ৩৬ হলের ৯১ জন শিক্ষার্থীকে ‘বিনা পারিশ্রমিকের যৌনকর্মী’ বলা শাহ মখদুম হলের সহ-সভাপতি এ আর মিলন খানকে আজীবনের জন্য বহিষ্কার করেছে শাখা ছাত্রদল। পাশাপাশি তার বিরুদ্ধে মতিহার থানায় মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি এ তথ্য নিশ্চিত করেছেন।

    এর আগে, ২ সেপ্টেম্বর থেকে তার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কারো নিয়ন্ত্রণে চলে গিয়েছিল বলে দাবি করেছিল ওই ছাত্রদল নেতা। পরে তার সাংগঠনিক পদ স্থগিত করে সত্যতা যাচাই করার জন্য দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে শাখা ছাত্রদল। তদন্ত কমিটির সদস্য ছিলেন শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

    শাখা ছাত্রদলের দফতর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই ৩৬ হল’-এর প্রভোস্ট কর্তৃক ৯১ জন শিক্ষার্থীকে অযাচিতভাবে তলব করার প্রতিবাদে ছাত্রদলের সহ-সভাপতি ও শিক্ষার্থী জান্নাতুল নাঈমা তুহিনার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে শাহ মখদুম হলের সহ-সভাপতি এ আর মিলন খান কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছিল। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্যবৃন্দের পক্ষ থেকে এ আর মিলন খানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি সন্তোষজনক কোনো জবাব না দিয়ে ফোন বন্ধ করে দেন। এর মাধ্যমে প্রমাণিত হয় যে উক্ত কুরুচিপূর্ণ মন্তব্য তিনিই ইচ্ছাকৃতভাবে করেছেন।

    সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল এ আর মিলন খানকে প্রাথমিক সদস্য পদসহ হল সহ-সভাপতির পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার ঘোষণা করছে। একইসাথে সংগঠনের সকল নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হলো তার সঙ্গে কোনোপ্রকার সাংগঠনিক কোন যোগাযোগ না রাখার জন্য। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আহ্বান জানানো হচ্ছে-বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য। রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

    উল্লেখ্য, রাবির ‘জুলাই ৩৬’ হলে নির্ধারিত সময়ের পরে প্রবেশ করায় ৯১ জন ছাত্রীকে তলব করেছিলেন হল প্রাধ্যক্ষ। নোটিসটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে তা প্রত্যাহার করে হল প্রশাসন। এই বিষয়ে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ’ নামে এক ফেসবুক গ্রুপে করা এক পোস্টের কমেন্টে ওই ৯১ জন ছাত্রীকে বিনা পারিশ্রমিক যৌনকর্মী বলে আখ্যায়িত করেছিলেন রাবি’র শাহ মাখদুম হল শাখা ছাত্রদলের সহ-সভাপতি আনিসুর রহমান মিলন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে ওই কমেন্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা।