Category: খবর

  • ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি

    ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি

    মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের পর আসন্ন পবিত্র ঈদুল আজহায় সরকারি-বেসরকারি অফিস সাত দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

    বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী সোমবার (২৫ মে) থেকে রবিবার (৩১ মে) পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে।

    প্রজ্ঞাপনে বলা হয়, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ছুটির আগে ২৩ ও ২৪ মে (শনিবার ও রবিবার) অফিস খোলা থাকবে। অর্থাৎ ২৩ মে সাপ্তাহিক ছুটির দিন হলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওইদিন অফিস করতে হবে।

    প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। একইভাবে উচ্চ আদালত ও নিম্ন আদালতের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিকনির্দেশনা প্রদান করবে।

    বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান এবং কল-কারখানার ছুটির বিষয়ে ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও নির্দেশনা জারি করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

    উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার কথা রয়েছে।

  • পল্লবী থানা যুবদলের সদস্যসচিব কিবরিয়াকে গুলি করে হত্যা

    পল্লবী থানা যুবদলের সদস্যসচিব কিবরিয়াকে গুলি করে হত্যা

    রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা গুলি করেছে তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।

    সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পল্লবীর পুরানো থানার কাছে সি ব্লকে একটি হার্ডওয়্যারের দোকানে মুখোশ ও হেলমেট পড়া তিন ব্যক্তি ঢুকে খুব কাছ থেকে তাকে গুলি করে চলে যায়। রাত ৮টার দিকে গুলিবিদ্ধ কিবরিয়াকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত আনা হয়েছে বলে থানা পুলিশ জানায়।

    পল্লবী থানার ওসি শফিউল আলম বলেন, যুবদল নেতা কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের টিম সেখানে গেছে।

    ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকও বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমূর্ষু অবস্থায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে নেয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

    ঘটনার পরপরই ফেইসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, যুবদল নেতা গোলাম কিবরিয়া একটি হার্ডওয়্যারের দোকানের একটি দরজা দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে ঢোকেন। সেখানে তিনি ঢোকার পরপরই পাশের আরেকটি দরজা দিয়ে তিনজন মুখোশ ও হেলমেট পড়া ব্যক্তি দ্রুত ঢুকে পড়ে। তাদের মধ্যে একজন কিবরিয়াকে খুব কাছে থেকে গুলি করেন। তিনি নিচে মেঝেতে পড়ে গেলে আরেক ব্যক্তি তাকে গুলি করেন। এরপর অস্ত্রধারীরা দ্রুত ওই দোকান থেকে বেড়িয়ে যান।

    এদিকে  এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

    যুবদল নেতা গোলাম কিবরিয়ার হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর পল্লবী এলাকা ও হাসপাতাল প্রাঙ্গণে যুবদল ও বিএনপি নেতাকর্মীদের ভিড় বাড়তে শুরু করেছে। পরিস্থিতি বর্তমানে থমথমে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।

    বিস্তারিত আসছে…

  • হাসিনা-কামালের ফাঁসি, মামুনের ৫ বছরের দণ্ড

    হাসিনা-কামালের ফাঁসি, মামুনের ৫ বছরের দণ্ড

    গেলো বছরের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘঠিত মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মানুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন।

    বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করে। এই ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

    রায়ে আদালত বলেছে, শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। দুটি অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, একটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মানুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন।

    মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো হলো-

    উসকানিমূলক বক্তব্য দেওয়া, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের ‘হত্যা করে নির্মূলের নির্দেশ’ দেওয়া, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় প্ররোচনা, উসকানি, ষড়যন্ত্র, সহায়তা, সম্পৃক্ততার অভিযোগ। ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা ছয়জনকে গুলি করে হত্যার অভিযোগ। আশুলিয়ায় জীবিত একজনসহ মোট ছয়জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ।

    এ ছাড়াও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

  • শেখ হাসিনার রায় আজ, সবার দৃষ্টি ট্রাইব্যুনালে

    শেখ হাসিনার রায় আজ, সবার দৃষ্টি ট্রাইব্যুনালে

    গত বছরের জুলাই আন্দোলনকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো সরকারপ্রধানের বিরুদ্ধে এটিই প্রথম রায় হতে যাচ্ছে। এ মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

    গত ১৩ নভেম্বর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণার এ দিন ধার্য করেন। শেখ হাসিনা ছাড়া এ মামলার অপর আসামিরা হলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং তৎকালীন পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আজকের এ রায় ঘোষণার মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারাধীন মামলাগুলোর মধ্যে এ মামলার বিচারকাজ প্রথম শেষ হতে যাচ্ছে।

    গত ২৩ অক্টোবর প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনি যুক্তিতর্ক শেষ হলে ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা অপেক্ষমান রাখেন। সেদিন ট্রাইব্যুনাল বলেছিলেনÑ ১৩ নভেম্বর রায় ঘোষণার তারিখ ঘোষণা করা হবে। তবে সেটা হবে খুব তাড়াতাড়ি। এরই ধারাবাহিকতায় গত ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল রায়ের জন্য আজ (১৭ নভেম্বর) দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

    রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়ার পাশাপাশি ট্রাইব্যুনালের কাছে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ চাওয়া হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে। অন্যদিকে দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন তাঁদের বেকসুর খালাস চেয়েছেন।

    সরাসরি সম্প্রচার

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এ মামলার বিচারকাজের গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশ টেলিভিশন এবং চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়েছে। মামলার রায় ঘোষণার অংশবিশেষও সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

    গতকাল রবিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তিনি বলেন, ইতিমধ্যে আপনারা দেখেছেনÑ এ মামলার স্পেশাল প্রসেডিংসগুলো (বিশেষ কার্যধারা বা বিচারকাজের বিশেষ অংশ) আমরা ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করেছি। আগামীকাল (আজ সোমবার) রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল পড়ে শোনাবেন, সে অংশটুকুও ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। আর বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে এ দেশের সব গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবে।

    গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী আনা হয়েছে। সংশোধনীর আগে আইনটির নাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন হলেও সেখানে আন্তর্জাতিক আইনের কোনো প্রযোজ্যতা ছিল না। জুলাই অভ্যুত্থানের পর আইনটি সংশোধন করে রোম সংবিধিতে আন্তর্জাতিক আইনের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা এবং অ্যাপ্লিকেবিলিটি (প্রযোজ্যতা), সেটি এখানে প্রযোজ্য করা হয়েছে। এ ছাড়া দণ্ডের পাশাপাশি অর্থাৎ কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের পাশাপাশি আরেকটি দণ্ডকে আইনে সংযোজন করা হয়েছে। সেটি হচ্ছে, আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করে ভিকটিম (ভুক্তভোগী) অর্থাৎ ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্ত, তাঁদের বরাবর হস্তান্তর করা।

    ট্রাইব্যুনাল যে রায় ঘোষণা করবেন, তা মেনে নেওয়ার জন্য প্রসিকিউশন প্রস্তুত আছে উল্লেখ করে গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে যে পাঁচটি অভিযোগ আনা হয়েছে, তা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে প্রসিকিউশন। যে কারণে প্রসিকিউশন আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে ট্রাইব্যুনালের কাছে। তিনি বলেন, শুধু তাই নয়, আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এ মামলায় বা ঘটনায় যারা ভিকটিম (ভুক্তোভোগী) আছেন, তাঁদের বরাবর হস্তান্তরের প্রার্থনা আমরা জানিয়েছিলাম। ট্রাইব্যুনাল ন্যায়বিচারের স্বার্থে যে আদেশ দেবেন, সেটা প্রসিকিউশন মেনে নেবে।

    মামলার আদ্যেপান্ত

    গত বছরের ৫ আগস্ট গণÑঅভ্যুত্থানের পর মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। এরপর চলতি বছরের ২৫ মে থেকে ৮ অক্টোবরের মধ্যে মানবতাবিরোধী অপরাধে যেসব মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে, তাঁর মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলা আটটি। এর মধ্যে পাঁচটি মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরু করেছেন ট্রাইব্যুনাল। বিচারাধীন এসব মামলার মধ্যে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলাটি ট্রাইব্যুনালের দ্বিতীয় মামলা।

    সারাদেশে লাগাতার রক্তক্ষয়ী আন্দোলনে গত বছর ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এরপর ওই বছরের ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। জুলাই অভ্যুত্থানে পতিত সরকার মানবতাবিরোধী অপরাধ করেছে দাবি করে অন্তর্বর্তী সরকার ঘোষণা দেয়, এ অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে। ঘোষণা অনুযায়ী পরে ট্রাইব্যুনাল, প্রসিকিউশন ও তদন্ত সংস্থা পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে গত বছর ১৭ অক্টোবর দুই মামলার বিষয়ে প্রথম শুনানি হয়। সেদিন প্রসিকিউশনের আবেদনে ট্রাইব্যুনাল শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ এই ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে, গত বছরের ১৪ আগস্ট শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল করা হয়। তদন্ত শুরু হয় গত বছর ১৪ অক্টোবর। ৬ মাস ২৮ দিনে তদন্ত শেষ করে গত ১২ মে মামলার তদন্ত প্রতিবেদন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

    আসামিদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলি, হত্যা, হত্যাচেষ্টা, ব্যাপক মাত্রায় পদ্ধতিগত হত্যা, অপরাধে প্ররোচনা, উসকানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্রসহ অন্যান্য অমানবিক আচরণ, সংঘটিত অপরাধ প্রতিহত না করার মতো মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়।

    যে পাঁচ অভিযোগের বিচার

    আদালতের নথি থেকে জানা যায়, প্রথম অভিযোগ হচ্ছে, ২০২৪ সালের ১৪ জুলাই অভ্যুত্থান চলাকালীন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উসকানিমূলক বক্তব্য দেন। এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খাঁন কামাল, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা ও সহায়তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা নিরীহ ছাত্র-জনতার ওপর ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে হামলা চালায়।

    শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ, তিনি আন্দোলনকারীদের দমনে হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ নির্দেশ বাস্তবায়নে তাঁদের অধীনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেন। তৃতীয় অভিযোগে বলা হয়েছেÑ ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামনে আবু সাঈদকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নির্দেশ দিয়েছেন।

    চতুর্থ অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট পুরান ঢাকার চানখাঁরপুল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ছয়জন নিহত হন। এ ঘটনাতেও শেখ হাসিনাসহ তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। পঞ্চম অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় ছয়জনকে গুলি করে হত্যা; তাঁদের মধ্যে পাঁচজনের লাশ পুড়িয়ে দেওয়া এবং একই সঙ্গে গুরুতর আহত একজনকে পুড়িয়ে দেওয়ার ঘটনায় তাঁদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

    গত ১ জুন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে আত্মসমর্পণ করতে ১৬ জুন সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। পরের দিন সেই বিজ্ঞপ্তি দুটি জাতীয় সংবাদপত্রে ছাপা হয়। আত্মসমর্পণ না করায় তাঁদের পলাতক দেখিয়ে গত ১০ জুলাই মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। তাঁদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী মো. আমির হোসেনকে নিয়োগ দেওয়া হয়। ওইদিন আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এ মামলার রাজসাক্ষী হতে ট্রাইব্যুনালের কাছে আবেদন করেন। পরে তাঁর আবেদন মঞ্জুর করা হয়।

    গত ৩ আগস্ট চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় বিচারকাজ। ২৮ কার্যদিবসে মামলার তদন্তকারী কর্মকর্তাসহ ৫৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল। দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষ্য দেন এ মামলায়। রাজসাক্ষী হিসেবে গত ২ সেপ্টেম্বর সাক্ষ্য দেন আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গত ৮ অক্টোবর সাক্ষ্যগ্রহণ শেষ হলে ১২ অক্টোবর থেকে শুরু হয় যুক্তিতর্ক। টানা পাঁচ দিন যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

    গত ১৬ অক্টোবর প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হলে ২০ অক্টোবর থেকে আসামিপক্ষের যুক্তিতর্ক শুরু হয়। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী টানা তিন দিন শেখ হাসিনা-কামালের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন। সেই ধারাবাহিকতায় গত ২৩ অক্টোবর পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন করেন দুই পক্ষই। তার আগে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. আসাদুজ্জামান ট্রাইব্যুনালে সমাপনী বক্তব্য দেন।

  • এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ আজ

    এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ আজ

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল আজ রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ওয়েবসাইট ছাড়াও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

    বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এইচএসসি পরীক্ষা ২০২৫-এর পুনঃনিরীক্ষণের ফল নির্ধারিত সময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি আবেদনকারীদের দেওয়া মোবাইল নম্বরে ফলের এসএমএস পাঠানো হবে। শিক্ষার্থীদেরকে www.dhakaeducationboard.gov.bd থেকে ফল সংগ্রহের জন্য অনুরোধ জানানো হয়েছে।

    বোর্ড সূত্রে জানা গেছে, এবার সবচেয়ে বেশি খাতা চ্যালেঞ্জের আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। মোট ৬৬ হাজার ১৫০ শিক্ষার্থী ১ লাখ ৩৬ হাজার ৫০৬টি খাতার পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। অন্যদিকে সবচেয়ে কম আবেদন পড়েছে বরিশাল শিক্ষা বোর্ডে, যেখানে ৮ হাজার ১১১ শিক্ষার্থীর পক্ষ থেকে ১৭ হাজার ৪৮৯টি খাতার আবেদন জমা হয়েছে।

    এ ছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডে আবেদন করেছেন ২২ হাজার ১৫০ জন পরীক্ষার্থী, মোট চ্যালেঞ্জ করা হয়েছে ৪২ হাজার ৪৪টি খাতা। রাজশাহী শিক্ষা বোর্ডে ২০ হাজার ৯২৪ জন পরীক্ষার্থী আবেদন করা হয়েছে, মোট আবেদন করা হয়েছে ৩৬ হাজার ২০৫টি খাতা। যশোর শিক্ষা বোর্ডে আবেদন করেছেন ২০ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ৩৬ হাজার ২০৫টি খাতা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ২২ হাজার ৫৯৫ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ৪৬ হাজার ১৪৮ টি খাতা।

    সিলেট শিক্ষা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ১৩ হাজার ৪৪ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ২৩ হাজার ৮২০ টি খাতা। দিনাজপুর শিক্ষা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ১৭ হাজার ৩১৮ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ২৯ হাজার ২৯৭ টি খাতা। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ১৫ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ৩০ হাজার ৭৩৬ টি খাতা।

    অন্যদিকে বিএম-ভোকেশনালে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ১২ হাজার ৭ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ১৫ হাজার ৩৭৮ টি খাতা। আর আলিমে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন সাত হাজার ৯১৬ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ১৪ হাজার ৭৩৩ টি খাতা।

  • স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেফতার

    স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেফতার

    স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

    শনিবার সকালে হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর হাতিরঝিল থানা-পুলিশ।

    হাতিরঝিল থানা ডিউটি অফিসার উপপরিদর্শক ধোয়াত বলেন, হিরো আলম ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

    এর আগে হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনি মামলাটি দায়ের করেছিলেন। গত বুধবার কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত।

    এ মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিম নামে আরও একজনকে আসামি করা হয়েছে। তাঁর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

  • সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগ সভাপতি কারাগারে

    সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগ সভাপতি কারাগারে

    সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সভাপতি মিসবাউল করিম রফিককে (৩০) গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

    শনিবার (১৫ নভেম্বর) কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    এর আগে গতকাল শুক্রবার রাতে টুকেরবাজার থেকে তাকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল।

    ওসি রতন শেখ বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ছাত্রলীগ নেতা রফিককে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে মামলা রয়েছে।

  • মোবাইল ব্যবহার নিয়ে বকাঝকা, অভিমানে কলেজ ছাত্রের আত্মহত্যা

    মোবাইল ব্যবহার নিয়ে বকাঝকা, অভিমানে কলেজ ছাত্রের আত্মহত্যা

    রাজধানীর খিলগাঁও চৌরাস্তার ঝিলপাড় এলাকার একটি বাসা থেকে মো. সিফাত (১৮) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

    শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

    নিহত সিফাতের চাচাতো ভাই ওসমান জানান, সিফাত স্থানীয় একটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। ঘটনার দিন বাসায় অতিরিক্ত মোবাইল ব্যবহার করার কারণে তার মা তাকে বকাঝকা করে। পরে মায়ের ওপর অভিমান করে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় সে। পরে আমরা দেখতে পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

  • মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

    মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

    রাজধানীর মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে আহমেদ সাব্বির নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

    মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    মোহাম্মদপুর থানার ওসি কাজী মো. রফিকুল আহমেদ জানান, সাব্বির আহমেদসহ আরও তিন-চারজন ওই বাসায় থাকতেন। সকালে সবাই কাজে বের হওয়ার সময় সাব্বিরের কক্ষের দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে সহকর্মীরা দরজা ভেঙে সাব্বিরকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখতে পান।

    দ্রুত উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

    ওসি কাজী রফিক আহমেদ আরও জানান, এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত করছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল প্রাথমিক তদন্ত শুরু করেছে।

  • প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসারে জোর দিতে হবে : গণশিক্ষা উপদেষ্টা

    প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসারে জোর দিতে হবে : গণশিক্ষা উপদেষ্টা

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষা ব্যবস্থার মূল ফোকাস হতে হবে সাক্ষরতা ও প্রাথমিক স্তরে শিশুদের ভিত্তিমূলক শিক্ষা। সাক্ষরতার বিস্তারে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। একই সঙ্গে ডিজিটাল সাক্ষরতাকেও গুরুত্ব দিতে হবে।

    সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫’ উপলক্ষে আলোচনা ও উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান এবং তারুণ্যের উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ব্যক্তি এবং প্রতিষ্ঠান এই দুই ক্যাটাগরিতে উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা ২০২৫ প্রদান করা হয়েছে। ব্যক্তি ক্যাটাগরিতে যশোর জেলার মনিরামপুর উপজেলার প্রদীপ বিশ্বাস এ সম্মাননা পেয়েছেন। আর প্রতিষ্ঠান ক্যাটাগরিতে উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা পেয়েছে আন্ডারপ্রিভিলেজড চিলড্রেনস এডুকেশনাল প্রোগ্রামস (ইউসেফ) বাংলাদেশ।

    গণশিক্ষা উপদেষ্টা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কাজকে নতুনভাবে সাজানো হয়েছে। একজন শিশু প্রাথমিক বিদ্যালয় শেষে যেন মাতৃভাষায় সাবলীলভাবে পড়তে, বুঝতে ও সহজভাবে লিখতে পারে এবং প্রাথমিক গাণিতিক নিয়ম আয়ত্ত করতে পারে এটিই এখন প্রধান লক্ষ্য। ফাউন্ডেশনাল লার্নিং ছাড়া সমগ্র শিক্ষা ব্যর্থ হয়ে যায়।

    তিনি আরো বলেন, ভর্তি হার বেড়েছে, ঝরে পড়ার হারও কম নয়। দারিদ্র্যকে এর প্রধান কারণ, এজন্য উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে ‘স্কিল ফর প্রজেক্ট’ কর্মসূচির মাধ্যমে ঝরে পড়া শিশুদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে যুক্ত করার ক্ষেত্রে ইতিবাচক ফল মিলেছে। উচ্চশিক্ষিতদের মধ্যেও দক্ষতার ঘাটতি রয়েছে। এসএসসি ও এইচএসসি পর্যায়ের চাকরির জন্য অনেক গ্র্যাজুয়েট এবং মাস্টার্স ডিগ্রিধারী আবেদন করছেন। এতে বোঝা যায়, শিক্ষা এখনো শ্রমবাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

    প্রযুক্তি ও কর্মভিত্তিক শিক্ষার ওপর জোর দিয়ে গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘জাতির অগ্রগতির জন্য কর্মমুখী শিক্ষা এবং প্রযুক্তি ভিত্তিক শিক্ষা অপরিহার্য। শুধু শিক্ষা নয়, শিল্প ও ব্যবসায় যুক্ত হওয়ার মধ্য দিয়েই জাতির উন্নতি সম্ভব। মানসিকতার পরিবর্তন না হলে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়তেই থাকবে। শিক্ষায় মৌলিক পরিবর্তন আনার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী।