Category: খেলাধুলা

  • সিলেটে শুরু জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্প

    সিলেটে শুরু জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্প

    চলতি মাসেই দুই ম্যাচের টেস্ট খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এই টেস্ট সিরিজ নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তদের। তাই ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) রেখে জাতীয় দলের ক্রিকেটারদের ফিরে যেতে হবে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য।

    আজ রোববার (১৩ এপ্রিল) থেকে দুই ম্যাচের এই টেস্ট সিরিজকে সামনে রেখে সিলেটে টাইগারদের ক্যাম্প শুরু হতে যাচ্ছে।

    এর আগে গত শনিবার থেকে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। তবে তা একদিন পিছিয়ে দেওয়া হয়।

    তবে শনিবার সন্ধ্যায় প্রথম ধাপে কোচিং স্টাফের সব সদস্যরা সিলেট পৌঁছান। প্রথমে ডিপিএলে ম্যাচ খেলা জাতীয় দলের ক্রিকেটাররা সিলেট আসলেও দ্বিতীয় ধাপে রোববার যোগ দিবেন বাকি ক্রিকেটাররা।

    দুই টেস্ট খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দল প্রথম টেস্টে মুখোমুখি হবে।

    চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থ মিশন শেষে পরবর্তীতে আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি বাংলাদেশ দলের। আইসিসির ইভেন্ট থেকে ফেরার পর ক্রিকেটাররা ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলছেন।

  • পিএসএল থেকে ছিটকে গেলেন লিটন দাস

    পিএসএল থেকে ছিটকে গেলেন লিটন দাস

    প্রথমবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে মুখিয়ে ছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। সে কারণে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলেও ছিলেন না। কিন্তু শুরুর আগেই শেষ হয়ে গেল লিটনের পিএসএল যাত্রা। অনুশীলনে তিনি আঙুলে চোট পান, পরে চিড় ধরা পড়ায় তিনি পিএসএল না খেলেই দেশে ফিরছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি। তিনি জানিয়েছেন, ‘লিটনের থাম্বে আঘাত লেগেছে, দেশে ফিরে আসছে। বাকিটা আসলে বলতে পারব।’

    ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিটন নিজেও ইনজুরির কথা জানিয়েছেন। যা থেকে সেরে উঠতে ২ সপ্তাহ সময় লাগবে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আশা করি সবাই ভালো আছেন। আমি পিএসএলে করাচি কিংসের হয়ে খেলার জন্য আসলেই রোমাঞ্চিত ছিলাম। কিন্তু ভিন্ন পরিকল্পনা ছিল সৃষ্টিকর্তার। অনুশীলন সেশনে আমি আঙুলে চোট পাই। পরবর্তীতে স্ক্যান রিপোর্টে জানা গেছে হেয়ারলাইন ফ্র্যাকচার রয়েছে এবং চোট সারাতে ন্যূনতম ২ সপ্তাহ লাগতে পারে।’

    দ্রুত চোট থেকে সেরে ওঠার জন্য প্রার্থনা কামনা করে দেশে ফিরে আসার কথাও জানালেন এই বাংলাদেশি তারকা, ‘দুঃখজনকভাবে আমার পিএসএল মিশন শুরুর আগেই শেষ হয়ে গেছে। আমি দেশে ফিরে আসছি এবং দ্রুত চোট কাটিয়ে উঠতে আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। আমার দল করাচি কিংসের জন্য শুভকামনা।’

    প্রসঙ্গত, গতকাল (১১ এপ্রিল) থেকে শুরু হয়েছে পিএসএলের দশম আসর। আসরের উদ্বোধনী ম্যাচেই আরেক বাংলাদেশি অলরাউন্ডার রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্সের সঙ্গে ইসলামাবাদ ইউনাইটেড মুখোমুখি হয়েছিল। তবে রিশাদবিহীন ম্যাচটি বড় ব্যবধানে হেরেছে লাহোর। আজ (শনিবার) পিএসএল মিশন শুরুর কথা ছিল লিটনের দল করাচি কিংসের। রাত ৯টায় দিনের দ্বিতীয় ম্যাচে তারা মুলতান সুলতান্সের মুখোমুখি হবে।

    এর আগে ড্রাফট থেকে তিন বাংলাদেশি ক্রিকেটারকে দলে ভেড়ায় পিএসএলের ভিন্ন তিনটি ফ্র্যাঞ্চাইজি। দ্বিতীয় সর্বোচ্চ ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে পেসার নাহিদ রানাকে পেশোয়ার জালমি, সিলভার ক্যাটাগরি থেকে লিটনকে করাচি কিংস এবং রিশাদ হোসেনকে লাহোর কালান্দার্স দলে নেয়। পরবর্তীতে পিএসএলের শুরু থেকেই পুরো সময়ের জন্য লিটন-রিশাদকে এনওসি দিয়েছিল বিসিবি। আর রানা লিগটিতে খেলবেন জিম্বাবুয়ের বিপক্ষে ২০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশের প্রথম টেস্ট শেষে।

  • অলিম্পিকে ৬ দলের ক্রিকেট, বাংলাদেশের কী হবে

    অলিম্পিকে ৬ দলের ক্রিকেট, বাংলাদেশের কী হবে

    ১২৮ বছর বিরতি দিয়ে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরছে ক্রিকেট। এটা আগেই ঠিক হয়ে ছিল। গতকাল রাতে ঠিক হলো—কয়টি দল অংশ নেবে অলিম্পিক ক্রিকেটে। আগামী অলিম্পিকে ক্রিকেটের সোনার জন্য পুরুষ ও নারী বিভাগে ৬টি করে দলের অংশগ্রহণের কথা জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

    তবে কীসের ভিত্তিতে কোন ছয় দল অলিম্পিকের চূড়ান্ত পর্বে অংশ নেবে সে সম্পর্কে কিছুই জানায়নি আইওসি। টেস্ট খেলুড়ে দেশগুলোর বাইরেও ৯০ টির মতো আইসিসি সহযোগী সদস্য রয়েছে, যারা টি-টোয়েন্টি খেলে। একটি নির্দিষ্ট সময়ের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে নারী ও পুরুষ ক্রিকেটের দলগুলো নির্বাচনের প্রস্তাব দিয়েছে আইসিসি। তেমনটা হলে হয়তো কপাল পুড়তে পারে বাংলাদেশের। কারণ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ কখনোই সেরা ছয়ে থাকতে পারেনি। বর্তমানে র‍্যাঙ্কিংয়ের নয়ে আছে বাংলাদেশ পুরুষ দল। একই অবস্থায় আছে মহিলা দলও।

    আয়োজক হওয়ার সুবাদে যুক্তরাষ্ট্র সরাসরি খেলতে পারে ক্রিকেটে। সেক্ষেত্রে বাকি পাঁচটি দলের খেলার সুযোগ থাকবে। অলিম্পিক গেমসে ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্রগুলো আলাদা আলাদা পতাকাতলে অংশ নেয়। কিন্তু অলিম্পিক গেমসের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব কারা করবে তা ঠিক করারও ব্যাপার আছে। ১৯০০ প্যারিস অলিম্পিকে প্রথম ও সবশেষ হয়েছিল ক্রিকেট। ফ্রান্সকে হারিয়ে সোনা জিতেছিল গ্রেট ব্রিটেন।

    ফুটবলে দলের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে আইওসি। ছেলেদের ফুটবলে এত দিন ১৬টি দেশ খেলত। ৪টি কমিয়ে ১২ দল অংশ নেবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে। মেয়েদের ফুটবলে অবশ্য থাকছে ১৬টি দল।

  • রেকর্ড গড়া জয় দিয়ে যাত্রা শুরু বাংলাদেশের

    রেকর্ড গড়া জয় দিয়ে যাত্রা শুরু বাংলাদেশের

    নারীদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে রেকর্ড গড়া জয় দিয়ে শুরু বাংলাদেশের। বৃহস্পতিবার (১০ এপ্রিল) পাকিস্তানের লাহোরে থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

    টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে ২৮ ওভার ৫ বলে ৯৩ রানেই অলআউট হয় থাইল্যান্ড নারী ক্রিকেট দল। ১৭৮ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

    এর আগে আইরিশ নারীদের বিপক্ষে ১৫৪ রানের ব্যবধানে জয়ের রেকর্ড ছিল বাংলাদেশের।

    আজ লাহোরের সিটি ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা ভালো হয়নি। ইশমা তানজিম বিদায় নেন দুই অঙ্কে পা রাখার আগেই।

    তবে ফারজানা হকের সঙ্গে শারমিনের ১০৪ রানের জুটি সে ধাক্কাটা সামাল দেয় বাংলাদেশ। ৮২ বলে ৫৩ রান করে ফেরেন ফারজানা।

    বাংলাদেশ এরপর আর হোঁচট খায়নি। তৃতীয় উইকেট জুটিতে ১৩৮ বলে ১৫২ রান যোগ করেন নিগার সুলতানা ও শারমিন। তাতেই সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ।

    ইনিংসের শেষ বলে আউট হন নিগার সুলতানা, তার ঠিক আগে ৮০ বলে ১৫টি চার আর এক ছক্কার সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন। ৭৯ বলে সেঞ্চুরি করে প্রথম নারী ক্রিকেটার হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন।

    নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরির দিনে ১২৬ বলে ১১টি বাউন্ডারির সাহায্যে ৯৪ রানে অপরাজিত ছিলেন শারমিন আক্তার।

    এর আগে বাংলাদেশের দলীয় সবচেয়ে বড় স্কোর ছিল ২৫২ রানের। ২০২৪ সালের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সেই রেকর্ড গড়েছিল বাংলাদেশ।

    আজ টার্গেট তাড়া করতে নেমে ২৮ ওভার বলে ৫ দলীয় ৯৩ রানে অলআউট হয় থাইল্যান্ডের নারী ক্রিকেটাররা। পাঁচটি করে উইকেট শিকার করেছেন ফাহিমা খাতুন ও জান্নাতুলি ফেরদৌস।

  • আইপিএলে ভিন্ন প্রতিযোগিতায় তিন দলের ৩ পেসার

    আইপিএলে ভিন্ন প্রতিযোগিতায় তিন দলের ৩ পেসার

    স্পোর্টস ডেস্ক : আইপিএলে এবার প্রতিটা ডট বলের জন্য থাকছে গাছ লাগানোর ব্যবস্থা। পরিবেশের উন্নয়ন ঘটাতেই এমন উদ্যোগ ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। অবশ্য ম্যাচের মাঝেও এর গুরুত্ব কম না। টি-টোয়েন্টিতে ডট বলগুলোই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে অনেকাংশে। বিশেষ করে পাওয়ারপ্লেতে যখন বাউন্ডারি লাইনে ফিল্ডার মোটে দুজন, তখন ডট বল করতে পারা যেন দুঃসাধ্য।

    তবে টি-টোয়েন্টি যুগে পাওয়ারপ্লে ডটবলের এই কঠিন কাজটাই বেশ সহজ করে ফেলেছেন আইপিএলের তিন দলের তিন পেসার। চলতি আসরে পাওয়ারপ্লেতে কমপক্ষে ৫ ওভার করেছেন এমন বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ডট বল দিয়েছেন জশ হ্যাজেলউড, মোহাম্মদ সিরাজ এবং জফরা আর্চার।

    হ্যাজেলউড খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে, গুজরাট টাইটান্সের জার্সিতে খেলছেন মোহাম্মদ সিরাজ, আর জফরা আর্চারের ঠিকানা রাজস্থান রয়্যালস। চলতি আসরে কেবল এই তিনজনই পাওয়ারপ্লেতে ৬০ শতাংশের বেশি ডটবল দিয়েছেন। পাওয়ারপ্লেতে কমপক্ষে ৫ ওভার করেছেন, এমন আর কোনো বোলারই ৫৬ শতাংশের বেশি ডট দিতে পারেননি। তিন পেসারের পরিসংখ্যানটার বড় মাহাত্ম্য এখানেই।

    সবচেয়ে বেশি ডট অবশ্য বেঙ্গালুরুর অজি পেসার হ্যাজেলউডের। এখন পর্যন্ত শুরুর ৬ ওভারে ৬৯.৪ শতাংশ ডট বল করেছেন তিনি। উইকেট সংখ্যা বেশি না হলেও ব্যাটারদের জন্য পরিস্থিতি কঠিন করে তোলার কাজটা দারুণভাবেই করছেন হ্যাজেলউড।

    দুইয়ে থাকা সিরাজ পাওয়ারপ্লেতে করেছেন ৬৩.৬ শতাংশ ডটবল। শুধু তাইই না, এবারের আসরে এখন পর্যন্ত শুরুর ৬ ওভারে সবচেয়ে বেশি উইকেটও শিকার করেছেন তিনিই। তার সাবেক দল বেঙ্গালুরু ৪ ম্যাচ মিলিয়ে পাওয়ারপ্লেতে নিয়েছে ৭ উইকেট। সেখানে সিরাজের একার পাওয়ারপ্লে উইকেট ৭টি। আর ৬১.৯ শতাংশ ডটবল নিয়ে তিনে আছেন আর্চার।

    আর্চার অবশ্য নিজের প্রথম ম্যাচেই হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভারে ৭৬ রান হজম করে আইপিএলে বিব্রতকর রেকর্ডের মালিক হয়েছেন। তবে এরপরেই ঘুরে দাঁড়িয়েছেন দারুণভাবে। বর্তমানে আছেন সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায়।

  • জিম্বাবুয়ের বিপক্ষে নেই তাসকিন-লিটন

    জিম্বাবুয়ের বিপক্ষে নেই তাসকিন-লিটন

    আগামী ২০ এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। সাদা পোশাকের সেই সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে জায়গা হয়নি পেসার তাসকিন আহমেদ ও লিটন দাসের।

    জিম্বাবুয়ের বিপক্ষে তাসকিনের দলে না থাকার মূল কারণ ইনজুরি। পায়ের চোটে ভুগছেন ডানহাতি পেসার। এদিকে সিরিজের প্রথম টেস্টের দলে নেই লিটন দাস। পাকিস্তান সুপার লিগের জন্য এই উইকেটকিপারকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। ফলে জিম্বাবুয়ে সিরিজে থাকছেন না তিনি।

    তাসকিনের জায়গায় টেস্ট দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। বাংলাদেশের হয়ে সাদা বলের ক্রিকেটে ২৮টি ম্যাচ খেলা সাকিব এই দলের নতুন মুখ, যিনি থাকবেন টেস্ট অভিষেকের অপেক্ষায়।

    ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচ শুরু হবে ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

    বাংলাদেশের প্রথম টেস্টের স্কোয়াড:

    নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী আনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

  • রোনালদোর হোটেলে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

    রোনালদোর হোটেলে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

    মহা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো খেলাধুলার বাইরেও সফল এক নাম। বিশেষ করে ব্যবসা জগতে তার অবস্থান বেশ মজবুত। বিলাসবহুল হোটেল ব্যবসায় তার উপস্থিতি অনেকেরই জানা। আর সেই হোটেল ব্যবসার কারণেই আবারও শিরোনামে এলেন এই পর্তুগিজ মহাতারকা-তবে এবার এক ভিন্ন কারণে।

    গত শনিবার মরক্কোর মারাকেশে রোনালদোর মালিকানাধীন হোটেল ‘পেস্তানা সিআর সেভেন’-এ আগুন লাগে। খবরটি নিশ্চিত করেছে পর্তুগালের সংবাদমাধ্যম ‘আ বোলা’।

    অগ্নিনির্বাপণ বাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। মরক্কো ওয়ার্ল্ড নিউজ জানিয়েছে, আগুনের ঘটনাটি খুব বড় ছিল না এবং হোটেলের কর্মচারীদের দ্রুত প্রতিক্রিয়ার কারণেই তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

    ভাগ্যক্রমে এই দুর্ঘটনায় কেউ আহত হননি। আগুন হোটেলের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে চলে আসে।

    বিলাসবহুল এই হোটেলটি ২০১৯ সালে চালু হয়েছে। যেখানে আছে ১৬৮টি কক্ষ। ২টি রেস্টুরেন্ট, সুইমিং পুল, স্পা ও জিম!

    ‘পেস্তানা সিআর সেভেন’ শুধুমাত্র মারাকেশেই নয়, লিসবন, মাদেইরা ও বিশ্বের আরও কয়েকটি শহরে এই ব্র্যান্ডের হোটেল রয়েছে।

    ফুটবলের বাইরে নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের নাম ও ব্র্যান্ডকে কাজে লাগিয়ে তৈরি করেছেন হোটেল, পোশাক ও সুগন্ধি ব্যবসা।

  • নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন নাসির

    নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন নাসির

    আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন বাংলাদেশি ক্রিকেটার নাসির হোসেন। তথ্য গোপনের দায়ে নিষেধাজ্ঞায় পড়ে দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে ছিলেন তিনি।

    সোমবার (৭ এপ্রিল) গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে রূপগঞ্জ টাইগার্সের হয়ে ফের মাঠে নামেন তিনি।

    ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে একটি আইফোন উপহার নেন নাসির। কিন্তু সেই তথ্য তিনি গোপন করেছিলেন। আর তথ্য গোপন করায় তাকে নিয়ে তদন্তে নামে আইসিসি। পরে সেই অপরাধ নাসির শিকার করেন।

    তথ্য গোপন করে নিয়ম ভাঙায় নাসিরকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। যেখানে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। শাস্তির শর্ত পূরণ করায় গতকাল (রবিবার) থেকে নাসিরের ওপর থাকা নিষেধাজ্ঞা উঠে যায়। ফলে সোমবার থেকে মাঠে ফিরতে তার কোনো বাঁধা ছিল না। তাতে সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে রুপগঞ্জ টাইগার্সের হয়ে প্রত্যাবর্তন হয়েছে তার।