Category: খেলাধুলা

  • বিশ্বকাপ: নকআউট পর্বে গোলে এগিয়ে ফ্রান্স

    বিশ্বকাপ: নকআউট পর্বে গোলে এগিয়ে ফ্রান্স

    ২০০২ বিশ্বকাপে খানিকটা অবিশ্বাস্যভাবেই বিদায় নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। সেবার কোনো গোল না করেই গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় জিনেদিন জিদানের দল। এর পরের পাঁচ বিশ্বকাপে সেই ফ্রান্সই প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছে। শেষ পাঁচ আসরের নকআউট পর্বে সর্বোচ্চ গোলের রেকর্ডও দিদিয়ের দেশমের দলের।

    জাপান ও কোরিয়ায় হওয়া ২০০২ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সেনেগালের কাছে হেরে বসে জিদানের দল। সেনেগালের এই জয়কে বিশ্বকাপের অন্যতম বড় অঘটন মানা হয়। সেই হারের ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি তারা। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে উরুগুয়ের সঙ্গে ড্র ও ডেনমার্কের কাছে হেরে বিদায় নেয় ফ্রান্স।

    সেই হতাশা কাটিয়ে শেষ পাঁচ বিশ্বকাপে তিনবার ফাইনালে উঠেছে ফ্রান্স। এর মধ্যে ২০০৬ ও ২০২২ বিশ্বকাপে রানার্সআপ হয়েছে তারা। ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে হারিয়ে দ্বিতীয়বার সোনালি ট্রফি ছুঁয়ে দেখেছে দেশমের ফ্রান্স।

    ২০০৬ থেকে ২০২২, পাঁচ বিশ্বকাপের নকআউট পর্বে ফ্রান্স গোল করেছে সর্বোচ্চ ২৯টি। তাদের পরেই আছে জার্মানি, তারা করেছে ২৮ গোল। গত আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা করেছে ২১ গোল, ব্রাজিলের গোল ২০টি।

    রাশিয়া ও কাতার বিশ্বকাপে নকআউট পর্বে প্রতি ম্যাচে ২.৬৩ গোল পেয়েছে ফ্রান্স। একই টুর্নামেন্টের গ্রুপ পর্বে ম্যাচপ্রতি তাদের গোল ছিল ১.৫।

    ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের ৮ নকআউট ম্যাচে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে করেছেন ৮ গোল। ব্রাজিলের রোনালদো ও লিওনিদাসের সঙ্গে যৌথভাবে এটাই নকআউট পর্বে সর্বোচ্চ গোলসংখ্যা।

  • নেদারল্যান্ডস সিরিজে খেলবেন না মেহেদী মিরাজ

    নেদারল্যান্ডস সিরিজে খেলবেন না মেহেদী মিরাজ

    এশিয়া কাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। তবে এই সিরিজে থাকছেন না তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এই সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলে থাকলেও মিরাজ শেষ মুহূর্তে বোর্ডের কাছে ছুটি চেয়েছেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ১৫ দিনের ছুটির আবেদন করেন তিনি।

    নেদারল্যান্ডস সিরিজের চূড়ান্ত স্কোয়াড এখনও ঘোষণা করেনি বিসিবি। মিরাজের বিকল্প হিসেবে কে সুযোগ পাবেন তা এখনও নিশ্চিত নয়। আসন্ন এই সিরিজের সূচি আগেই ঘোষণা হয়েছে।

    সূত্র জানিয়েছে, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক। সব ঠিকঠাক থাকলে এশিয়া কাপের আগেই তাঁর ছুটি শেষ হওয়ার কথা। বিসিবিও আশাবাদী, নেদারল্যান্ডস সিরিজে না খেললেও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপের দলে পাওয়া যাবে মিরাজকে।

    সূচি অনুযায়ী আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচই মাঠে গড়াবে ৩০ আগস্ট। আর সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর।

    সিরিজের সব ম্যাচই রাখা হয়েছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। সিরিজ শুরুর আগে তিনদিন সিলেটে অনুশীলন করবেন ডাচ ক্রিকেটাররা। বাংলাদেশ দল এরই মধ্যে নিজেদের ক্যাম্প শুরু করেছে।

  • টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ; তানভীর-ইমনের অভিষেক

    টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ; তানভীর-ইমনের অভিষেক

    সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কা। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে উইকেটকিপার–ব্যাটসম্যান পারভেজ হোসেন ও বাঁহাতি স্পিনার তানভীর হোসেনের। দুজনেরই আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হয়ে গেছে।

    পাশাপাশি এই ম্যাচ দিয়েই জাতীয় দলের স্থায়ী ওয়ানডে অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো মেহেদী হাসান মিরাজের। বাংলাদেশের হয়ে এ পর্যন্ত ৬টি টি–টোয়েন্টিতে ৮ ইকোনমিতে ৪ উইকেট নিয়েছেন তানভীর। অন্যদিকে পারভেজ বাংলাদেশের হয়ে ১২টি টি–টোয়েন্টি খেলে ১৪০ স্ট্রাইকরেটে ২২.১৬ গড়ে ২০০ রান করেছেন। সেঞ্চুরি ও ফিফটি একটি করে।

    ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ও চলতি বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের সম্প্রতি তেমন ভালো করতে পারেনি বাংলাদেশ। তাই ২০০৬ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ এখন র‍্যাঙ্কিংয়ের দশ নম্বরে। ২০২৭ সালের বিশ্বকাপে সরাসরি খেলার জন্য র‍্যাঙ্কিংয়ের সেরা আটে থাকতেই হবে। নতুন অধিনায়ক মিরাজের জন্য এটাই বড় চ্যালেঞ্জ।

    বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।

    শ্রীলঙ্কা একাদশ : নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুসল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জুনিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মহেশ থিকশানা মালয়েশ, ঈশান মালিঙ্গা, অসিথা ফার্নান্দো।

  • জুলাইয়ে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ, সূচি প্রকাশ

    জুলাইয়ে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ, সূচি প্রকাশ

    চলতি মাসে পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরে এসেছে বাংলাদেশ দল। পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। সেই লজ্জার হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ এবার পাচ্ছেন লিটন দাস, তাওহিদ হৃদয়রা। এবার নিজেদের মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

    এই সিরিজের জন্য আজ চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    ঘরের মাঠে অনুষ্ঠিতব্য সিরিজের সবগুলো ম্যাচই হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজটি শুরু হবে আগামী ২০ জুলাই, এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ২২ এবং ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

    বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ সূচি:
    ২০ জুলাই – ১ম টি-টোয়েন্টি | সন্ধ্যা ৬টা | মিরপুর
    ২২ জুলাই – ২য় টি-টোয়েন্টি | সন্ধ্যা ৬টা | মিরপুর
    ২৪ জুলাই – ৩য় টি-টোয়েন্টি | সন্ধ্যা ৬টা | মিরপুর

    পাকিস্তান দল সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছাবে ১৬ জুলাই। এর আগেই প্রস্তুতি শুরু করবে টাইগাররা।

  • মুশফিক-শান্তর সেঞ্চুরিতে স্বস্তিতে দিন পার করলো বাংলাদেশ

    মুশফিক-শান্তর সেঞ্চুরিতে স্বস্তিতে দিন পার করলো বাংলাদেশ

    গলে অনেক সুখস্মৃতি আছে বাংলাদেশের। আছে হতাশার রেকর্ডও। তবে এবার দিনের প্রথম সূর্য আলোর ঝলকানির আভাসই দিচ্ছে। গল টেস্টের প্রথম দিনটা বাংলাদেশ নিজেদের করে নিয়েছে মুশফিকুর রহিম আর নাজমুল হোসেন শান্তর হার না মানা সেঞ্চুরিতে। প্রথম দিন শেষে ৯০ ওভারে ৩ উইকেটে ২৯২ রান তুলেছে বাংলাদেশ। শান্ত ১৩৬ আর মুশফিক ১০৫ রানে অপরাজিত আছেন। শান্ত-মুশফিকের জুটি থেকে এখন পর্যন্ত এসেছে ২৪৭ রান।

    গলে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। ধীর শুরু করেন দুই ওপেনার সাদমান ইসলাম আর এনামুল হক বিজয়। ১০ বল খেলে রানের খাতা খুলতে পারেননি বিজয়। আসিথা ফার্নান্ডোর বলে উইকেটরক্ষক কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। সেট হয়ে আউট হন আরেক ওপেনার সাদমান ইসলাম। ৫০ বলে ১৪ রানে তার ইনিংস। উইকেট পান থারিন্ডু রত্নানায়েকে। আত্মবিশ্বাসের সঙ্গে খেলছিলেন মুমিনুল হক। কিন্তু আরও একবার ইনিংস বড় করতে না পারার হতাশায় ডুবতে হয় তাকে। ২৯ করে রত্নানায়েকের দ্বিতীয় শিকার হন তিনি। ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

    সেখান থেকে শান্ত আর মুশফিকের জুটি। টেস্টে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো নাজমুল হোসেন শান্তর। ২১ ইনিংস এবং প্রায় দেড় বছর পর সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশ অধিনায়ক। সবশেষ ২০২৩ সালের নভেম্বরে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন শান্ত। টেস্ট ক্যারিয়ারে এটি শান্তর ষষ্ঠ সেঞ্চুরি। এরপর সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিকও। যেটি তার ক্যারিয়ারের ১২তম টেস্ট সেঞ্চুরি। প্রায় ১০ মাস পর সেঞ্চুরি পেয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।

  • সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-সিঙ্গাপুর, স্টেডিয়ামে যেতে মানতে হবে যেসব নির্দেশনা

    সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-সিঙ্গাপুর, স্টেডিয়ামে যেতে মানতে হবে যেসব নির্দেশনা

    জাতীয় স্টেডিয়ামে আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ-সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে। এ খেলা দেখতে মুখিয়ে আছেন বাংলাদেশের ফুটবল সমর্থকরা।

    সোমবার (৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাফুফে সমর্থকদের উদ্দেশ্যে কিছু নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, সন্ধ্যা সাতটায় খেলা হলেও দুপুর ২টায় স্টেডিয়ামের সব গেট খুলবে বাফুফে। দর্শকদের ব্যাগ, বোতল কিংবা অতিরিক্ত সামগ্রী সঙ্গে না আনার অনুরোধ জানিয়েছে ফেডারেশন। যাতে খেলার নিরাপত্তা ও পরিবেশ নিরাপদ রাখা যায়।

    আন্তর্জাতিক ও গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে টিকিটের কালোবাজারি দেখা যায়। আবার অনেক ফুটবল সমর্থক টিকিট না পেয়েও স্টেডিয়ামের গেটে ভিড় করেন। টিকিট না পাওয়া সমর্থকদের আগামীকাল স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করতে নিষেধ করা হয়েছে। টিকিট না পাওয়া দর্শকদের জন্য শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা উপভোগের ব্যবস্থা করেছে ফেডারেশন।

    টিকিট জাল বা টিকিট সংক্রান্ত কোনো অনিয়ম করলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ফেডারেশন। বাফুফের ব্যবস্থাপনা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীও আগামীকাল স্টেডিয়ামে উপস্থিত থাকবে। জাতীয় স্টেডিয়ামের তিন নম্বর গেট দিয়ে যারা প্রবেশ করবেন তাদের দৈনিক বাংলা ও রাজউক দুই দিক দাঁড়ানোর জন্য দুটি লেন বরাদ্দ থাকবে। একটি লেনে যান চলাচল করবে।

    নির্দেশনায় আরও বলা হয়েছে, বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শেষ হবে রাত নয়টার পর। দুপুর দুইটায় দর্শকরা মাঠে প্রবেশ করলে সাত ঘণ্টার বেশি সময় স্টেডিয়ামে থাকতে হবে। গ্যালারিতে খাওয়া-দাওয়ার ব্যবস্থা ও সুযোগ-সুবিধা নিয়ে বাফুফে এখনো কোনো তথ্য প্রদান করেনি।

    ঈদের ছুটির মধ্যে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ অনুষ্ঠিত হবে। এ সময়ে ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় বাফুফে একটি উৎসবের আবহও রাখছে। খেলার দেড় ঘণ্টা আগে গান-বাজনার আয়োজন করছে। এ রকম আয়োজন অবশ্য গেমস কিংবা টুর্নামেন্টের আগে হয়। একটি ম্যাচের আগে দেশের ফুটবলে কখনো ইতোপূর্বে এমন ঘটনা দেখা যায়নি।

  • এশিয়া কাপ স্থগিতের ঘোষণা

    এশিয়া কাপ স্থগিতের ঘোষণা

    চলতি মাঠে গড়ানোর কথা ছিল নারী ইমার্জিং এশিয়া কাপ। তবে শেষ মুহূর্তে টুর্নামেন্টটি স্থগিতের ঘোষণা দিয়েছে আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

    এ প্রসঙ্গে দেওয়া এসিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘৬ জুন থেকে নারী ইমার্জিং এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও এশিয়ান ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্টের সূচি পুনঃনির্ধারণ করবে। শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি ডি সিলভা এসিসির কাছে চিঠি লিখেছেন এবং সেটার পরিপ্রেক্ষিতেই টুর্নামেন্টটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

    টুর্নামেন্ট স্থগিতের পেছনে দুটি কারণ উল্লেখ করে বিবৃতিতে যোগ করা হয়, ‘শ্রীলঙ্কার আবহাওয়া এবং বিভিন্ন প্রদেশে চিকুনগুনিয়ার প্রভাব ছড়িয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।’

    আগামী ৬ জুন শ্রীলঙ্কায় পর্দা ওঠার কথা ছিল নারী ইমার্জিং এশিয়া কাপের। তবে টুর্নামেন্টের সময় দেশটিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর শক্তিশালী হওয়ার দেশের বিভিন্ন প্রদেশে প্রচুর বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    এদিকে সাম্প্রতিক সময় শ্রীলঙ্কায় চিকুনগুনিয়ার প্রকোপ বেড়েছে। যুক্তরাষ্ট্র সরকারের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল ফর প্রিভেনশনের (সিডিসি) তালিকাভূক্ত দেশ শ্রীলঙ্কা।

    এসব কারণ উল্লেখ করে এসিসির চেয়ারম্যান মহসিন নাকভি বরাবর চিঠি লিখেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) চেয়ারম্যান শাম্মি ডি সিলভা। আর সে কারণেই টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

  • বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক আহমেদ

    বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক আহমেদ

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের পরিচালক মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এর ফলে বিসিবির পরিচালক পদ হারালেন ফারুক আহমেদ। তার মানে তিনি বিসিবির সভাপতির চেয়ারে থাকার যোগ্যতাও হারালেন।

    জাতীয় ক্রীড়া পরিষদের এই প্রজ্ঞাপনের পর বিসিবি সভাপতির পদ শূন্য হয়ে গেলো।

    বৃহস্পতিবার (২৯ মে) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ০৮ জন পরিচালক (বর্তমানে সংখ্যাগরিষ্ঠ) অনাস্থা প্রস্তাব দাখিল করায় এবং বিপিএল সংক্রান্তে গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রম স্বাভাবিক রাখার প্রয়োজনে ফারুক আহমেদ এর অনুকূলে জাতীয় ক্রীড়া পরিষদের ইতঃপূর্বের মনোনয়ন বাতিল করা হলো।

    এর আগে গতকাল বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে পরিচালক পদ থেকে সরিয়ে দিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে চিঠি দিয়েছেন বিসিবির ৮ পরিচালক।

    সেই চিঠিতে স্বাক্ষর করেছেন- বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, মাহবুব আনাম, ফাহিম সিনহা, সাইফুল ইসলাম স্বপন চৌধুরি, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম আহমেদ, মঞ্জুর আলম এবং মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী। তবে স্বাক্ষর করেননি সাবেক অধিনায়ক আকরাম খান।

    উল্লেখ্য, গত বছরের আগস্টে ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর সরকারের বিভিন্ন মহলে পরিবর্তন হয়। তারই ধারাবাহিকতায় পরিবর্তন হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও।

    আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ।

    জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় বিসিবির পরিচালক হয়ে পরিচালকদের ভোটে প্রথমবারের মতো ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। কিন্তু বছর না ঘুরতেই তার পরিচালক পদ প্রত্যাহার করে নিল ক্রীড়া পরিষদ। আর তাই তিনি বিসিবির সভাপতি হিসেবে থাকার যোগ্যতা হারালেন।

  • হামজা, শমিত, ফাহমিদুলকে নিয়ে বাংলাদেশ দল ঘোষণা

    হামজা, শমিত, ফাহমিদুলকে নিয়ে বাংলাদেশ দল ঘোষণা

    সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ ২০২৭’র বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষনা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 

    বাংলাদেশের জার্সিতে আগেই অভিষিক্ত হামজা চৌধুরিতো রয়েছেনই, সাথে আরো যোগ হয়েছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলা শমিত সোম ও ইতালিয়ান লিগে খেলা ফাহমিদুল ইসলাম। ইতোমধ্যেই ফাহমিদুল জাতীয় দলের সাথে যোগ দিয়েছেন। হামজা ও শমিতও দ্রুতই চলে আসবেন।

    আগামী ১০ জুন জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সিঙ্গাপুরের বিপক্ষে বহুল প্রতিক্ষিত ম্যাচটি নিয়ে ফুটবল সমর্থকদের মধ্যে বিপুল আগ্রহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তার আগে ভুটানের বিপক্ষে ৪ জুন একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নিবে বাংলাদেশ।

    এই দুই ম্যাচকে সামনে রেখে শুক্রবার থেকে ক্যাম্প শুরু করবেন কোচ হাভিয়ের কাবরেরা। দলে নতুন কোন চমক নেই। স্ট্রাইকার সুমন রেজা শুধু দলে ফিরেছেন।

    এক নজরে বাংলাদেশ দল :

    গোলরক্ষক : মিতুল মারমা, সুজন হোসাইন ও মেহেদী হাসান শ্রাবণ

    ডিফেন্ডার : শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ ও সাদ উদ্দিন

    মিডফিল্ডার : মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজিম, সোহেল রানা, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী ও শমিত সোম

    ফরোয়াডর্ : ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, ফাহমিদুল ইসলাম ও সুমন রেজা

  • পাকিস্তান পৌঁছালো বাংলাদেশ দলের প্রথম বহর

    পাকিস্তান পৌঁছালো বাংলাদেশ দলের প্রথম বহর

    সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হারে সমালোচনার মুখে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিশ্রাম নেওয়ার সুযোগ না পেয়েই নামছে নতুন চ্যালেঞ্জে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে রোববার (২৫ মে) সকালে পাকিস্তানে পৌঁছেছে দলের প্রথম বহর।

    এই বহরে আছেন ১০ জন। ক্রিকেটারদের মধ্যে রয়েছেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। সঙ্গে গেছেন দলের ম্যানেজার নাফিস ইকবাল ও আরও কয়েকজন সাপোর্ট স্টাফ। বাকিরা সোমবার পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন।

    বিসিবি এই সফরে কারও ওপর চাপ প্রয়োগ করেনি। ফলে পেসার নাহিদ রানা, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি এবং ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ব্যক্তিগত কারণে এই সফর থেকে সরে দাঁড়িয়েছেন। তাদের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বর্তমানে তিনি পাকিস্তানেই অবস্থান করছেন পিএসএল খেলতে গিয়ে। একইভাবে পাকিস্তানে আছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনও।

    অন্যদিকে, আইপিএল শেষ করে সরাসরি পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান। শনিবার শেষ হয়েছে তার আইপিএল মিশন।

    তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৮ মে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ৩০ মে ও ১ জুনে অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।

    বাংলাদেশের স্কোয়াড
    লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম।