নেদারল্যান্ডস সিরিজে খেলবেন না মেহেদী মিরাজ

এশিয়া কাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। তবে এই সিরিজে থাকছেন না তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এই সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলে থাকলেও মিরাজ শেষ মুহূর্তে বোর্ডের কাছে ছুটি চেয়েছেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ১৫ দিনের ছুটির আবেদন করেন তিনি।

নেদারল্যান্ডস সিরিজের চূড়ান্ত স্কোয়াড এখনও ঘোষণা করেনি বিসিবি। মিরাজের বিকল্প হিসেবে কে সুযোগ পাবেন তা এখনও নিশ্চিত নয়। আসন্ন এই সিরিজের সূচি আগেই ঘোষণা হয়েছে।

সূত্র জানিয়েছে, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক। সব ঠিকঠাক থাকলে এশিয়া কাপের আগেই তাঁর ছুটি শেষ হওয়ার কথা। বিসিবিও আশাবাদী, নেদারল্যান্ডস সিরিজে না খেললেও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপের দলে পাওয়া যাবে মিরাজকে।

সূচি অনুযায়ী আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচই মাঠে গড়াবে ৩০ আগস্ট। আর সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর।

সিরিজের সব ম্যাচই রাখা হয়েছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। সিরিজ শুরুর আগে তিনদিন সিলেটে অনুশীলন করবেন ডাচ ক্রিকেটাররা। বাংলাদেশ দল এরই মধ্যে নিজেদের ক্যাম্প শুরু করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *