Tag: সাফ

  • নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

    নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

    প্রতিদ্বন্দ্বিতামূলক সেমিফাইনালে নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।

    শুক্রবার (১৭ মে) ভারতের অরুণাচলে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে নেপালকে। আগামী ১৮ মে টুর্নামেন্টের ফাইনাল। স্বাগতিক ভারত ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের বিপক্ষে ফাইনালে খেলবে বাংলাদেশ।

    খেলার প্রথমার্ধের খেলা ছিল গোলশূন্য। ৭৩ মিনিটে আশিকুর রহমানের গোলে লিড নেয় গোলাম রব্বানী ছোটনের দল। বাম দিক থেকে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নারে হেড দিয়ে গোল করেন আশিকুর রহমান। ৮০ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় নাজমুল হুদা ফয়সালের গোলে।

    বদলি মানিক ডান দিক দিয়ে নেপালের এক ডিফেন্ডারকে কাটিয়ে বল নিয়ে ঢুকে পড়েন। সামনে গোলরক্ষক একা থাকলেও আরো অরক্ষিত থাকা ফয়সালের সামনে বল ঠেলে দেন মানিক। কোনো ভুল করেননি অধিনায়ক। ঠান্ডা মাথায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

    দুই গোলে লিড নেওয়ার পর বাংলাদেশ রক্ষণে শক্তি বাড়ায়। তাতে বাংলাদেশের রক্ষণে চাপ তৈরি করে নেপাল। ৮৭ মিনিটে নেপালের সুজন দাঙ্গল গোল করে ব্যবধান কমান।

  • এ বছর হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশিপ

    এ বছর হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশিপ

    এ বছরের জুন-জুলাইয়ে মাঠে গড়ানোর কথা ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ। তবে আকস্মিক এক ঘোষণায় দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) জানিয়েছে, এ বছর আর হচ্ছে না এই টুর্নামেন্টের ১৫তম আসর।

    বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সাফের আধিকারিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, টুর্নামেন্টটি স্থগিত করে ২০২৬ সালে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সাফ জানায়, ফেডারেশন, এর সদস্য দেশগুলো এবং স্পোর্টফাইভ (সাফ চ্যাম্পিয়নশিপের কমার্শিয়াল রাইটস হোল্ডার) মনে করছে, টুর্নামেন্টকে আরও ভালোভাবে আয়োজনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন। এই কারণেই আসরটি চূড়ান্ত প্রস্তুতির অভাবে এ বছর আর মাঠে গড়াচ্ছে না।

    এর আগে সম্ভাব্য আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কার নাম শোনা গেলেও, সাফ কর্তৃপক্ষ ভেন্যু চূড়ান্ত করতে ব্যর্থ হয়। ফলে সময়মতো আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

    ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। ফুটবল বিশ্বকাপের বছরে সাফ আয়োজন করা আদৌ সম্ভব কি না সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। যদিও সাফের ওয়েবসাইটে বলা হচ্ছে, বিশ্বকাপের আমেজে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা আয়োজন করতে চায় তারা।