গ্যাস্ট্রিকের যন্ত্রণায় যে ভোগে সেই বোঝে এটি কতটা কষ্টদায়ক। ভরপেটে খেয়ে আরামে ঘুমাবেন ভাবছেন৷ কিন্তু শোয়ার সঙ্গে সঙ্গেই শুরু অস্বস্তি। বুক জ্বালা-পোড়া, টক ঢেকুরের অত্যাচারে ঘুম হারাম। এমন সমস্যায় ভোগেন অনেকেই৷ জিইআরডি অর্থাৎ, ‘গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ’ থাকলে এমন সমস্যা দেখা দেয়৷ এটি একটি হজমজনিত স্বাস্থ্য সমস্যা।
গ্যাস্ট্রিক থেকে মুক্তির উপায়:
গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগলে হালকা খাবার খেলেই গলা-বুক জ্বালাপোড়া শুরু হয়। সামান্য ভাজাভুজি খেলেও পেটে জ্বালা হয়৷ এই সমস্যা সমাধানে ভরসা রাখতে পারেন দইয়ে৷ এক্ষেত্রে টক দই দারুণ কাজ করে। তবে টক দই সরাসরি নয়, খেতে হবে বিশেষ দুই নিয়মে। তাহলেই দূর হবে গ্যাস্ট্রিক।
- দইয়ের রায়তা:
এক কাপ দই ভালো করে ফেটিয়ে নিন। এতে শসা কুচি, পেঁয়াজ কুচি ও কয়েকটি পুদিনা পাতা মিশিয়ে নিন। এরপর শুকনো কড়াইতে গোটা জিরা কম আঁচে টেলে গুঁড়া করে মিশ্রণের ওপর ছড়িয়ে দিন। দুপুরে খাওয়ার পরে দইয়ের রায়তা খান৷ এতে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে৷
- দইয়ের স্মুদি:
দুপুরে খাওয়ার পরে বিকেলের দিকে যখন খিদে পাবে তখন ভাজাভুজি না খেয়ে দইয়ের স্মুদি খেতে পারেন। এক কাপ দইয়ে একটি কলা, এক চা চামচ মধু আর সামান্য দারচিনির গুঁড়ো মিশিয়ে দিন। সব উপকরণ ভালো করে ব্লেন্ড করে নিন। স্মুদি তৈরি হয়ে গেলে ওপরে পুদিনা পাতা ছড়িয়ে দিন। এই স্মুদি খেলে বদহজমের সমস্যা কমে যাবে।
এসবের পাশাপাশি পর্যাপ্ত পানি পান, অন্তত ৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করুন৷ গ্যাস্ট্রিক বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে চিকিৎসকের পরামর্শ নিন৷

Leave a Reply