রেকর্ডের পাতায় একের পর এক নতুন অধ্যায় লিখে চলেছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মঙ্গলবার আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন রুট। এই কীর্তি গড়ার পথে ভারতের কিংবদন্তি ব্যাটার শচিন টেন্ডুলকারকেও ছাড়িয়ে গেছেন ইংলিশ তারকা।
ডারহামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাত্র ৩ রান প্রয়োজন ছিল রুটের। সেই রান করতে খুব বেশি সময় নেননি তিনি। কবজির দারুণ ফ্লিকে বাউন্ডারি মেরে আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের মাইলফলকে পৌঁছে যান ৩৫ বছর বয়সী এই ব্যাটার।
২৩ হাজার আন্তর্জাতিক রান করতে রুট খেলেছেন ৫২১ ইনিংস। এই মাইলফলকে পৌঁছাতে ইনিংসের হিসাবে ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ব্যাটার এখন তিনি। এর আগে শচীন টেন্ডুলকার ৫২২ ইনিংসে ২৩ হাজার আন্তর্জাতিক রান করেছিলেন। অর্থাৎ একটি ইনিংস কম খেলেই ভারতীয় কিংবদন্তিকে পেছনে ফেলেছেন রুট। এই তালিকায় অবশ্য সবার ওপরে আছেন আরেক ভারতীয় তারকা বিরাট কোহলি। মাত্র ৪৯০ ইনিংসেই ২৩ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেছিলেন তিনি।
২৩ হাজার আন্তর্জাতিক রান করা বিশ্বের অষ্টম ব্যাটার রুট। তবে ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছুঁলেন তিনি। তার আগে এই তালিকায় ছিলেন শচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, রিকি পন্টিং ও জ্যাক ক্যালিস। রুটের রেকর্ড ভাঙার তালিকায় শচিন নতুন কেউ নন। বিশেষ করে টেস্ট ক্রিকেটে ভারতীয় কিংবদন্তির একাধিক রেকর্ড ইতোমধ্যে নিজের করে নিয়েছেন ইংল্যান্ডের এই ব্যাটার। সম্প্রতি টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি।
তবে এখন ক্রিকেটবিশ্বের সবচেয়ে বেশি নজর যে রেকর্ডটির দিকে, সেটি হলো টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান। এই তালিকায় শচিনকে ছাড়িয়ে যেতে আর ১ হাজার ৬৪৩ রান প্রয়োজন রুটের। বর্তমানে টেস্ট ক্রিকেটে রুটের রান ১৪ হাজার ২৭৮। অন্যদিকে শচীনের ক্যারিয়ার শেষ হয়েছে ১৫ হাজার ৯২১ রানে। ফলে ব্যবধানটা বড় হলেও রুট যেভাবে ধারাবাহিকভাবে রান করে চলেছেন, তাতে এই রেকর্ড নিয়েই ক্রিকেটবিশ্বে আলোচনা বাড়ছে।
শুধু রান নয়, টেস্ট ম্যাচ খেলার সংখ্যাতেও শচিনের কাছাকাছি চলে এসেছেন রুট। শচিন তার ক্যারিয়ারে ২০০টি টেস্ট খেলেছেন। রুট এখন পর্যন্ত খেলেছেন তার চেয়ে ৩১টি টেস্ট কম। চলতি বছরের ডিসেম্বরে ৩৬ বছরে পা দেবেন রুট। বয়স বাড়লেও ব্যাট হাতে তার পারফরম্যান্সে ধীরগতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং নতুন নতুন রেকর্ডের তালিকায় নিজের নাম যুক্ত করে চলেছেন ইংলিশ ব্যাটার।
টেস্ট ক্রিকেটে রুটের সাফল্য নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা হলেও তার ওয়ানডে ক্যারিয়ার অনেক সময় তুলনামূলকভাবে আড়ালে থেকে গেছে। অথচ ৫০ ওভারের ক্রিকেটেও তার পরিসংখ্যান যথেষ্ট সমৃদ্ধ। এমনকি টেস্টের চেয়ে ওয়ানডেতে বর্তমানে তার ব্যাটিং গড়ও বেশি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে ওয়ানডেতে রুটের রান ছিল ৭ হাজার ৮২৬। গড় ৫১-এর বেশি। এই ফরম্যাটে তার সেঞ্চুরি ২০টি। ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিকও তিনি।
অর্থাৎ টেস্টের পাশাপাশি ওয়ানডেতেও ইংল্যান্ডের ব্যাটিং ইতিহাসে নিজের জায়গা অনেক আগেই শক্ত করেছেন রুট। আর আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের মাইলফলক স্পর্শের মাধ্যমে এবার সেই কীর্তির সঙ্গে যুক্ত হলো আরও একটি বড় অর্জন। একদিকে শচীনের আন্তর্জাতিক রানের রেকর্ডে পৌঁছানোর দৌড়, অন্যদিকে টেস্টে তার সর্বোচ্চ রানের রেকর্ডের দিকে এগিয়ে যাওয়া- রুটের ক্যারিয়ারের শেষ অধ্যায় যেন প্রতিনিয়তই নতুন রেকর্ডের গল্প লিখছে। মঙ্গলবার ডারহামে ৩ রান নিয়ে শুরু হওয়া সেই গল্পে যোগ হলো আরও একটি ইতিহাস।





