দ্বাদশ জাতীয় রোভার মুটে অংশ নিতে প্রতিটি কলেজ থেকে একটি ছেলেদের দল ও একটি মেয়েদের দল মনোনীত করে নিবন্ধনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২০ অক্টোবরের মধ্যে নিবন্ধন ফি ও প্রয়োজনীয় কাগজপত্র বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলে পাঠাতে হবে। প্রতিটি দলের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার টাকা।
সোমবার (১২ অক্টোবর) মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক অধ্যাপক মো. শহিদুল ইসলামের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। কলেজগুলোকে জেলা রোভার স্কাউটস সম্পাদকের মাধ্যমে মনোনীত দলগুলোর নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।
চিঠি অনুযায়ী, বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায় আগামী ২৪ থেকে ৩০ ডিসেম্বর ঢাকার পূর্বাচলে দ্বাদশ জাতীয় রোভার মুট অনুষ্ঠিত হবে। এতে দেশের ৬৪ জেলার বিভিন্ন কলেজ থেকে ১ হাজার ২০০টির বেশি রোভার স্কাউট দল অংশ নেবে বলে আশা করা হচ্ছে। মুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী—এমন প্রত্যাশার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
প্রতিটি দলে থাকবেন দীক্ষাপ্রাপ্ত আটজন রোভার স্কাউট ও একজন প্রশিক্ষণপ্রাপ্ত রোভার স্কাউট লিডার (শিক্ষক)। ছেলেদের দলের সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত পুরুষ লিডার এবং মেয়েদের দলের সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত নারী লিডার থাকা বাধ্যতামূলক। কোনো মেয়েদের দলের সঙ্গে পুরুষ রোভার লিডার পাঠানো যাবে না।
নিবন্ধনের জন্য প্রতিটি দলের নামে ‘দ্বাদশ জাতীয় রোভার মুট’ শিরোনামে ৩ হাজার টাকার ডিমান্ড ড্রাফট (ডিডি) বা পে-অর্ডার করতে হবে। এর সঙ্গে দলের নিবন্ধন ফরম ও অভিভাবকের সম্মতিপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্রের দুই সেট হার্ডকপি জমা দিতে হবে। এসব নথি জেলা রোভার স্কাউটসের মাধ্যমে পাঠাতে হবে।
নিবন্ধন ফি ও কাগজপত্র আগামী ২০ অক্টোবরের মধ্যে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল, জাতীয় স্কাউট ভবন (১৪ তলা), ৬০ আঞ্জুমান মুফিদুল ইসলাম সড়ক, কাকরাইল, ঢাকা-১০০০ ঠিকানায় পৌঁছাতে হবে। মাউশির চিঠিতে কলেজগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট জেলা ও আঞ্চলিক রোভার স্কাউটস কর্মকর্তাদেরও নিবন্ধন কার্যক্রমে সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে।





