শিরোনাম
Advertisement
ক্যাম্পাসের ভেতরে

ফ্রান্সে স্কুলে ঢুকে ১৪ বছরের কিশোরের গুলি, প্রধান শিক্ষকসহ আহত ২

Advertisement

ফ্রান্সের একটি মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিকার করার বন্দুক দিয়ে গুলি চালিয়েছে ১৪ বছর বয়সী এক কিশোর। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এক শিক্ষক গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া গুলিতে আরও একজন সামান্য আহত হয়েছেন। পরে বিদ্যালয়ের এক কর্মী কিশোরটিকে নিরস্ত্র করেন।

সোমবার (১২ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর আউবানে মার্সেইয়ের কাছে জোসেফ লাকানাল মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মার্সেইয়ের উপসহকারী সরকারি কৌঁসুলি অদ্রে জুয়ানেতোঁ জানান, ওই কিশোর একটি গিটারের বাক্সের মতো ব্যাগে করে বন্দুক নিয়ে বিদ্যালয়ে ঢুকে। এরপর অন্তত চারটি গুলি ছোড়ে। এর মধ্যে একটি শ্রেণিকক্ষেও গুলি চালানো হয়।

আঞ্চলিক প্রশাসক জাক উইটকোস্কি জানান, ৫৩ বছর বয়সী প্রধান শিক্ষক উরু ও পিঠের নিচের অংশে গুলির ছররা লেগে আহত হন। ৩৭ বছর বয়সী আরেক শিক্ষক উরুতে গুলিবিদ্ধ হন। তবে তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

বিদ্যালয়ের এক শিক্ষার্থী এএফপিকে জানায়, স্প্যানিশ ভাষার ক্লাস চলাকালে অগ্নিসংকেত বেজে উঠলে তারা করিডরে বের হয়। সেখানে তাদের সঙ্গে ওই কিশোরের মুখোমুখি হয়। কিশোরটি গুলি চালানোর সময় বলেছিল, সে শুধু শিক্ষকদের জন্য এসেছে, শিক্ষার্থীদের জন্য নয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, কিশোরটির বিরুদ্ধে আগে অপরাধমূলক কর্মকাণ্ড বা উগ্রপন্থার সংশ্লিষ্টতার তথ্য ছিল না। ঘটনার কারণ জানতে হত্যাচেষ্টার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। তার বাবা-মাকে হেফাজতে নেয়া হয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ দ্রুত পদক্ষেপ নিয়ে বড় ধরনের বিপর্যয় ঠেকানোয় বিদ্যালয়ের কর্মীদের প্রশংসা করেছেন।

কর্তৃপক্ষ বলছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সঙ্গে এ ঘটনার কোনো যোগসূত্রের ইঙ্গিত পাওয়া যায়নি।

 

এ বিভাগের আরও সংবাদ