জুলাই গণঅভ্যুত্থানের পর শিক্ষাঙ্গনকেন্দ্রিক মব-সহিংসতার ঘটনাগুলো তদন্তে বাংলাদেশে আসছে জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার। মানবাধিকারকর্মী ও জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ফরিদা শহীদের নেতৃত্বে এই প্রতিনিধিদল আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। সফরকালে তারা মবের ঘটনায় ভুক্তভোগী শিক্ষক, লাঞ্ছনার শিকার শিক্ষার্থী এবং মবের পর মৃত শিক্ষকদের স্বজনদের সঙ্গে কথা বলবেন। এ সময় জোরপূর্বক পদত্যাগ, হামলা-মামলার ঘটনাগুলোও আলোচনায় আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এদিকে এ সফরকে কেন্দ্র করে বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তকে একতরফাভাবে মানবাধিকার লঙ্ঘন হিসেবে উপস্থাপনের আশঙ্কা করছে সরকার। সরকারের ধারণা, কোনো পক্ষের প্রচারিত তথ্য যথাযথভাবে যাচাই না করে আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণ করা হলে বাংলাদেশের শিক্ষা ও মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরি হতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি তথ্যভিত্তিক কাউন্টার ন্যারেটিভ বা পাল্টা জবাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সামনে আনা হচ্ছে ছাত্রলীগের অতীত সহিংসতা, শিক্ষার্থীদের ওপর নির্যাতন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাবলি। পাশাপাশি বিশেষ র্যাপোর্টিয়ারের সঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট অংশীজনের ভারসাম্যপূর্ণ মতবিনিময়ের সুযোগ নিশ্চিত করার কথাও বলা হয়েছে। যাচাইযোগ্য তথ্য ও প্রামাণ্য নথির মাধ্যমে এসব বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই বিশেষ র্যাপোর্টিয়ার দলের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ আন্তর্জাতিক অঙ্গনে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন, সরকারের বিরুদ্ধে নেতিবাচক বয়ান সৃষ্টি এবং শিক্ষাঙ্গনে ফের রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে বলে উঠে আসে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে। এ ছাড়া ‘পদবঞ্চিত প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষক জোট’-এর ব্যানারে পরিচালিত কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তকে একতরফাভাবে মানবাধিকার লঙ্ঘন হিসেবে উপস্থাপনের আশঙ্কাও রয়েছে। ফলে সফরকে কেন্দ্র করে কোনো পক্ষের প্রচারিত তথ্য যাচাই ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণ করা হলে বাংলাদেশের শিক্ষা ও মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা সৃষ্টি হতে পারে। তাই বিষয়টি সতর্ক করে পররাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা।
এর পরপর এই সফর ঘিরে বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় সমন্বিত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে নড়েচড়ে বসে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ৯ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনু বিভাগের মহাপরিচালকের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এতে মবের পাল্টা জবাব তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের পর শিক্ষকদের ওপর মব, বহিষ্কার, পদত্যাগের বিপরীতে শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে ছাত্রলীগের অতীত সহিংসতা, শিক্ষার্থীদের ওপর নির্যাতন এবং জুলাই-আগস্ট ২০২৪-এর ঘটনাবলি বিষয়ে প্রামাণ্য ও তথ্যভিত্তিক কাউন্টার ন্যারেটিভ প্রস্তুত করার সিদ্ধান্ত হয়। এ ছাড়া বিশেষ র্যাপোর্টিয়ারের সঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট অংশীজনের ভারসাম্যপূর্ণ মতবিনিময়ের সুযোগ এবং জাতিসংঘ ও ইউনেস্কোর সংশ্লিষ্ট দপ্তরকে বিভ্রান্তিকর বা যাচাইবিহীন তথ্য সম্পর্কে যথাযথভাবে অবহিত করতে বলা হয়। এ বাইরে কোনো পাল্টা রাজনৈতিক প্রচারণার পরিবর্তে যাচাইযোগ্য তথ্য, প্রামাণ্য নথি ও মানবাধিকারসম্মত প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার লক্ষ্যে প্রয়োজনীয় সমন্বিত উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্ত হয়।
এদিকে কানাডাভিত্তিক গবেষণা ও মানবাধিকার সংস্থা গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্স (জিসিডিজি) বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর নিপীড়ন নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে গণসহিংসতা, হয়রানি, যথেচ্ছ আটক, মামলা, জোরপূর্বক পদত্যাগ, প্রশাসনিক ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহিষ্কার এবং শিক্ষার স্বাধীনতা খর্বের মতো বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ধরা হয়। বাংলাদেশের শিক্ষাঙ্গনের বিদ্যমান পরিস্থিতি এবং এর মানবাধিকারগত প্রভাব আন্তর্জাতিক মহলের দৃষ্টিগোচর করাই প্রতিবেদনটির মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মানবাধিকার কর্মী ও জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ফরিদা শহীদের নেতৃত্বে এই সফরে জিসিডিজির প্রতিবেদনের উত্থাপিত বিষয়গুলোও আলোচনায় আসতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। তাই প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলো পর্যালোচনা পূর্বক সরকারের অবস্থান ব্যাখ্যা করে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও যথাযথ যুক্তি সমর্থিত মতামত/ প্রতিবেদন তৈরির সিদ্ধান্ত হয়।
পরে শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয় শাখা থেকে ইউজিসি, মাউশিসহ সংশ্লিষ্ট সব দপ্তরে চিঠি দিয়ে পাল্টা জবাব প্রস্তুতসহ এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে এই বিষয়ে লিখিত প্রতিবেদন প্রস্তুত করে ১২ নভেম্বরের মধ্যে আবশ্যিকভাবে শিক্ষা মন্ত্রণালয়ের একটি ইমেইলে পাঠাতে বলা হয়।
সংশ্লিষ্ট সূত্র বলছে, জুলাইয়ের পরে যেসব শিক্ষককে জোরপূর্বক ক্লাস থেকে বের করে দেওয়া কিংবা পদত্যাগ করানো হয়েছে কিংবা যেসব শিক্ষার্থীর ওপর হামলা হয়েছে, বহিষ্কার করা হয়েছে তারা কমিটির কাছে নিজস্ব অবস্থান জানাবেন। এরই মধ্যে এসব শিক্ষার্থী ও শিক্ষক সংঘবদ্ধ হয়ে প্রস্তুতি নিয়েছেন বলে সরকারি তরফে জানতে পেরেছে। তারা সুযোগ পেলে লিখিত ও ভিডিওচিত্র তদন্তদলের কাছে দেবেন। এমন প্রেক্ষাপটে কেন মব কিংবা পদত্যাগ-বহিষ্কারের ঘটনা ঘটেছে সেই বয়ান তৈরি করছে সরকার। জুলাইয়ের আগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের রাজত্ব, হল-ক্যাম্পাস দখল, বিভিন্ন মতের নেতাকর্মীদের ওপর হামলার বিষয়টি সামনে আনা হবে। শিক্ষকদের অতীতের বিতর্কিত কর্মকাণ্ডের কথাও উল্লেখ করা হবে। এ ছাড়া কোটা সংস্কারকে কেন্দ্র করে জুলাই-আগস্টে ছাত্রজনতার ওপর রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার বিষয়টিও তুলে ধরা হবে। অর্থাৎ প্রতিনিধিদলকে বুঝানো হবে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের অতীতের কর্মকাণ্ড, শিক্ষকরা দলীয় লেজুড়বৃত্তিতে জড়িয়ে নানা অনিয়ম করার কারণেই তাদের পদত্যাগে বাধ্য করেছেন সাধারণ ছাত্র-জনতা। আওয়ামী লীগ আমলেও বিএনপি-জামায়াতপন্থি শিক্ষক ও শিক্ষার্থীরা নানাভাবে নিপীড়িত হওয়ার চিত্র তুলে ধরা হবে। সব মিলিয়ে বোঝানো হবে, জুলাই আন্দোলনের পর এসব কর্মকাণ্ডে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না। তাদের অতীতের কর্মকাণ্ডের কারণে এই অবস্থার মুখে পড়তে হয়েছে। এসব জোরপূর্বক পদত্যাগ বন্ধের জন্য সরকারের নানা পদক্ষেপের কথাও জানানো হবে প্রতিনিধিদলকে।
জুলাইয়ের পর কয়েক সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী পাঠদানের বাইরে: পদবঞ্চিত প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক জোট দাবি করে আসছে, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একদল শিক্ষার্থী ও স্থানীয়দের ‘মব’ বা আন্দোলনের মুখে আওয়ামী লীগের পদধারী কিংবা সমর্থক শিক্ষকদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পদত্যাগে বাধ্য করা হয়। কোনো কোনো শিক্ষককে আবার প্রতিষ্ঠান কর্তৃপক্ষই সাময়িক ও স্থায়ী অব্যাহতি দেয়। দুর্নীতি কিংবা অনিয়মের অভিযোগ রয়েছে—এমন কিছু শিক্ষককেও পদত্যাগ করানো হয়। অনেক জায়গায় হেনস্তার মুখোমুখি হন শিক্ষকরা। কোথাও কোথাও শিক্ষকদের মারধর করে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেওয়া হয়। এসব ঘটনায় ছয় শিক্ষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও চার শতাধিক শিক্ষক বিষয়টি মানসিকভাবে মেনে নিতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ সংগঠনটির। একইভাবে জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা বা বিরোধিতায় জড়িত থাকার দায়ে আরও কয়েক শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে রয়েছেন।
আওয়ামী লীগ সরকার পতনের পর কয়েক মাসে স্কুল-কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে ঠিক কতজন শিক্ষককে মবের শিকার হয়ে পদত্যাগ, সাময়িক বরখাস্ত কিংবা পাঠদান থেকে বিরত রাখা হয়েছে, তার কোনো হিসাব নেই শিক্ষা প্রশাসনের কাছে। তবে ভুক্তভোগী শিক্ষক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্যমতে, প্রায় ছয় হাজার শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ ও বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে প্রায় আড়াই হাজার শিক্ষক আদালতের রায়, স্থানীয় সমঝোতা কিংবা প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে কাজে ফিরতে সক্ষম হয়েছেন। তবে এখনো সাড়ে তিন হাজারের বেশি শিক্ষক শ্রেণিকক্ষের বাইরে রয়েছেন।
সফরে আসা প্রতিনিধিদলকে তদন্তকাজের জন্য সহায়তা করবে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর ঢাকা অফিস। তবে প্রতিনিধিদল কাদের সঙ্গে দেখা করবে, কোথায় দেখা করবে তা এখনো জানানো হয়নি।
একাধিক ভুক্তভোগী জানান, তারা জাতিসংঘের মানবাধিকার দপ্তরসহ বিভিন্ন দেশের মানবাধিকার ও কল্যাণমূলক সংগঠনগুলোকে এরই মধ্যে ইমেইল করে নিজেদের ওপর ঘটা সহিংসতা ও নিপীড়নের কথা জানিয়েছেন। বিভিন্ন সংগঠনও চিঠি দিয়ে এ চিত্র জানিয়েছে।
পদবঞ্চিত প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষক জোট সূত্র জানায়, এরই মধ্যে জাতিসংঘের শিক্ষা অধিকার কমিশন থেকে ভুক্তভোগীদের জন্য অনলাইনে বিশেষ ফর্ম পাঠানো হয়েছে, যেখানে সর্বোচ্চ দুই হাজার শব্দের মধ্যে নির্যাতনের বিবরণ, মামলার নথিপত্র, অডিও, ভিডিও ও স্থিরচিত্র জমা দিতে বলা হয়েছে। জোটের শিক্ষকরা প্রয়োজনীয় তথ্যের প্রমাণ সংবলিত ফাইল জাতিসংঘের কাছে ইমেইল করেছেন বলে সংগঠনটি জানিয়েছে।
এ প্রসঙ্গে জোটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম তালুকদার বলেন, ‘৫ আগস্টের পর থেকে আমরা চাকরি হারিয়ে খুবই নিদারুণ দিনযাপন করছি। এরপর অনেক শিক্ষকই চাকরি ফেরত পাওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়, মাউশি, জেলা-উপজেলা শিক্ষা অফিসে আবেদন করেছেন। পাশাপাশি জাতিসংঘসহ কল্যাণমূলক বিভিন্ন মানবাধিকার সংগঠনে লিখিতভাবে সাহায্য প্রার্থনা করে। এ থেকে মূলত জাতিসংঘের প্রতিনিধিদল দেশে আসছে। তবে তারা আমাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবে কি না তা এখনো জানায়নি।’
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত হওয়া অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান বলেন, ‘শুনেছি জাতিসংঘের প্রতিনিধিদল আসবে। তবে তাদের কাছে আমাদের কথা কতটা বলতে পারব জানি না।
ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলামের কাছে পাল্টা জবাব পাঠানো হয়েছে কি না জানতে চাইলে তিনি বিষয়টি জানেন না উল্লেখ করে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানের সঙ্গে কথা বলতে বলেন। জামিলুর রহমান পাল্টা ইউজিসি সচিবের সঙ্গে কথা বলতে বলেন।
মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, জবাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে কি না কাল (আজ বুধবার) দেখে বলতে হবে।’
এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক বলেন, ‘প্রতিনিধিদল আমাদের কাছে এ বিষয়ে জানতে চাইলে জবাব দেওয়া হবে।’





