রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরার ওই বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করে বলেন, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়েছে। তিনি সেখানে পরিবার নিয়ে বসবাস করছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, যে বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়েছে, সেটি তার মেয়ের বাসা বলে তারা জানতে পেরেছেন। তবে তিনি কতদিন ধরে সেখানে অবস্থান করছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তাকে গ্রেপ্তারের আগে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ওই বাসার সামনে অবস্থান নেয়। তারাই পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের নাহিদের অবস্থানের বিষয়ে তথ্য দেন।
ওসি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে প্রায় ১৪টি মামলা রয়েছে। এসব মামলার বেশিরভাগই সিলেটে দায়ের করা হয়েছে এবং বর্তমানে তদন্তাধীন। মামলাগুলোর মধ্যে ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।
তবে এসব মামলার মধ্যে ঠিক কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ।
ওসি খালিদ মনসুর বলেন, মামলাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পেট্রলবোমা নিক্ষেপ, বোমা বিস্ফোরণ এবং পুলিশ বক্সে অগ্নিসংযোগের মতো নাশকতার ঘটনার সঙ্গে নুরুল ইসলাম নাহিদের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ওসি জানান, বিষয়টি তদন্তের অংশ। এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলার সময় হয়নি। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সময়ে জানানো হবে।
নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর ১০ বছর তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।





