Category: বিনোদন

  • হঠাৎ আড়ালে কেন অনুশকা শর্মা?

    হঠাৎ আড়ালে কেন অনুশকা শর্মা?

    বলিউডের সবচেয়ে জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রীদের একজন ছিলেন অনুশকা শর্মা। একের পর এক ব্যবসাসফল সিনেমা, শীর্ষ তারকাদের সঙ্গে অভিনয় এবং নিজস্ব অভিনয়গুণে তিনি তৈরি করেছিলেন শক্ত অবস্থান। তবে ক্যারিয়ারের সেরা সময়েই যেন হঠাৎ করে বড়পর্দা থেকে আড়ালে চলে যান এই অভিনেত্রী। ফলে ভক্তদের মনে এখন ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন—কেন অভিনয় থেকে দূরে সরে গেলেন অনুশকা?

    ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ সিনেমায় শেষবার অভিনয়ে দেখা গিয়েছিল তাকে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু নতুন কোনো সিনেমায় আর হাজির হননি তিনি। যদিও বিজ্ঞাপন, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা বিভিন্ন অনুষ্ঠানে মাঝে মাঝে দেখা যায় অনুশকাকে, তবু অভিনয়ে ফেরার বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানাননি তিনি।

    ২০১৭ সালে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করার পর থেকেই ব্যক্তিগত জীবনকে বেশি গুরুত্ব দিতে শুরু করেন অনুশকা। পরে ২০২১ সালে কন্যাসন্তান ভামিকা এবং ২০২৪ সালে ছেলে অকায়ের জন্মের পর পরিবারকেই সময় দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। বর্তমানে পরিবার নিয়ে লন্ডনে শান্ত ও ব্যক্তিগত জীবনযাপন করছেন বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।

    ভারতীয় গণমাধ্যমের দাবি, অতিরিক্ত প্রচারমাধ্যমের নজর থেকে সন্তানদের দূরে রাখতেই বিদেশে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন বিরাট-অনুশকা দম্পতি। আর সেই কারণেই হয়তো অভিনয় জগৎ থেকেও নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন অভিনেত্রী।

    তবে অভিনয় কমিয়ে দেওয়ার ইঙ্গিত অনুশকা অনেক আগেই দিয়েছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বিয়ে ও সন্তান তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এমনকি বিয়ের পর কাজের চাপ কমানোর ইচ্ছার কথাও জানিয়েছিলেন। বর্তমান বাস্তবতায় সেই সিদ্ধান্তই যেন স্পষ্ট হয়ে উঠেছে।

    এদিকে অনুশকার অভিনীত আলোচিত সিনেমা ‘চাকদহ এক্সপ্রেস’ নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনী নিয়ে নির্মিত সিনেমাটির শুটিং শেষ হয়েছিল ২০২২ সালেই। তবে নানা আইনি, প্রযুক্তিগত ও বাজেটসংক্রান্ত জটিলতায় এখনো মুক্তি পায়নি এটি।

    অনুশকার ভক্তরা অবশ্য এখনো আশাবাদী। তাদের বিশ্বাস, একদিন হয়তো আবারও বড়পর্দায় ফিরবেন প্রিয় অভিনেত্রী। তবে আপাতত পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়েই সময় কাটাচ্ছেন অনুশকা শর্মা। তাই তার প্রত্যাবর্তনের সিদ্ধান্তও পুরোপুরি নির্ভর করছে তার নিজের ইচ্ছার ওপর।

  • স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেফতার

    স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেফতার

    স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

    শনিবার সকালে হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর হাতিরঝিল থানা-পুলিশ।

    হাতিরঝিল থানা ডিউটি অফিসার উপপরিদর্শক ধোয়াত বলেন, হিরো আলম ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

    এর আগে হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনি মামলাটি দায়ের করেছিলেন। গত বুধবার কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত।

    এ মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিম নামে আরও একজনকে আসামি করা হয়েছে। তাঁর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

  • ফের বিয়ের পিঁড়িতে অমিতাভ রেজা

    ফের বিয়ের পিঁড়িতে অমিতাভ রেজা

    ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। বেশ কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন তিনি।

    জানা গেছে, স্থানীয় সময় শনিবার সকালে সেখানে সম্পন্ন হবে বিয়ের অনুষ্ঠান। পাত্রীর নাম মুশফিকা মাসুদ, পেশায় তিনি চিত্রনাট্যকার ও পরিচালক। যুক্তরাজ্যের লিভারপুল জন ম্যুরস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক করেছেন তিনি।

    এরপর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট-প্রোডাকশন এবং পরে ব্রুকলিন কলেজ থেকে ফিল্ম প্রোডাকশন নিয়ে পড়াশোনা করেন। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য অ্যানিভার্সারি’ যুক্তরাষ্ট্রের এক উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার জিতে নেয়।

    এদিকে গত মাসে দুজনের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন অমিতাভ। সে থেকে তাদের প্রেম জল্পনা উঠলেও খুব একটা আলোচনায় আসেনি। তবে পোস্টটি প্রকাশের পর থেকেই বিনোদন অঙ্গনের অনেকে তাদের শুভকামনা জানান।

    উল্লেখ্য, অমিতাভ রেজার এটি তৃতীয় বিয়ে। এর আগে তিনি অভিনয়শিল্পী নওরীন হাসান খান জেনী ও মিম রশিদ এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে সময়ের সঙ্গে তাদের দাম্পত্যজীবনের ইতি ঘটে।

  • দেনা-পাওনায় প্রভা ইন, আউট দীঘি

    দেনা-পাওনায় প্রভা ইন, আউট দীঘি

    আবারও নতুন একটি সিনেমা থেকে বাদ পড়লেন সময়ের আলোচিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে সরকারি অনুদানে নির্মাণ করতে যাচ্ছে ‘দেনা-পাওনা’। সেই সিনেমার শুরুতে নিরুপমা চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই চরিত্রে অভিনয় করা হচ্ছে না তার। এর পরিবর্তে নেওয়া হয়েছে অভিনেত্রী প্রভাকে।

    দীঘির সিনেমায় সময় দিতে না পারার কারণ বলছেন নির্মাতা। এটাই কি সত্যি, নাকি কোন অদৃশ্য কারণে বাদ পড়লেন অভিনেত্রী। বারবার কেন সিনেমা থেকে বাদ পড়ছেন দীঘি, সেটাই সিনেমাপ্রেমী দর্শকদের মনে বারবার প্রশ্ন?

    এই প্রথমবারের মতো নয়, এর আগেও অভিনেত্রীর সঙ্গে ঘটেছে এমন ঘটনা। আলোচিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় তাকে বাদ দেওয়া হয়েছিল, দাবি করেন দীঘি। পরে সেই সিনেমায় তার পরিবর্তে নেওয়া হয় তমা মির্জাকে। এ ছাড়া গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘টগর’ সিনেমাতেও তার পরিবর্তে নেওয়া হয় পূজা চেরিকে। এবার বাদ পড়লেন ‘দেনা পাওনা’ সিনেমা থেকে।

    অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির সিনেমা থেকে বাদ পড়া প্রসঙ্গে সম্প্রতি একটি গণমাধ্যম জানতে চাইলে কারণ হিসেবে পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘দেনা-পাওনা’ সিনেমায় চুক্তিবদ্ধ হলেও কাজের জন্য তিনি সময় দিতে পারেননি। তাই নিরুপমা চরিত্রে প্রভাকে নেওয়া হয়েছে।

    এদিকে ‘টগর’ সিনেমার পরিচালক আলোক হাসান দীঘির বিরুদ্ধে অসহযোগিতামূলক আচরণ এবং অপেশাদারত্বের অভিযোগ তুলেছিলেন। অন্যদিকে ‘সুড়ঙ্গ’ সিনেমায় বাদ পড়ার সময়ও দীঘি অপেশাদার বলে অভিযোগ আনেন পরিচালক রায়হান রাফী।

    এ প্রসঙ্গে ‘দেনা পাওনা’র পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, না, এখানে তেমন কোনো বিষয় নেই। আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো। দ্বন্দ্বের প্রশ্নই আসে না। দীঘি শুধু সময় দিতে পারেননি, এতটুকুই। আমরা ওকে মিস করেছি। এ নির্মাতা বলেন, প্রভা অভিনয় করছেন নিরুপমা চরিত্রে। তার বিপরীতে কলকাতার এক ম্যাজিস্ট্রেট ও জমিদারের ছেলে চরিত্রে অভিনয় করেছেন মামনুন ইমন।

  • হাওরে জলবায়ু পরিবর্তন নিয়ে শর্টফিল্ম ‘নাওবিবি’

    হাওরে জলবায়ু পরিবর্তন নিয়ে শর্টফিল্ম ‘নাওবিবি’

    জলবায়ু পরিবর্তনে বিপর্যস্ত হাওরের প্রকৃতি ও রহস্যকাহিনি নিয়ে বানানো হচ্ছে শর্টফিল্ম ‘নাওবিবি’। কিশোরগঞ্জের নিকলী ও করিমগঞ্জের বিভিন্ন লোকেশনে সম্প্রতি এর শুটিং শেষ হয়েছে।

    ‘নাওবিবি’র গল্প ও চিত্রনাট্য করেছেন শাহ মুহাম্মদ মোশাহিদ। পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মশিউর রহমান কায়েস। প্রযোজনায় ম্যাক রিপন।

    শর্টফিল্মে প্রধান চরিত্রে দেখা যাবে মাহাফুজ মুন্নাকে। এর আগে বড় পর্দায় ‘উড়াল’ সিনেমায় আলোচনা তৈরি করেছেন তিনি। রহস্য-তরুণী মায়ার ভূমিকায় অভিনয় করেছেন ইসরাত জাহান পমি।

    ফিকশনে এটি তার প্রথম কাজ হলেও গায়িকা হিসেবে দেশ-বিদেশে পরিচিতি পেয়েছেন তিনি। দুইবার পেয়েছেন নতুন কুঁড়ি পুরস্কার।

    ফিল্মে সিনেমাটোগ্রাফিতে ছিলেন আনন্দ সরকার। এছাড়া ফেঁউচ্চা চরিত্রে অভিনয় করেছেন শাহ শান্ত, আর শিশু চরিত্রে দেখা যাবে শাহ ওবায়েদ নেহানকে।

    মাহাফুজ মুন্না বলেন, ‘পরিচালক কায়েস ভাই তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেন আমাকে। মোশাহিদ ভাইয়ের চিত্রনাট্য পড়ে অসম্ভব ভালো লেগে যায়। এত সুন্দর বিশ্লেষণ করা চিত্রনাট্য আমি খুব কম দেখেছি। প্রতিটা কাজে চরিত্র এবং গল্প আমার কাছে মুখ্য।’

    মুন্না বলেন, ‘যেহেতু এটা স্বাধীন চলচ্চিত্র তাই এখানে কষ্ট করে টিম হয়ে কাজটা তুলে আনতে হবে, এটা আগেই বুঝতে পারি। আমি এখন পর্যন্ত কয়েকটি স্বাধীন চলচ্চিত্রে কাজ করেছি। টিমওয়ার্ক একটা ভালো কাজের জন্য গুরুত্বপূর্ণ। সেই টিম ওয়ার্ক আমি নাওবিবিতে পেয়েছি। চিত্রগ্রাহক আনন্দ ভাই, সহকারী পরিচালক শান্ত ও কাঞ্চনসহ টিমের সবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা।’

    ইসরাত জাহান পমি বলেন, ‘মায়া চরিত্রে কাজ করা ছিল ভীষণ চ্যালেঞ্জিং। এখানে শুধু অভিনয় নয়, হাওরের প্রতিনিধিত্বও করতে হয়েছে। আমার মাধ্যমে দর্শক মায়াকেই নয়, দেখবে হাওরকে।’

    ‘নাওবিবি’ মূলত হাওরের আবেগ, রহস্য এবং জলবায়ু পরিবর্তনের বাস্তবতা নিয়ে গড়া থ্রিলার। গল্পে দেখা যায়- এক ট্র্যাভেলার হাওরে এসে অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়। রাতে পানিতে হঠাৎ জ্বলে ওঠে আগুন, আর সেই আগুনের ওপারে দাঁড়িয়ে থাকে রহস্যতরুণী মায়া। তাকে ধাওয়া করতে গিয়ে ট্র্যাভেলার ঢুকে যায় হাওরের রহস্যের ভেতর। সেই রহস্য কাটিয়ে উঠতে গিয়ে মায়া চরিত্রে ভর করে হাওরের প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের গভীর টানাপোড়েন।

    একসময় স্পষ্ট হয়, মায়া কেবল এক তরুণী নয়, বরং হাওরের আত্মা। তার চরিত্রে ফুটে উঠে হাওরের প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের গভীর টানাপোড়েন। শর্টফিল্মটির মূল থিম জলবায়ু পরিবর্তন ও হারিয়ে যাওয়া প্রকৃতি। তবে পরিবেশ সচেতনতার পাশাপাশি এতে রয়েছে রোমাঞ্চ, রহস্য, আবেগ ও সিনেমাটিক আবহ।

    নির্মাতা মশিউর রহমান কায়েস জানান, পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হলে ‘নাওবিবি’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানো হবে।

  • নিজেকে কুমারী দাবি করলেন মডেল মেঘনা আলম

    নিজেকে কুমারী দাবি করলেন মডেল মেঘনা আলম

    ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন মডেল মেঘনা আলম। শুরু থেকেই আলোচনায় থাকলেও সম্প্রতি নানা বিতর্কের কারণে আবারো সংবাদ শিরোনাম হয়েছেন। এবার নিজের ফেসবুক পোস্টে নিজেকে ‘কুমারী’ দাবি করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

    চলতি বছরের ৯ এপ্রিল রাতে রাজধানীর নিজ বাসা থেকে মেঘনাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এরপর তাকে ৩০ দিন আটক রাখা হয়। চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখানো হয় মেঘনাকে। তবে ২৮ এপ্রিল জামিনে মুক্তি পান তিনি। সৌদি রাষ্ট্রদূত ঈসাকে ঘিরে বিভিন্ন সময়ে নানা মন্তব্য করে আলোচিত হয়েছেন মেঘনা।

    রবিবার (৩১ আগস্ট) এই মডেল নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে নিজেকে চরিত্রহীন বা লম্পট প্রমাণের যে কোন অপচেষ্টা বন্ধের আহ্বান জানিয়েছেন। ওই পোস্টে মেঘনা লেখেন, “আল-কোরআন আল্লাহর সর্বশেষ বাণী। আজ আদালতে আমি শপথ করেছি, সেই কোরআন হাতে নিয়ে যেটি আমাকে উপহার দিয়েছিলেন ঈসা, আরেকটি যেটি সৌদি বাদশাহ কর্তৃক মুদ্রিত ও দূতাবাসের সরকারি অনুষ্ঠানে বিতরণকৃত।”

    কারো সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন না করার কথা জানিয়ে মেঘনা লেখেন, “আমি আল-কোরআনের উপর হাত রেখে ঘোষণা করেছি, আমার জীবনে আমি কখনো কারো সঙ্গে যৌন সম্পর্ক করিনি, এমনকি ঈসার সাথেও নয়। আমাকে চরিত্রহীন বা লম্পট প্রমাণের যেকোনো অপচেষ্টা বন্ধ হোক।”

    নারীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মেঘনা। তার ভাষায়, “আমাদের সমাজে মানুষ প্রায়ই ভুল করে। দাড়ি-জুব্বা-বোরখা দেখলেই মনে করে সেটিই পবিত্রতার প্রতীক। আর কোনো নারী খোলামেলা পোশাক পরলেই ধরে নেয় সে সহজলভ্য। কিন্তু বাহ্যিক চেহারা দিয়ে অন্তর বোঝা যায় না।”

    নিজেকে কুমারী দাবি করে মেঘনা লেখেন, “আমি কোরআনের কসম খেয়ে বলছি, আমি কখনো সচেতন অবস্থায় কারো সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করিনি। আজ পর্যন্ত আমি কুমারী। শুধু ক্ষমতাধর কারো সঙ্গে বিয়ে ভেঙে দেওয়ার কারণে আমাকে মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করা হচ্ছে। ইতিহাসে বারবার নারীকেই অগ্নিপরীক্ষা দিতে হয়, অথচ পুরুষ থেকে যায় প্রশ্নহীন, নিরাপদ ও অব্যাহতি-প্রাপ্ত।”

  • অর্থকষ্টে ভুগেছেন অপু বিশ্বাস!

    অর্থকষ্টে ভুগেছেন অপু বিশ্বাস!

    ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। রুপালি পর্দায় দুজন অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। দর্শকদের অনেক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন তারা। এমনকি এক সময়ে ঢালিউডের সবচেয়ে ব্যস্ততম অভিনেত্রী ছিলেন অপু। অনেকে তাকে ঢালিউড কুইন হিসেবে আখ্যা দিয়েছিল। অথচ সেই তিনিই কি না ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় অর্থকষ্টে ভুগেছেন!

    সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটা নিজেই জানিয়েছেন অপু বিশ্বাস। এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে অপু জানান, এখন তিনি আর্থিকভাবে সফল হলেও একটা সময় অনেক অর্থকষ্টে ভুগেছেন।

    অপু বিশ্বাসের ভাষ্যে, ‘এই ঘটনাটি ঘটেছিল জয় জন্মানোর পর, যখন তাকে নিয়ে ভারত থেকে দেশে ফিরি। হাতে একেবারেই কোনো টাকা-পয়সা ছিল না, ব্যাংকে তো দূরের কথা। তখন বুঝেছি, যাদের অর্থের অভাব আছে তাদের প্রতিটি দিন কিভাবে হিসাব করে চলতে হয়। আমিও সেই থেকে মিতব্যয়ী হয়েছি অনেকটা।’

    এই নায়িকা আরও বলেন, ‘আপনারা দেখবেন আমি অনেক বেশি সোনার গয়না পরি। সোনার গয়না আমার খুব ভালো লাগে। তাই যখন নিয়মিত সিনেমা করতাম, তখন দেশে কিংবা দেশের বাইরে- যেখানেই কোনো সোনার গয়না পছন্দ হয়ে যেত, কিনে ফেলতাম। তখন তো কিনতাম শখ পূরণের জন্য। কিন্তু সেই গয়নাগুলোই যে আমার এমন বাজে পরিস্থিতিতে কাজে লাগবে, তা কখনো কল্পনাও করিনি। ওই সময় আমার অনেকগুলো সোনার গয়না বিক্রি করে ভালো অঙ্কের টাকা পাই, যা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলাম। এরপর তো আবার কাজে ফিরে একটু একটু করে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি।’

    সন্তান জন্মের পর সিনেমায় এই নায়িকাকে আর নিয়মিত দেখা যায়নি। বড় পর্দায় আগের সেই সফলতাও ধরে রাখতে পারেননি। বর্তমানে এই অভিনেত্রী বিভিন্ন পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যস্ত আছেন।

  • নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যাওয়ার ঘোষণা বর্ষা’র

    নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যাওয়ার ঘোষণা বর্ষা’র

    চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকমহল পরিচয় পায়েছেন আফিয়া নুসরাত বর্ষা। দীর্ঘ ১৫ বছরের অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন একগুচ্ছ সিনেমা। সম্প্রতি সংবাদিকদের সঙ্গে একান্ত আলাপকালে নিজের ব্যক্তিগত জীবন ও দেশের সাম্প্রতিক ইস্যুতে কথা বলেন বর্ষা।

    ওই সাক্ষাৎকারে রাজধানী ঢাকার ৩০০ ফিটে অবস্থিত নীলা মার্কেটে হাঁসের মাংসের স্বাদ নিতে যাবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। বর্ষার কথায়, আমি শুনেছি নীলা মার্কেটের হাঁসের মাংস বেশ মজার। আমি খুব শিগগিরই যাবো। এটা নিয়ে খুব কথা হচ্ছে শুনতেছি। হাঁসের মাংস খেতে আমি সত্যি যাবো।

    বিদেশে সফরের অভিজ্ঞতার কথা জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘প্রতি মাসে বিদেশ যাই। কোনো মাসে দুইবার যাই। বিদেশের এত স্মৃতি বলা মুশকিল। সর্বশেষ ঈদুল ফিতরে টোকিও গিয়েছিলাম। ওখানে নিলামে টোনা-ফিস বিক্রি হয়। পৃথিবীর সবচেয়ে বড় বড় টোনা মাছ ধরে নিয়ে এসে বিক্রি করে। সকালের সূর্য ওঠার আগে সব মাছ বিক্রি হয়ে যায়।’

    অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সরব থাকে অভিনেত্রী। মন্তব্যে ঘরে অনেকেই সমালোচনাও করেন। কীভাবে সামলান— জানতে চাইলে বর্ষা বলেন, ‘সবাই তো আমাকে ভালোবাসবে না এটাই স্বাভাবিক। এখানে একশো টা কমেন্ট পড়লে, একশোটা কেন আমার পক্ষে হতে হবে। যেগুলো আমার বিপক্ষে থাকে, আমি চেষ্টা করি কোন জিনিসগুলো তাঁরা আমার পছন্দ করছে না। ওই জিনিসগুলো ঠিক করার চেষ্টা করি।’

    সবশেষে স্বামী অনন্ত জলিল প্রসঙ্গে বর্ষা বলনে, ‘ও খুব বাঙালি ধাচের একটা ছেলে। যখন সে ডায়েট করে তখন ফুল ডায়েট করে। আবার যখন ডায়েট করে না তখন প্রতিদিনে একটু বাঙালি খাবার খেতেই হবে।’

  • ১৯ বছর পর বিটিভিতে ফিরছে ‘নতুন কুঁড়ি’

    ১৯ বছর পর বিটিভিতে ফিরছে ‘নতুন কুঁড়ি’

    দীর্ঘ ১৯ বছর পর শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অুনষ্ঠান ‘নতুন কুঁড়ি’ আবারও শুরু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। নতুন কুঁড়ি ফেরার খবর দর্শকদের মনে খুশির জোয়ার বয়ে এনেছে, কেউ কেউ হয়ে পড়ছেন স্মৃতিকাতর।

    মঙ্গলবার (১২ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব পেইজে এই তথ্য জানিয়েছে বিটিভি।

    মোস্তফা মনোয়ারের প্রযোজনায় ১৯৭৬ সালে বিটিভিতে শুরু হয় রিয়েলিটি শো নতুন কুঁড়ি। এরপর ২০০৬ সাল পর্যন্ত এই অনুষ্ঠানের সম্প্রচার চলে। সে সময় এই অনুষ্ঠানের তুমুল জনপ্রিয়তা ছিল। গান, নাচ, অভিনয়, আবৃত্তি ও অন্যান্য শিল্পকলার প্রদর্শনের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে তরুণ প্রতিভা খুঁজে বের করেছে এই অনুষ্ঠান। এমনকি অসংখ্য শিল্পী ও বিনোদনজগতের ব্যক্তিত্বের ক্যারিয়ার শুরুর মঞ্চে পরিণত হয়েছিল নতুন কুঁড়ি।

    মঙ্গলবারের ঘোষণার পর নতুন কুঁড়ির ভক্ত, সাবেক প্রতিযোগী ও সংস্কৃতিমনা মানুষসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস ও স্মৃতিচারণ করেছেন।

    অবশ্য এখনও অডিশন প্রক্রিয়া, সম্প্রচার সূচি বা ফরম্যাটের কোনো পরিবর্তন হবে কিনা এ সংক্রান্ত কোনো বিস্তারিত তথ্য জানায়নি বিটিভি।

    প্রথমবার ১৯৬৬ সালে পাকিস্তান টেলিভিশনে প্রচারিত হয়েছিল নতুন কুঁড়ি। স্বাধীনতার পর বিটিভিতে পুনরায় চালু হয়ে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয় এই অনুষ্ঠানটি। দেশের নানা প্রান্ত থেকে তরুণ প্রতিভা গড়ে তোলার জন্য বিশেষভাবে পরিচিত ছিল নতুন কুঁড়ি।

    বছরের পর বছর এই অনুষ্ঠান দর্শকদের সামনে হাজির করেছে বহু প্রতিভাবান শিল্পী, যারা পরবর্তীতে হয়ে উঠেছেন সবার পরিচিত মুখ।

    এদের মধ্যে রয়েছেন অভিনেত্রী তারানা হালিম, রুমানা রশিদ ঈশিতা, তারিন জাহান, মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ তিশা, জাকিয়া বারী মম, তমালিকা কর্মকার, সাবরিন সাকা মীম ও আজাদ রহমান শাকিল, গায়িকা সামিনা চৌধুরী, হেমন্তী রক্ষিত দাস ও মহবুবা মাহনুর চাঁদনীসহ আরও অনেকে। চলচ্চিত্র, টেলিভিশন, নাট্যাঙ্গন ও সঙ্গীতজগতে এসব শিল্পীরা নিজের ছাপ রেখেছেন।

    নতুন কুঁড়ি অনেকের জন্য কেবল প্রতিযোগিতা নয়, বরং আজীবনের শিল্পযাত্রার প্রথম ধাপ ছিল।

    ২০০৬ সালে বিটিভির আর্থিক সংকট, বেসরকারি চ্যানেলের উত্থান এবং গণমাধ্যম পরিস্থিতির পরিবর্তনের কারণে অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। দেশব্যাপী অডিশন, সরাসরি সম্প্রচার ও বিচার প্রক্রিয়া টিকিয়ে রাখা সময়ের সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ হয়ে ওঠে।

    ২০২০ সালে অনুষ্ঠানটি পুনরায় শুরু করার পরিকল্পনার খবর প্রকাশিত হলেও কোভিড-১৯ মহামারির কারণে তা সম্ভব হয়নি।

    দীর্ঘ বিরতির পরও নতুন কুঁড়ি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য প্রতীক হয়ে আছে। প্রত্যাবর্তনের খবরে আজও উচ্ছ্বাসে ভাসছে দর্শকরা।

  • হত্যাচেষ্টার মামলায় জামিন পেলেন শমী কায়সার

    হত্যাচেষ্টার মামলায় জামিন পেলেন শমী কায়সার

    জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জুবায়ের হাসান ইউসুফ নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী শমী কায়সার।

    সোমবার (১১ আগস্ট) হাইকোর্ট থেকে এ জামিন আদেশ পেয়েছেন তিনি।

    চলতি বছরে ৯ এপ্রিল ঢাকার উত্তরায় টঙ্গী সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফকে হত্যাচেষ্টার মামলায় শমী কায়সারকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকার সিএমএম আদালত।

    মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৪ আগস্ট টঙ্গী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফ (২০) আন্দোলনে অংশ নেন। ওই দিন দুপুর ১২টা ৫০ মিনিটে মিছিল নিয়ে আন্দোলনকারীরা উত্তরা পূর্ব থানাধনী আজমপুর এলাকায় পৌঁছালে আসামিদের ছোঁড়া গুলি জুবায়েরের বাম কাঁধে লাগার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হন জুবায়ের।

    এরপর গত ২২ আগস্ট ১১ জনকে এজাহারনামী ও অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে উত্তরা পূর্ব থানায় মামলা দায়ের করেন জুবায়ের। মামলায় সন্দেহভাজন আসামি অভিনেত্রী শমী কায়সার।

    গত ৮ ডিসেম্বর রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিনের জন্য আবেদন জানান এ অভিনেত্রী। আবেদনের শুনানি নিয়ে তাকে ৩ মাসের জামিন দেন হাইকোর্ট। পরে গত ১২ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত স্থগিত করেন তার জামিন।

    এর আগে, গত ৫ নভেম্বর দিবাগত রাতে উওরা ৪নং সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে আটক করা হয় শমী কায়সারকে। পরদিন ৬ নভেম্বর ইশতিয়াক মাহমুদ হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডে পাঠায় আদালত।