Category: বিনোদন

  • দোয়া চাইলেন শাবনূর, জানালেন ঈদের শুভেচ্ছা

    দোয়া চাইলেন শাবনূর, জানালেন ঈদের শুভেচ্ছা

    এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। পরিবার নিয়ে সেখানেই এখন তার স্থায়ী ঠিকানা। তবে সময় পেলেই দেশে আসেন, সময় কাটান সহকর্মী ও প্রিয়জনদের সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় তিনি। ভক্তদের উদ্দেশে ছবি ও ভিডিও শেয়ার করে রাখেন যোগাযোগও।

    ঈদুল আজহা উপলক্ষে শাবনূর তার ফেসবুক পেজে একটি ছোট ভিডিওবার্তা দিয়েছেন। সেখানে তিনি বলেন, ‘ঈদ মোবারক, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আমিও আমার পরিবার নিয়ে তোমাদের দোয়ায় ভালো আছি। সবাই ভালো থেকো, সবার জন্য আমার দোয়া।’

    বর্তমানে শাবনূর অস্ট্রেলিয়াতেই অবস্থান করছেন। কিছুদিন আগে মায়ের অসুস্থতার খবর পেয়ে দেশে এসেছিলেন। চিকিৎসার পর মাকে সঙ্গে নিয়ে তিনি আবারও অস্ট্রেলিয়ায় ফিরে যান। সেখান থেকেই ভক্তদের জানালেন ভালোবাসা ও ঈদের শুভেচ্ছা।

  • এবারের ঈদে ৬ সিনেমার লড়াই

    এবারের ঈদে ৬ সিনেমার লড়াই

    ঈদ মানেই সিনেমাপ্রেমীর জন্য এক উৎসব। সারাবছর দর্শকশূন্য প্রেক্ষাগৃহগুলো ঈদ এলে যেন প্রাণ ফিরে পায়। নতুন সিনেমার অভাবে যখন প্রেক্ষাগৃহের সংখ্যা কমতে কমতে এসে ঠেকেছে ষাটের ঘরে, তখনও একমাত্র ঈদকে ঘিরেই দেখা যায় আশার আলো। বছরজুড়ে মৌসুমি নির্মাতারা ঘুমিয়ে থাকলেও ঈদ এলে যেন ঘুম ভেঙে উঠে আসে তাদের স্বপ্নপূরণের তাড়না। এবারও কোরবানির ঈদকে সামনে রেখে ঘোষণা এসেছিল ১২টি সিনেমার মুক্তির। বাস্তবতার কশাঘাতে– প্রেক্ষাগৃহ সংকট, বুকিং এজেন্টদের অনীহা, আর্থিক অনিশ্চয়তা– পিছু হটেছেন অনেকে। ফলে ঈদে মুক্তি প্রতীক্ষিত তালিকায় শেষ পর্যন্ত টিকে আছে ছয়টি সিনেমা। এগুলো হলো– ‘তাণ্ডব’, ‘টগর’, ‘নীলচক্র’, ‘এশা মার্ডার: কর্মফল’, ‘ইনসাফ’ ও ‘উৎসব’। তালিকা থেকে বাদ পড়েছে ‘নাদান’ ও ‘শিরোনাম’– যেগুলোর নির্মাতারা ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন, এবার ঈদে তারা আসছেন না। অন্যদিকে, ‘পিনিক’, ‘সর্দারবাড়ির খেলা’ ‘আলী’ ও ‘গোয়ার’– এ সিনেমাগুলোর বিষয়ে সংশ্লিষ্টরা নিশ্চুপ।

    • তাণ্ডব : ঈদের সিনেমার মাঠে এবারও সবচেয়ে বড় চমক নিয়ে হাজির হচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। সদ্য মুক্তিপ্রাপ্ত পোস্টার ও টিজারে ধরা দিয়েছে শাকিবের নতুন লুক। তাঁর বিপরীতে প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূর। এ সিনেমায় আরও এক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দুই বাংলার অভিনেত্রী জয়া আহসান। একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে ঘিরে এগিয়েছে সিনেমার গল্প, যার ভেতরে রয়েছে টানটান উত্তেজনা আর অ্যাকশনের ঝলক। ইতোমধ্যে সিনেমার দুটি গান প্রকাশিত হয়েছে। এরমধ্যে সম্প্রতি প্রকাশিত হওয়া লিচুবাগানে গানটি দারুণভাবে আলোচিত হচ্ছে। এতে শাকিব খানের সঙ্গে সাবিলা নূরের পারফর্ম দারুণভাবে প্রশংসিত হচ্ছে। দুই দিনে প্রায় পাঁচ মিলিনিয় দর্শক দেখেছেন গানটি। এদিকে গতকাল সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছেন রায়হান রাফী। রাফী জানিয়েছেন, ‘তাণ্ডব নিয়ে সবাই যা ভাবছেন তার চেয়েও বড় চমক রয়েছে। তাণ্ডবে এমন কিছু দেখবেন, যা আগে কখনও দেখেননি দর্শক। আমার বিশ্বাস সিনেমাটি দেখে চমকে যাবেন সবাই।’

    • ইনসাফ : ঈদে মুক্তি পেতে যাচ্ছে আরও একটি আলোচিত সিনেমা ‘ইনসাফ’। সঞ্জয় সমদ্দারের পরিচালনায় এতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, মোশাররফ করিম ও শরিফুল রাজ। মাল্টিকাস্টিং এ সিনেমার মধ্য দিয়ে ফারিণ প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে বড়পর্দায় হাজির হচ্ছেন। অন্যদিকে, মোশাররফ করিম এ প্রথম বড়পর্দায় আসছেন নেতিবাচক চরিত্রে। সিনেমার গল্প আবর্তিত হয়েছে সমাজে বিচার ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামকে কেন্দ্র করে। সিনেমাটিতে নব্বই দশকের ‘কুলি’ সিনেমার ‘আকাশেতে লক্ষ তারা’ গানটির ফের নতুন করে সংযোগ করা হয়েছে। যে গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী মিলা। সিনেমাটি ইতোমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। সিনেমাটি নিয়ে আত্মবিশ্বাসী পরিচালক। তাঁর ভাষ্য, ‘বাণিজ্যিক সিনেমায় যা যা থাকা দরকার, তার সবই রয়েছে ইনসাফে। পাশাপাশি শরিফুল রাজ ও মোশাররফ করিমকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা দেখে দর্শকরা চমকে যাবেন। মোশাররফ করিমকেও এভাবে হাজির করা যায় যা তাদের নতুন করে ভাবাবে। আমার বিশ্বাস দর্শকরা সিনেমার প্রতিটি দৃশ্যেই হাততালি দেবেন।’

    • নীলচক্র : সাইবার অপরাধভিত্তিক থ্রিলার ‘নীলচক্র’ এবার ঈদে আসছে শুধু স্টার সিনেপ্লেক্সে। ‘নীলচক্র’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। তাঁর সঙ্গে আরও আছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। মিঠু খানের এই সিনেমা ইতোমধ্যে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়ে গেছে আমেরিকান ফিল্ম মার্কেটে। প্রযুক্তির কল্যাণে বিভিন্ন মাধ্যমে নেশায় বুঁদ হয়ে আছে নতুন প্রজন্ম। সেই সুযোগ কাজে লাগিয়ে আকর্ষণীয় নানা ফাঁদ তৈরি করে অনেকেই নিজেদের কার্যসিদ্ধি করে নিচ্ছেন। অনেকে পা দিচ্ছেন সেই ফাঁদে। প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে সাসপেন্স থ্রিলার সিনেমা ‘নীলচক্র’। নির্মাতা জানান, নীলচক্র অ্যাকশন সিনেমা নয়। তবে এই সিনেমায় যে গল্প রয়েছে তা দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখবে বলে আমার বিশ্বাস।

    • টগর : আলোক হাসানের পরিচালনায় ‘টগর’ নিয়ে পর্দায় ফিরছেন আদর আজাদ ও পূজা চেরী জুটি। অ্যাকশন ও থ্রিলার ঘরানার এ সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ বাড়ছে। পোস্টার, টিজার ও গান ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। নির্মাতা বলেন, টগর দারুণ এক অ্যাকশনধর্মী গল্পের ছবি। আমার বিশ্বাস, সিনেমাটি দর্শকদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে দেবে।

    • এশা মার্ডার: কর্মফল : আজমেরী হক বাঁধন অভিনীত ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটি এবার ঈদে মুক্তির তালিকায়। একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে বাঁধনের দৃপ্ত উপস্থিতি দেখা যাবে এখানে। তিন তরুণীর হত্যাকাণ্ড নিয়ে আবর্তিত হয়েছে গল্প। সানী সানোয়ার পরিচালিত সিনেমাটি মূলত মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়া হবে। বিভিন্ন চরিত্রে সিনেমাটিতে অভিনয় করেছেন পূজা, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, নিবিড় আদনান, হাসনাত রিপন, সরকার রওনক রিপন, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু, ইশিকা সাকিন, সৈয়দ এজাজ আহমেদ প্রমুখ। এ ছাড়া বিশেষ একটি চরিত্রে দেখা যাবে মিশা সওদাগর ও সুমিত সেনগুপ্তকে।

    • উৎসব : ‘ঈদের উৎসব, সিনেমার উৎসব’– এই স্লোগানকে সামনে রেখে নির্মাতা তানিম নূর হাজির হয়েছেন ‘উৎসব’ সিনেমা নিয়ে। একঝাঁক নাট্যশিল্পী ও নব্বই দশকের জনপ্রিয় মুখ জাহিদ হাসান, অপি করিম, সাদিয়া আয়মানসহ অনেকে অভিনয় করেছেন এতে। দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরছেন জাহিদ হাসানও। নির্মাতা জানান, ঈদের এই আনন্দে সিনেমার গল্পেই তুলে ধরেছি উৎসবের রং।
  • সারা জেরিনের ঈদ ফ্যাশন ও ফ্লেভার

    সারা জেরিনের ঈদ ফ্যাশন ও ফ্লেভার

    ঈদ মানেই উৎসব, আনন্দ আর ভালোবাসা ভাগাভাগির এক উজ্জ্বল উপলক্ষ। ঈদের দিনটি যেন পুরো বছরের জমিয়ে রাখা আবেগের এক রঙিন বিস্ফোরণ। নতুন জামা, প্রিয়জনদের সঙ্গে খাওয়া-দাওয়া, আর রান্নাঘরে রকমারি পদ তৈরির আনন্দে দিনটা হয়ে ওঠে বর্ণিল। কারও জন্য ঈদ মানে ফ্যাশন, সাজসজ্জা; কারও জন্য রান্নার ঘ্রাণে ভরা সকাল।

    আর কেউ কেউ এই দুই অভিজ্ঞতাকে মিলিয়ে নিজস্ব এক ঈদের গল্প লেখেন। ঠিক তেমনই একজন হচ্ছেন সারা জেরিন। এ বছরের ঈদটা তার জন্য একটু ব্যতিক্রম। জীবনে প্রথমবারের মতো মাকে ছাড়া ঈদ করছেন তিনি। মনখারাপের সুর তাই রয়ে গেছে সারাজুড়ে। তিনি বলেন,’এইবার ঈদে মা পাশে নেই, মনটা খারাপ ছিল। তবুও ছোট বাচ্চাটার জন্য একটু চেষ্টা করছি। ঈদ বলে কথা, ওর যেন আনন্দে ঘাটতি না হয়।’

    ঈদের সাজে হালকা ছোঁয়া
    ঈদের সাজে এবার একটু সংযত, একটু মিনিমাল লুকে নিজেকে সাজিয়েছেন সারা জেরিন। আগে ঈদ মানেই ছিল বড় শপিং, নতুন ডিজাইনের জামা, ম্যাচিং এক্সেসরিজ। কিন্তু এবারের ঈদে শপিংয়ে খুব একটা আগ্রহ ছিল না তার। বাচ্চাদের আগ্রহ ধরে রাখার জন্য তাদের শপিং করলেও নিজের জন্য কিছুই কেনেননি। তবে বাচ্চার আনন্দের খাতিরে কয়েকটি ড্রেস নিতে পারে বলে জানান তিনি।

    রান্নায় মায়ের ছোঁয়া
    রান্নাঘর যেন সারা জেরিনের স্মৃতির আবরণ। মা না থাকলেও তার রান্না করা খাবারের স্বাদ এখনো জিভে লেগে আছে। আর সেই স্বাদই নিজের রান্নায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন তিনি। আগে রান্না কম করলেও এবার ঈদের কয়েকদিন আগেই তৈরি করে ফেলেছেন মেনু। রান্না করবেন পায়েস এবং গরুর নানা পদ।

    গ্রামের মাটিতে ঢাকার স্বাদ
    ঈদের পরদিন সারা যাচ্ছেন খুলনায়। গ্রামের বাড়ির ঈদ মানেই অন্যরকম ভালো লাগা। সেখানেও রান্না করবেন তিনি, তবে এবার একটু ব্যতিক্রম স্বাদে। ঢাকার কিছু ফিউশন পদ নিয়ে যাচ্ছেন খুলনায়। বিফ স্টেক, কাবাব-পরোটা।

    সন্তানকে ঘিরে একটা ঈদ, অনেক রঙ
    সারা জেরিনের ঈদ মানে শুধু পোশাক বা রান্না নয়, বরং ভালোবাসা, দায়িত্ব আর স্মৃতিকে ধরে রাখা। মা না থাকলেও তার তৈরি করা আদর্শ আর আনন্দের রীতি এখন সারার হাতে। আর সে দায়িত্বই তিনি সন্তানদের পালন করছেন নিজের মতো করে সাজে, রান্নায় আর মমতায়। সন্তানদের ঘিরে ঈদকে সাজিয়ে নিতে চান অমূল্য স্মৃতির উপলক্ষ হিসেবে

    এইবার ঈদে সারা জেরিন অভিনীত নাটক আসছে পরিচালক রাজিব মনি দাসের
    সম্পত্তি বন্টন ও জামায় শ্বশুর জুয়ারি সাথে আছে তারিক স্বপন আর পরিচালক মেঘহিম পরিচালিত দুই মা; সাথে আছে অনিক রহমান অভি ।

  • ছাড়পত্র পেল শাকিব খানের ‘তাণ্ডব’

    ছাড়পত্র পেল শাকিব খানের ‘তাণ্ডব’

    আসন্ন ইদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’।

    বুধবার (৪ জুন) সিনেমাটি বিনাকর্তনে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। বিষয়টি সামাজিকমাধ্যমে নিশ্চিত করেছেন প্রযোজক শাহরিয়ার শাকিল।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২ ঘণ্টা ৯ মিনিট ৫২ সেকেন্ডের তাণ্ডব সম্প্রতি সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছিল। এরপর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে একটি মাত্র সংশোধনী দেন। স্বাস্থ্য-সম্পর্কিত সতর্কীকরণ বিধি অনুসারে চলচ্চিত্রে ‘ধূমপান / তামাক সেবন মৃত্যু ঘটায়’ সম্বলিত যে বার্তাটি উল্লেখ থাকে, সেটির ফন্ট সাইজ ‘বড়’ করার পরামর্শ দেন তাঁরা। এবার এই সংশোধনীর প্রেক্ষিতে আনকাট ছাড়পত্র পেল সিনেমাটি।

    এদিকে, তাণ্ডব দেখে ভূয়সী প্রশংসা করেছেন সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা আহমেদ। তিনি বলেন, ‘‘দুই দিন আগে স্ক্রিনিং হয়েছে তাণ্ডব-এর। ভালো হয়েছে ছবিটি। দারুণ মেকিং। এবারের ঈদের বাকি ছবিগুলোও ভালো হয়েছে। ‘ইনসাফ’, ‘নীলচক্র’, ‘টগর’, ‘এশা মার্ডার’ সবগুলোই দেখা হয়েছে। আশা করছি রোজার ঈদের মতো এবারও সবকটা ছবি ভালো চলবে।’’

    তাণ্ডব-এ শাকিবের নায়িকা হিসেবে রয়েছেন সাবিলা নূর। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। এ ছাড়াও অভিনয় করেছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকি, এফএস নাঈম প্রমুখ। শোনা যাচ্ছে, ক্যামিও চরিত্রে থাকছেন আফরান নিশো ও সিয়াম আহমেদ।

    সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। প্রযোজনায় এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ-প্রযোজনায় রয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত টেলিভিশন।

  • সন্তান জন্মের ছয় মাস পর অন্তঃসত্ত্বা অভিনেত্রী

    সন্তান জন্মের ছয় মাস পর অন্তঃসত্ত্বা অভিনেত্রী

    মাস ছয়েক আগে সন্তান জন্ম দেন টলিউড অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। এরমধ্যে গুঞ্জন ছড়িয়েছে ফের মা হতে চলেছেন দেবলীনা।

    ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেবলীনার কিছু ছবি ভাইরাল হয়েছে। যেখানে অনেকেই তার বেবি বাম্প দেখতে পেয়েছেন। স্বামী শাহনওয়াজের সঙ্গে তোলা ছবিগুলো দেখে চোখ কপালে নেটনাগরিকদের। কেউ কেউ ধর্ম নিয়ে কটাক্ষ করতেও ছাড়ছেন না।

    তবে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন দেবলীনা। তার কথায়, ‘এমন কিছুই হয়নি। আমার ডেলিভারির পর মাত্র ৬ মাস হয়েছে। যে কোনো কিছুই আজকাল খবর হয়ে যায়।’

    ২০১২ সালে ইসলাম ধর্মের অনুসারী প্রেমিক শাহনওয়াজ শেখকে বিয়ে করেন দেবলীনা। এ কারণে বেশ কটাক্ষের শিকার হতে হয় তাকে। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ছেলে হয় দেবলীনা ভট্টাচার্যের। শাহনওয়াজ ও দেবলীনা তাঁদের ছেলের নাম রেখেছেন জয়।

  • গান গেয়ে কটাক্ষের শিকার তাসনিয়া ফারিণ

    গান গেয়ে কটাক্ষের শিকার তাসনিয়া ফারিণ

    ছোটপর্দার আলোচিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। পর্দায় অনবদ্য অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে জায়গা করে নিলেও গান গেয়ে পড়ছেন কটাক্ষের মুখে । অভিনয়ের পাশাপাশি সংগীতশিল্পী হিসেবে অভিষেকের প্রথম গান প্রচারের পর আলোচনা ও প্রশংসা লাভ করলেও সমালোচনার মুখেও পড়তে হয়েছে এ অভিনেত্রীকে।

    গত বছর বিনোদনমূলক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে ‘রঙে রঙে’ গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন তাসনিয়া ফারিণ। কিন্তু একই গান পরবর্তীতে লন্ডনে একটি মঞ্চে গেয়ে কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি। বেসুরো গলায় গান গেয়ে রীতিমত ট্রলের শিকার হয়েছিলেন। এবারও যেন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

    সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাসনিয়া ফারিণের গাওয়া একটি গানের রিলস ভিডিও ঘুরে বেড়াচ্ছে। যেখানে ‘আমি বনফুল গো’ গানটি গাইতে দেখা যাচ্ছে তাকে। আর তার বেসুরো গলায় সেই গান শুনেই যেন মেজাজ হারিয়ে ফেলছেন সংগীতপ্রেমীরা এবং সংগীত সংশ্লিষ্টরা।

    প্রণব রায়ের লেখা ‘আমি বনফুল গো’ গানটি সুর করেছেন কিংবদন্তি সুরকার কমল দাশগুপ্ত। এতে প্রথম কণ্ঠ দিয়েছিলেন কানন দেবী। তারপর নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগম গেয়েছিলেন। এ গায়িকার পরিবেশনায় তুমুল জনপ্রিয়তা লাভ করে গানটি। তারপর অবশ্য অনেকেই ভালোবেসে কণ্ঠে তুলেছেন গানটি।

    এদিকে তাসনিয়া ফারিণের গলায় সেই ‘আমি বনফুল গো’ গান শোনার পর অনেকেই বলছেন, অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো না। কেউ কেউ বলছেন, এমন কালজীয় গানকে রীতিমত মেরে ফেলেছেন অভিনেত্রী। আবার কেউ কেউ তার বেসুরো গলার সমালোচনা করছেন।

    ছড়িয়ে পড়া ভিডিওর মন্তব্যের ঘরে দেখা যায় মিলি সুলতানা নামের একজন মন্তব্য করেছেন, ‘ওয়াক থু’, তুষার আদিত্য নামের একজন লিখেছেন, ‘ওরে মাইক্রোফোন দিছে কে?’। কেউ কেউ আবার ক্ষোভও প্রকাশ করেছেন। ইমরান হোসেন অপু নামের একজন মন্তব্য করেছেন, ‘আমি জাতির কাছে জানতে চাই, আমাদের দেশের সংগীতশিল্পীগুলো কি মরে গেছে?’

  • ‘অর্ধাঙ্গিনী’ সিক্যুয়েলেও থাকছেন জয়া-চূর্ণী

    ‘অর্ধাঙ্গিনী’ সিক্যুয়েলেও থাকছেন জয়া-চূর্ণী

    বছর দুয়েক আগে টলিউডে মুক্তি পেয়েছিল জয়া আহসান অভিনীত ‘অর্ধাঙ্গিনী’। মুক্তির পর কৌশিক গাঙ্গুলি পরিচালিত ছবিটি দর্শকের কাছে ভূয়সী প্রশংসা কুড়িয়ে নেয়। সিনেমাটির গল্প যেখানে শেষ হয়েছিল, সেখানে সিক্যুয়েলের সম্ভাবনাও ছিল। এরপর থেকেই মূলত দর্শকের অপেক্ষা। এবার সেই অপেক্ষা ফুরাতে চলেছে। অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিলেন নির্মাতা।

    এবার শিরোনাম ‘আজও অর্ধাঙ্গিনী’। মুখ্য চরিত্রে চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়া আহসান, কৌশিক সেন থাকছেন। নতুন চরিত্র হিসাবে যোগ দিচ্ছেন ইন্দ্রাশিস রায়। সব ঠিক থাকলে ১৫-১৬ জুন নাগাদ সিনেমাটির শুটিং শুরু হবে।

    জয়া আহসান

    বিষয়টি সামাজিকমাধ্যমে নিশ্চিত করেছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানও। সিনেমাটির লুক টেস্টের জন্য সম্প্রতি কলকাতায় গিয়েছিলেন তিনি। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে তাঁর লুকও।

    ভারতীয় গণমাধ্যমে জয়া আহসান বলেন, ‘‘ভীষণ পরিণত একটা গল্প ছিল ‘অর্ধাঙ্গিনী’। তার সিক্যুয়েলের অংশ হতে পারাটা বেশ আনন্দের। আগের ছবিটা দর্শক আপন করে নিয়েছিলেন। এবার তাদের সেই প্রত্যাশার চেয়ে বাড়তি কিছু ফিরিয়ে দেওয়াই আমাদের চ্যালেঞ্জ।’’

    পরিচালক কৌশিক কি প্রথম ছবির সময়েই দ্বিতীয় কিস্তির ভাবনা ভেবেছিলেন-এমন প্রশ্নে তিনি বলেন, ‘‘পরিচালকরা সবসময়ই পরের অংশ ভেবে রাখেন। একটা গল্প কত দূর যেতে পারে, এটা মাথার মধ্যে থাকে। ‘অর্ধাঙ্গিনী’ সফল না হলে হয়তো সেই ভাবনা বাস্তবে রূপ পেত না। প্রথমটি সফল হওয়ার পরই দ্বিতীয় ছবিটি করার কথা ঠিক করি। তবে অন্তত দু’বছরের একটা বিরতি দরকার ছিল।’’

    দর্শকের ভালবাসার মর্যাদা রাখতে পারার বিষয়টি উঠে এল চূর্ণীর কথাতেও, ‘একটা সফল ছবির পরের অংশ সব সময়েই কঠিন। সকলের প্রত্যাশা বেড়ে গিয়েছে।”

    এদিকে, জয়া আহসান বর্তমানে তাঁর আসন্ন ঈদুল আজহার সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি কলকাতায় সিনেমাটির ডাবিং করেছেন। এ ছাড়া তাঁর ‘ডিয়ার মা’ ছবির পোস্ট প্রোডাকশন চলছে।

  • কারামুক্ত হলেন নুসরাত ফারিয়া

    কারামুক্ত হলেন নুসরাত ফারিয়া

    গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

    মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি কাশিমপুর কারাগার থেকে বের হন। এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন।

    কামিশপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার এ তথ্য নিশ্চিত করে  বলেন, মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে কারাগারে নুসরাত ফারিয়ার জামিনের কাগজপত্র এসে পৌঁছেছে। যাচাই বাছাই শেষে তাকে কারাগার থেকে মুক্ত করা হয়।

  • নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর ঘটনা: সংস্কৃতি উপদেষ্টা

    নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর ঘটনা: সংস্কৃতি উপদেষ্টা

    নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

    সোমবার (১৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেছেন উপদেষ্টা।

    স্ট্যাটাসে তিনি লেখেন, আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে। কিন্তু আমার তো একটা পরিচয় আছে। আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দুইদিন পর সেখানেই ফিরে যাবো। নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না। এবং সেই নীতিই অনুসরণ করা হচ্ছিল।

    সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রসঙ্গে টেনে এনে ফারুকী লেখেন, ফারিয়ার বিরুদ্ধে এই মামলা তো অনেকদিন ধরেই ছিল। সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেফতারের কোনো উদ্যোগ নেওয়ার বিষয় আমার নজরে আসেনি। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনাটা ঘটে। আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকেই হয়তোবা এইসব ঘটনা ঘটে থাকতে পারে। কয়দিন আগে ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও এ রকম একটা ঘটনা ঘটেছে। এইসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না।

    স্ট্যাটাসে ফারুকী আরও লেখেন, আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে। এবং এই ধরনের ঢালাও মামলাকে আমরা আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারব- এই আশা। আমাদের মনে রাখতে হবে আমাদের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা।

    এর আগে রবিবার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে পুলিশ। এরপর তাকে গ্রেফতার দেখানো হয়।

    মামলার সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই ভাটারা থানাধীন এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেন এনামুল হক। এদিন আসামিদের ছোঁড়া গুলি ভুক্তভোগী পায়ে লাগে। পরে অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে এ বছরের ৩ মে মামলা করেন তিনি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৭ শিল্পীসহ ২৮৩ জনকে এজাহারনামীয় করা হয়েছে। এ মামলায় নুসরাত ফারিয়া ২০৭ নম্বর আসামি। মামলায় তাকে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

    আজ সোমবার (১৯ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    ২০২৩ সালে নুসরাত ফারিয়া শ্যাম বেনেগাল নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর এ সিনেমায় অভিনয়ের জন্য ব্যাপক সমালোচিত হন তিনি।

  • নুসরাত ফারিয়া কারাগারে

    নুসরাত ফারিয়া কারাগারে

    জুলাই আন্দোলন কেন্দ্রিক ভাটারা থানাধীন এনামুল হক হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

    সোমবার (১৯ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক মো. বিল্লাল ভূইয়া তাকে কারাগারে রাখার আবেদন করেন।

    আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর জামিনের বিরোধিতা করে।

    শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে ২২ মে তার জামিন শুনানির দিন ধার্য করেন।

    এর আগে রবিবার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে পুলিশ। এরপর তাকে গ্রেফতার দেখানো হয়।

    মামলার সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই ভাটারা থানাধীন এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেন এনামুল হক। এদিন আসামিদের ছোঁড়া গুলি ভুক্তভোগী পায়ে লাগে। পরে অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে এ বছরের ৩ মে মামলা করেন তিনি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৭ শিল্পীসহ ২৮৩ জনকে এজাহারনামীয় করা হয়েছে। এ মামলায় নুসরাত ফারিয়া ২০৭ নম্বর আসামি। মামলায় তাকে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।