গান গেয়ে কটাক্ষের শিকার তাসনিয়া ফারিণ

ছোটপর্দার আলোচিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। পর্দায় অনবদ্য অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে জায়গা করে নিলেও গান গেয়ে পড়ছেন কটাক্ষের মুখে । অভিনয়ের পাশাপাশি সংগীতশিল্পী হিসেবে অভিষেকের প্রথম গান প্রচারের পর আলোচনা ও প্রশংসা লাভ করলেও সমালোচনার মুখেও পড়তে হয়েছে এ অভিনেত্রীকে।

গত বছর বিনোদনমূলক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে ‘রঙে রঙে’ গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন তাসনিয়া ফারিণ। কিন্তু একই গান পরবর্তীতে লন্ডনে একটি মঞ্চে গেয়ে কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি। বেসুরো গলায় গান গেয়ে রীতিমত ট্রলের শিকার হয়েছিলেন। এবারও যেন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাসনিয়া ফারিণের গাওয়া একটি গানের রিলস ভিডিও ঘুরে বেড়াচ্ছে। যেখানে ‘আমি বনফুল গো’ গানটি গাইতে দেখা যাচ্ছে তাকে। আর তার বেসুরো গলায় সেই গান শুনেই যেন মেজাজ হারিয়ে ফেলছেন সংগীতপ্রেমীরা এবং সংগীত সংশ্লিষ্টরা।

প্রণব রায়ের লেখা ‘আমি বনফুল গো’ গানটি সুর করেছেন কিংবদন্তি সুরকার কমল দাশগুপ্ত। এতে প্রথম কণ্ঠ দিয়েছিলেন কানন দেবী। তারপর নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগম গেয়েছিলেন। এ গায়িকার পরিবেশনায় তুমুল জনপ্রিয়তা লাভ করে গানটি। তারপর অবশ্য অনেকেই ভালোবেসে কণ্ঠে তুলেছেন গানটি।

এদিকে তাসনিয়া ফারিণের গলায় সেই ‘আমি বনফুল গো’ গান শোনার পর অনেকেই বলছেন, অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো না। কেউ কেউ বলছেন, এমন কালজীয় গানকে রীতিমত মেরে ফেলেছেন অভিনেত্রী। আবার কেউ কেউ তার বেসুরো গলার সমালোচনা করছেন।

ছড়িয়ে পড়া ভিডিওর মন্তব্যের ঘরে দেখা যায় মিলি সুলতানা নামের একজন মন্তব্য করেছেন, ‘ওয়াক থু’, তুষার আদিত্য নামের একজন লিখেছেন, ‘ওরে মাইক্রোফোন দিছে কে?’। কেউ কেউ আবার ক্ষোভও প্রকাশ করেছেন। ইমরান হোসেন অপু নামের একজন মন্তব্য করেছেন, ‘আমি জাতির কাছে জানতে চাই, আমাদের দেশের সংগীতশিল্পীগুলো কি মরে গেছে?’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *