Home বিনোদন ভালোবাসায় ভাসছেন ইধিকা

ভালোবাসায় ভাসছেন ইধিকা

ভালোবাসায় ভাসছেন ইধিকা

কলকাতার ছোটপর্দা পেরিয়ে অভিনেত্রী ইধিকা পাল বড়পর্দায় পা রাখেন ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে। যেখানে তিনি ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে বাজিমাত করেন। হিমেল আশরাফের পরিচালনায় ২০২৩ সালের ২৯ জুন মুক্তিপ্রাপ্ত এ ছবিতে ইধিকার প্রাণবন্ত ও চঞ্চল চরিত্রটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেয় খুব সহজেই।

এরপর থেকেই দর্শকের মনে প্রশ্ন জাগতে থাকে, আবার কবে দেখা যাবে শাকিব-ইধিকা জুটিকে? অবশেষে সে অপেক্ষার অবসান ঘটে এবারের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘বরবাদ’-এর মাধ্যমে। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় তৈরি এ সিনেমায় ফের একসঙ্গে কাজ করে রুপালি পর্দায় ঝড় তুলেছেন তারা। প্রিয়তমার সফল জুটির রসায়ন কাজে লাগিয়ে বরবাদে নতুন মাত্রা আনেন নির্মাতা, আর ইধিকা তার ওপর ভরসার প্রতিদান দেন দারুণভাবে। ছবির ‘নিঃশ্বাস’, ‘চাঁদমামা’ ও ‘দ্বিধা’র মতো গানগুলো যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমন প্রশংসিত হয়েছে ইধিকার পরিণত অভিনয়।

প্রিয়তমার পর বরবাদে দর্শক সাড়ায় ইধিকা পাল বলেন, প্রিয়তমায় কাজের অভিজ্ঞতাটা একদম আলাদা, কারণ ওটা ছিল আমার প্রথম সিনেমা। খুবই আবেগের। যেহেতু প্রথম সিনেমা ছিল, তাই এ ভাবনাটা মাথায় ছিল যে আমাকে খুব ভালো করতে হবে, যেন দর্শকের ভালোবাসাটা পাই আমি। কিন্তু বরবাদের ক্ষেত্রে ভাবনাটা এমন ছিল যে, আমাকে আরও ভালো করে কাজ করতে হবে, যাতে আগের পারফরম্যান্স থেকে এক ধাপ হলেও ভালো হয়।

তিনি বলেন, আমাকে ঘিরে দর্শকের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, সে প্রত্যাশা পর্যন্ত যেন ছুঁতে পারি, এমনটাই মাথায় ছিল বরবাদে কাজ করার সময়। আর শাকিব খানের সঙ্গে এটা ছিল আমার দ্বিতীয় ছবি। এ জুটিকে দর্শক যে ভালোবাসা দিয়েছেন, বরবাদে যেন সে ভালোবাসা আরও বেড়ে যায়, এমনটাও ভাবনায় ছিল আমার।

ইধিকা বলেন, সব মিলিয়ে বরবাদ মুক্তির পর যে সাড়া পাওয়া যাচ্ছে তাতে এটা বলতে পারি, আমার যা যা প্রত্যাশা ছিল তার সবই পূরণ হয়েছে। আমি বাংলাদেশের সব দর্শকের প্রতি ভীষণ কৃতজ্ঞ। তাদের ভালোবাসার কাছে আমি ঋণী হয়ে রইলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here