ধর্ষণে অভিযুক্ত যবিপ্রবি শিক্ষক সুজনকে সাময়িক বরখাস্ত

ধর্ষণে অভিযুক্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. সুজন চৌধুরীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৬ এপ্রিল) যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. সুজন চৌধুরীর বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ এবং বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশ অনুযায়ী বিষয়টি গুরুতর হওয়ায় যবিপ্রবি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সাধারণ আচরণ, শৃঙ্খলা ও আপিল সংক্রান্ত বিধির ২ (ঙ) এবং ৫ (ড) অনুযায়ী শিক্ষকের নৈতিকতা, দায়িত্ববোধ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির পরিপন্থি বিধায় বিধি- ১৫ (১) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে সাময়িক বরখাস্তকালীন সময়ে সবার নিরাপত্তার স্বার্থে ড. সুজনকে প্রশাসনিক, একাডেমিকসহ বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য এবং কর্মস্থলে না আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, যবিপ্রবি শিক্ষক ড. সুজন চৌধুরীর বিরুদ্ধে সম্প্রতি ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। এছাড়াও তাকে উপযুক্ত শাস্তি এবং বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট লিখিত অভিযোগও দিয়েছেন ভুক্তভোগী ওই নারী। জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের বিরোধিতা ও অবমাননার অভিযোগও রয়েছে ড. সুজন চৌধুরীর বিরুদ্ধে।

অদৃশ্য ক্ষমতার বলে শাস্তি না পাওয়া ড. সুজন চৌধুরী এর আগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিজ বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়াও নারী শিক্ষার্থীদের হয়রানি করার অভিযোগ থাকলেও তার ক্ষমতার কারণে মুখ খোলেনি কোনো ভুক্তভোগী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *