বারবার কেন সংসার ভাঙে, জানালেন শ্রাবন্তী

দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে জায়গা করে নিলেও ব্যক্তিজীবন নিয়ে নানা বিতর্ক রয়েছে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির।

শ্রাবন্তী ব্যক্তিজীবনে তিনবার বৈবাহিক সম্পর্কে জড়িয়েছেন। কোনো সম্পর্কই দীর্ঘদিন টিকে উঠেনি। সবশেষ তৃতীয় বিয়েবিচ্ছেদ আদালত পর্যন্ত গড়িয়েছে। পরবর্তীতে অবশ্য একাধিকবার নতুন সম্পর্কে জড়ানো নিয়ে প্রশ্ন উঠেছে। নানা জটিলতা কাটিয়ে উঠে নিজেকে প্রতিবারই শক্ত অবস্থানে রেখেছেন। এখন প্রশ্ন উঠেছে, আবারও কি বিয়ে করবেন? বিয়েতে কী বিশ্বাসী তিনি, আর কেনই বা আগের সম্পর্কগুলো ডিভোর্সে গড়িয়েছে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে উল্লেখিত এসব ব্যাপারে খোলামেলা কথা বলেছেন টালিউড তারকা শ্রাবন্তী। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এ অভিনেত্রী বলেন, আমি এখনো বিয়েতে বিশ্বাস করি। কেননা, আমি আমার মা-বাবাকেও দেখেছি। আমি মনে করি যারা বিয়ে করেছেন, তারা ভালো থাকুন। তাদের যেন একে অপরের প্রতি স্বচ্ছতা বজায় থাকে। আর কেন বিয়ে করব না? এটা তো যুগ যুগ ধরে দেখে আসছি।

এ অভিনেত্রীর কোনো বৈবাহিক সম্পর্কই স্থায়িত্ব লাভ করেনি। কেন স্থায়িত্ব হয়নি, এ ব্যাপারে শ্রাবন্তী বলেন, আমার যেটি ভুল ছিল, আমি জীবনে ভুল মানুষ বেছে নিয়েছিলাম। যা হয়তো আমার আরও ভালো করে বুঝে তবেই সিদ্ধান্ত নেয়া উচিত ছিল। আমি একটু বেশিই ইমোশনাল মানুষ। এ ক্ষেত্রে আমার মনে হয়, আবেগে না ভেসে আরও বাস্তব বুদ্ধি দিয়ে জীবনকে ভেবে দেখা উচিত ছিল। বলব, নিজের ভালো থাকা বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি নিজের সম্মান যেখানে বজায় থাকবে, সেখানে এগিয়ে যাওয়া উচিত।

টালি তারকা আরও বলেন, জীবন একটাই, এ জন্য লোকে কী বলছে না বলছে তা দেখে সেদিকে যাওয়া ঠিক নয়। নিজের মন যা বলে, যা করলে মনে হয় ভালো হবে সেটিই করা উচিত। কেননা, কেউ পরিপূর্ণভাবে কারো জায়গা অনুভব করতে পারে না। এ জন্য সবার আগে নিজেকে নিজের ভালোবাসা উচিত।

প্রসঙ্গত, বয়স ১৮ হওয়ার আগেই নির্মাতা রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। ওই সংসারে ছেলে ঝিনুক ওরফে অভিমন্যুর জন্ম হয়। এরপর ২০১৬ সালে রাজীবের সঙ্গে বিচ্ছেদ হয় তার। পরে নতুন করে প্রেমে পড়েন অভিনেত্রী। কৃষাণ ব্রিজের সঙ্গে দ্বিতীয় বিয়ে হয়। কিন্তু এ বিয়েও টিকেনি।

মাত্র একবছর পরই বিচ্ছেদ হয়। তারপর তৃতীয়বার রোশন সিংকে বিয়ে করেন। অনেকটা চুপিসারে বিয়ে করলেও বছর ঘোরার আগেই সমস্যা দেখা দেয় তাদের। আলাদা থাকতে শুরু করেন তারা। এরপর দীর্ঘদিন আইনি প্রক্রিয়া চলতে থাকে এবং সবশেষ চলতি বছরের এপ্রিলে আইনিভাবে বিচ্ছেদ হয় রোশন-শ্রাবন্তীর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *