শিরোনাম
Advertisement
ক্যাম্পাসের ভেতরে

আবু সাঈদ হত্যা মামলা

বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার

Advertisement

জুলাই গণঅভ্যুত্থানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১২৩তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

স্থায়ীভাবে বহিষ্কৃত শিক্ষকদের মধ্যে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান এবং লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল।

বহিষ্কৃত কর্মকর্তা-কর্মচারীরা হলেন—সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, সাবেক সহকারী রেজিস্ট্রার হাফিজুর রহমান ওরফে তুফান, সেকশন অফিসার মনিরুজ্জামান পলাশ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মাহাবুবার রহমান ওরফে বাবু, এমএলএসএস মোহাম্মদ নুরুন্নবী মণ্ডল, এ কে এম আমির হোসেন ওরফে আমু এবং নিরাপত্তাকর্মী নূর আলম মিয়া। একই সিদ্ধান্তে প্রক্টর অফিসে মাস্টার রোলে কর্মরত পারভেজ আপেলকেও বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের সামনে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার বিচার শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিভিন্ন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেন।

এ বিভাগের আরও সংবাদ