শিক্ষকদের পেনশনের অর্থ লুটপাটের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী প্রকৌশলী ইশরাক হোসেন, এমপি। পাশাপাশি শিক্ষকদের কষ্টার্জিত অর্থ ফেরত আনার বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) পুরান ঢাকার লক্ষ্মীবাজারে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)–এর ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতির নতুন কমিটির সভাপতি ও মহাসচিব-এর নাম ঘোষণা করেন প্রতিমন্ত্রী ইশরাক। এতে সভাপতি মনোনীত হন মো. সাইদুর রহমান সরকার এবং মহাসচিব মো. রেজাউল করিম লিটন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকরা দেশের নতুন প্রজন্মকে আলোকিত ও শিক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ অনেক শিক্ষক অবসরের পর পেনশনের অর্থের ওপর নির্ভর করে জীবনযাপনের পরিকল্পনা করেন। সেই অর্থ কোনো গোষ্ঠী লুটপাট করে থাকলে বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা প্রয়োজন। আপনাদের পেনশনের টাকা যেই গোষ্ঠী লুটপাট করেছে, তাদের চিহ্নিত করেন। তারা যতবড়ই হোক না কেন, তাদের বিরুদ্ধে মামলা করেন। আমাদের সরকার অবশ্যই নিশ্চিত করবে, তাদের উপযুক্ত বিচার ও শাস্তির আওতায় আনা যায়। শিক্ষকদের পেনশনের অর্থ উদ্ধারের প্রয়োজনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহযোগিতা নেওয়ার কথা জানান ইশরাক।
শিক্ষকদের বেতন ও সুযোগ-সুবিধা নিয়েও কথা বলেন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য। তিনি বলেন, দেশের মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানো হচ্ছে না। এ কারণে অবসরপ্রাপ্ত অনেক শিক্ষক পেনশনের অর্থের দিকে তাকিয়ে থাকেন। শিক্ষকেরা দেশের জন্য গুরুত্বপূর্ণ ‘মেহনতি প্রফেশনাল’। তাদের অধিকার ও সমস্যা সমাধানে তিনি নিজের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। বক্তব্যের শেষ দিকে তিনি শিক্ষকদের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, শিক্ষকদের প্রাপ্য সম্মান ও অধিকার নিশ্চিত করতে কাজ করতে পারলে নিজেকে ধন্য মনে করবেন তিনি।






