২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা থাকলেও সেই তারিখ পরিবর্তন করে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানন বলেন, ফলাফল প্রকাশের তারিখে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ৩১ অক্টোবর সকাল ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।
এর আগে গত ২৪ অক্টোবর অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের তথ্য জানানো হয়।শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সেই অনুযায়ী ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়।
সারাদেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই।
এবার এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি বোর্ডে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। মোট কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৬৯৭টি এবং পরীক্ষায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি।





