এবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রাথমিক শাখার সদস্যসহ চার কর্মকর্তাকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে পাঁচ দিনের ব্যবধানে সংস্থাটির ১৪ কর্মকর্তাকে বদলি করা হলো। এর আগে ২৫ ও ২৬ অক্টোবর দুই দফায় এনসিটিবির ১০ কর্মকর্তাকে বদলি করা হয়।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। চারজনকেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে ঢাকার বাইরে দূরের বিভিন্ন কলেজে সংযুক্ত করা হয়েছে।
বদলি করা চার কর্মকর্তার মধ্যে এনসিটিবির সদস্য (প্রাথমিক) অধ্যাপক মো. ইকবাল হায়দারকে পঞ্চগড় সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া অধ্যাপক মো. আব্দুল মুমিন মোচ্ছাব্বিরকে বান্দরবান সরকারি মহিলা কলেজ, অধ্যাপক মো. সাফায়েত আলমকে কুড়িগ্রাম সরকারি কলেজ ও সংস্থাটির উপসচিব (সহযোগী অধ্যাপক) সিরাজুল ইসলামকে খুলনার সরকারি ব্রজলাল কলেজে সংযুক্ত করা হয়েছে।
বদলি করা এই চার কর্মকর্তাদের আগামী ১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল ছাড়তে (অবমুক্ত হওয়া) বলা হয়েছে। অন্যথা একই তারিখে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।





