চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ শনিবার। বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে ফলাফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ফলাফল প্রকাশ কার্যক্রম উদ্বোধনের সঙ্গে সঙ্গেই ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।
সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরপত্র পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের জন্য অনলাইনের মাধ্যমে আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
গত ২৯ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের কথা ছিল। পরে তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত জানায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। তাদের জন্য সারা দেশে ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্র ছিল।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নেয় ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৩৯৩ জন। তারা ৩১০টি কেন্দ্রে পরীক্ষা দেয়। রাজশাহী শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন, যশোরে ১ লাখ ১৭ হাজার ২১০, দিনাজপুরে ১ লাখ ১৩ হাজার ৪৭৯, চট্টগ্রামে ৯৯ হাজার ৬৮৮ ও কুমিল্লায় ৯৪ হাজার ৮০২ জন শিক্ষার্থী। এ ছাড়া ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৭৩ হাজার ৩৭ জন, সিলেটে ৭১ হাজার ৭১১ ও বরিশালে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী ছিল।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
ফলাফল জানবেন যেভাবে
পরীক্ষার্থীরা পরীক্ষার ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারবেন। এছাড়া শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট https://eduboardresults. gov. bd https://educationboardresults. gov. bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন।
এছাড়া মোবাইলে এসএমসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। পরীক্ষার্থীরা যে কোনো মোবাইল নম্বর থেকে 16140 নম্বরে SMS প্রেরণের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। SMS-এর মাধ্যমে ফলাফল জানতে HSC < Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর < Space> রোল নম্বর < Space> পরীক্ষার বছর লিখে 16140 নম্বরে পাঠাতে হবে। উদাহরণঃ HSC Dha 123456 2026 লিখে 16140 নম্বরে Send করতে হবে।





