শিরোনাম
Advertisement
ক্যাম্পাসের ভেতরে

কালবেলার প্রতিবেদন

ইডেনের হলে বসবাস কর্মচারীদের, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছাত্রীরা

Advertisement

রাজধানীর ইডেন মহিলা কলেজের হজরত আয়েশা সিদ্দিকা (রা.) হলের বাগানের জমিতে ৩০ বছরেরও বেশি সময় ধরে বসবাস করছে কলেজেরই তিন কর্মচারীর পরিবার। শুধু তা-ই নয়, তারা অবৈধভাবে ব্যবহার করছেন ছাত্রীনিবাসের গ্যাস ও বিদ্যুৎ সংযোগও। অথচ এ হলের আবাসিক ছাত্রীদের গ্যাস ও পানি ব্যবহারের জন্য বছরে ৬০০ টাকা বিল পরিশোধ করতে হয়। আর এ কর্মচারীরা নিজেদের আর্থিকভাবে অসচ্ছল দেখিয়ে এখানে বাস করলেও তাদের মধ্যে কারও কারও কেরানীগঞ্জ ও রাজধানীতে জমি রয়েছে। আবার হলে আবাসিক ছাত্রীদের আত্মীয়স্বজনের যাতায়াতে বিধিনিষেধ থাকলেও এসব কর্মচারীর আত্মীয়স্বজনরা যাতায়াত করেন অবাধে। ছাত্রীনিবাসের ভেতরের সংবেদনশীল জায়গায় পুরুষদের বসবাসের কারণে ছাত্রীদের প্রাইভেসি ক্ষুণ্ন হওয়া ছাড়াও তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে অনেকদিন ধরেই ছাত্রীরা তাদের অস্বস্তি আর নিরাপত্তাহীনতার কথা বলে এলেও হলের জমি থেকে এসব কর্মচারীকে উচ্ছেদ কিংবা বিষয়টির স্থায়ী সমাধানে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ না থাকায় আবাসিক ছাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

  • তিন দশকেও উচ্ছেদ হয়নি অবৈধ স্থাপনা

সংশ্লিষ্ট সূত্র ও সরেজমিন অনুসন্ধানে জানা যায়, দুই দশকের বেশি সময় ধরে এসব জমিতে অবৈধভাবে ঘরবাড়ি বানিয়ে বসবাস করছে কলেজের মূল ফটকের নিরাপত্তা প্রহরী দুলাল মিয়া, পানির পাম্প পরিচালক চাঁন মিয়া, কলেজের একাডেমিক ভবন ও হলের পরিচ্ছন্নতাকর্মী সমলা বেগমের পরিবার। অবশ্য এসব পরিবারের একাধিক ব্যক্তি কলেজের বিভিন্ন দপ্তরে কর্মচারী হিসেবে কাজ করেন। অনেকদিন ধরে এ বিষয়টি চললেও তাদের উচ্ছেদ বা জমি পুনরুদ্ধারে প্রশাসনের দৃশ্যমান তৎপরতা না থাকায় কলেজের সম্পত্তি রক্ষায় প্রশাসনের এ নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

কলেজের মূল ফটকের নিরাপত্তা প্রহরী দুলাল মিয়া বলেন, ‘আমরা অনেকদিন ধরেই এখানে বসবাস করছি। আমাদের এখান থেকে একবার তুলে দেওয়ার কথা বলেছিল। কিন্তু পরে আর আমাদের কিছু বলা হয়নি।’

কলেজের পানির পাম্প পরিচালক চাঁন মিয়া বলেন, আমার মা এখানে ঘর তুলে বসবাস শুরু করেছিলেন। আমার ধারণা, এখানে আমরা ৩০ বছর ধরে আছি। পরিচ্ছন্নতাকর্মী সমলা বেগমের মেয়ে আমেনা বেগমও এ কলেজে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। তিনি বলেন, আগে একবার কলেজের অধ্যক্ষ আমাদের বের করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পরে আর বের করে দেওয়া হয়নি।

এ শিক্ষাপ্রতিষ্ঠানের হলের বাগানের জমিতে কয়েক দশক ধরে কয়েকজন কর্মচারী তাদের পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করায় ছাত্রীরা এক ধরনের অস্বস্তিতে আছেন, তাদের প্রাইভেসি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি অনিরাপদ বোধ করছেন তারা। এসব কর্মচারীর পরিবারে পুরুষ সদস্যরাও রয়েছেন।

হলের অন্তত ১০ জন শিক্ষার্থী বলেন, ‘ছাত্রীদের আবাসনের জন্য নির্ধারিত জায়গায় পুরুষদের বসবাসের কারণে হলের আবাসিক পরিবেশ, ছাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। চাইলেও হলে স্বস্তিতে থাকা যাচ্ছে না।’

  • বিল না দিয়েই গ্যাস-বিদ্যুৎ ব্যবহার

খোঁজ নিয়ে জানা যায়, কলেজের আবাসিক হলের ছাত্রীদের প্রতি বছর ইউটিলিটি বিল হিসেবে ৬০০ টাকা করে পরিশোধ করতে হয়। বছরের শুরুতেই এ বিল দিতে হয়। অথচ অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে কোনো ইউটিলিটি বিল পরিশোধ ছাড়াই সেখানে বসবাস করছেন এসব কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। তারা ছাত্রীনিবাসের গ্যাস ও বিদ্যুৎ লাইন থেকে অবৈধভাবে সংযোগ নিয়েছে। তাদের ঘরে ফ্রিজ, টিভিসহ আধুনিক বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য রয়েছে বলে জানা গেছে।

বিষয়টি স্বীকার করে কলেজের অধ্যক্ষ শামীম আরা বেগম বলেন, এসব কর্মচারী গ্যাস ও বিদ্যুৎ বিল না দিয়ে এখানে বসবাস করছেন। আমি আসার আগে থেকেই তারা এখানে বসবাস করছেন। তাদের বসবাসেরই তো কোনো নিয়ম নেই, তাই তাদের কাছ থেকে কোনো বিদুৎ ও গ্যাস বিল নেওয়া হয়নি।’

  • নিজের জমি থাকলেও কলেজে বসবাসের অভিযোগ

এসব কর্মচারীর মধ্যে কারও কারও কেরানীগঞ্জে ও অন্যান্য স্থানে জমি রয়েছে বলেও জানা গেছে। এ বিষয়ে মেনগেটের নিরাপত্তা প্রহরী দুলাল জানান, কেরানীগঞ্জে তার নিজের জমি আছে, অনেক কষ্ট করে কিনেছেন। সেটা নিয়ে অনেক ঝামেলা ছিল, এখন সমাধান হয়েছে। আর কলেজের পানির পাম্প পরিচালক চাঁন মিয়া বলেন, ‘ঢাকায় আমার মায়ের কেনা জমি রয়েছে, তবে সেটা নিয়ে আইনি ঝামেলা চলছে।’

  • প্রশাসনের ‘নীরব’ ভূমিকা নিয়ে প্রশ্ন

সার্বিক বিষয়ে আয়েশা সিদ্দিকা (রা.) হলের সুপার মোছা. দিল আফরোজ চৌধুরী বলেন, আগে এক অধ্যক্ষ তাদের উচ্ছেদের কথা বলেছিলেন। কিন্তু নানা কারণে তখন তাদের উচ্ছেদ করা সম্ভব হয়নি। তাদের বহিরাগত আত্মীয়স্বজনের প্রবেশের বিষয়ে কলেজের বিধিনিষেধ রয়েছে। এরপরও যদি তারা এসব বিধিনিষেধ না মানে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীম আরা বলেন, আমি স্বল্প সময় হলো এ কলেজে নিয়োগ পেয়েছি। তবে তারা অনেক আগে থেকেই এখানে বসবাস করছে। আমার ধারণা, মানবিক দিক বিবেচনায় হয়তো হলের জমিতে তাদের বসবাস করার সুযোগ দেওয়া হয়েছিল। আমরা দ্রুত কাউন্সিল গঠন করে তাদের এখান থেকে সরিয়ে বাসস্থানের বিকল্প ব্যবস্থা করব।

এ বিভাগের আরও সংবাদ