চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় বিগত ২২ বছরের মধ্যে সবচেয়ে বড় বিপর্যয় হয়েছে। কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও। পাসের হার ও জিপিএ-৫ কমার প্রভাব পড়বে উচ্চশিক্ষায়। এবার এইচএসসি পাস করা সব শিক্ষার্থী ভর্তি হলেও উচ্চশিক্ষায় প্রায় ৭ লাখ আসন ফাঁকা থাকবে। ফলে অনেক বিশ্ববিদ্যালয় ও কলেজ খুঁজে পাবে না শিক্ষার্থী।
সংশ্লিষ্টরা বলছেন, পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজগুলোতে সীমিত আসনের বিপরীতে কিছুটা প্রতিযোগিতা থাকলেও অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার্থী সংকট দেখা দিতে পারে। ফলে এসব অনেক প্রতিষ্ঠানকেই ভর্তির যোগ্যতা শিথিল করা লাগতে পারে।
তবে এ সংকট দূর করতে শিক্ষক ও অবকাঠামো অনুপাতে একটি প্রতিষ্ঠান কতজন শিক্ষার্থী ভর্তি করতে পারবে, তা খুঁজে বের করার তাগিদ দিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞরা। কারণ অনেক প্রতিষ্ঠানই তাদের সক্ষমতার বেশি শিক্ষার্থী ভর্তি করতে পারে। সঠিক যাচাই করে সে অনুপাতে শিক্ষার্থী ভর্তি করতে পারলেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করা অনেকটা সম্ভব বলে মনে করেন তারা।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর উচ্চশিক্ষায় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোতে প্রায় ১৩ লাখ ৪০ হাজার আসন রয়েছে। আর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছে মাত্র ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ শিক্ষার্থী। ফলে সব শিক্ষার্থী ভর্তি হলেও প্রায় ৬ লাখ ৯৩ হাজার ৩১৫ আসন ফাঁকা থাকছে।
গত বছর এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। এর মধ্যে জিপিএ-৫ পায় ৬৯ হাজার ৯৭ শিক্ষার্থী। এ বছর গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা রেকর্ড-সংখ্যক কমেছে। এর মধ্যে পাসের হার গত বছরের তুলনায় ৬ দশমিক ৭১ শতাংশ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার ১৩ জন কমেছে। এর আগে ২০২৪ সালে এইচএসসিতে পাস করেছিল ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ শিক্ষার্থী। পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১ শিক্ষার্থী। আর এবারের পাসের হার ২২ বছরের মধ্যে সবচেয়ে কম। এর আগে ২০০৪ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ। এরপর আর কখনো এত খারাপ ফল হয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, উচ্চশিক্ষায় ১৩ লাখ ৪০ হাজার আসনের মধ্যে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজে আসন রয়েছে ৯ লাখ ২১ হাজার। বাকি ৪ লাখ ১৯ হাজার আসন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের স্নাতক ও স্নাতক (পাস) কোর্সে। তবে কোন শ্রেণির প্রতিষ্ঠানে কতটি আসন, তা জানাতে পারেনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
ইউজিসিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসএসসি ও এইচএসসিতে ভালো ফল অর্জনকারী শিক্ষার্থীদের প্রধান লক্ষ্য থাকে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়া। এবার এসব প্রতিষ্ঠানে আসন রয়েছে ৬০ হাজারের মতো। এর বাইরে কিছু শিক্ষার্থী ভালো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত বিষয়ে পড়তে উন্মুখ হয়ে থাকে। ফলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের পাশাপাশি কম জিপিএ নিয়েও অনেকে পাবলিকে ও ভালো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে।
তবে সংশ্লিষ্টরা বলছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কিছু মেডিকেল কলেজ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (সরকারি সাত কলেজ), ভালো বেসরকারি বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনেক ভালো সরকারি বা এমপিওভুক্ত কলেজ রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় চার লাখ শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে। তারা সবাই ভর্তি হলে শিক্ষক অবকাঠামোসহ নানা জোড়াতালি দিয়ে চলা অনেক প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষার্থীর সংকটে ভুগবে। এদিকে এবার পাসের হার ও জিপিএ-৫ কমার কারণে শিক্ষার্থী পেতে অনেক বিশ্ববিদ্যালয়কে ভর্তির শর্ত শিথিল করা লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তাদের মতে, প্রতি বছর যেখানে বিশ্ববিদ্যালয়গুলোতে আসনসংখ্যার তুলনায় কয়েকগুণ বেশি শিক্ষার্থী ভর্তির জন্য প্রতিযোগিতা করে, এবার সেখানে যোগ্য শিক্ষার্থী পাওয়া নিয়েই অনেক প্রতিষ্ঠানকে বেগ পেতে হতে পারে। ফলে শিক্ষার্থী আকৃষ্ট করতে ভর্তি নীতিমালায় পরিবর্তন আনার পাশাপাশি জিপিএ ও অন্যান্য যোগ্যতার শর্তেও ছাড় দেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালাম বলেন, এবার উচ্চ শিক্ষায় অর্ধেকের বেশি আসন ফাঁকা থাকবে। ফলে শিক্ষার্থী পেতে হলে অনেক বিশ্ববিদ্যালয়কেই ভর্তিতে জিপিএর যে শর্ত থাকে, তা বাদ দিতে হবে।
তবে শর্ত শিথিল করা বিশ্ববিদ্যালয়গুলোর ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মনে করছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ক্ষেত্রে শর্ত শিথিল করবে কি না, তা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেবে। কোন বিশ্ববিদ্যালয় তাদের কতটুকু কোয়ালিটি কম্প্রোমাইজ করে অ্যাডমিশন করাবে, এটা তাদের নিজস্ব বিষয়। তারা সেভাবে চিন্তা-ভাবনা করবে। তবে ভর্তি হওয়ার সুযোগ সকলেই পাবে।’
সার্বিক বিষয়ে ইউজিসির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, আমাদের অনেক বিশ্ববিদ্যালয় ও কলেজ তাদের সক্ষমতার থেকে বেশি শিক্ষার্থী ভর্তি নেয়। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একেকটি কলেজ ২০০-৩০০ শিক্ষার্থী ভর্তি নেয়। অথচ তাদের পর্যাপ্ত শিক্ষক তো দূরে থাক, শিক্ষার্থীদের বসার জায়গাই মেলে না। ফলে উচ্চ শিক্ষায় মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এই ধারা থেকে এবার বের হতে হবে। শিক্ষক-অবকাঠামো অনুপাত করে একটি প্রতিষ্ঠান কতজন শিক্ষার্থী ভর্তি করতে পারবে, তা আগে বের করতে হবে। সেই অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করলে এই সংকট থাকবে না।





