শিরোনাম
Advertisement
শিক্ষা প্রশাসন

২০২৭ সালে শিক্ষক-শিক্ষার্থীদের ৭০ দিনই ছুটি, দেখুন সেই তালিকা

Advertisement

২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ছুটি পাবেন মোট ৭০ দিন। এর মধ্যে সবচেয়ে দীর্ঘ ছুটি থাকছে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে। এ সময় টানা ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। এ ছাড়া ঈদুল আজহা, গ্রীষ্মকালীন অবকাশ, শীতকালীন ছুটি এবং বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবস উপলক্ষেও ছুটি নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় ২০২৭ শিক্ষাবর্ষের জন্য ছুটির একটি খসড়া তালিকা তৈরি করেছে। প্রস্তাবিত তালিকা অনুযায়ী, রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ২৪ দিন, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ১০ দিন এবং শীতকালীন অবকাশে ১১ দিন ছুটি রাখা হয়েছে। এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে তিন দিন এবং প্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত ছুটি হিসেবে রাখা হয়েছে আরও দুই দিন।

খসড়া তালিকা অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে এ সময়ে মোট ২৪ দিন ছুটি গণনা করা হয়েছে।

এই ছুটির সময়ের মধ্যে রয়েছে ১১ ফেব্রুয়ারি শ্রী শ্রী সরস্বতী পূজা, ২০ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ মার্চ জামাতুল বিদা, ৬ মার্চ শ্রী শ্রী শিবরাত্রি, ৭ মার্চ শবে কদর এবং ১০ মার্চ পবিত্র ঈদুল ফিতর।

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ২০২৭ সালের ১৬ থেকে ২৭ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে এ সময়ে মোট ১০ দিন ছুটি পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা। এই ছুটির মধ্যে ১৯ মে বুদ্ধ পূর্ণিমাও অন্তর্ভুক্ত রয়েছে।

বছরের শেষ দিকে শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ১৪ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে। এ সময়ে সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে মোট ১১ দিন ছুটি গণনা করা হয়েছে।

খসড়া ছুটির তালিকায় বছরের বিভিন্ন সময়ে ধর্মীয়, সামাজিক ও জাতীয় দিবস উপলক্ষে আরও ছুটি রাখা হয়েছে। তারিখ অনুযায়ী ছুটিগুলো হলো—

জানুয়ারি: ৬ জানুয়ারি শবে মেরাজ এবং ২৪ জানুয়ারি শবে বরাত উপলক্ষে এক দিন করে ছুটি।

মার্চ: ২২ মার্চ শুভ দোলযাত্রা এবং ২৮ মার্চ ইস্টার সানডে উপলক্ষে এক দিন করে ছুটি। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস শুক্রবার হওয়ায় এ উপলক্ষে আলাদা ছুটি গণনা করা হয়নি।

এপ্রিল: ৪ এপ্রিল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে এক দিন করে ছুটি।

মে: ১ মে মে দিবস শনিবার হওয়ায় এ উপলক্ষে আলাদা ছুটি রাখা হয়নি।

জুন: ১৬ জুন পবিত্র আশুরা উপলক্ষে এক দিন ছুটি।
জুলাই: ১৮ জুলাই আষাঢ়ী পূর্ণিমা এবং ২৮ জুলাই আষাঢ়ী চাঁর সেবা উপলক্ষে এক দিন করে ছুটি।

আগস্ট: ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) এবং ২৫ আগস্ট শুভ জন্মাষ্টমী উপলক্ষে এক দিন করে ছুটি।

সেপ্টেম্বর: ১৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম, ১৫ সেপ্টেম্বর মধু পূর্ণিমা এবং ৩০ সেপ্টেম্বর শুভ মহালয়া উপলক্ষে এক দিন করে ছুটি।

অক্টোবর: দুর্গাপূজা উপলক্ষে ৭ থেকে ১১ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে এ উপলক্ষে মোট তিন দিন ছুটি গণনা করা হয়েছে। এ ছাড়া ১৪ অক্টোবর শ্রী শ্রী লক্ষ্মীপূজা এবং ২৮ অক্টোবর শ্রী শ্রী শ্যামাপূজা উপলক্ষে এক দিন করে ছুটি।

নভেম্বর: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক দিন ছুটি। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত থাকবে আরও দুই দিন ছুটি।

সব মিলিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবিত খসড়া অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে মোট ৭০ দিন ছুটি থাকবে। তবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল ধর্মীয় ছুটির তারিখ পরিবর্তিত হতে পারে। একই সঙ্গে এটি খসড়া তালিকা হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের আগে ছুটির দিন ও তারিখে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

 

এ বিভাগের আরও সংবাদ