সাম্য হত্যার বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের মশাল মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার দ্রুত বিচারের দাবিতে মশাল মিছিল করেছে ছাত্রদল। একইসঙ্গে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা প্রদানে ব্যর্থতার অভিযোগ তুলে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিও তোলা হয় মিছিলে। 

সোমবার (১৯ মে) রাত ৮টার দিকে ঢাবি রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এ মশাল মিছিল শুরু হয়। এসময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘খুনি কেন বাইরে, প্রশাসন কী করে’, ‘আমার ভাই মরল কেন, শাহবাগ থানা জবাব চাই’সহ নানা স্লোগান দেওয়া হয়।

এর আগে গতকাল রবিবার সাম্য হত্যার বিচার চেয়ে শাহবাগ অবরোধ করে ছাত্রদল। বিকাল সাড়ে তিনটা থেকে প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখা হয়। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা বাধ্য হয়েছি আমাদের কর্মসূচি শাহবাগে স্থানান্তর করার জন্য। ৫ দিন অতিবাহিত হওয়ার পরও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা সরকারের কারও কাছ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য পাইনি।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো তাদের দায় শিকার করেনি। আর নিরাপত্তার গাফিলতি রয়েছে, তা স্বীকার করছে না। তারা আজকের দিন পর্যন্ত আমাদের আশ্বস্ত করতে পারেনি। তারা সাম্যের হত্যার বিচার করবে কিনা। তাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মসূচির সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ পূর্ণ সমর্থন জানাচ্ছি।

গত ১৩ মে রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন বুধবার সকালে নিহতের বড় ভাই শরীফুল আলম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *