Category: শিক্ষাঙ্গন

  • গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত

    গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত

    গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হঠাৎ ঘোষণায় স্থগিত করা হয়েছে রোববার ও সোমবারের (১৭ নভেম্বর) সব ধরনের ক্লাস ও পরীক্ষা। তবে বিশ্ববিদ্যালয় খোলা থাকবে।

    শনিবার (১৫ নভেম্বর) রাতে অনলাইন আলোচনায় সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়।

    নোটিশে বলা হয়েছে, পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত ক্লাসের বিষয়ে সংশ্লিষ্ট ডিন ও সভাপতি সিদ্ধান্ত নেবেন। তবে শিক্ষকরা প্রয়োজনে অনলাইনে ক্লাস নিতে পারবেন। এছাড়া রোববার সব পরিবহনসেবা বন্ধ রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রোববার ও সোমবারের স্থগিত পরীক্ষাগুলো আগামী শুক্র ও শনিবার নেওয়া যেতে পারে।

    জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণা করা হবে ১৭ নভেম্বর। এনিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় গাছ ফেলে সড়ক অবরোধ, গাড়িতে অগ্নিসংযোগ করে নাশকতা করছেন।

  • ঢাবি শিক্ষার্থীরা পাচ্ছে ৯টি নতুন হল, ৬টি একাডেমিক ভবন

    ঢাবি শিক্ষার্থীরা পাচ্ছে ৯টি নতুন হল, ৬টি একাডেমিক ভবন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২হাজার ৮শ’ ৪১ কোটি টাকা ব্যয়ে অধিকতর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে। এই প্রকল্পের অধীনে ৬টি একাডেমিক ভবন নির্মাণ, ২ হাজার ৬শ জন ছাত্রীর জন্য ৪টি অত্যাধুনিক আবাসিক হল নির্মাণ, ৫ হাজার ১’শ জন ছাত্রের জন্য ৫টি অত্যাধুনিক আবাসিক হল নির্মাণ, শিক্ষক ও অফিসারদের জন্য ২টি আবাসিক ভবন নির্মাণসহ ক্যাম্পাসকে আরো আধুনিক করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। পাঁচ বছর মেয়াদি প্রকল্পের কাজ ২০৩০ এর মধ্যে শেষ হবে।

    রবিবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের এ হালনাগাদ তথ্য জানান।

    এতে বলা হয়েছে, ২ হাজার ৮শ’ ৪১ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় সম্বলিত এই প্রকল্প বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ধাপ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ৫ বছর মেয়াদি এই প্রকল্পের প্রথম অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৬০ কোটি টাকা বরাদ্দ প্রদানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে। প্রথম ধাপে ছাত্রী ও ছাত্রদের হল নির্মাণের কাজ শুরু করা হবে। এই প্রকল্পের আওতায় ৩১টি ভবনের স্থাপত্য ও কাঠামোগত ডিজাইনের পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের জন্য চলতি নভেম্বর মাসের শেষ দিকে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে।

    উল্লেখ্য, গত ১২ অক্টোবর প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য বার্ষিক ক্রয় পরিকল্পনা ইতোমধ্যেই ই-জিপি পোর্টালে প্রকাশ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট সরকারি ক্রয় আইন, আর্থিক বিধিমালা এবং পরিকল্পনা নির্দেশিকা অনুসরণ করে প্রকল্পের কাজ দ্রুত দৃশ্যমান করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

    এই প্রকল্পের অধীনে ৬টি একাডেমিক ভবন নির্মাণ, ২ হাজা ৬শ জন ছাত্রীর জন্য ৪টি আবাসিক হল নির্মাণ, ৫ হাজার ১শ জন ছাত্রের জন্য ৫টি আবাসিক হল নির্মাণ, ৫টি ছাত্র হলের জন্য এবং ৪টি ছাত্রী হলের জন্য হাউজ টিউটর আবাসন সুবিধা তৈরি, শিক্ষক ও অফিসারদের জন্য ২টি আবাসিক ভবন নির্মাণ, ৫টি অন্যান্য ভবন (প্রশাসনিক ভবনসহ) নির্মাণ করা হবে।

    এতো আরো বলা হয়েছে, প্রকল্পের আওতায় ৪টি জলাধার সংস্কার এবং সৌন্দর্যবর্ধন, বিদ্যমান সার্ভিস লাইন মেরামত/সংস্কার, ১টি খেলার মাঠ উন্নয়ন, ২টি পাবলিক টয়লেট নির্মাণ এবং ড্রেনেজ সিস্টেম ও ওয়েস্ট ম্যানেজমেন্ট করা হবে।

  • ঢাকা বোর্ডে পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ বেড়েছে ২০১, ফেল থেকে পাস ৩০৮

    ঢাকা বোর্ডে পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ বেড়েছে ২০১, ফেল থেকে পাস ৩০৮

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০১ জন। এছাড়া ফেল থেকে পাস করেছেন ৩০৮ জন।

    আজ রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে ওয়েবসাইট ছাড়াও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারছেন।

    এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) শিক্ষা বোর্ডগুলোর এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি পরীক্ষা ২০২৫-এর পুনঃনিরীক্ষণের ফল আজ সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এ ছাড়া আবেদনকারীর দেয়া মোবাইল ফোন নাম্বারে এসএমএস পাঠানো হবে। বিজ্ঞপ্তিতে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) থেকে ফল সংগ্রহ করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে।

    বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর ঢাকা বোর্ডে খাতা চ্যালেঞ্জের সবচেয়ে বেশি আবেদন পড়েছে। এতে আবেদন করেছেন ৬৬ হাজার ১৫০ জন পরীক্ষার্থী, মোট আবেদন পড়েছে এক লাখ ৩৬ হাজার ৫০৬টি খাতা। অন্যদিকে সবচেয়ে কম আবেদন পড়েছে বরিশাল শিক্ষা বোর্ডে। এতে আবেদন করেছেন ৮ হাজার ১১১ জন পরীক্ষার্থী, মোট আবেদন পড়েছে ১৭ হাজার ৪৮৯টি খাতা।

    এ ছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডে আবেদন করেছেন ২২ হাজার ১৫০ জন পরীক্ষার্থী, মোট চ্যালেঞ্জ করা হয়েছে ৪২ হাজার ৪৪টি খাতা। রাজশাহী শিক্ষা বোর্ডে ২০ হাজার ৯২৪ জন পরীক্ষার্থী আবেদন করা হয়েছে, মোট আবেদন করা হয়েছে ৩৬ হাজার ২০৫টি খাতা। যশোর শিক্ষা বোর্ডে আবেদন করেছেন ২০ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ৩৬ হাজার ২০৫টি খাতা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ২২ হাজার ৫৯৫ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ৪৬ হাজার ১৪৮ টি খাতা।

    সিলেট শিক্ষা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ১৩ হাজার ৪৪ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ২৩ হাজার ৮২০ টি খাতা। দিনাজপুর শিক্ষা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ১৭ হাজার ৩১৮ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ২৯ হাজার ২৯৭ টি খাতা। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ১৫ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ৩০ হাজার ৭৩৬ টি খাতা।

    অন্যদিকে বিএম-ভোকেশনালে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ১২ হাজার ৭ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ১৫ হাজার ৩৭৮ টি খাতা। আর আলিমে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন সাত হাজার ৯১৬ জন পরীক্ষার্থী, মোট আবেদন করা হয়েছে ১৪ হাজার ৭৩৩ টি খাতা।

  • জাবিতে রাত ১০ টায় অনুষ্ঠান সমাপ্তির ঘোষণায় জাকসু ভিপি ও জিএসের পাল্টাপাল্টি মত

    জাবিতে রাত ১০ টায় অনুষ্ঠান সমাপ্তির ঘোষণায় জাকসু ভিপি ও জিএসের পাল্টাপাল্টি মত

    সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অভ্যন্তরে রাত ১০ টার পর সকল ধরনের অনুষ্ঠান নিষিদ্ধের ঘোষণায় পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি ও জিএস।

    ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে শনিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল ধরনে অনুষ্ঠান নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত ১০:০০টার পর যে কোনো প্রকার অনুষ্ঠান নিষিদ্ধ করা হলো।

    রাত ১০টার পর কোনো অনুষ্ঠান চলমান থাকলে আয়োজকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি/রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

    এছাড়া সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে স্বাভাবিক সময়ে অনুষ্ঠান চলাকালীন শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

    বিশ্ববিদ্যালয়ের দেওয়া বিজ্ঞপ্তির সাথে একমত নয় এমন মন্তব্য করে জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে লেখেন ‘রাত ১০টার মধ্যে অনুষ্ঠান সমাপ্তির আইন পাসের সঙ্গে আমি একমত নই।’

    তিনি আরও লেখেন, বরং, অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে ক্যাম্পাসের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে সাউন্ড সিস্টেম নিয়ন্ত্রণে রাখা, মাদক সেবন সম্পূর্ণ নিষিদ্ধ করা এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে, শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমের সুযোগ বিবেচনা করে অনুষ্ঠান আয়োজনের সময়সীমা কমপক্ষে রাত ১২:০০টা পর্যন্ত নির্ধারণ করা উচিত।’

    অন্যদিকে জাকসুর জিএস মাজহারুল ইসলাম বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে লেখেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ১০টার পর ক্যাম্পাসে কোনো অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ। রাত ১০টার পর অনুষ্ঠান চললে প্রচলিত বিধি ও রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানের শব্দের মাত্রা সহনীয় রাখতে হবে। সবার সহযোগিতা কাম্য।

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ১০টার পর যে কোনো প্রকার অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে।

    শনিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

    এ সংক্রান্ত এক বার্তায় বলা হয়, ইতোপূর্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত ১০টার পর যে কোনো প্রকার অনুষ্ঠান নিষিদ্ধ করা হলো। রাত ১০টার পর কোনো অনুষ্ঠান চলমান থাকলে আয়োজকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি/রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এছাড়া অনুষ্ঠান চলাকালীন শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে রাখার জন্যও নির্দেশ প্রদান করা হয় বার্তায়। সংশ্লিষ্ট বিষয়ে সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে।

  • শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর

    শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর

    নানা জল্পনা-কল্পনা শেষে দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন। আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ নির্বাচন।

    শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

    উপাচার্য বলেন, ‘নির্বাচন কমিশন সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন আয়োজন করবে। আমরা নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করবো না।’

    এর আগে বৃহস্পতিবার নির্বাচনের তফসীল ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলন স্থগিত হওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সন্ধ্যা থেকে আন্দোলনে নেমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান শুরু করেন। পরে রাত ১০টায় প্রশাসনিক ভবনে তালা দিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান চালিয়ে যান।।

    রাত ১১টার দিকে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন ও প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান নির্বাচন সংক্রান্ত আশ্বাস দিলেও শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেননি।

    পরে রাত ১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন উপাচার্য ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। তারা আগামী মাসের ১০ ডিসেম্বরের মধ্যে শাকসু নির্বাচন সম্পন্নের প্রতিশ্রুতি দেন।

    ইতোমধ্যে নির্বাচন পরিচালনার জন্য গঠনতন্ত্রসহ নির্বাচন কমিশনের ওয়েবসাইটও উদ্বোধন করা হয়েছে।তবে প্রশাসনের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের দাবি, ৮ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে।

    বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা স্লোগান দেন—‘৮ তারিখ নির্বাচন দিতে হবে, দিতে হবে’, ‘লন্ডনের প্রেসক্রিপশন এই ক্যাম্পাসে চলবে না’, ‘তুমিও জানো আমিও জানি, ভিসি, প্রো-ভিসি লন্ডনি’, ‘আবু সাঈদ রুদ্র, শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি স্লোগান দেন।

    ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পলাশ বখতিয়ার বলেন, ‘আমাদের আন্দোলন কোনো দলের বিরুদ্ধে নয়। কিন্তু একটি পক্ষের প্রভাবে নির্বাচন পেছানো হয়েছে। উপাচার্য স্যার আমাদের আশ্বাস দিয়েছিলেন, ৯ বা ১০ ডিসেম্বর নির্বাচন হবে। অথচ আজ হঠাৎ ১৭ ডিসেম্বর ঘোষণা করা হলো, যা আমরা মানছি না।’

    দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

  • নাটোর থেকে ফের শুরু হচ্ছে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম

    নাটোর থেকে ফের শুরু হচ্ছে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম

    বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে।

    আগামীকাল শনিবার নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

    উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এবং ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’র প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন অর রশীদ।

    ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্প সূত্রে জানা যায়, ২০২৭ সাল পর্যন্ত প্রকল্প মেয়াদকালে দেশের নির্বাচিত ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থীকে সপ্তাহে পাঁচ স্কুল কর্ম দিবসে ফর্টিফাইড বিস্কুট, কলা বা মৌসুমী ফল, বনরুটি, ডিম এবং ইউএইচটি দুধ তথা পুষ্টিকর খাবার প্রদান করা হবে। এরমধ্যে রোববারে ১২০ গ্রাম ওজনের বনরুটি এবং সিদ্ধ ডিম, সোমবারে বনরুটি এবং ২০০ গ্রাম ইউএইচটি দুধ, মঙ্গলবারে ৭৫ গ্রাম ওজনের ফর্টিফাইড বিস্কুট এবং কলা বা স্থানীয় মৌসুমী ফল, বুধবার এবং বৃহস্পতিবারে বনরুটি এবং সিদ্ধ ডিম প্রদান করা হবে। প্রস্তাবিত খাদ্য তালিকায় মোট এনার্জির ২৫ দশমিক ৯ শতাংশ, মাইক্রোনিউট্রিয়েন্টের ৩২ দশমিক ২ শতাংশ, প্রোটিনের ১৬ দশমিক ৪ শতাংশ এবং ফ্যাটের ২১ দশমিক ৭ শতাংশ সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

    ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’র প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন অর রশীদ জানান, এ প্রকল্পের লক্ষ্য হচ্ছে, বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও গুণগত শিক্ষা অর্জনে সহায়তা এবং পুষ্টিকর খাদ্য সরবরাহের মাধ্যমে তাদের পুষ্টিগত অবস্থার উন্নয়ন সাধন করা। এর ফলে বিদ্যালয়ে শিশুদের উপস্থিতির হার শতকরা ৮০ ভাগের বেশি হবে এবং ঝরে পড়া কমবে, প্রত্যেক বছর শতকরা ১০ ভাগের বেশি হিসেবে বিদ্যালয়ে প্রকৃত ভর্তির হার বৃদ্ধি পাবে, বিদ্যালয়ে শিশুদের ধরে রাখার হার অন্তত ৯৯ শতাংশে উন্নীত হবে, বিদ্যালয়ে শিশুদের পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণের হার ৯০ শতাংশের বেশী বৃদ্ধি পাবে এবং তাদের ক্ষুধা নিবারণ হবে।

    প্রকল্প পরিচালক আরো জানান, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পর্যায়ক্রমে সারাদেশে এই কর্মসূচি সম্প্রসারণ করার বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে।

  • স্কুলে ভর্তি নীতিমালা প্রকাশ: এবারও ৬৩শতাংশ ভর্তি কোটায়

    স্কুলে ভর্তি নীতিমালা প্রকাশ: এবারও ৬৩শতাংশ ভর্তি কোটায়

    সরকারি স্কুলে ভর্তি প্রক্রিয়ায় এবারও লটারির মাধ্যমেই শিক্ষার্থী নির্বাচন করা হবে। প্রথম থেকে নবম শ্রেণিতে প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে। আর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে আবেদনকারীরা সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দক্রম দিতে পারবেন। ডাবল–শিফট বিদ্যালয়ের উভয় শিফটে আবেদন করলে তা দুটি পছন্দ হিসেবে গণ্য হবে। শিক্ষার্থীকে পছন্দ করা বিদ্যালয়গুলোর মধ্য থেকে একটি বিদ্যালয় চূড়ান্তভাবে নিশ্চিত করতে হবে। এছাড়াও এ বছরও মোট ৬৩ শতাংশ কোটা বহাল থাকছে।

    বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জারি করা এ নীতিমালায় আগামী শিক্ষাবর্ষেও ভর্তি নীতিমালা থেকে এসব তথ্য জানা যায়।

    প্রকাশিত ভর্তি নীতিমালা অনুযায়ী, আগের বছরের মতো এবারও ৬৩ শতাংশ আসন বিভিন্ন কোটায় বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ— ৪০ শতাংশ ক্যাচমেন্ট এরিয়া কোটা। স্কুলসংলগ্ন এলাকার বাসিন্দাদের জন্য এ কোটা বরাদ্দ থাকলেও বহু অভিভাবক এর বিরোধিতা করছেন; বিশেষত যারা কর্মসূত্রে রাজধানীতে অস্থায়ীভাবে থাকেন। তাদের মতে, এ কোটা তাদের সন্তানদের সুযোগ সংকুচিত করে।

    অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা বলছেন, ক্যাচমেন্ট কোটা রাখার লক্ষ্য হলো ভিড় ও বিশৃঙ্খলা কমানো, পাশাপাশি শিশুদের নিজেদের এলাকার স্কুলে পড়ার সুযোগ নিশ্চিত করা। তবে এর প্রয়োগে দুর্নীতি ও অনিয়ম নিয়ে প্রশ্ন রয়েছে।

    নীতিমালায় উল্লেখ করা হয়েছে— ক্যাচমেন্ট কোটায় আবেদন করতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক। এতে ভাড়াটিয়া পরিবারগুলোকে প্রায়ই ভোগান্তিতে পড়তে হয়।

    ক্যাচমেন্ট ছাড়াও ২৩% বিশেষ কোটা রয়েছে। মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ৫%, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের জন্য ১%, সরকারি প্রাথমিক স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ১০%, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী ২%, একই স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীর যমজ/সহোদর ভাই-বোনের জন্য ৫%, এ ছাড়া ষষ্ঠ শ্রেণিতে সরকারি প্রাথমিক স্কুল থেকে পঞ্চম শ্রেণি পাস করা শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১০ শতাংশ আসন বরাদ্দ বাধ্যতামূলক।

    নীতিমালায় উল্লেখ না থাকলেও প্রচলিত রয়েছে আরেকটি ‘অলিখিত কোটা’। দূর-দূরান্ত থেকে বদলি হয়ে আসা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানের জন্য প্রায় ৫ শতাংশ আসন সংরক্ষণ। পাশাপাশি সরকারি হাইস্কুলের শিক্ষক-কর্মচারীদের সন্তানরাও বিশেষ সুবিধার আওতায় ভর্তি হন।

    জানতে চাইলে মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) বি এম আব্দুল হান্নান বলেন, মন্ত্রণালয়ের সভায় অনুমোদিত নীতিমালা অনুযায়ী এবারও লটারির মাধ্যমে ভর্তি সম্পন্ন হবে। ভবিষ্যতে এ বিষয়ে আপত্তি উঠলে বা নতুন প্রস্তাব এলে মন্ত্রণালয় তা বিবেচনা করবে।

  • কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির গুচ্ছ পরীক্ষা ৩ জানুয়ারি

    কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির গুচ্ছ পরীক্ষা ৩ জানুয়ারি

    কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি কার্যক্রমের আয়োজক ও সার্বিক সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

    শুক্রবার (১৪ নভেম্বর) গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সেকসন অফিসার রনি ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের প্রথম সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান তিনি।

    রনি ইসলাম জানান, ভর্তি জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ৩ জানুয়ারি দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত দেশের ৯টি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    সভায় সভাপতিত্ব করেন-গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এ সময় আট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনলাইনে যুক্ত ছিলেন। আবেদন ও ভর্তি পরীক্ষা বিষয়ক সকল নির্দেশনা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

  • ঢাকা লকডাউন: অনলাইনে ক্লাস নিবে বিভিন্ন বেসরকারি স্কুল-বিশ্ববিদ্যালয়

    ঢাকা লকডাউন: অনলাইনে ক্লাস নিবে বিভিন্ন বেসরকারি স্কুল-বিশ্ববিদ্যালয়

    কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল (ইংরেজি মাধ্যম) আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আবার কোনো কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রথমে অনলাইনে ক্লাস নেবে বলে জানালেও পরে তা প্রত্যাহার করে নিয়মিত ক্লাস নেওয়ার কথা জানায়।

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহস্পতিবারের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে জনমনে সৃষ্ট আতঙ্কের মধ্যে এমন সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। অবশ্য সবাই লিখিত নোটিশে বলেছে, ‘অনিবার্য কারণে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটে বলা হয়, ১২ ও ১৩ নভেম্বর অনলাইনে ক্লাস হবে। নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রথম অনলাইনে ক্লাস নেওয়ার কথা বললেও পরে তা প্রত্যাহার করে।

    শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি মঙ্গলবার এক জরুরি নোটিশে বলেছে, পরীক্ষাসহ ১২ ও ১৩ নভেম্বরের সব ক্লাস ও পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামীকাল সন্ধ্যায় পরবর্তী দিনের (১৪ নভেম্বর) ক্লাস ও পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এ ছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শাটল সার্ভিস ও সব রুটের বাস সার্ভিস বন্ধ থাকবে। তবে ১২ ও ১৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব দপ্তর সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত খোলা থাকবে।

    মোহাম্মদপুরের সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয় আগামীকাল অনলাইনে ক্লাস নেবে। অনলাইনে ক্লাস নেওয়ার সময়সূচিও ঘোষণা করেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। নিউ ইস্কাটনের এজি চার্চ স্কুল নিরাপত্তাজনিত সমস্যার কথা উল্লেখ করে বৃহস্পতিবার স্কুল বন্ধ ঘোষণা করেছে।

    ইংরেজি মাধ্যম স্কুল সানিডেইল আজ ও আগামীকাল অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই রকম সিদ্ধান্ত নিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল।