Category: খবর

  • আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আইন উপদেষ্টার সঙ্গে আলাপে সন্তুষ্ট নন শিক্ষার্থীরা

    আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আইন উপদেষ্টার সঙ্গে আলাপে সন্তুষ্ট নন শিক্ষার্থীরা

    আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ এবং বিচারের মুখোমুখি করার দাবিতে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে স্মারকলিপি দিয়েছেন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তাদের ভাষ্য, উপদেষ্টা তাদের আশার বাণী শোনাতে পারেননি। তাই আরেক জুলাই গড়ে তুলে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বাধ্য করা হবে।

    আজ সোমবার বেলা ২টার পর কিছু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিলের দাবিতে জাতীয় সচিবালয় এলাকায় অবস্থান নেন। তাঁরা আওয়ামী লীগসহ দলটির অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ এবং পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে গণহত্যা ও জুলাই গণহত্যাসহ সব অপকর্মের অভিযোগে বিচারের মুখোমুখি করার দাবি জানান। ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’ প্ল্যাটফর্ম থেকে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করছেন।

    এরপর শিক্ষার্থীদের মধ্য থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল এসব দাবি জানাতে সচিবালয়ে আইন উপদেষ্টাকে স্মারকলিপি দিতে ভেতরে যায়। প্রতিনিধিদলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ রানা, জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক আল আরমান ও রাফিদ এম ভুইয়া।

    স্মারকলিপিতে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং দলটির নিবন্ধন বাতিল করা, বিগত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত , গুম থাকা ব্যক্তিদের সন্ধান দান, গত ১৫ বছরের সব রাজনৈতিক সব মামলা প্রত্যাহার, জুলাই আন্দোলনে ভুক্তভোগী পরিবারগুলোর ক্ষতিপূরণ, পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিতসহ নয়টি দাবি জানানো হয়।

    সচিবালয় থেকে বেরিয়ে প্রধান ফটকে বিকেল চারটায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিনিধিদলের সদস্য মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, আইন উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইতিবাচক কিছু বলবেন, এমন আশা ছিল। কিন্তু তিনি কোনো আশার বাণী শোনাতে পারেননি।

    দ্রুততম সময়ের মধ্যে নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা দাবি করেন মুসাদ্দিক। তিনি বলেন, আলাপ-আলোচনায় মনে হয়েছে সরকার আন্তর্জাতিক সম্প্রদায় এবং দূতাবাসগুলোর প্রশ্নের মুখোমুখি হাতে চায় না বলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না। কিন্তু এটি গণবিরোধী সিদ্ধান্ত। ৫ আগস্ট জনগণ রায় দিয়ে দিয়েছে, এ দেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। তাই কালবিলম্ব না করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের নিষিদ্ধ করতে হবে। আমরা বুঝতে পেরেছি, গণ–আন্দোলন গড়ে তোলা ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব নয়। আরেক জুলাই গড়ে তুলে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বাধ্য করতে হবে। আমরা শিগগিরই দাবি আদায়ে মাঠে নামব।’ শিগগরিই কর্মসূচি ঘোষণা করার কথাও জানান এই শিক্ষার্থী।

    ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী সাদিক আল আরমান বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ গর্তে ঢুকে গিয়েছিল। কিন্তু এখন তারা দেশের আনাচকানাচে তাদের শক্তি প্রদর্শনের চেষ্টা করছে। সে জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ করা কেন প্রয়োজন এবং কীভাবে করা যায়, তা নিয়ে আইন উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে।

  • বিশেষ বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিৎসক নিয়োগ : স্বাস্থ্য উপদেষ্টা

    বিশেষ বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিৎসক নিয়োগ : স্বাস্থ্য উপদেষ্টা

    দেশে আট হাজার চিকিৎসকের সংকট রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, শিগগির বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

    সোমবার (২১ এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে তিনি এসক কথা বলেন। এ অনুষ্ঠানে রেলওয়ে হাসপাতালগুলো সুষ্ঠু ও যৌথ ব্যবস্থাপনায় পরিচালনায় রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। এ সময়ে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ রেলওয়ের ১০টি হাসপাতাল পরিচালনায় স্বাস্থ্যসেবা বিভাগের সঙ্গে এ চুক্তি হয়েছে।‌ এ হাসপাতালগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

    এই চুক্তি অনুযায়ী অবকাঠামো ও স্বাস্থ্যসেবা–সংক্রান্ত উন্নয়ন শেষে সাধারণ মানুষ দেশের ১০টি রেল হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। চুক্তি শেষে সংবাদ ব্রিফিংয়ে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি টিম আগামী সপ্তাহে রেলের হাসপাতালগুলো পরিদর্শন করে কী ধরনের অবকাঠামোগত উন্নয়ন দরকার, সে ব্যাপারে রিপোর্ট দেবে।

    রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্টের পর অবকাঠামোগত উন্নয়ন করার ব্যবস্থা নেওয়া হবে।

    স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, এ মুহূর্তেই রেলের হাসপাতালগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া সম্ভব নয়। তবে দ্রুত জনসাধারণকে চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় এ–সংক্রান্ত একটি নীতিমালা প্রণয়ন করবে। দেশে আট হাজার চিকিৎসকের সংকট রয়েছে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসকের নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

    ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম দেশ-মঙ্গল শোভাযাত্রা-রেডিও বেগম জেনে নিন বিস্তারিত
    উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, সারা দেশে ১০টি রেলওয়ে হাসপাতাল রয়েছে। এসব হাসপাতালে বর্তমানে বেডের সংখ্যা ৪৩১। এত দিন সেগুলো রেলের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ ছিল। তাদের পাশাপাশি সর্বসাধরণের চিকিৎসা নিশ্চিত করতে স্বল্প এবং দীর্ঘমেয়াদি কী করতে হবে, সেটা ঠিক করা হবে।

  • নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে তাগিদ প্রধান উপদেষ্টার

    নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে তাগিদ প্রধান উপদেষ্টার

    নারীর প্রতি বৈষম্য দূর করতে নারী বিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখনি বাস্তবায়নযোগ্য তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    শনিবার (১৭ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণের পর এই নির্দেশনা প্রদান করেন প্রধান উপদেষ্টা। সংস্কার কমিশন ১৫টি বিষয়ে সংস্কার প্রস্তাব দিয়েছে।

    প্রধান উপদেষ্টা বলেন, যে সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নযোগ্য সেটা যেন আমাদের মাধ্যমে হয়ে যায়। আমরা যেন এই কাজের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের জন্য উদাহরণ সৃষ্টি করতে পারি। পৃথিবীর মেয়েরা এটার দিকে তাকিয়ে আছে। তারা এটা নিয়ে পর্যালোচনা করবে। অনুপ্রাণিত হবে। অন্য দেশের নারীরাও এটা নিয়ে আগ্রহী।’

    তিনি বলেন, এটা শুধু নারীদের বিষয় নয় সার্বিক বিষয়। এই প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে। এটা পাঠ্যবইয়ের মতো বই আকারে ছাপা হবে। দলিল হিসেবে অফিসে রেখে দিলে হবে না, মানুষের কাছে উন্মুক্ত করে দিতে হবে। নারী বিষয়ক সংস্কার কমিশনের এই প্রস্তাবগুলো জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছেও নিয়ে যাওয়া হবে।

    নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক বলেন, ‘জুলাইয়ে যারা প্রাণ দিয়েছেন তাদের স্মরণার্থে এমন কিছু করতে চেয়েছি যা মানুষের জন্য কল্যাণকর হবে, সমাজের জন্য কল্যাণকর হবে। সুপারিশগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে, কিছু এ সরকারই করে যেতে পারবে, কিছু পরের নির্বাচিত সরকার করতে পারবে এবং নারী আন্দোলনের আশা-আকাঙ্খাগুলো আলাদা করে তুলে ধরা হয়েছে।

    প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কমিশনের সদস্য ব্র্যাক ইন্সটিটিউট অব গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো মাহীন সুলতান, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফৌজিয়া করিম ফিরোজ, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার, নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আক্তার, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, এশিয়ান উন্নয়ন ব্যাংকের সাবেক সিনিয়র সামাজিক উন্নয়ন উপদেষ্টা ফেরদৌসী সুলতানা এবং শিক্ষার্থী প্রতিনিধি নিশিতা জামান নিহা।

  • সহকারী শিক্ষকদের বেতন স্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে : গণশিক্ষা উপদেষ্টা

    সহকারী শিক্ষকদের বেতন স্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে : গণশিক্ষা উপদেষ্টা

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল নিয়ে তাঁদের দেওয়া প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। শনিবার (১৯ এপ্রিল) সকালে মাগুরা জেলা অডিটরিয়ামে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    মাগুরার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন অংশীজনের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সাংবাদিকদের বলেন, শিক্ষকেরা আমাদের কাছে একটি প্রস্তাব করেছেন। সেটি হচ্ছে, সহকারী শিক্ষক যখন নিয়োগ হবে, তখন তাঁরা ১২তম গ্রেডে নিয়োগ পাবেন। ৪ বছর সফলভাবে চাকরির পর তাঁদের পদোন্নতি হয়ে ১১তম গ্রেড পাবেন এবং প্রধান শিক্ষকেরা পাবেন ১০ম গ্রেড। আমাদের মন্ত্রণালয় থেকে এই প্রস্তাবকে যৌক্তিক মনে করছি। এখন আমাদের কাজ হচ্ছে, সরকারে পলিসি মেকারদের (নীতিনির্ধারকদের) কনভিন্স (বুঝিয়ে) করে বিষয়টি বাস্তবায়ন করা।

    বিধান রঞ্জন রায় বলেন, মামলার জন্য প্রধান শিক্ষক পদে পদায়ন সমস্যা হচ্ছে। আশা করা হচ্ছে, দ্রুত এ সমস্যার সমাধান করা হবে। তখন প্রধান শিক্ষক পদে পদায়ন হলে অনেক পদ খালি হবে। এছাড়া সারা দেশে বড় সংখ্যক সহকারী শিক্ষক নিয়োগ হবে, শিক্ষক নিয়োগের বিধিমালা প্রায় পাস হয়ে গেছে। বিধিমালা পাস হয়ে গেলেই পত্রিকার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

    মাগুরার জেলা প্রশাসক অহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, খুলনা বিভাগীয় উপপরিচালক ড. শফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। অংশীজনদের সঙ্গে যৌথভাবে এ বৈঠকের এ আয়োজন করে মাগুরা জেলা শিক্ষা অফিস ও জেলা প্রশাসন।

  • কর্মকর্তা বিয়ের পিঁড়িতে, তাই কাঙাল হরিনাথের প্রয়াণ দিবসে নেই কোনো আয়োজন

    কর্মকর্তা বিয়ের পিঁড়িতে, তাই কাঙাল হরিনাথের প্রয়াণ দিবসে নেই কোনো আয়োজন

    গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদারের ১২৯তম প্রয়াণ দিবস আজ। ১৮৯৬ সালের এই দিনে তিনি মারা যান। তিনি ছিলেন একাধারে সাংবাদিক, সমাজ সংস্কারক, নারী শিক্ষার পথিকৃৎ, বাউল, সাধক ও সাহিত্যিক। তবে আজকের এই দিনে কুষ্টিয়ার কুমারখালীর কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘরের তত্ত্বাবধায়কের বিয়ে থাকায় দিনটি ঘিরে সেখানে কোনো আয়োজন নেই। এছাড়া উপজেলা প্রশাসন বা কোনো প্রেসক্লাবের পক্ষেও নেই কোনো আয়োজন।

    শুধু জাদুঘরে অবস্থিত তার ম্যুরালে জাদুঘরের কর্মচারীরা দায়সারাভাবে পুষ্পস্তবক অর্পণ ও ফুলের মালা দিয়েছেন। এতে চরম ক্ষোভ প্রকাশ করেন কাঙাল হরিনাথের বংশধররা।

    শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুমারখালী পৌরসভার কার্যালয়ের পাশে অবস্থিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদারের স্মৃতি জাদুঘরে সরেজমিনে দেখা যায়, সুনসান নীরবতা। প্রধান গেটে ঝুলছে তালা। চত্বরে অবস্থিত ম্যুরালে ফুলের মালা ও পুষ্পস্তবক রয়েছে।

    এ সময় জাদুঘরের নিরাপত্তাকর্মী রুহুল আমিন বলেন, জাদুঘরের তত্ত্বাবধায়ক তাপস কুমার মণ্ডল চলতি মাসের ৫ তারিখ যোগদান করেছেন। আজ কাঙাল হরিনাথের প্রয়াণ দিন। আবার আজই স্যারের (তত্ত্বাবধায়ক) বিয়ে। সেজন্য আলোচনা সভা ও অন্যান্য অনুষ্ঠান পেছানো হয়েছে। পরে করা হবে।

    দিনটি ঘিরে কোনো আয়োজন না থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন কাঙাল হরিনাথের চতুর্থ বংশধর স্বর্গীয় অশোক মজুমদারের স্ত্রী গীতা রানী মজুমদার। তিনি বলেন, কাঙাল ভাঙিয়ে অনেকজন বড় লোক হয়েছে। তবে সেই কাঙাল কাঙালই আছে। কাঙালের মতোই যাচ্ছে তার তিরোধান দিবস।

    তিনি আক্ষেপ করে বলেন, মানুষের মুক্তির জন্য কাজ করে গেছেন কাঙাল হরিনাথ। কিন্তু আজ কাঙালই বঞ্চিত। আমরাই সবচেয়ে বঞ্চিত, অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করতে হয়। অরক্ষিত কাঙালের সমাধি ও ব্যবহৃত তৈজসপত্র। প্রশাসন তো দূরের কথা সাংবাদিকরাও খোঁজ নেয় না।

    কাঙাল হরিণাত। ছবি: সংগৃহীত

    গীতা রাণীর ছেলে দেবাশীষ মজুমদার আক্ষেপ করে বলেন, সাংবাদিকরা কাঙালকে গুরু দাবি করে। কিন্তু গুরুকে শুধু চার দেওয়ালের মধ্যে রেখে স্মরণ করলেই হবে না। কাঙালের সব অনুষ্ঠান জাতীয়ভাবে পালন করতে হবে।

    এ বিষয়ে জানতে কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘরের তত্ত্বাবধায়ক তাপস কুমার মণ্ডলকে ফোন দেওয়া হয়। তার ফোনটি অন্য একজন রিসিভ করে বলেন, তাপসের বিয়ের অনুষ্ঠান চলছে। পরে কথা বলে নিয়েন।

    কাঙাল হরিনাথের অনুষ্ঠানগুলো সাধারণত জাদুঘর কর্তৃপক্ষ করে থাকে বলে ফোনে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। তিনি বলেন, আয়োজনের বিষয়টি জাদুঘর কর্তৃপক্ষ কিছু জানায়নি। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

    কাঙাল হরিনাথ ১৮৩৩ সালের ২২ জুলাই কুমারখালীর কুণ্ডুপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি ১৮৬৩ সালের এপ্রিল মাসে কুমারখালী থেকে গ্রামবার্তা প্রকাশিকা নামের একটি মাসিক পত্রিকা প্রকাশ শুরু করেন। তার স্মরণে কুমারখালীতে একটি স্মৃতি জাদুঘর নির্মাণ হয়েছে। কিন্তু অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে তাঁর ভিটা ও সমাধি।

  • পঞ্চগড়ে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে পিটুনির শিকার সেই শিক্ষক কারাগারে

    পঞ্চগড়ে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে পিটুনির শিকার সেই শিক্ষক কারাগারে

    পঞ্চগড়ে প্রাইভেট পড়ানোর সময় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আটক করে পিটুনি দেওয়া সেই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) রাতে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় মামলাটি করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

    ওই শিক্ষক পঞ্চগড় জেলা শহরে ভাড়া বাসায় থাকেন। তিনি বিবাহিত, তাঁর দুই সন্তান আছে। তাঁর গ্রামের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার একটি গ্রামে।

    ওই শিক্ষকের বিচার দাবিতে বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেয়।

    পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) এইচ এস এম সোহরাওয়ার্দী প্রথম আলোকে বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বুধবার রাতে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে একটি ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বেলা দেড়টার দিকে জেলা শহরের ভাড়া বাসার একটি কক্ষে পাঁচ ছাত্রীকে উচ্চতর গণিত পড়াচ্ছিলেন ওই শিক্ষক। প্রাইভেট শেষে চার ছাত্রী চলে গেলেও এক ছাত্রী থেকে যায়। পরে বিষয়টি সন্দেহ হলে স্থানীয় কয়েকজন সেখানে ওই ছাত্রীর সঙ্গে শিক্ষককে আপত্তিকর অবস্থায় দেখে ভিডিও ধারণ করেন।

    পরে ওই শিক্ষককে আটক করেন এবং মেয়েটিকে তার পরিবারের কাছে তুলে দেন। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন তাঁকে পিটুনি দিয়ে অটোরিকশায় করে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে নিয়ে যান। সেখানেও ক্ষুব্ধ লোকজন তাঁকে মারধর করেন। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা-পুলিশের সদস্যরা এসে তাঁকে আটক করেন।

  • বাংলাদেশকে ‘নিরাপদ’ ঘোষণায় কঠিন হতে পারে ইউরোপে আশ্রয়

    বাংলাদেশকে ‘নিরাপদ’ ঘোষণায় কঠিন হতে পারে ইউরোপে আশ্রয়

    ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সাতটি দেশকে ‘নিরাপদ’ হিসেবে চিহ্নিত করেছে, যার মাঝে বাংলাদেশের নামও রয়েছে। বাংলাদেশ ছাড়াও ছয়টি দেশের মধ্যে রয়েছে কসোভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো এবং তিউনিশিয়া। উদ্দেশ্য হিসেবে বলা হচ্ছে, এসব দেশ থেকে যাতে ইউরোপে আশ্রয়প্রার্থীদের আবেদন দ্রুত নিষ্পত্তি করা যায়।

    ইউরোপীয় কমিশনের দিক থেকে বলা হয়েছে, গত বছর সিদ্ধান্ত নেওয়া ‘অভিবাসন ও আশ্রয় চুক্তি’র কিছু দিকের বাস্তবায়ন দ্রুত গতিতে করার প্রস্তাব করা হচ্ছে, যা ২০২৬ সালের জুন মাস থেকে কার্যকর হওয়ার কথা ছিল। এই সাত দেশ থেকে যাওয়া নাগরিকদের আবেদনগুলো ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি, এমন ধারণা থেকেই তাদের আবেদন তিন মাসের মধ্যে দ্রুত নিষ্পত্তি করা হবে।

    ইউরোপসহ বিশ্বের অনেক দেশেই অভিবাসন প্রত্যাশীরা নিরাপত্তার কারণ দেখিয়ে আশ্রয় প্রার্থনা করেন। যদিও এর মাঝে বড় একটা অংশের আবেদন নাকচ হয়ে যায়। এখন সেই বিষয়টি আরও দ্রুত গতিতে হবে এবং আবেদন নাকচ হলে তাদের দেশে ফেরত পাঠানো হবে।

    অবশ্য ইউরোপীয় কমিশনের মার্কুস লামার্ট বলেছেন, এটি একটি ‘ডায়নামিক’ বা ‘গতিশীল তালিকা’ হবে, যা সময়ে সময়ে পর্যালোচনা ও সম্প্রসারণ করা যেতে পারে এবং কোনো দেশকে নিরাপদ না মনে হলে, তা স্থগিত বা বাদ দেওয়া যেতে পারে।

    কেনো এই সিদ্ধান্ত?
    ২০১৫-১৬ সালে ইউরোপীয় দেশগুলোতে বিপুল সংখ্যক অভিবাসী প্রবেশের পর থেকেই আশ্রয় নীতিতে সংস্কার করার চেষ্টা চলছে। ২০২৩ সালেও প্রায় তিন লাখ ৮০ হাজার অবৈধ অভিবাসী ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের সীমান্ত পার করে প্রবেশ করেছে। এমন বিষয় নিয়ে কয়েক বছর ধরে আলোচনা-মুলোমুলির পর গত বছর ইউরোপীয় পার্লামেন্টে অভিবাসন এবং আশ্রয় বিষয়ক আইন কঠোর করে একটি বড় সংস্কার অনুমোদন করে।

    গত বছর অর্থাৎ ২০২৪ সালে এ সংক্রান্ত চুক্তি হয়েছিল যেটি ২০২৬ সালের জুন মাস থেকে কার্যকর হওয়ার কথা। কিন্তু ইইউ জানিয়েছে যে তারা প্রক্রিয়ার কাজ দ্রুত করার জন্য দুটি মূল নিয়ম আগেই পাস করতে চায়। ইউরোপীয় কমিশন এই প্রস্তাব দিয়েছে, যাতে করে যেসব আশ্রয় আবেদন সম্ভবত অমূলক (ভিত্তিহীন) হবে, সেগুলো দ্রুত ও দক্ষভাবে নিষ্পত্তি করতে সদস্য রাষ্ট্রগুলোকে সহায়তা করা যায়।

    এর একটা কারণ ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান অনুযায়ী অভিবাসন প্রত্যাশীদের যাদের দেশে ফেরত যাওয়ার আদেশ দেওয়া হয়, তাদের মাত্র ২০ শতাংশেরও কম সংখ্যক মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।তাই গত বছর ইউরোপীয় ইউনিয়নের নেতারা কমিশনকে অনুরোধ করেছিলেন, যেন তারা অভিবাসীদের দ্রুত ফেরত পাঠানোর পরিকল্পনা তৈরি করে।

    দুটি দিক আগেই কার্যকর করার কথা বলছে সেগুলো হচ্ছে– ১. যেসব দেশ থেকে আবেদনকারীদের মধ্যে গড়ে ২০ শতাংশ বা এর কম কম আন্তর্জাতিক সুরক্ষা পায় সেসব দেশের মানুষের জন্য সদস্য রাষ্ট্রগুলো ‘সীমান্ত প্রক্রিয়া’ বা ‘দ্রুত প্রক্রিয়া’ ব্যবহার করতে পারবে। ২. কিছু ব্যতিক্রম রেখে নিরাপদ তৃতীয় দেশ ও নিরাপদ উৎস দেশ চিহ্নিত করা যাবে যাতে করে নির্দিষ্ট অঞ্চল বা স্পষ্টভাবে শনাক্তযোগ্য ব্যক্তিদের বিভাগ বাদ দিয়ে ইউরোপের সদস্য দেশগুলোর জন্য কাজ সহজ করা যায়।

    ইউরোপীয় কমিশনের অভ্যন্তরীণ বিষয়ক ও অভিবাসন কমিশনার ম্যাগনাস ব্রুনার বলছেন, যেখানে আমরা দ্রুত এগোতে পারি, সেখানে আমাদের আরও দ্রুত এগিয়ে যাওয়া উচিত। অনেক সদস্য রাষ্ট্রে আশ্রয় আবেদনের একটি উল্লেখযোগ্য অংশ জমা পড়ে (আটকে) রয়েছে, ফলে আমরা আশ্রয়ের সিদ্ধান্ত দ্রুতগতিতে নিতে যেভাবে সহযোগিতা করা সম্ভব তা করাটা অপরিহার্য।

    বাংলাদেশিদের জন্য শঙ্কা
    যত দেশ থেকে অভিবাসীরা ইউরোপে পাড়ি দেয়, তার মাঝে সামনের দিকে রয়েছে বাংলাদেশ। ২০২৩ ও ২০২৪ সালের সংখ্যার বিবেচনায় বাংলাদেশ ছিল ছয় নম্বর শীর্ষ দেশ যেখান থেকে অ্যাসাইলাম বা আশ্রয় চাওয়া হয়। সবচেয়ে বেশি সংখ্যক আশ্রয়প্রার্থী হিসেবে বাংলাদেশের চেয়ে এগিয়ে শীর্ষ দেশগুলো ছিল যথাক্রমে সিরিয়া, আফগানিস্তান, ভেনেজুয়েলা, তুরস্ক ও কলম্বিয়া। এই তথ্য ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের।

    তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ৪৩ হাজার ২৩৬ জন বাংলাদেশি আশ্রয়ের জন্য আবেদন করেছে। একই সময়ে পেন্ডিং বা ঝুলে ছিল ৪৭ হাজার ৭৭৮টি আবেদন। যদিও বাংলাদেশিদের আবেদন সফল হওয়ার হার বেশ কম।

    আশ্রয়প্রত্যাশীদের মাত্র তিন দশমিক ৯৪ শতাংশের মতো সফল হয়, ৯৬.০৬ শতাংশ ব্যর্থ হয়। অর্থাৎ প্রস্তাবের প্রথম যে দিকে ২০ শতাংশের কম সফলতার হার বিবেচনায় নেয়ার কথা বলা হচ্ছে, সে হিসেবে বেশ নিচেই রয়েছে বাংলাদেশিরা।

    অভিবাসন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন শরীফুল হাসান। তিনি বলেন, ‘নিরাপদ’ হিসেবে চিহ্নিত করায় বাংলাদেশের নাগরিকদের ইউরোপে গিয়ে আশ্রয় প্রার্থনা করাটা কঠিন হয়ে যাবে। কারণ তারা মনে করছে যে, বাংলাদেশে আসলে সহিংসতা বা এমন কিছু নেই। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর পর বা রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন, বা ২০১৩ সালের গণজাগরণ মঞ্চের সময়কার পর পর অনেক মানুষই নিজ দেশে নিরাপত্তা ইস্যুতে ইউরোপে আশ্রয় প্রার্থনা করেছেন। সেসবের তুলনায় এখনকার আশ্রয় চাওয়ার জায়গায় ভিন্নতা রয়েছে। ইউরোপে অনেক সাধারণ বাংলাদেশি যারা হয়তো কাজের জন্য যাচ্ছে বা সমুদ্রপথ পাড়ি দিয়ে গিয়েছে, সেখানে গিয়ে তারা বলছে আমি আমার দেশে নিরাপদ নয়। ইউরোপ দেখেছে যে বেশিরভাগ বাংলাদেশি ‘নিরাপদ না’ বলার যে কারণগুলো দেখাচ্ছে সে কারণগুলো আসলে সঠিক নয়। যেসব কারণে তারা ৯০-৯৫ ভাগ খারিজ করে দিয়েছে। এর ফলে এখন সত্যিকারের যারা সংকটে পড়েছেন, তাদের জন্য ‘বাংলাদেশকে নিরাপদ’ ঘোষণার কারণে আশ্রয় পাওয়া কঠিন হয়ে পড়বে।

    গত কয়েক বছরে মরক্কো, তিউনিশিয়া ও মিশর থেকে বহু অবৈধ অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে গিয়েছে। সেই পথে এখন বেড়েছে বাংলাদেশিদের সংখ্যাও। ২০২১ ও ২০২৪ সালে ভূমধ্যসাগর পথ ধরে ইউরোপে পাড়ি দেওয়া শীর্ষ সংখ্যক অভিবাসীর সংখ্যায় বাংলাদেশিদের নাম এসেছে। এর আগে সেসব আবেদনের প্রক্রিয়াগত দিক পার করে নিষ্পত্তি হতে যে বছরখানেক সময় লাগতো, সে সময়টা আশ্রয়প্রার্থনার দেশে থেকে কাজ করতেন প্রত্যাশীরা।

    শরীফুল হাসানের মতে, এবারের দ্রুতগতির সিদ্ধান্তের প্রেক্ষিতে তেমন বেশি সময় ধরে তারা থাকতে পারবেন না। যাদের আবেদনের এখনও নিষ্পত্তি হয়নি তাদের ব্যাপারেও সিদ্ধান্ত একইভাবে দ্রুততার সাথে গ্রহণ করা হবে এবং ধীরে ধীরে আশ্রয়ের সুযোগও সীমিত হয়ে আসবে।

    রয়েছে বিরোধিতা, জটিলতা
    বিশ্বজুড়েই অভিবাসনের জন্য আগ্রহের শীর্ষে থাকা দেশগুলোর অনেকেই এ নিয়ে কড়াকড়ি আরোপ করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রে যেমন অবৈধ অভিবাসন ঠেকাতে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। যুক্তরাজ্যও অভিবাসন রোধে কঠোর ভিসা নীতির পরিকল্পনা নিয়েছে। জার্মানিসহ অন্যান্য কিছু দেশ অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে। ইতালিসহ ইউরোপের কয়েকটি সদস্য দেশ ইতোমধ্যেই নিরাপদ দেশের তালিকা তৈরি করেছে। এবার ধারণা করা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের একটি সম্মত তালিকা থাকলে, যেসব সদস্য দেশে নিয়ম শিথিল পর্যায়ে আছে, সেসব দেশগুলোকে টার্গেট করে তাদের নিরুৎসাহিত করা যাবে।

    ইতালির ডানপন্থি সরকারপ্রধান জর্জিয়া মেলোনির সরকার ‘নিরাপদের’ এই তালিকাকে স্বাগত জানিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি বাংলাদেশ, মিশর ও তিউনিসিয়া তালিকায় অন্তর্ভুক্ত হওয়াকে রোমের জন্য একটি সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। এর আগে মিশরীয় ও বাংলাদেশিদের আলবেনিয়ার বন্দিশালায় পাঠানোর মি. মেলোনির পরিকল্পনাকে আটকে দিয়েছিল ইতালির বিচারকরা। কারণ হিসেবে ইউরোপীয় বিচার আদালত জানায়, রোম সরকার এই দেশগুলোকে নিরাপদ মনে করলেও যদি দেশটির সব অঞ্চল ও সংখ্যালঘুদের নিরাপদ না মনে করা যায়, তাহলে সেটি নিরাপদ হিসেবে বিবেচিত হতে পারে না।

    নতুন প্রস্তাবগুলো এখন ইউরোপীয় পার্লামেন্ট ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কিছু মানবাধিকার সংগঠন এই পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

    মানবাধিকার বিষয়ক সংগঠন ইউরোমেড রাইটস সতর্ক করেছে, এই সাতটি দেশকে নিরাপদ বলা বিভ্রান্তিকর এবং বিপজ্জনক হতে পারে, কারণ এদের মধ্যে এমন দেশ আছে যেখানে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ রয়েছে এবং নাগরিক ও অভিবাসীদের জন্য নিরাপত্তা সীমিত।

    যদিও কমিশনের মুখপাত্র মার্কাস ল্যামার্ট বলেন, আমরা মৌলিক অধিকার ও মানবাধিকারে কাটছাঁট করি না। ইউরোপীয় ইউনিয়নের আইনের অধীনে সদস্য দেশগুলোকে প্রতিটি আশ্রয় আবেদন আলাদাভাবে ও ব্যক্তিগতভাবে মূল্যায়ন করতে হয়।


    সূত্র : বিবিসি বাংলা

  • একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

    একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

    একাত্তরে পাকিস্তানের তৎকালীন সশস্ত্রবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে দেশটিকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ।

    বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পদ্মায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন বা এফওসি বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিদলকে একাত্তরের জন্য ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। বৈঠক শেষে সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করে এ কথা জানান পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

    পররাষ্ট্রসচিব বলেন, বৈঠকে আমি পাকিস্তানের সঙ্গে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছি। যেমন—আটকেপড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্যা দেওয়া, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং ১৯৭১ সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্রবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া।

    দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিবের মধ্যে হওয়া বৈঠকে উভয়পক্ষ বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নিতে একমত হয়েছে। এ বিষয়ে জসীম উদ্দিন বলেন, আজকের বৈঠকে বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নিতে পাকিস্তান ও বাংলাদেশ একমত হয়েছে। আমরা পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের ওপর জোর দিয়েছি।

    পররাষ্ট্রসচিব জানান, আমরা পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ওপর জোর দিয়েছি। পাকিস্তানের বাজারে বাংলাদেশের পণ্যের রপ্তানি বাড়াতে বাজারে প্রবেশের সুযোগ বৃদ্ধি, বাণিজ্য প্রক্রিয়া সহজীকরণ এবং শুল্ক বাধা দূরীকরণ ও বাংলাদেশে পাকিস্তানের বিনিয়োগ বৃদ্ধিকরণের জন্য প্রচেষ্টা জোরদার করার ওপর আমি গুরুত্বারোপ করি।

    তিনি বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বৃদ্ধির জন্যও আলোচনা হয়েছে, যাতে প্রযুক্তি, উন্নত প্রজাতি এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা যায়। এ ছাড়া, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বন্যা প্রতিরোধে দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দেওয়া হয়েছে।

    কানেক্টিভিটি নিয়ে আলোচনার বিষয়ে জসীম উদ্দিন বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। সাম্প্রতিককালে দুদেশের মধ্যে সরাসরি শিপিং রুট চালু হয়েছে এবং সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সংযোগ ও ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির বিষয়টিও আলোচনা করা হয়েছে। আশা করা যাচ্ছে, শিগগিরই দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু সম্ভব হবে। পাকিস্তানের আরেকটি এয়ারলাইন্স অনুমতি চেয়েছে, সেটা প্রক্রিয়াধীন।

    পররাষ্ট্রসচিব জানান, আমরা উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সন্ধানের ওপর গুরুত্ব দিয়েছি এবং এ সব ক্ষেত্রে পারস্পরিক শিক্ষা বৃত্তির সংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছি। পাশাপাশি, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তার কথাও আলোচনায় এসেছে। দুই দেশের শিল্পী, চিত্রশিল্পী, সংগীতশিল্পী, লেখক ও শিক্ষাবিদদের সফরের মাধ্যমে সাংস্কৃতিক বিনিময়কে উভয়পক্ষ থেকেই উৎসাহিত করা হয়েছে।

    আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলো তুলে ধরেন জসীম উদ্দিন। তিনি বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। আমরা সার্কের আওতায় সহযোগিতার গুরুত্ব তুলে ধরে এর পুনরুজ্জীবনের আহ্বান জানিয়েছি, যাতে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা, স্থিতিশীলতা এবং উন্নয়নকে এগিয়ে নেওয়া যায়। আমরা ওআইসির সনদ বাংলাদেশের প্রতিশ্রুতি এবং মুসলিম উম্মাহর স্বার্থে কাজ করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।

    তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনায় দুই দেশই গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর দ্বারা সংঘটিত গণহত্যা ও চরম মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে। আমি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মিয়ানমারে তাদের মাতৃভূমিতে নিরাপদে প্রত্যাবর্তনের লক্ষ্যে পাকিস্তানের সমর্থন কামনা করি।

    প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা সম্পর্কে পররাষ্ট্রসচিব বলেন, প্রতিরক্ষা নিয়ে সাধারণ আলোচনা হয়েছে। দুই দেশের সামরিক কর্মকর্তারা দুই দেশে প্রশিক্ষণে যান-আসেন। এই যে যোগাযোগ, এ নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

  • প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ

    প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ

    আসন্ন কাতার সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন বাংলাদেশের চার জাতীয় নারী ক্রীড়াবিদ। তাঁরা হলেন ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা, ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা।

    এবারই প্রথম কোনো সরকার প্রধানের রাষ্ট্রীয় সফরে সঙ্গী হতে যাচ্ছেন নারী ক্রীড়াবিদদের একটি দল।

    আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তাঁর সফরসঙ্গী হতে যাওয়া এই চার ক্রীড়াবিদ। বাংলাদেশের এই নারী ক্রীড়াবিদদের প্রধান উপদেষ্টার সঙ্গে কাতার সফরের আমন্ত্রণ জানিয়েছে কাতার ফাউন্ডেশন।

    প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চার নারী ক্রীড়াবিদ। তারা বলেন, ‘আমরা এ সফরের আমন্ত্রণ পেয়ে ভীষণ আনন্দিত এবং আমাদের টিমমেটরাও আমাদের এ আমন্ত্রণে উচ্ছ্বসিত।’

    নারী ফুটবলাররা জানান, ‘দক্ষিণ এশিয়ার বাইরে এশিয়ার অন্য দলের সঙ্গে ম্যাচ খেলার খুব একটা সুযোগ আমাদের হয় না। আমরা কাতার নারী টিমকে আমাদের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানাতে চাই। এ সফরে আমরা তাদের স্পোর্টস ফ্যাসিলিটিসগুলো ঘুরে দেখতে চাই। তাদের প্রফেশনাল চিন্তাভাবনাগুলো জানতে চাই।’

    নারী ক্রিকেটাররা প্রধান উপদেষ্টাকে বলেন, ‘কাতারে ক্রিকেট তেমনটা জনপ্রিয় নয়। আমরা এ সফরে ক্রিকেট নিয়ে তাদের মধ্যে আগ্রহ তৈরির চেষ্টা করব। আমাদের পুরুষ ক্রিকেট দল ও নারী ক্রিকেট দলের গল্পগুলো তুলে ধরব। আমরা একটি প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে যাব।’

    বৈঠকে নিজেদের জীবন সংগ্রামের কথা প্রধান উপদেষ্টাকে জানান চার নারী ক্রীড়াবিদ। সরকার প্রধানের সঙ্গে রাষ্ট্রীয় সফরের সুযোগ দেওয়ায় প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে ধন্যবাদ জানান তারা।

    তাদের জীবনের অভিজ্ঞতা ও কাতার সফর নিয়ে পরিকল্পনা শুনে ব্যাপক উৎসাহ ও সমর্থন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।

    তিনি বলেন, ‘আমি চাই, তোমরা তোমাদের জীবনের সত্যিকারের কথাগুলো তাদের কাছে তুলে ধরবে। তোমরাই এদেশের স্পোর্টস অ্যাম্বাসেডর। সেখানে তোমরা এদেশের স্পোর্টসকে প্রতিনিধিত্ব করবে। তোমাদের এ রাষ্ট্রীয় সফরে সঙ্গে নিয়ে যেতে পারে আমিও ভীষণ আনন্দিত।’

    নারী ক্রীড়াবিদদের এ সফর সফল করতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন মুহাম্মদ ইউনূস।

    আর্থনা সম্মেলনে যোগ দিতে আগামী সোমবার চারদিনের সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

  • আলোচিত টিপকাণ্ড: লতা-সুবর্ণা-চয়নিকাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

    আলোচিত টিপকাণ্ড: লতা-সুবর্ণা-চয়নিকাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

    রাজধানীর ফার্মগেট এলাকার আলোচিত টিপকাণ্ডের ঘটনায় তেজগাঁও কলেজের শিক্ষিকা ড. লতা সমাদ্দার ও নাট্য অভিনেত্রী সুবর্ণা মোস্তফাসহ ১৮ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেছেন কনস্টেবল নাজমুল তারেক।

    বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে ঢাকার চিফ ম্যাজিস্ট্রেটের আদালতে তিনি মামলাটি করেন।

    এই মামলায় লতা সমাদ্দার ও সুবর্ণা মোস্তফা ছাড়াও নাট্য অভিনেতা আনিসুর রহমান মিলন, সাজু খাদেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক ড. মলয় মালা, প্রাণ রায়, সায়মন সাদিক, মনোজ প্রামাণিক, স্বাধীন খসরু, চয়নিকা চৌধুরী, আশনা হাবিব ভাবনা, জ্যোতিকা জ্যোতি, উর্মিলা শ্রাবন্তী কর, দেবী সান, নাজনীন নাহার চুমকী, সুষমা সরকার ও কুসুম সিকদারকে আসামি করা হয়েছে।

    এ বিষয়ে পুলিশের সাবেক কনস্টেবল নাজমুল তারেক বলেন, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক এ ঘটনায় আমার এবং গোটা পুলিশ বাহিনীর ইমেজ নষ্ট হয়েছে। সেসময় যারা ঘটনাটি না জেনেই আমাকে দোষী করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে প্রতিবাদ জানিয়েছিল, তাদের বিরুদ্ধে আমি মানহানির মামলা করেছি।

    তিনি আরও বলেন, এই মামলায় লতা সমাদ্দার ছাড়া আরও ১৭ জনের নাম উল্লেখ করেছি। যারা বিষয়টি না জেনে আমার ওপর দোষ চাপিয়ে টিপ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ করেন। যাতে আমাকে হেয় করা হয়েছে। পুলিশের ইমেজ নষ্ট হয়েছে। সে সময়ের কিছু স্কিনশর্ট ও গণমাধ্যমের সংবাদ দেখে আমি ডজনের বেশি অভিনেতা-অভিনেত্রী ও নির্মাতার নাম খুঁজে বের করেছি।

    তিনি মামলার এজাহারে উল্লেখ করেন, ২০২২ সালের ২ এপ্রিল সকাল ৮ টা ২০ মিনিটে বৈধ কাগজপত্রসহ মোটরসাইকেল নিয়ে ডিউটিতে যাবার জন্য বের হন। সেদিন শনিবার সরকারি নিয়োগ পরীক্ষা থাকার কারণে ফার্মগেটে প্রচন্ড জ্যাম থাকে তাই সিজান পয়েন্ট এলাকা দিয়ে উল্টো দিক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যান। যাওয়ার পথে একজন ভদ্রমহিলা মোবাইলে কথা বলতে বলতে যাচ্ছিলেন; অসাবধানতাবশত লতা সমাদ্দারের গায়ে মোটরসাইকেলের লুকিং গ্লাস লেগে যায়। তখন ড. লতা সমাদ্দার বলে ওঠেন, এই বাস্টার্ড তুই কি উল্টো পথে যেতে পারিস? পুলিশের ক্ষমতা দেখাস? তৎক্ষণাৎ ঝগড়া-বিবাদে না জড়িয়ে তার কাছে সরি বলে কর্মস্থলে যাওয়ার জন্য মোটরসাইকেল ঘোরান। কিন্তু তার ইউনিফর্মের সোল্ডার ব্যাজ ধরে টান দিলে মোটরসাইকেলসহ রাস্তার ওপরে পড়ে যান নাজমুল। পরে অনেক লোক জড়ো হয়ে গেলে নাজমুল তার চাকরির ক্ষতির কথা চিন্তা করে কোনো কিছু না বলে কর্মস্থলের দিকে চলে যান। ওই সময় নামজুল ছোটখাট বিষয় মনে করে ঘটনাটির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি। কিন্তু ঘটনার চার দিন পরে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পারেন যে, শেরে বাংলা নগর থানায় একটি জিডি করা হয়েছে। জিডিতে তাকে এক নম্বর আসামি উল্লেখ করে অভিযোগ করেন কপালে টিপ পরায় পুলিশ সদস্যের হেনস্থার শিকার হয়েছেন লতা সমাদ্দার। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ঝড় তোলে। ফলে তাকে সমাজে ঘৃণার পাত্র হিসেবে বসবাস করতে করতে হচ্ছে।

    মামলায় আরও উল্লেখ করা হয়েছে, এ আলোচিত ঘটনাটি যাচাই-বাছাই না করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বাংলাদেশের পুলিশ বাহিনীসহ মুসলিম সমাজের প্রতি ঘৃণা প্রদর্শন করে নাট্য অভিনেতারা ও বিভিন্ন ব্যক্তি নিজেদের কপালে টিপ পরে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে প্রচার করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে এবং বাংলাদেশের মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে মনে করেন নাজমুল। তারা সামাজিকভাবে ও পারিবারিকভাবে সম্মান ক্ষুণ্ন করায় বাদী বিভিন্ন ক্ষেত্রে হেনস্থার শিকার হয়েছেন।