Category: খবর

  • এবার উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি

    এবার উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি

    উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। একইসঙ্গে তাদের দুর্নীতিবাজ দুই এপিএসকে অব্যাহতি প্রদান করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি। দুই এপিএসকে অব্যাহতি দেওয়ায় জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে বলেও উল্লেখ করা হয়েছে।

    রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে কর্মচারী ঐক্য ফোরাম।

    এতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত তথ্য মতে মোয়াজ্জেম হোসেন তদবির বাণিজ্য করে ৪ (চার) শত কোটি টাকা অর্জন করেছে। একই অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধে। কিন্তু ডা. মাহমুদুল হাসানকে এখনো অপসারণ করা হয়নি। তারা বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরে ঘুরে বদলি, পদোন্নতি, পদায়ন ও টেন্ডার ইত্যাদির তদবির করেছে বলে অভিযোগ আছে।

    আরও উল্লেখ করা হয়, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের ভয়ে তটস্থ থাকত ও তাদের নির্দেশ মতো অবৈধ তদবির বাস্তবায়ন করত। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে তারা কি কারও অদৃশ্য ইঙ্গিতে বা আশ্রয়-প্রশ্রয় ব্যতীত এমন সব দুর্নীতিতে লিপ্ত হয়েছিল? মোটেই না। সঙ্গত কারণেই তাদের উর্দ্ধতন কর্মকর্তার প্রতিই আঙ্গুল উঠে।

    দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করে বিবৃতিতে বলা হয়, জনমনের এ সব প্রশ্নের সদুত্তর প্রদানের জন্য নিজেদের অক্ষমতা এবং নৈতিক কারণেই উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ করা উচিত। অবিলম্বে এই দুইজন উপদেষ্টার পদত্যাগ দাবি অথবা তাদের অপসারণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় সংগঠনটি।

    দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে সংস্থাটির মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

    এর আগে সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এ ছাড়া স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ তুহিন ফারাবীকে দায়িত্ব থেকে সরানো হয়।

  • অটোপাস করা চাকরিপ্রার্থীদের ইসি ভবনের সামনে বিক্ষোভ

    অটোপাস করা চাকরিপ্রার্থীদের ইসি ভবনের সামনে বিক্ষোভ

    নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রিলিমিনারি পরীক্ষায় অটোপাস করা প্রার্থীরা লিখিত পরীক্ষার দাবিতে বিক্ষোভ করেছেন।

    রবিবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে তারা এ বিক্ষোভ করেন। এর আগেও তারা বিভিন্ন সময়ে একই দাবিতে বিক্ষোভ করেছেন।

    বিক্ষোভকারীরা জানান, ২০১৯ সালে সার্কুলার হলেও প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ১৬ জুন। পরীক্ষার ফলাফল প্রকাশ করে ২০২৪ সালের ২৮ মার্চ। প্রিলিমিনারি পরীক্ষা না দিয়েও ইসির ৭৪১ জনকে উত্তীর্ণ করা হয়। এ ছাড়া নতুন করে আউটসোর্সিংয়ের মাধ্যমে গত ৯ এপ্রিল নিয়োগ দেওয়া হয় ৫৫ জন।

    নিজেকে চাকরিপ্রার্থী দাবি করে মো. মিজানুর রহমান নামে এক বিক্ষোভকারী জানান, তিনি কুমিল্লা থেকে এসে কর্মসূচিতে যোগ দিয়েছেন।

    তবে তার রোল নম্বর জানতে চাইলে বলেন, ‘রোল নম্বর জানি না। কমিশন চাইলে জবাব দেব।’

    সিরাজগঞ্জ থেকে আসা কামরুজ্জামান বলেন, ‘আমরা প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। কিন্তু অজানা কারণে আমাদের লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। অথচ আমাদের বয়স শেষ হয়ে যাচ্ছে। তাই বিক্ষোভে অংশ নিয়েছি।’

    চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা চাকরিপ্রার্থী আব্দুর রাকিব বলেন, ‘আমাদের ২০১৯ সালের পরীক্ষা কার্যক্রম সম্পন্ন না করে নতুন নিয়োগের কথা ভাবছে কমিশন। তাই আমরা এই বিক্ষোভ করছি। আমরা এর আগে স্মারকলিপিও জমা দিয়েছি। কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’

    ২০১৯ সালের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা দুই বার স্থগিত করা হয়।

    শূন্যপদের বিপরীতে পরীক্ষার বিষয়ে ইসির অতিরিক্ত সচিব জানান, যেসব পদ ফাঁকা রয়েছে সেগুলো পূরণের কার্যক্রম চলছে। ডাটা এন্ট্রি অপারেটর পদে স্থগিত পরীক্ষার বিষয়ে তিনি বলেন, ‘বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে’।

  • ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহিদের কন্যা আত্মহত্যা

    ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহিদের কন্যা আত্মহত্যা

    ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহিদ জসীম উদ্দিনের কন্যা লামিয়া (১৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

    শনিবার রাত নয়টায় শেখেরটেক ৬ নম্বর রোডের বি/৭০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

    ‎প্রতিবেশী ও স্থানীয়রা জানান, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য রোববার বিকালে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল তার। শনিবার মার্কেট থেকে কিছু কাপড়ও কিনেছেন। রাত আটটায় নিহতের মা রুমা বেগম ছোট মেয়েকে বাসার পাশেই মাদ্রাসায় দিয়ে আসতে যান। সেই সুযোগে রাত নয়টার দিকে রুমের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন লামিয়া।

    এরপর স্থানীয় বাসিন্দারা মিলে মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান।

    ‎নিহতের মামা সাইফুল ইসলাম জানান, আমি দোকানে বসা ছিলাম। হঠাৎ ফোনে জানতে পারি, আমার ভাগনী মারা গেছে। আমি দৌঁড়ে হাসপাতালে এসে দেখি আমার ভাগনির মরদেহ হাসপাতালে পড়ে আছে। জুলাই আন্দোলনে আমার বোন স্বামীহারা হলো। এখন মেয়েকে হারিয়েছে। আমার ভাগনির ধর্ষকরা জামিন পেয়ে গেছে। এখন আমার ভাগনি চলে গেছে। আমরা কার কাছে বিচার চাইব। কে বিচার করবে আমাদের।

    উল্লেখ্য, পটুয়াখালীর দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানিয়েছেন, লামিয়াকে ধর্ষণের ঘটনায় এজাহারনামীয় দুই আসামি জামিন পাননি।

    ‎প্রতিবেশী জামিলা খাতুন জানান, সন্ধ্যার পর মা-মেয়ে মিলে কাপড় কিনেছেন। আগামীকাল (রোববার) বিকালে লঞ্চে করে বাড়িতে যাবে। আজকে (শনিবার) রাতে ছোট মেয়েকে নিয়ে মাদ্রাসায় যাওয়ার পর বড় মেয়ে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। হয়তো কেউ তাকে ফোনে এমন কোনো হুমকি ধমকি দিয়েছে। যার কারণে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমরা এ হত্যার বিচার কার কাছে আর চাইবো।

    ‎এ বিষয়ে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাকারিয়া জানান, এ ঘটনায় আমরা হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। তাদের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    ‎প্রসঙ্গত, গত ১৮ মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে শহিদ জসীম উদ্দিনের মেয়ে তার বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি পাঙ্গাশিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে যাচ্ছিলেন। পথে নলদোয়ানী থেকে অভিযুক্তরা পিছু নেয়। হঠাৎ পেছন থেকে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী জলিল মুন্সির বাগানে নিয়ে যায় সাকিব ও সিফাত। একপর্যায়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এমনকি তার নগ্ন ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় দুর্বৃত্তরা।

    আলোচিত এই ঘটনার পর সারা দেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরপর ২০ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পটুয়াখালীতে এসে ভুক্তভোগী পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদানের পাশাপাশি দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান।

    উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংস্থার গাড়িচালক জসিম উদ্দীন হাওলাদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হন। টানা ১১ দিন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ১ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।

  • জাতীয় গ্রিডে বিপর্যয়, ২১ জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন

    জাতীয় গ্রিডে বিপর্যয়, ২১ জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন

    জাতীয় গ্রিডে সমস্যার কারণে হঠাৎ দেশের ২১ জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। ফলে সন্ধ্যা হওয়ার আগেই অন্ধকারে ছেয়ে যায় দেশের দক্ষিণাঞ্চলের এসব জেলা।

    শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টা ৪৮ মিনিটে জাতীয় গ্রিডে সমস্যার কারণ বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।

    সূত্র জানায়, জাতীয় গ্রিডে ত্রুটির কারণে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের সবকটি জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।

    বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়া জেলাগুলো হলো— খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলা।

    দেশের দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ বিতরণ কোম্পানি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের খুলনা অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাতীয় গ্রিডে ত্রুটির কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। তবে এখন কয়েকটি জেলায় পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। তবে সবকটি জেলায় এখনো বিদ্যুৎ দিতে পারিনি।

    ওজোপাডিকো খুলনা অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, খুলনা শহরে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয় ৫টা ৪৮ মিনিটে। এর দুই ঘণ্টা পর ৭টা ৫০ মিনিটের দিকে জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। তবে সবগুলা জেলায় এখনো পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়নি।

    রাতের মধ্যে ঠিক হবে তিনি বলেন, পরিস্থিতি কখন পুরোপুরি ঠিক হবে তা বলা যাচ্ছে না। আমরা চেষ্টা করছি। আশা করছি আজ রাতের মধ্যেই ঠিক হয়ে যাবে।

  • কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা বাস্তবায়ন কমিটির সভা ২৭ এপ্রিল

    কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা বাস্তবায়ন কমিটির সভা ২৭ এপ্রিল

    আগামী ২৭ এপ্রিল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (পলিটেকনিক) শিক্ষার্থীদের ৬ দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। এতে কমিটির ৮ সদস্য অংশগ্রহণ করবেন।

    বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব (কারিগরি অধিশাখা-১) হাফছা বেগমের সই করা একটি নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    এতে বলা হয়েছে, কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নের জন্য গঠিত কমিটির প্রথম সভা আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে দশটায় কমিটির আহ্বায়ক এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের (পরিকল্পনা ও উন্নয়ন) সভাপতিত্বে এ বিভাগের সভাকক্ষে (ভবন -৬, কক্ষ নম্বর-১৪১৫) কমিটির সব সদস্যরা সভায় অংশ নেবেন।

    এর আগে, গত ২২ এপ্রিল কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে সভাপতি করা হয়েছে।

    এছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) সাধারণ সম্পাদক অ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা খান, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) সদস্য-সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ ফয়সাল মুফতি, কারিগরি ছাত্র আন্দোলন প্রধান কার্যনির্বাহী উপদেষ্টা মো. রহমত উল আলম, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব (কারিগরি অধিশাখা-১)।

    উল্লেখ্য, এই কমিটিকে আগামী তিন সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

  • বইপড়ুয়া সমাজ আগামীর সুন্দর বাংলাদেশ গড়বে : শিক্ষা উপদেষ্টা

    বইপড়ুয়া সমাজ আগামীর সুন্দর বাংলাদেশ গড়বে : শিক্ষা উপদেষ্টা

    শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার বলেছেন, আমাদের বুদ্ধিভিত্তিক, জ্ঞানভিত্তিক ও বিজ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ করতে হলে বইপড়ার প্রতি গুরুত্ব দিতে হবে। একটি বইপড়ুয়া সমাজ আগামীর সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। বিশ্ব বই ও কপিরাইট দিবসটি সারা বিশ্বের বইপ্রেমীরা বিশেষভাবে উদযাপন করেন। বইপড়া, বই ছাপানো, বইয়ের কপিরাইট সংরক্ষণ করা ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বাড়াতে ২৩ এপ্রিল ইউনেসকোর উদ্যোগে দিবসটি পালন করা হয়।

    বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে বিশ্ব বই ও কপিরাইট দিবস উপলক্ষে রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশন ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জ্যেষ্ঠ সচিব ও বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনের সেক্রেটারি জেনারেল সিদ্দিক জোবায়ের বলেন, বিশ্বসাহিত্য কেন্দ্র অনেক বছর ধরে আমাদের ছেলে-মেয়েদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে বইপড়া কার্যক্রম পরিচালনা করছে। সরকার বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে মাধ্যমিক পর্যায়ে বইপড়া কার্যক্রমে যুক্ত ছিল। আশা করছি, এ কার্যক্রম ব্যাপকভাবে সারাদেশে শিগগির শুরু হবে এবং তা চলমান থাকবে।

    আলোচনায় অংশ নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ বলেন, আমাদের মধ্যে কপিরাইট বিষয়ে সচেতনতা কম। ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কপিরাইটের সচেতনতা বাড়ানো জরুরি। তিনি সাহিত্য-সংস্কৃতির মেলবন্ধনে আন্তর্জাতিক বইমেলা আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

    বাংলাদেশ কপিরাইট অফিস, কপিরাইট রেজিস্টার, (যুগ্ম-সচিব) (অতিরিক্ত দায়িত্ব) মিজানুর রহমান বলেন, পৃথিবীর অন্য অনেক দেশের তুলনায় আমাদের দেশে সৃজনশীল মানুষের মধ্যে কপিরাইটের নিবন্ধন করার প্রবণতা কম। এ বিষয়ে কপিরাইটের নিবন্ধন করার জন্য সৃজনশীল মানুষদের প্রতি আহ্বান জানান তিনি।

    বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ সভাপতির বক্তব্যে বলেন, শিক্ষা হচ্ছে আমাদের জাতীয় মুক্তির সবোর্চ্চ মাধ্যম। বইপড়ার মাধ্যমে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের সঙ্গে কথা বলা যায়। বই মানুষকে জীবন অতিক্রম করতে শেখায়। তিনি বাংলাদেশে পাঠক বৃদ্ধির ক্ষেত্রে বাংলা একাডেমির বইমেলার প্রবর্তক চিত্তরঞ্জন সাহার অবদানের কথা স্মরণ করেন। তিনি বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া নিয়ে বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন এবং আগামী বছর গুলোতে সমগ্র বাংলাদেশে বই পড়া কার্যক্রমে অন্তত ৫০ লক্ষ পাঠক এ কার্যক্রমের সঙ্গে যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন।

    অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশন ডেপুটি সেক্রেটারি জেনারেল মিজ জুবাইদা মান্নান স্বাগত বক্তব্যে বিশ্ব বই ও কপিরাইট দিবসের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম-পরিচালক (প্রোগ্রাম) মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।

    দিবসটি উপলক্ষে আলোচনা সভার পাশাপাশি কেন্দ্রের প্রকাশনা বিভাগের সব বইয়ের ওপর সপ্তাহব্যাপী (২৩ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত) বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া কুমিল্লা ও খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

  • খাগড়াছড়ি থেকে অপহৃত চবির ৫ শিক্ষার্থী ফিরে এসেছে

    খাগড়াছড়ি থেকে অপহৃত চবির ৫ শিক্ষার্থী ফিরে এসেছে

    ৯ দিন আগে খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা।

    বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপন ত্রিপুরা। তবে কোথায়-কখন তাদের মুক্তি দেওয়া হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

    এর আগে গত ১৬ এপ্রিল বিজু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। অপহৃত শিক্ষার্থীরা হলেন রিশন চাকমা, দিব্যি চাকমা, মৈত্রীময় চাকমা, লংঙি ম্রো এবং অলড্রিন ত্রিপুরা। তারা সকলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অপহৃত ৫ শিক্ষার্থীকে মুক্তি দেওয়ায় সবাইকে শুভেচ্ছা জানিয়েছে পাহাড়ী ছাত্র পরিষদের সদস্যরা।

    শিক্ষার্থীদের অপহরণের জন্য ইউপিডিএফকে দায়ী করে আসছে সন্তু লারমার জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ।

    এর আগে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে গত সোমবার ইউপিডিএফের গোপন আস্তানায় অভিযান চালায় যৌথবাহিনী। এসময় চাঁদা আদায়ের রশিদ, ল্যাপটপ, মোবাইল, সামরিক ইউনিফর্মসহ বিপুল প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার করা হয়।

  • বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

    বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারি তালিকায় অন্তর্ভূক্ত হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পিতা বিল্লাল হোসেন।

    বুধবার রাতে এ তথ্য জানিয়েছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেসার্স ইসরাত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি লাইসেন্সের ছবি পোস্ট করেছেন এ সাংবাদিক। তার পোস্টের পর শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়।

    তবে ইতোমধ্যেই আসিফ মাহমুদের পিতা বিল্লাল হোসেনের লাইসেন্সটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা নিজেই। এছাড়াও তার বাবার এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন।

    বৃহস্পতিবার সকালে সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট তিনি এসব কথা বলেন।

    প্রিয় ক্যাম্পাসের পাঠকদের জন্য উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

    প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি।

    গতকাল রাত ৯ টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন। বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের (জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার এর কার্যালয় থেকে ইস্যুকৃত) একটি লাইসেন্স করেছেন। বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম। তিনি পোস্ট করলেন, নিউজও হলো গণমাধ্যমে। নানা আলোচনা-সমালোচনা হচ্ছে তাই ব্যাখ্যা দেয়ার প্রয়োজনবোধ করলাম।

    আমার বাবা একজন স্কুল শিক্ষক। আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যেকোন ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যেকোন লাইসেন্স করতেই পারে। তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অব ইন্টারেস্ট। বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে।

    বাবা হয়তো কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেন নি, সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি।

    উল্লেখ্, মধ্যবর্তী সময়ে উক্ত লাইসেন্স ব্যবহার করে কোন কাজের জন্য আবেদন করা হয়নি।

  • রাঙামাটিতে মারমা তরুণীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেফতার

    রাঙামাটিতে মারমা তরুণীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেফতার

    রাঙামাটির কাউখালী উপজেলায় মারমা তরুণীকে ধর্ষণ ও নির্যাতনের মামলার প্রধান আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মো. ফাহিমকে (২৫) চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বুধবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলার কদম রসূল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মো. ফাহিম উপজেলার কলমপতি ইউনিয়নের পোয়াপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। এ মামলায় অপর আসামি রিমন চাকমাকে ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

    এর আগে গত ১৭ এপ্রিল কাউখালী থানায় লিখিত অভিযোগে ভুক্তভোগী তরুণী উল্লেখ করেন, পোয়াপাড়া গ্রামের আনোয়ারের বাড়িতে ভাড়া থাকেন তিনি। আসামি গত ১৭ এপ্রিল রাতে ধর্ষণের চেষ্টা চালায়। বাঁধা দেয়ায় ফাহিম তাকে মারধর করে। আহত হয়ে তিনি কাউখালী হাসপাতালে চিকিৎসা নেন এবং থানায় অভিযোগ দেন। এর আগেও আসামি মো. ফাহিম ওই তরুণীকে গত ২৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময় ধর্ষণ করে।

    ঘটনার পরপরই আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো. ফাহিম ঘটনাস্থল থেকে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। এ ঘটনায় অপর আসামি রিমন চাকমাও পালিয়ে যায়।

    ভুক্তভোগীর অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেন কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ। ভিকটিম তরুণীকে শারীরিক পরীক্ষার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

    অপরদিকে রাঙামাটি জেনারেল হাসপাতাল সূত্র জানিয়েছে, উক্ত ভিকটিম গত বৃহস্পতিবার হাসপাতালে এসে ভর্তি হয়েছিল এবং ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা শেষে শনিবার সে হাসপাতাল ছেড়ে যায়। সূত্র জানায়, মেয়েটির শরীরে মারধরের আঘাতের কিছু চিহ্ন পাওয়া গেছে।

  • বাবার নামে ঠিকাদারী লাইসেন্স, যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

    বাবার নামে ঠিকাদারী লাইসেন্স, যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারি তালিকায় অন্তর্ভূক্ত হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পিতা বিল্লাল হোসেন।

    বুধবার রাতে এ তথ্য জানিয়েছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

    নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেসার্স ইসরাত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি লাইসেন্সের ছবি পোস্ট করেছেন এ সাংবাদিক। ছবির বর্ণনায় তিনি লিখেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পিতা বিল্লাল হোসেনের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি ঠিকাদারি তালিকাভুক্তির কপি হাতে এসেছে।

    লাইসেন্সটি যাচাই করে দেখা যায় এ বছরের ১৬ মার্চ নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (কুমিল্লা) লাইসেন্সটি ইস‍্যু করেন।

    তিনি আরো লিখেছেন, এ বিষয়ে জানতে আমি উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করি। তিনি প্রথমে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান এবং কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। তিনি সময় নিয়ে যাচাই করে জানান লাইসেন্সের বিষয়টি সঠিক, কিন্তু এটা তাঁর জ্ঞাতসারে করা হয়নি।

    স্থানীয় জনৈক ঠিকাদার তাঁর শিক্ষক পিতাকে ঠিকাদারি লাইসেন্সটি করতে প্ররোচিত করেন। উপদেষ্টা আরো জানান, এই লাইসেন্সের ব্যবহার করে কোনো ধরনের কাজ করা হয়নি।