Tag: বিশ্ববিদ্যালয়

  • জাপান–বিশ্বব্যাংকের বৃত্তি নিয়ে বিশ্বের ২৪টি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

    জাপান–বিশ্বব্যাংকের বৃত্তি নিয়ে বিশ্বের ২৪টি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

    বিশ্বব্যাংকের তালিকাভুক্ত উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের জন্য একটি বৃত্তি আছে। বৃত্তির কিতাবি নাম ‘জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ’। জাপান ও বিশ্বব্যাংক স্নাতকোত্তরে বৃত্তি নিয়ে বিশ্বের ২৪টি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ মেলে এ বৃত্তি পেলে। সম্পূর্ণ বিনা মূল্যে এ বৃত্তিতে প্রতিবছর শিক্ষার্থীরা দুটি সময়ে আবেদন করার সুযোগ পান। অ্যাপ্লিকেশন উইন্ডো-১–এ ও অ্যাপ্লিকেশন উইন্ডো-২। অ্যাপ্লিকেশন উইন্ডো-১-এ আবেদন শেষ হয়েছে। অ্যাপ্লিকেশন উইন্ডো-২–এ আবেদন চলছে। নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২০২৪ সালের জুনের দিকে।

    ২৪টি বিশ্ববিদ্যালয় কোনগুলো—
    জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপের আওতায় অষ্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনির্ভাসিটি, ব্রান্ডিজ ইউনির্ভাসিটি, কলম্বিয়া ইউনির্ভাসিটি, স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স, ইরাসমাস ইউনির্ভাসিটি, হার্ভার্ড ইউনির্ভাসিটি, আইএইচই ডেলফ্ট ইন্সটিউট ফর ওয়াটার এডুকেশন, জন্স হপকিন্স ইউনিভার্সিটি, কিও ইউনিভার্সিটি, কেআইটি–রয়েল ট্রপিক্যাল ইন্সটিটিউট, লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সেস, ন্যাশনাল গ্র্যাজুয়েট ইন্সটিটিউট ফর পলিসি স্ট্যাডিজ, সাইতামা ইউনিভার্সিটি, এসওএএস–ইউনিভার্সিটি অব লন্ডন, স্ট্যানফোর্ড ইউনির্ভাসিটি, ইউনির্ভাসিটি অব ক্যালিফোর্নিয়া–বার্কলে, ইউনির্ভাসিটি ক্লেরমন্ট, ইউনির্ভাসিটি ফেলিক্স, ইউনির্ভাসিটি অব লিডস, ইউনির্ভাসিটি অব অক্সফোর্ড, ইউনির্ভাসিটি অব টুকুবা, ইউলিয়াম কলেজ—সেন্টার ফর ডেভেলবমেন্ট ইকোনোমিকস, ইয়েল ইউনির্ভাসিটি–স্কুল অব ম্যানেজমেন্ট, ইয়াকোহামা ন্যাশনাল ইউনির্ভাসিটিতে (২৪টি বিশ্ববিদ্যালয়) পড়ার সুযোগ মিলবে। বাংলাদেশসহ বিশ্বব্যাংকের তালিকাভুক্ত উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীরা এ স্কলারশিপে আবেদনের সুযোগ পাবেন।

    বৃত্তির সুযোগ-সুবিধা—
    সম্পূর্ণ টিউশন ফি মুক্ত
    বিমানে যাতায়াতের খরচ
    চিকিৎসা বিমা সুবিধা দেবে
    মাসিক উপবৃত্তি দেবে (আবাসন, খাবার ও বই ক্রয়ের ব্যয় বহন করা যাবে)।

    আবেদনের যোগ্যতা—
    বিশ্বব্যাংকের সদস্যভুক্ত উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে
    কোনো উন্নত দেশের দ্বৈত নাগরিকত্ব থাকা যাবে না
    সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে
    আবেদনের তারিখের ন্যূনতম তিন বছর আগে স্নাতক সম্পন্ন করতে হবে
    স্নাতকের পর ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে
    যুক্ত থাকতে হবে কোনো উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে
    সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

    যে যে খরচ শিক্ষার্থীকে বহন করতে হবে—
    ভিসা আবেদনের খরচ;
    পরিবারের সদস্যদের খরচ;
    অতিরিক্ত একাডেমিক কোর্স বা প্রশিক্ষণ খরচ;
    স্টাডি প্রোগ্রাম চলাকালে অতিরিক্ত ভ্রমণ;
    গবেষণাবিষয়ক খরচ, সম্পূরক শিক্ষা উপকরণ, ফিল্ড ট্রিপ, ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণ বা ইন্টার্নশিপ ও শিক্ষাগত সরঞ্জাম। যেমন কম্পিউটার;
    আবাসিক পারমিট ফি।

    আবেদনের শেষ তারিখ— আগামী ২৩ মে ২০২৫; আবেদন যেভাবে— আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের পদ্ধতিসহ অন্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

  • আরও সাত বিদ্যালয় থেকে বাদ গেল বঙ্গবন্ধু ও আ’লীগ নেতাদের নাম

    আরও সাত বিদ্যালয় থেকে বাদ গেল বঙ্গবন্ধু ও আ’লীগ নেতাদের নাম

    দেশের আরো সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ও নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাবুর নাম বাদ দেওয়া হয়েছে। স্কুলগুলোর নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

    মঙ্গলবার ওই প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে। এর আগে গত ৮ এপ্রিল প্রজ্ঞাপনটি জারি করা হয়।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপনে জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তনের নীতিমালা-২০২৩ অনুযায়ী স্কুলগুলোর নাম পরিবর্তন করা হয়েছে।

    গোপালগঞ্জ সদর উপজেলার ১৭৫ নং হাতিকাটা শেখ মনি জ্ঞানেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম ১৭৫ নং জ্ঞানেন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নোয়াদ্দা নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার চরলক্ষ্মীপুর নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম চরলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার পিরদা চৌধুরী পাড়া আলহাজ্ব নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পিরদা চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার পাল্লা আলহাজ্ব নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বালিয়াপাড়া নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম দক্ষিণ বালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে।

    আর কিশোরগঞ্জের সদর উপজেলার বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বত্রিশ নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে। এ স্কুলটির নাম গত ২৬ ফেব্রুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে বত্রিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হলেও তা বাতিল করা হয়েছে।

    এর আগে গত ফেব্রুয়ারির শেষে ও মার্চের শুরুতে দেশের ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ পরিবারের সদস্য ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দেওয়া হয়েছিল।

  • গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টির আহ্বান ইউজিসির

    গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টির আহ্বান ইউজিসির

    দেশের শিক্ষার মানোন্নয়নের জন্য গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টির ওপর গুরুত্ব দিতে শিক্ষক ও গবেষকদের আহবান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। তিনি বলেন, গবেষণার ফলাফল প্রকাশিত হলে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকগণ উপকৃত হন।

    বুধবার (০৯ এপ্রিল) ইউজিসিতে ‘শিক্ষা বিভাগীয় কর্মচারী (শিক্ষক) কর্তৃক অর্জিত পিএইচডি অভিসন্দর্ভ ও শিক্ষাদান সংশ্লিষ্ট বিষয়ের সামঞ্জস্য নিরূপণ’ শীর্ষক একাডেমিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউজিসি’র রিসার্চ গ্রান্টস এন্ড এওয়ার্ড ডিভিশনের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. দূর্গা রানী সরকার এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম।

    মানসম্মত জার্নালে গবেষণার ফলাফল প্রকাশের উদ্যোগ নিতে শিক্ষক ও গবেষকদের পরামর্শ দিয়ে ড. মাছুমা হাবিব বলেন, শিক্ষক ও গবেষকদের এ ক্ষেত্রে সহযোগিতা করতে ইউজিসি প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।

    তিনি আরো বলেন, ইউজিসি কর্তৃপক্ষ গবেষণাসমূহ ডিজিটাল মাধ্যমে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে। শিগগির গবেষণার একটি ডাটাবেজ তৈরি করা হবে। গবেষকরা এ থেকে নানাভাবে উপকৃত হবেন এবং গবেষণার পুনরাবৃত্তি রোধ করা যাবে বলে তিনি মনে করেন।

    কৃষিসহ বিভিন্নক্ষেত্রে ভালো ভালো গবেষণা হচ্ছে। এসব গবেষণার মাধ্যমে দেশের উচ্চশিক্ষা এগিয়ে যাবে বলে তিনি মনে করেন তিনি।

    সেমিনারে ড. ফখরুল ইসলাম বলেন, পরিবর্তিত বাংলাদেশে স্কুল ও কলেজ শিক্ষকদের এসব গবেষণা ফলাফল জাতির কল্যাণ সত্যিই কাজে লাগবে। নতুন জ্ঞান তৈরিতে এসব গবেষণা অনবদ্য অবদান রাখবে। পিএইচডি ডিগ্রি অর্জনকারী এসব শিক্ষকদের অনার্স ও মাস্টার্স কোর্স চালু রয়েছে এমন কলেজে পদায়নে মাউশিকে ইউজিসি সুপারিশ করবে বলে তিনি জানান।

    সেমিনারে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) উপাচার্য প্রফেসর ড. মো. শামসুল আলম, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক প্রফেসর মুহাম্মদ আসাদুজ্জামান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সাঈদ ফেরদৌস, ইআবি’র উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপ-উপাচার্য প্রফেসর ড. মো. বেলাল হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মাদ তৌফিকুল ইসলাম ও প্রফেসর ড. নেভিন ফরিদা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. খন্দকার শরীফুল ইসলাম, প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুখ ও প্রফেসর মাহবুবা জাহান এবং শেকৃবি’র প্রফেসর ড. জসিম উদ্দিন বিষয় সংশ্লিষ্ট এক্সপার্ট সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, বিভিন্ন সরকারি স্কুল ও কলেজের ১২ জন শিক্ষকের পিএইচডি অভিসন্দর্ভ মূল্যায়নপূর্বক শিক্ষাদান সংশ্লিষ্ট বিষয়ের সাথে অর্জিত ডিগ্রির সামঞ্জস্য নিরূপণে এই একাডেমিক সেমিনার আয়োজন করা হয়।

  • বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র

    বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র

    যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করা হচ্ছে। হার্ভার্ড, স্ট্যানফোর্ড, টাফ্টসের মতো প্রতিষ্ঠানের বেশ কিছু শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের ভিসা বাতিলের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। খবর ব্লুমবার্গের।

    গত কয়েক দিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিবৃতি থেকে জানা গেছে, ফেডারেল অভিবাসন রেকর্ড হালনাগাদ হওয়ার পরই কেবল এসব ভিসা বাতিলের তথ্য জানতে পারছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

    ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নজরদারি বাড়ানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। গত মাসে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, এ ধরনের ৩০০টির বেশি ভিসা বাতিল করা হয়েছে।

    আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের শেভ দালাল-ধেইনি বলেন, কী ঘটছে, তা বোঝার চেষ্টা করছি আমরা। এর ব্যাপ্তি ও পরিধি বুঝতে তথ্য সংগ্রহ করছি।

    টাফ্টস ইউনিভার্সিটির তুরস্কের পিএইচডি শিক্ষার্থী রুমেইসা ওজতুর্ক এবং কলাম্বিয়া ইউনিভার্সিটির সদ্য স্নাতক মাহমুদ খলিলের ভিসা বাতিলের ঘটনা আলোচনায় এসেছে। ওজতুর্ককে গত মাসে রাস্তা থেকে আটক করা হয়। অন্যদিকে, ফিলিস্তিন সমর্থনে বিক্ষোভে অংশ নেওয়ায় খলিলের ভিসা বাতিল হয়। বর্তমানে দুজনকেই অভিবাসন কারাগারে আটক রেখে তাদের দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে।

    লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার একাধিক ক্যাম্পাসের কয়েক ডজন শিক্ষার্থী ও সদ্য স্নাতকের ভিসা বাতিল করা হয়েছে। ইউসিএলএ, ইউসি বার্কলে, ইউসি ডেভিস, ইউসি সান দিয়েগো, ইউসি সান্তা ক্রুজ ও স্ট্যানফোর্ডের শিক্ষার্থীরা এতে আক্রান্ত হয়েছেন। ভিসা বাতিলের প্রতিবাদে দুজন শিক্ষার্থী ফেডারেল আদালতে মামলা করেছেন। তাদের দাবি, যথাযথ প্রক্রিয়া ছাড়াই ভিসা বাতিল করা হয়েছে।

    স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি শুক্রবার এক বিবৃতিতে জানায়, ছয় শিক্ষার্থীর ভিসা বাতিলের কথা জানা গেছে। হার্ভার্ডের তিন বর্তমান ও দুই সদ্য স্নাতকের ভিসা বাতিল হয়েছে বলে রবিবার নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। ডার্টমাউথ কলেজ, মিনেসোটা স্টেট ইউনিভার্সিটি, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব অরেগনসহ আরও কিছু প্রতিষ্ঠানেও ভিসা বাতিলের ঘটনা ঘটেছে।

    স্টেট ডিপার্টমেন্ট ও ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

    দালাল-ধেইনি বলেন, স্টেট ডিপার্টমেন্টের ভিসা বাতিলের ক্ষমতা আগে থেকেই আছে। কিন্তু এবারের পদক্ষেপ আগের তুলনায় অনেক বেশি সুসংগঠিত ও বিস্তৃত।

    গত ৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভে ভিসা বাতিলের ঘটনাও আলোচনায় আসে। বিক্ষোভকারীরা ওজতুর্ক ও খলিলের ঘটনাকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নজরদারি ও ক্যাম্পাসে বাকস্বাধীনতা হরণের উদাহরণ হিসেবে তুলে ধরেন।